একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।
বুধবার (১২ মে) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী জয় এবং উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল নিহত হন।
স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা দুই বন্ধু।
এছাড়া একই উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়ানো গার্মেন্টস কর্মী রুবেলের উপর মাটি পরিবহন করা একটি হাইড্রোলিক ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করে। এরআগে, রুবেল ঈদ উপলক্ষে বাড়ী যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়া সানববয়ড়া এলাকায় দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ মে) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের সহবতপুর ইউনিয়নের দাস পাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী হিমেল দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত একই গ্রামের কদর খানের ছেলে ইমরানকে (২৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাহালুল খান বাহার জানান, হিমেল ও ইমরান মোটরসাইল নিয়ে দেলদুয়ার থেকে নাগরপুর আসার পথে দাস পাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় হিমেল ও ইমরান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। মটরসাইকেলের অপর আরোহী ইমরান গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
একাতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ মে) সন্ধায় মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুরা হলোঃ ভবানীটেকী লেংরা বাজার এলাকায় সেলিম রানার মেয়ে সাফা মনি (৬) এবং জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৫)। শিশুদুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহতরা ভবানীটেকী লেংরা বাজার এলাকার একটি পুকুরে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এরপরে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে প্রথমে তিনি হোসাইনকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেন। এরপর হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, অপর শিশু সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়রা সন্ধ্যায় ওই পুকুরে নেমে সাফা মনি’র মরদেহ উদ্ধার করেন।
মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি খুবই মর্মান্তিক ঘটনা। গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। ইতোমধ্যেই নিহত দুইজনের মরদেহ দাফন করা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোঃমানিক মিঞা (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। সোমবার(২৬এপ্রিল) সন্ধ্যায় ভূঞাপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।নিহত মানিক মিঞার বাড়ি মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।
এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী তাহেরুল ইসলাম।আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ভূঞাপুর থানার এসআই মোঃলিটন মিঞা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে এনজিও কর্মী মোঃমানিকমিঞা ও তার এক সহকর্মীকে নিয়ে মোটর সাইকেল যোগে অফিসের দিকে যাচ্ছিল ।ঘটনাস্থলে পৌঁছালে তাদের মোটর সাইকেলের সাথে একটি অটোভ্যানের ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল সহ চালক মানিক ও তার সহ কর্মী তাহেরুল ইসলাম রাস্তায় পড়ে যায় । এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনা স্থলেই মানিক মিঞা মারা যায় এবং গুরুতর আহত হয় অপর আরোহী তাহেরুল ইসলাম ।কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। নিহত মানিক সেতু এনজিওর কর্মী বলে তিনি আরো জানান ।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মুরগির ফার্মে কাজ করার সময় সাপের ছোবলে লাভলু খন্দকার (৩০) নামের এক মুরগী ফার্ম মালিকের মৃত্যু হয়েছে। সোমবার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার জামাল হাটখুরা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাভলু ওই এলাকার খন্দকার মোতালেব মিয়ার ছেলে।
এ প্রসঙ্গে লাভলুর চাচাতো ভাই ও ত্রিশাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, লাভলুর দুই হাজার সেটের একটি লেয়ার মুরগির ফার্ম রয়েছে। সোমবার সকালে ফার্মে লাভলূ মুরগির খাবার দিতে যায়। যাওয়ার পথে হঠাৎ তাকে একটি বিষধর সাপে ছোবল দেয়। ছোবলের সাথে সাথে লাভলুর শরীরের যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাভলুর মৃত্যু হয়।
নিহত লাভলু বিবাহিত ও এক সন্তানের জনক। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্যান দিয়ে ধানের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে মোকাদ্দেস আলী নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে পৌর শহরের পশ্চিম ভূঞাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ওই শিক্ষক তার বাড়িতে ফ্যান দিয়ে ধানের কাজ করছিল। একপর্যায়ে ফ্যানে হাত দিলে বিদ্যুতায়িত হন তিনি। পরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া এলাকায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন দেলু (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার ওই উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে বলে জানা গেছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, মহাসড়কটির কোদালিয়া এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্ক :টাঙ্গাইলের কালিহাতীতে এলেংজানি নদীতে গোসল করতে নেমে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার সল্লা ইউনিয়নের আনালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম নিশ্চিত করেছেন।নিহত মীম আক্তার (১৫) আনালিয়াবাড়ী গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে।
জানাগেছে, স্কুল ছাত্রী প্রতিবেশীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়।অনেক খোঁজাখোজি করে তাকে পাওয়া না গেলে ডুবরী দলকে খবর দেয়্ হয় ।খবর পেয়ে টাংগাইল জেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনা স্থলে পৌঁছে নদীর পানিতে ডুবে নিখোঁজ হওয়া মীম আক্তার (১৫) কে মৃত অবস্থায় উদ্ধার করে ।পরে স্থানীয় জনপ্রতিনিধি মো. শফিকুল ইসলামের কাছে মরদেহটি হস্তান্তর করা হয় ।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, শুক্রবার দুপুরে মীম আক্তার গোসল করতে এলেংজানি নদীতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাক চাপায় তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া- কীর্তণখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম কামরুল ইসলাম। সে কচুয়া গ্রামের আলম মিয়ার ছেলে।স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন।
জানা যায়, সকাল ১১টায় উপজেলার কচুয়া-কীর্তণখোলা চৌরস্তা সড়কের পাশে খেলা করছিলো কামরুল। এ সময় কীর্তণখোলা বাজার থেকে আসা গরুভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃবঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার( ১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ৮ এবং ৯ নম্বর ব্রীজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও দুইজনের মরদেহ পড়েছিল। ধারনা করা হচ্ছে ,মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোন ট্রাক পিছন থেকে চাপা দিয়ে চলে গেছে। এ কারনেই হয়তো দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পুর্ব থানায় রাখা হয়েছে।
একতার কণ্ঠ ডেস্কঃ ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে কালিহাতী উপজেলার চর বাবলা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার(১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গগামী একটি টিন বোঝাই ট্রাক চর বাবলা স্থানে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ও আহতদের কারো পরিচয় জানা যায়নি।