/ হোম / আইন-আদালত
টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে রেজা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার( ৬ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম ওই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার(৫ ডিসেম্বর) ভোরে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন মিয়া ও কোদালিয়া এলাকার আবদুল হামিদের ছেলে পাভেল।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মাজাহার হোসেন, আকুরটাকুরপাড়ার রকিবের ছেলে রোবায়েদ আল শিবলী ও নাগরপুরের ধলাই গ্রামের মুকুল মিয়ার ছেলে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, রবিবার রাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে  আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফিরোজ হোসেন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানুজ্জামান আরো জানান, ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত ,গত ২১ নভেম্বর রাতে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন রেজাউল করিম। এ সময় তাঁর হাত–পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ২৬ নভেম্বর রাতে নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২১ ০১:৫৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত জাহান নিশি (১৯) নামের ওই গৃহবধূ উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

নিহতের মায়ের দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার পর বোরকা পরে পালাতে চেয়েছিল আলিম। কিন্তু তার আগেই তারা গিয়ে ধরে ফেলেন। পরে এ ঘটনায় রাতেই নিহতের বাবা খোরশেদ আলম বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলিমকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছর আগে ছয়ানি বকশিয়া গ্রামের আলাল তালুকদারের ছেলে আব্দুল আলিমের সঙ্গে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে নুসরাত জাহান নিশির বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেয় আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন আলিম। টাকা নিয়ে আসতে অস্বীকৃতি জানালে নিশির ওপর চলত অমানবিক শারীরিক নির্যাতন।

নিহতের মা সুফিয়া বেগম বলেন, মেয়ে আমার এইচএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (৪ ডিসেম্বর) রাতে সে ফোন করে জানায় তাকে আর লেখাপড়া করতে দেবে না তার স্বামী। তার স্বামী পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে ফেলছে। মেয়ে আমার লাশ হয়ে বাড়ি ফিরল।

এদিকে আলিমের পরিবার জানায়, নিশি রাগি ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। সংসার করতে হলে অনেক কিছু ত্যাগ স্বীকার করে করতে হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি আলিম ও তার বাবা-মাকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০১:৫০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে ৫ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একতার কণ্ঠ: টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি রাখায় এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় পাঁচ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেল গুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী শহরের ‘কিছুক্ষণ’ হোটেলকে পাঁচ হাজার, পিয়াসী হোটেলকে দুই হাজার, টিপটপ হোটেলকে পাঁচ হাজার, ফাইলার হোটেল ও সুরুতী হোটেলকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২১ ০১:৩৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন হলেও মিরা খাতুনের খোঁজ মেলেনি - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন হলেও মিরা খাতুনের খোঁজ মেলেনি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হওয়া মিরা খাতুন (৩২) নামে এনজিও কর্মীর খোঁজ মেলেনি পাঁচ দিনেও। এদিকে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া জানান, ‘নিখোঁজ এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

নিখোঁজ মিরা বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)-এর ভূঞাপুর উপজেলার ফলদা শাখার সিনিয়র মাঠ সংগঠক। তিনি কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার রাজিব মিয়ার স্ত্রী।

সূত্র জানায়, গত শনিবার (২০ নভেম্বর) ফলদা এসএসএস অফিস থেকে মিরা উপজেলার ঝনঝনিয়া ও মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ওই দিনই এনজিও কর্তৃপক্ষ মিরার সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করে।

এসএসএসের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার বলেন, ‘দেড় বছর ধরে মিরা ফলদা শাখায় মাঠ সংগঠক হিসেবে চাকরি করছেন। নিখোঁজের দিন মিরা এই শাখার অধীন ঝনঝনিয়া ও মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে যান। সেখান থেকে তার ফলদা শাখায় ফিরে আসার কথা ছিল। কিন্তু দুই কেন্দ্রে কাজ শেষ করার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘নিখোঁজ এনজিও কর্মীর খোঁজ পেতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান অব্যাহত আছে।’

তিনি আরো বলেন, আশা করি খুব দ্রুতই মিরা খাতুনের খোঁজ পাওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২১ ১২:৩৪:এএম ৪ বছর আগে
স্ত্রী হত্যা মামলায় টাঙ্গাইলের আবুলের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল - Ekotar Kantho

