/ হোম / অপরাধ
সখীপুরে সরকারি পুকুর থেকে মাটি কেটে বিক্রি - Ekotar Kantho

সখীপুরে সরকারি পুকুর থেকে মাটি কেটে বিক্রি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের তক্তার চালা মৌজার ঝিনিয়া পুর্বপাড়ায় সরকারি পুকুর (সায়রাত মহল) থেকে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় যুবলীগ নেতা শামীম সহ তক্তারচালা নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরহাদ সিকদার, মো. শান্ত মিয়া, সোহেল সিকদার ও তুহিন মিয়া।

সরেজমিনে দেখাযায়, উপজেলার তক্তার চালা মৌজার ঝিনিয়া পুর্বপাড়া গ্রামের ৭২ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর থেকে ভেকু বসিয়ে ১৫-২০টি ড্রাম ট্রাক দিয়ে মাটি কেটে সততা এন্টার প্রাইজের রশিদের মাধ্যমে বিক্রি করছেন একটি মহল। সরকারি শাল-গজারী বনের মধ্যে অবস্থিত পুকুরটি থেকে মাটি কাটতে গিয়ে অনেক মুল্যবান বনজ গাছ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া স্থানীয় এলাকাবাসীর চলাচলের একমাত্র মাটির রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার পাশের বাড়ি গুলোতে লাল মাটির ধুলার আস্তরণ পড়ে গেছে। এই মহলটি এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।

এছাড়াও কোটি টাকা ব্যয় করে নতুনভাবে সংস্কার করা তক্তার চালা-বাইটকারচালা সড়কটিতে দিনরাত ড্রাম ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সড়কটি।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন টিলা কেটে মাটি বিক্রি করে আসছে।

তারা আরো জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা সংরক্ষিত বনাঞ্চলের ভিতর থেকে বনভুমি বিনষ্ট করে লাল মাটি কাটার সাহস পাচ্ছে। গত একমাস যাবৎ তারা ভুমি অফিসে মাটি ফেলার নাম করে সরকারি ওই পুকুর থেকে মাটি কাটছে। লোক দেখানোর জন্য নাম মাত্র ইউনিয়ন ভুমি অফিসে অল্প কিছু মাটি ফেলছে। পুকুরের নব্বই শতাংশ মাটি তারা রশিদের মাধ্যমে অন্যত্র বিক্রি করছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে হেনস্থা করা হয় বলে তারা জানান।

এ প্রসঙ্গে মাটি ব্যবসায়ী যুবলীগ নেতা শামীম মিয়া মুঠোফোনে জানান, সরকারি পুকুর থেকে মাটি কেটে সখিপুর উপজেলা চত্তর ও হাতীহান্ধা ইউনিয়ন ভূমি অফিসে মাটি ফেলা হচ্ছে। অন্যত্র মাটি বিক্রির কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী হামিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি নতুন এসেছি, এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার কাছে জানেন।

হাতীবান্ধা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাঈদা নাজনিন জানান, ওই পুকুর থেকে সরকারি ভাবে মাটি কাটা হচ্ছে। কিছু মাটি ভূমি অফিসে ফেলা হচ্ছে। আর অবশিষ্ট মাটি অন্যত্র বিক্রি করে তাদের ভেকু খরচ উঠিয়ে নিচ্ছে।

সখীপুর সহকারী কর্মকর্তা(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান, সখিপুরে হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের সামনে নিচু জায়গা ভরাট করার জন্য ওই সরকারি পুকুর থেকে মাটি কাটার বিষয়টি আমি জানি। সরকারি বিধি মোতাবেক মাটি ভরাট করতে গেলে সময় ও ব্যায় বেশি হওয়ায় মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২৩ ০৪:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কীটনাশক খাইয়ে ভাইকে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে কীটনাশক খাইয়ে ভাইকে হত্যার অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আপন ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হোসেন ওরফে গাজী (৫৫) নামের এক ব্যাক্তিকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ওরফে গাজী পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে।

