/ হোম / টাঙ্গাইলে
টাঙ্গাইলে মওলানা ভাসানীর নাতিসহ ৬ বিএনপি নেতা গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে মওলানা ভাসানীর নাতিসহ ৬ বিএনপি নেতা গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অবরোধ কর্মসূচি থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার করটিয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহবুবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল ও বিএনপি নেতা মো. সাদন।

এছাড়া শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দকে টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শনিবার (৪ নভেম্বর) রাত থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিএনপি’র নেতাকর্মী কিনা বিষয়টি তার জানা নেই।

প্রসঙ্গত, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু গত ২ বারের টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. নভেম্বর ২০২৩ ০২:১৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সোনালী ব্যাংকের পাঁচ কোটি টাকা লোপাটে ম্যানেজার বরখাস্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের পাঁচ কোটি টাকা লোপাটে ম্যানেজার বরখাস্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় গ্রাহকের সঞ্চয়পত্রের ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে ম্যানেজার শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আত্মসাতের এসব টাকা সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় তার ভাই, বন্ধুর শাশুড়ি সহ একাধিক একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করেছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এই ঘটনায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও টাঙ্গাইল প্রিন্সিপাল কার্যালয় হতে আলাদা আলাদাভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানাগেছে, শহিদুল ইসলাম ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় ২০২০ সালে যোগদান করে। এরপর দীর্ঘ ৩ বছর ২ মাস কাজ করেন সেখানে। এই দীর্ঘ সময়ে তথ্য প্রযুক্তিতে মেধাসম্পন্ন শহিদুল ইসলাম কৌশলে ব্যাংকের ১৩০ জনের সঞ্চয়পত্রের টাকা লুজ চেকের (জরুরী উত্তোলনের জন্য একক পাতা) মাধ্যমে অন্য একাউন্টে ৫ কোটি ১১ লাখ টাকা সরিয়েছেন। এছাড়া উপজেলার গাবসারা ইউনিয়নের হত দরিদ্রদের ভাতার ৬ লাখ ৮১ টাকাও গায়েব করা হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সোনালী ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলাম তার বড় ভাই ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মহির উদ্দিন তালুকদারের এগ্রো ফার্ম ও কালিহাতি উপজেলার আদাবাড়ি গ্রামের খালেদা বেগম নামে পলাশ এগ্রো ফার্মেও একাউন্টসহ তার বন্ধু বান্ধবদের একাউন্টের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।

খালেদা বেগমের মেয়ের জামাই পটুয়াখালী জেলায় দুদকের উপ-পরিচালক মামুন চৌধুরীর সাথে শহিদুল ইসলামের বন্ধুত্বের কারণে ওই হিসাব নম্বর ব্যবহার করে টাকা সরানোর অভিযোগ রয়েছে। এছাড়া কেন্দ্রীয় সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গোবিন্দাসী শাখা হতে ঋণের ব্যবস্থা করে দিয়েছেন শহিদুল ইসলাম।

ভুক্তভোগী গ্রাহক উপজেলার কয়েরা গ্রামের মর্জিনা জানান, মেয়েদের বিয়ে দেয়ার জন্য জমিজমা বিক্রি ও অন্যান্য মিলিয়ে ২১ লাখ টাকা ব্যাংকে সঞ্চয়পত্রে রেখেছিলাম। কিন্তু পরে লভ্যাংশ তুলতে গিয়ে দেখি সঞ্চয়পত্রে টাকাই জমা হয়নি। ব্যাংক ম্যানেজার কৌশলে অনেক গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে।

রুহুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী বেগম জানান, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কি করবো আমরা। কয়েক মাস লাভের টাকা তুলেছিলাম। ম্যানেজার শহিদুলকে বদলি করার পর ব্যাংকে গিয়ে জানতে পারি আমার সঞ্চয়পত্রই খোলা হয়নি। প্রতিকার চেয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি।

তালুকদার এগ্রো ফার্মেও স্বত্বাধিকারী মহির উদ্দিন বলেন, ব্যাংকে একাউন্ট করার পর ৭ লাখ টাকা ঋণ নেয়া হয়েছিল। কিন্তু সেই ঋণের টাকাসহ জমি বন্ধক রেখে ভাইকে (শহিদুল) আরও দুই লাখ টাকা দিয়েছি। একাউন্টে কয় টাকা আছে বা নেই আমি কিছুই জানিনা। চেকের পাতাগুলোতে স্বাক্ষর নিয়ে রেখেছিল সে।

পলাশ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খালেদা বেগম বলেন, একাউন্টের বিষয়ে আমি কিছুই জানি না। কত টাকা আছে বা নাই। মেয়ের জামাই মামুন চৌধুরীই একাউন্টে লেনদেন করতো তার লোকজন দিয়ে। ব্যাংক ম্যানেজার শহিদুল তার বন্ধু ছিল। তাই গোবিন্দাসী শাখায় একাউন্ট খোলা হয়েছিল। ঝামেলার কারণে দেড় মাস আগে একাউন্ট বন্ধ করে দিয়েছি।

পটুয়াখালী জেলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মামুন চৌধুরী বলেন, শহিদুলের সাথে ঢাকায় পড়াশুনার সুযোগে পরিচয় হয় তাঁর। পরিচিত হওয়ায় তার ব্যাংকে একাউন্ট খোলা হয়েছে শাশুড়ির নামে।
বিভিন্ন সময় ব্যাংকে লেনদেন করা হয়েছে। শাশুড়ির একাউন্টেতো নগদ টাকা জমা দেয়া হয়েছে কিন্তু সেখানে যদি ম্যানেজার অন্য একাউন্ট থেকে টাকা তার একাউন্টে জমা দিয়ে উত্তোলন করে তাহলে কিছু করার নেই।