স্ত্রী হত্যা মামলায় টাঙ্গাইলের আবুলের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে আবুল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৫ জুলাই বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের আবুল হোসেন ব্যবসা করার কথা বলে তার স্ত্রী খোদেজা বেগমকে বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দিতে বলেন। পরে খোদেজা বেগম স্বামীর কথা মতো তার বাবার বাড়ি করটিয়া কলেজ পাড়ায় যান এবং তার গরিব বাবার কাছ থেকে তিন হাজার টাকা সংগ্রহ করে এনে দেন।

এতে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তিনি এবং তার দ্বিতীয় স্ত্রী জালানি বেগম মিলে খোদেজাকে বেদম মারধর করেন। মারধরের একপর্যায়ে খোদেজা বেগম মারা যান। পরে এ ঘটনায় নিহত খোদেজার চাচা শহিদুল ইসলাম শহিদ বাদী হয়ে বাসাইল থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আবুল হোসেন ও জালানি বেগমকে গ্রেফতার করে।

এ মামলার বিচার শেষে ২০১৬ সালে ৯ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ রায় দেন। রায়ে আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে জালানি বেগমকে খালাস দেন।
রপর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের নথি) হাইকোর্টে আসে। আর আসামি আপিল ও জেল আপিল করেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. নভেম্বর ২০২১ ১১:৫৬:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বোমা সাদৃশ্য বস্তু রেখে লাখ টাকা চাঁদা দাবি - Ekotar Kantho

টাঙ্গাইলে বোমা সাদৃশ্য বস্তু রেখে লাখ টাকা চাঁদা দাবি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন একটি দ্বিতল ভবনের নিচতলায় একটি রিমোট কন্ট্রোল বোমা রেখে খামে ভরে একটি চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। সাথে ১০ টাকার একটি নোটও দেয়া হয়েছে। বুধবার(২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর এলাকার প্রকৌশলী আব্দুর রাজ্জাক বাসায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে ওই চিঠি দেয়া হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী আব্দুর রাজ্জাক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তার স্ত্রী ঝর্ণা বেগম প্রথম চিঠিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসাটি ঘিরে রেখেছে।

চিঠিতে লেখা রয়েছে, এক লাখ টাকা নিয়ে রাস্তায় হেঁটে কিছু দূর গিয়ে একটি চালতা গাছের নিচে চিপসের হলুদ প্যাকেটে রাত দশটার মধ্যে রাখতে বলা হয়েছে। তা না হলে রাত সাড়ে দশটায় ভবনে রাখা রিমোট কন্ট্রোল বোমাটি ফাটিয়ে দেয়া হবে।

চিঠিতে আরো লেখা রয়েছে রিমোট কন্ট্রোল বোমাটিতে হাত না দিতে এবং পুলিশকে না জানাতে। পুলিশকে জানালে তার ছেলে এবং মেয়ে কে গুলি করে মেরে ফেলা হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাসুম ভূঁইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সাদৃশ্য একটি বস্তু দেখেছি। বাড়িটি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বোমার মতো সাদৃশ্য বস্তুটি আসলে কি তা বলতে পারা যাবে ।

সর্বশেষ আপডেটঃ ২৪. নভেম্বর ২০২১ ০৯:৩৩:পিএম ৪ বছর আগে
নিখোঁজ সেই ঢাবি শিক্ষার্থী  হিমেলের সন্ধান মিলল টাঙ্গাইল কারাগারে - Ekotar Kantho

নিখোঁজ সেই ঢাবি শিক্ষার্থী হিমেলের সন্ধান মিলল টাঙ্গাইল কারাগারে

একতার কণ্ঠঃ চার‌ দিন ধরে নি‌খোঁজ থাকার পর ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী হা‌মিদ শিকদার হিমেলের সন্ধান মিলেছে। সোমবার(২২ নভেম্বর) সকা‌লে টাঙ্গাইলে জেলা কারাগারে হিমেলের খোঁজ পেয়েছে তার পরিবার। বদলি পরীক্ষা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদাল‌ত তাকে এক মা‌সের জন্য কারাদণ্ড দি‌য়ে কারাগা‌রে পাঠিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার(১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলে উপ-খাদ্য প‌রিদর্শক পদে বদ‌লি পরীক্ষা (প্র‌ক্সি) দিতে গিয়ে গ্রেপ্তার হয় হিমেল। তাঁর কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়া যায়। পরে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আতাউর রা‌ব্বি বলেন, বদ‌লি পরীক্ষা দিতে যাওয়া হামিদ শিকদার হিমেলের কাছে ডি‌জিটাল ডিভাইস পাওয়ায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন উদয় বলেন, ঘটনার পর সাধারণ সম্পাদকের পদ থেকে হিমেলকে ব‌হিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত- ঢা‌বির রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিমেল গত শুক্রবার হল থেকে টাঙ্গাইলের সখীপুরে তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার কথা থাকলেও সে বা‌ড়ি যান‌নি। সন্ধান না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৩. নভেম্বর ২০২১ ১২:০৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ঘোষপাড়া এলাকার ধলেশ্বরী নদীতীরে রোববার(২১ নভেম্বর) দুপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আফজাল হোসেন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আফজাল হোসেন(৪০) দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