নিহত আবুল হোসেনের মেয়ে নার্গিস আক্তার জানান, আমার বাবা আবুল হোসেন ওরফে গাজী সীমাকাছরা এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে বেলালের সেচ মেশিন লীজ নিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় আমার মা ও বড় ভাই সালমানের মাধ্যমে জানতে পারি বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমার বাবাকে একজন ডেকে নিয়ে যায়। পরে ফজরের আযানের সময় ঘরের বারান্দায় বাবাকে ফেলে রেখে আমার মাকে ডাক দিয়ে চলে যায়। পরে আমার মা বাইরে এসে দেখে বাবার হাত মুখ গামছা দিয়ে বাঁধা এবং মুখ দিয়ে গোলটা বের হচ্ছে।

তিনি জানান, পরে আমার ভাইকে ডেকে এনে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন তাকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে সেগুলো বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার আপন চাচা করিমের সাথে বাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত তিনদিন আগেও চাচা করিম, তার ছেলে আশরাফুল ও তার উকিল বিয়াই মকবুল আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার চাচা বলে যে পর্যন্ত আবুল কে না মারমু সে পর্যন্ত ভাত খামুনা।

এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমার বাবাকে আমার চাচা করিম ও তার উকিল বিয়াই মকবুলরাই মেরে ফেলেছে।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,নিহতের স্ত্রী মনোয়ারা বেগম কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. এপ্রিল ২০২৩ ০৪:৪৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্নহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্নহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীর সাথে অভিমান করে আলমগীর হোসেন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে মৃতের দাদির ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

আত্নহননকারী আলমগীর মধুপুর উপজেলার আকাশী গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, পারিবারিক কলহে স্ত্রীর সাথে আলমগীরের বেশ কিছু দিন যাবৎ অভিমান চলছিল।

মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) আমির আলী জানান, পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. এপ্রিল ২০২৩ ০৩:৫০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জনের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জনের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাত দিনের কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জনের ফাঁসী দেওয়া লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

এদের মধ্যে একজন বৃদ্ধ ও দুইজন শিক্ষার্থী বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত থেকে বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কুড়াতলি, কুইচতারা ও পোস্টকামুরী গ্রামে এই ঘটনা গুলো ঘটে।

মির্জাপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের আব্দুল কাদের পলান (৬০) বাড়ির পাশে একটি গাব গাছের ডালে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গভীর রাতে তাঁর স্ত্রীর ঘুম ভেঙে গেলে পলানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন।

পরে বাড়ির পাশে গাব গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

এ দিকে মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের সৌদিপ্রবাসী আব্দুস ছালাম মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সায়মা আক্তার শিমু (১৫) ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে শিমুর মা ঘুম ভেঙে মেয়েকে দেখেত না পেয়ে পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় শিমুর মরদেহ দেখতে পান।

এ ব্যাপারে পরিবারের লোকজন মৃত্যুর কারণ পুলিশকে জানাতে পারেনি।

অন্যদিকে, ইয়ামাহা ব্র্যান্ডের (আর ওয়ান ফাইভ) মোটরসাইকেল কিনে না দেওয়ার কারনে বুধবার সকাল সারে দশটার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের বসবাসরত পোস্টকামুরী গ্রামের আমিনুল হোসেন লিটনের কলেজ পড়ুয়া ছেলে ফয়সাল আহমেদ জয় (১৭) তাঁর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জয়ের মা হোসনেয়ারা সকালের নাশতা খেয়ে তাকে বাসায় রেখে পাশেই তার বাবার বাড়িতে যান। কিছুক্ষণ পর তারই ছোট বোন বাসায় ফিরে এসে জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ সব ঘটনায় থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. এপ্রিল ২০২৩ ০৩:৫১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে পলাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার এলেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাশ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিমহামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে পলাশকে আসামি করে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। বৃদ্ধার গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলের বউ এসে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তখন ছেলের বউ চোর এসেছে বলে চিৎকার করেন। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে বৃদ্ধাকে খাটের নিচে পড়ে থাকতে দেখেন। ধর্ষণে বাঁধা দেওয়ার চেষ্টা করলে কিল ঘুষি দিয়ে বৃদ্ধের একটি দাঁত ভেঙে ফেলে অভিযুক্ত। পরে ভুক্তভোগী বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযোগ পেয়ে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. এপ্রিল ২০২৩ ০২:২৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের এক বৃদ্ধা স্বামীর মৃত্যুর পর বাড়ির একটি টিনসেড ঘরে একাই ঘুমাতেন। তার তিন ছেলে পৃথক ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।

