/ হোম / এক্সক্লুসিভ
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামায়তের আমির নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামায়তের আমির নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো. নুরুল ইসলাম নূরু (৬৫) নামে এক তাবলিগ জামায়তের আমির নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ঘাটাইল কলেজ মোড়ে কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা ও বৃহত্তর রসুলপুর ইউনিয়নের প্রয়াত তাজ উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা। তিনি উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তাবলিগ জামায়তের আমির ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নুরুল ইসলামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব আলী (৩৩) সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মারা গেছেন। সেই বিষয়ে মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইল প্রবাসী কল্যাণ ব্যাংকে কাজ শেষে বাড়িতে ফেরার সময় ঘাটাইল কলেজ মোড় চত্বরে কৃষি ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় তেলবাহী একটি ডাম্প ট্রাকের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, তেলবাহী ডাম্প ট্রাকের আঘাতে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

এ দিকে ছেলের মৃত্যুর পর পিতার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। বাদ এশা কাজলা গ্রামে নুরুল ইসলামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিহত নুরুল ইসলাম

সর্বশেষ আপডেটঃ ০৩. জুন ২০২৬ ০২:০৬:এএম ৫ মাস আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ - Ekotar Kantho

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার (২৫ মে) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে উত্তরবঙ্গগামী লেনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় সনাক্তকরণের কাজ চলছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রডবোঝাই ট্রাকটিতে যাচ্ছিলেন অনেক যাত্রী। দুর্ঘটনার সময় তাদের অধিকাংশই ছিলেন ঘুমিয়ে। ধারণা করা হচ্ছে, ঘুমিয়ে থাকার কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে। ট্রাকটি উল্টে গেলে ট্রাক ও রডের নিচে চাপা পড়ে মৃত্যু হয় অনেকের।

দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৫ জনের মরদেহ এবং আহত অন্তত ১০ জনকে পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।

এদিকে উদ্ধারকাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে সেতু পূর্ব ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বিষয়টি নিশ্চিত করে জানালেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২৬ ০৫:৫৫:পিএম ৫ মাস আগে
অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে: সালাম পিন্টু - Ekotar Kantho

অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে: সালাম পিন্টু

আরমান কবীরঃ খাল দখল হওয়া প্রসঙ্গে টাঙ্গাইল-২(ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মুক্ত করেনি। খালগুলো বেশি ভাগই ময়লা আবর্জনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে। গোবিন্দাসীর এই খালটির বিষয়ে বাজারের সবার সাথে আলোচনা করে দখলসহ ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হবে। সেই সঙ্গে দখলকারীদের উৎখাত করতে হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

রোববার (৩ মে) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারস্থ খালটি ময়লা আবর্জনায় ভরাট ও দখলমুক্ত করার লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সে সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের এই খালটি প্রশস্তকরণ করা হয়েছিল। তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকার খাল ও গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনঃ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন।

যমুনা সেতু পূর্ব ভূঞাপুরে বেগম খালেদা জিয়া বহুমুখী বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চল প্রসঙ্গে সংসদ সদস্য সালম পিন্টু আরও বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। যমুনা সেতু পূর্বপাড়ে একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্যে। কেননা নদী ভাঙন কবলিত এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে, বাড়ি-ঘর নষ্ট হয়েছে। অর্থনৈতিক অঞ্চল হলে এলাকার নানা শ্রেণি- পেশার মানুষদের কর্মসংস্থানের হবে। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এটি করার জন্য চেষ্টা করেছিলেন। আমি আশা করি যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটি বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২৬ ০১:৫১:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে - Ekotar Kantho

টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আরমান কবীরঃ টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাফেজ রেজাউল হান্নান নামে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক।

রোববার (৩ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়রা জানান, হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল হান্নান।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শিশুটি এবং তার পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২৬ ০১:৪২:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে লৌহজং নদী পুনঃখনন কাজের উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে লৌহজং নদী পুনঃখনন কাজের উদ্বোধন

আরমান কবীরঃ টাঙ্গাইলের ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং টাঙ্গাইল পৌর এলাকার নদী তীরবর্তী জনপদ রক্ষায় মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২ মে) সকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় লৌহজং নদীপুনঃখনন কাজের উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ‘টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা’ প্রকল্পের উদ্বোধন করা হলো।

তিনি বলেন, নদী বাঁচলে টাঙ্গাইল বাঁচবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে টাঙ্গাইল পৌরসভা ভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। বর্তমান সরকার জলাশয় ও নদী রক্ষায় বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের পলি জমে ভরাট এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে শহরের সুরক্ষা নিশ্চিত হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০২. মে ২০২৬ ০৮:৩২:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল।

মঙ্গলবার(২৮ এপ্রিলে) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় মেসার্স রাসেল এলপিজি এন্ড ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় তিনি জানান, মেসার্স রাসেল এলপিজি এন্ড ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলি লিটার পরিমানে কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ফিলিং স্টেশনের মেশিনের ত্রুটি ঠিক না করা পর্যন্ত এই পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অভিযানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার শহরের আমিন বাজার এলাকায় মেসার্স রাসেল এলপিজি এন্ড ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২৬ ০২:১৮:এএম ৬ মাস আগে
বিগত সরকার সঠিক সময়ে হামের টিকা আনার ব্যবস্থা করেনি: প্রতিমন্ত্রী টুকু - Ekotar Kantho