দাইন্যা পরিষদের ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, শনিবার(২০ নভেম্বর) রাতে আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। পরদিন রোববার ধলেশ্বরী নদীতীরে গাছের সাথে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি কৃষি কাজ করতেন।

এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পুলিশ পরিদর্শক) মো. মোশারফ হোসেন জানান, ধলেশ্বরী নদীর তীর থেকে গাছের সাথে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২২. নভেম্বর ২০২১ ১২:৩২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীকে খুন করে থানায় ফোন করে স্বামীর আত্মসমর্পণ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীকে খুন করে থানায় ফোন করে স্বামীর আত্মসমর্পণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মিনারা বেগম (২২) নামে এক গৃহবধুকে  খুন করে স্বামীর  আত্মসমর্পনের ঘটনা ঘটেছে। শনিবার(২০ নভেম্বর) দিবাগত রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঘাটাইল থানা অফিসার ইন চার্জ(ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

ঘাতক স্বামী ওই গ্রামের শামছুলের ছেলে।ঘটনার পর স্বামী আমিনুল ইসলাম (২৮) কে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।

স্থানিয় ইউপি সদস্য আঃ ছালাম জানান, গৃহবধু মিনারা বেগম(২২কে) স্বামী আমিনুল গলাটিপে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন।

ঘাটাইল থানা অফিসার ইন চার্জ(ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায় আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য রবিবার(২১ নভেম্বর) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২১ ০১:৩৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইল-৪ আসনের এমপির বৈধতা প্রশ্নে রিট খারিজ - Ekotar Kantho

টাঙ্গাইল-৪ আসনের এমপির বৈধতা প্রশ্নে রিট খারিজ

একতার কণ্ঠঃ হলফনামায় শিক্ষাগত যোগ্যতার গড়মিলের অভিযোগ এনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যে মো. হাছান ইমাম খাঁনের বৈধতা নিয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান।

হাছান খাঁনের হলফনমায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে উল্লেখ করে তিনি ২৫ জুলাই স্পিকার বরাবরে চিঠি দেন। চিঠিতে বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন।

কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পতিতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. নভেম্বর ২০২১ ০১:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আইনপুর গ্রাম থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ।মঙ্গলবার(৯ নভেম্বর) রাতে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোকেয়া উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আইনপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।মঙ্গলবার স্বামী সাংসারিক কাজে বাহিরে থাকায় রোকেয়া একাই বাড়িতে ছিল। তার স্বামী সন্ধ্যায় বাড়িতে এসে বসত ঘরের ধর্নার সাথে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রোকেয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মেয়ে লিপি বলেন, তার মায়ের কিছুটা মানসিক সম্যসা ছিল।তবে গলায় ফাঁস দিয়ে মা এভাবে বিদায় নিব তা কখনও ভাবি নাই।

ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আজহারুল ইসলাম জানায়, গৃহবধূর নিজ গৃহ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ঘটনাটি হত্যা বা আত্মহত্যা।

সর্বশেষ আপডেটঃ ১০. নভেম্বর ২০২১ ১০:০৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে তিন মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনকালে তিন মাদকসেবীকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় তাদের কাছ থেকে সাতটি ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মির্জাপুর রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই সাজা দেন। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন  উপস্থিত  ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (৩৮), উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়ার বছির উদ্দিনের ছেলে মো. রায়হান (৩৬) ও আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২)।

মঙ্গলবার সকালে মির্জাপুর রেলস্টেশন এলাকায় ওই তিন যুবক মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের হাতনাতে আটক করে এই সাজা দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

সর্বশেষ আপডেটঃ ১০. নভেম্বর ২০২১ ০৮:৪৯:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।