সোমবার(২৪ এপ্রিল) গভীর রাতে চুরির উদ্দেশ্যে ওই বৃদ্ধার ঘরে ঢুকে। পরে জোরপূর্বক ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। বৃদ্ধার চিৎকারে পাশের ঘরে থাকা বৃদ্ধার পুত্রবধু এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়।

অভিযুক্ত পলাশ (২৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত। সে মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই চুরি- ছিনতাই করে থাকে। তাদের ধারণা মাদকের টাকার জন্য ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে। পরে বৃদ্ধাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, শ্বাশুড়ির ডাক চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে শ্বাশুড়িকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে লক্ষ্য করি তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে । প্রতিবেশীদের সহায়তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো জানান, পলাশ নামের ওই যুবককে পালিয়ে যেতে দেখি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীকে ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গোপনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ওই যুবকের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. এপ্রিল ২০২৩ ০৪:৩১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ পাওয়া গেছে।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ইশাপাশা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত উদ্ধারকৃত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জমি সংলগ্ন প্রবাহমান ধলেশ্বরী নদীতে যুবকের লাশটি ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটিকে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. এপ্রিল ২০২৩ ০২:০৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের ধনবাড়ীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ - Ekotar Kantho

টাঙ্গাইলের ধনবাড়ীতে আ’লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার(২৪ এপ্রিল) পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কার্যকর করে। এ সময় আন্দোলনকারিরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ি রনি হাসানের সাথে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে। গত রোববার (২৩ এপ্রিল) রনি হোসেনের সাথে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানা পুলিশ। বেলাল হোসেনকে গ্রেপ্তারের খবর পেয়ে তার কর্মী সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা পর্যন্তও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ি রনি হাসান তার সহযোগিদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমন করে। এতে বেলাল হোসেন গুরুত্বর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন সম্প্রতি জামিন নিয়ে আসেন। সোমবার রনি হোসেন দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেন।

এ ব্যাপারে ধনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নেতাদের ভুল বুঝাবুঝি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেলাল হোসেনকে থানায় আনার পর তার কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে আন্দোলনকারিরা সড়ক অবরোধ তুলে নেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. এপ্রিল ২০২৩ ০৫:১১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ১ কোটি ১৫ লাখ টাকার (১১৫০ গ্রাম) হেরোইনসহ মানিক চান সওদাগর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৩ (এপ্রিল) দুপুরে উপজেলার হামিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার গৌরীহারা গ্রামের স মৃত মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের রবিবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজার এলাকা হতে ১১৫০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক চান সওদাগরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলা হতে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার কালিহাতি নিয়ে এসেছিল। সে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য।
র‌্যাব আরো জানায়,সে দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় মাদকদ্রব্য টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২৩ ০৭:২৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, সহযোগী ধরা - Ekotar Kantho

টাঙ্গাইলে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, সহযোগী ধরা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে (বান্ধবী) ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় স্কুলছাত্রীর দাদি বিষযটি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন বাড়ি থেকে অভিযুক্ত মেহেদী (১৬) এবং সহযোগী শেখ রাফিকে (১৬) কে আটক করে। একই সঙ্গে স্কুলছাত্রীকে উদ্ধার করে। আটকের পর মেহেদী তার বন্ধুদের আটকের খবর দিলে তারা এসে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে মেহেদী ও রাফিকে ছিনিয়ে নেন।

শনিবার রাতে উপজেলার খানুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়দের হাতে ধোলাই খেয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে আহত রাফি চিকিৎসা নেওয়ার জন্য ভূঞাপুর হাসপাতালে আসে। এ খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে।

গ্রেপ্তার শেখ রাফি উপজেলার গোবিন্দাসী গ্রামের মিজানুর রহমান ওরফে জহুরুলের ছেলে এবং অভিযুক্ত একই গ্রামের ইদ্রিস সরকারের ছেলে।