বিগত সরকার সঠিক সময়ে হামের টিকা আনার ব্যবস্থা করেনি: প্রতিমন্ত্রী টুকু

আরমান কবীরঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এই টিকার ব্যবস্থা করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল। এ ধরণের অবহেলার জন্য তিনি তাদের নিন্দা জানান। তবে বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া মানুষের জীবনে স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। তাই সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরণের অবহেলা না করার পাশাপাশি, আগামী দিনে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এ এফ এম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ১২০টি কেন্দ্রে ৩৯০টি ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে তিন লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশু। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন হাজার ১২০ টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।

সর্বশেষ আপডেটঃ ২১. এপ্রিল ২০২৬ ০১:০৮:এএম ৬ মাস আগে
বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - Ekotar Kantho

বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আরমান কবীরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। ড. ইউনুস মাইনাস থেকে শূন্যতে নিয়ে এসেছিল। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে।গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।

উদ্বোধনকৃত ব্রিজটি নিয়ে মন্ত্রী বলেন, এই ব্রিজের ফলে মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কাজ শুরু করে দিয়েছি। এছাড়া বাসাইল বাজারে যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করছি। দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইএনও)আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর নবী আবু হায়াত খান নবু প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাই নদীর উপর ২৮২ মিটারের গ্রাডার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা। এই ব্রিজটি নির্মাণ হওয়ায় বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ এখন সরাসরি টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত করতে পারবে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৬ ০১:১৫:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২ এপ্রিল) ভোর রাতে শিশুটি মারা যায়। তার নাম সাইফাল। বয়স ৮ মাস। সে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়। সাইফাল নামের ওই শিশুটিকে বুধবার বিকেল ৪টার সময় ভর্তি করা হয়। রাত তিনটার দিকে সে মারা যায়। আমরা ধারণা বা (সন্দেহ) করছি, হামের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তার পরীক্ষা নিরীক্ষা করাতে পারেনি। আরও ১৩ জন শিশু ভর্তি রয়েছে। আমরা তাদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি আরও জানান, ডায়রিয়া ওয়ার্ডের কয়েকটি রুম খালি করে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে। প্রায় ২০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন এস এম মাহবুবুল আলম বলেন, অনেক অভিভাবক তাদের শিশুদের টিকা দিতে অনীহা প্রকাশ করেন। যারা টিকা দেননি সেই সব শিশুদের হামের উপসর্গ নিয়ে ভর্তি হতে হচ্ছে। জ্বর, শরীর ফুলে যাওয়া, চোখ লাল হওয়া এসব দেখলেই শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে হবে। উপজেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে আইসোলেশন সেন্টার খোলা হচ্ছে। গত এক বছরে হামের টিকার ব্যাপক ক্রাইসিস ছিল। মাঝখানে টিকা পাওয়া গেলেও তা ছিল খুবই অপ্রতুল। এখন জেলায় মাত্র তিনদিনে টিকা রয়েছে। যা ৭ হাজার ১২৫ জন শিশুকে দেওয়া যাবে। আগামী রোববার থেকে ছয় থেকে ১০ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। যেসব শিশুকে টিকা দেওয়া হয়নি তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে টিকা নেওয়া অনুরোধ জানান।

সর্বশেষ আপডেটঃ ০৩. এপ্রিল ২০২৬ ০১:৩৭:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখীপুরে মা মুক্তা আক্তারকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রবাসী মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মোরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মোরাদ হাসান তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে।

পরে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ভোরবেলা ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ছেলেটা মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।

অনিয়মিত ছাত্র‌‌। মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ‘রাতের কোনো এক সময় মোরাদ তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৬ ০১:২২:এএম ৭ মাস আগে
১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা - Ekotar Kantho

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিবুল ইসলাম শুভ। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা জানান, “প্রশাসনের এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসছে, জনমনে স্বস্তি ও নির্ভরতা ফিরে আসছে। আমরা সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছি।”

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৩০ মার্চ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৬ ১২:৪৬:এএম ৭ মাস আগে
টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ

আরমান কবীরঃ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে টাঙ্গাইলে সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ)সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহরের নগরজলফৈ বাইপাস এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম খাঁ সরকারী কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, সবুজ পৃথিবীর উপদেষ্টা দিলআরা বেগম মিনা, সেবক সংস্থার নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, সংগঠক নাদিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস জলি প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক ক্ষণে দেশকে সবুজে শ্যামলে ভরিয়ে তোলার শপথ নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা কেবল গাছ রোপণই নয়, বরং রোপিত গাছের সঠিক পরিচর্যার ওপরও বিশেষ জোর দেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের নগরজলফৈ বাইপাস সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মী ও তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২৬ ০১:৪৬:এএম ৭ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।