এ ঘটনায় রবিবার ওই স্কুলছাত্রীর মা বাদী মামলা করেছেন। তবে, প্রধান আসামি মেহেদীসহ অজ্ঞাতরা পলাতক রয়েছে।

মেহেদী ও ওই স্কুলছাত্রী একই শ্রেণিতে পড়শোনা করত। এই সুযোগে ওই ছাত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে তার নগ্ন ছবি মোবাইলে তুলে রাখে। শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ফেসবুকে ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফর মন্ডল জানান, অভিযুক্ত ও তার সহযোগীকে আটক করার পর স্থানীয়রা জানালে ঘটনাস্থলে যাই। পরে ওই ছেলের লোকজন খবর পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওই ছেলের লোকজন আমার ওপর হামলা করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্কুলছাত্রীর মা ধর্ষণ ও হামলার মামলা করেছে। স্কুলছাত্রীকে ধর্ষণ ও তার বাড়িতে হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক মেহেদীর সহযোগী শেখ রাফিকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। এছাড়া প্রধান আসামি মেহেদীসহ অজ্ঞাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২৩ ০৭:২৯:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে অটোরিকসা চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে,চালকের মরদেহ ফেলে রেখে ছিনতাইকারী অটোরিক্সা নিয়ে পালিয়েছে।

নিহতের নাম মো. মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পুগলদীঘিয়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

মধুপুর পৌরসভার কাইদকাইত এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ব্রীজের পাশে ২০-২৫ ফুট নিচে বেগুন ক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা,শনিবার ( ২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় কোন এক সময়ে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা শনিবার সন্ধ্যায় বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বড় ভাই রবিন জানান, সে শনিবার ঈদের দিন বিকেল ৩ টার দিকে অটোবাইক নিয়ে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে , রবিবার( ২৩ এপ্রিল)সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহের ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করেন এটি নিখোঁজ হওয়া মনির মরদেহ ।

নিহতের স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে। উদ্ধাকৃত মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানা অফির্সাস ইনচার্জ (ওসি)মাজহারুল আমিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. এপ্রিল ২০২৩ ০৮:০৩:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে জাহানারা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২১ এপ্রিল) ভোরে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জাহানারা উপজেলার চতলবাইদ দক্ষিণপাড়া এলাকার আনিছ মিয়ার স্ত্রী ও গজারিয়া গ্রামের জোয়াহের আলীর মেয়ে।

গৃহবধূর বাবার বাড়ির সদস্যদের দাবি, তাঁকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে স্বামীর দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি।

জাহানারার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে উপজেলার চতলবাইদ গ্রামের আহাম্মদ আলীর ছেলে আনিছের সঙ্গে জাহানারার বিয়ে হয়। তাঁদের সংসারে আহসান হাবীব (৪) নামের একটি ছেলেও রয়েছে। কয়েক মাস ধরে আনিছ বিদেশে যাওয়ার জন্য জাহানারাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে বলছিলেন। কিন্তু এতে রাজি হয়নি জাহানারা। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খবর আসে জাহানারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

জাহানারার মা মমতা বেগম জানান, ‘গতকাল বৃহস্পতিবার(২০ এপ্রিল) ৮টার দিকেও মেয়ের সঙ্গে আমার কথা হয়। তখনো সব ঠিকঠাকই ছিল। রাত ১টার দিকে খবর পাই মেয়ে মারা গেছে। কয়েক দিন ধরে মেয়েকে টাকার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল জামাই।’
চাচাতো ভাই শাওন আহমেদ জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ওই বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরের বাইরে বোনের মরদেহ। আমাদের ধারণা, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান,এ নিয়ে থানায় হত্যা বা আত্মহত্যার প্ররোচনার মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’

স্বামী আনিছ মিয়া জানান, ‘তুচ্ছ ঘটনায় আমার মা-বাবার সঙ্গে রাগ করে আমার স্ত্রী নিজ ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, ‘আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ২২. এপ্রিল ২০২৩ ১২:২১:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।