সাময়িক বরখাস্ত হওয়া ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ম্যানেজারের আইডি হ্যাক করে ব্যাংকের লোকজন টাকাগুলো আত্মসাৎ করে আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে বদলি করার পর আমার আইডি ব্যবহার করে টাকা সরানো হয়েছে। সঞ্চয়পত্রের কাগজপত্রগুলো ব্যাংকের পিয়ন লাভলুর বাড়িতে পোড়ানো হয়েছে। এছাড়া এখনও গ্রাহকদের সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ করা হচ্ছে।

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, যেহেতু তদন্ত হচ্ছে সেহেতু এই বিষয়ে কোন মন্তব্য করা যাবে না। প্রতিদিনই ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংকে ভিড় করছেন টাকা ফেরতের জন্য।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস ঘাটাইলের ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় ম্যানেজার শহিদুল ইসলাম দোষ স্বীকার করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান কার্যালয় তদন্ত করছে। অন্যদিকে দুদকে একটি মামলা হয়েছে। গ্রাহকদের হতাশ হওয়ার কিছু নেই। দ্রুত সময়ের মধ্যে তারা টাকা ফেরত পাবে।

সর্বশেষ আপডেটঃ ০৫. নভেম্বর ২০২৩ ০৩:৫৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে । শনিবার (৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম (৩২) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রায় গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি গোড়াই উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সে গোড়াই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলে কর্মরত ছিলেন।

গোড়াই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. আদিল খান জানান, নাজমা বেগম ওই এলাকায় শাক তুলতে গেলে ট্রেন লাইন পারাপারের সময় ঢাকাগামী স্পেশাল-৭ ট্রেনে কাটা পড়েন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর ট্রেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. নভেম্বর ২০২৩ ০২:৪৯:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অটোচালক আমিনুলের হত্যা রহস্য উদঘাটন - Ekotar Kantho

টাঙ্গাইলে অটোচালক আমিনুলের হত্যা রহস্য উদঘাটন

একতার কণ্ঠঃ গৃহবধূ শরিফা আক্তার শিল্পী অসুস্থতার ভান করে রোগী সেজে তাঁরা ৫জন বাড়ি যাওয়ার জন্য অটোরিক্সা ভাড়া করে। তাঁরা অটোরিক্সা নিয়ে সখিপুর উপজেলার কালমেঘা নামকস্থানে পৌঁছে চালক আমিনুল ইসলামকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

পরে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের বেলতলী বনের ভেতর রেখে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায় আসামিরা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার টাঙ্গাইলের চাঞ্চল্যকর অটোরিক্সা চালক আমিনুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামির বরাত দিয়ে জানান, গ্রেপ্তারকৃত ৪ জনই আন্ত:জেলা অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক দেশজুরে বিস্তৃত। তাদের অপর এক সদস্য এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

গ্রেপ্তারকৃত ৪ জনের নামে বিভিন্ন থানায় ৮-১০টি করে মামলা রয়েছে। তারা সকলেই ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা। ইতোপূর্বে জেল-খানায় তাদের মধ্যে আলাপ-পরিচয় এবং জেলখানার বাইরে পুনরায় একত্রিত হয়ে অটোরিক্সা ছিনতাইয়ের পরিকল্পনা হয়। অন্যান্য জেলায় তাদের আরও সদস্য রয়েছে। শুধুমাত্র অটোরিক্সাটি ছিনতাইয়ের জন্যই চালক আমিনুল ইসলামকে হত্যা করা হয়।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরও জানান, ঘটনাটি চাঞ্চল্যকর বিধায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম তদন্তে নামে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. শরফুদ্দীনের নেতৃত্বাধীন টিম গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাতে ঘটনার সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জের মনিরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার শিল্পী (৩৬), পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল মোল্লা ওরফে হুমায়ুন কবির হেলাল (৫৭), টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেঁচুয়া গ্রামের আ. রহমান মিয়ার ছেলে খোকন মিয়া (৩৬) ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও ভিটিপাড়া গ্রামের মৃত ছালাম খানের ছেলে মোখলেছুর রহমান মুকুল (৫৪)।

পুলিশ সুপার জানান, চৌকষ টিমটি প্রথমে শরিফা আক্তার শিল্পীকে গাজীপুরের কাশিমপুর ঢালাইসিটি এলাকা থেকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি মোতাবেক অন্য ৩ জনকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের অপর সঙ্গী মনিরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিন করে রিমান্ড আবেদন সহ আদালতে উপস্থাপন করা হবে।

প্রকাশ, গত ২৮ অক্টোবর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার একটি আকাশমনি বাগানে অটোরিক্সা চালক আমিনুল ইসলামকে হত্যা করে লাশ গুম করার জন্য বেলতলী বনের ভেতর ফেলে রেখে যায়। পরে ২৯ অক্টোবর সখীপুর থানায় মামলা দায়ের করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৪. নভেম্বর ২০২৩ ১২:০৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে তাহাজ্জুদ পড়ার কথা বলে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে - Ekotar Kantho

টাঙ্গাইলে তাহাজ্জুদ পড়ার কথা বলে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রাম থেকে আলোকদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।

নিহত ওমর আলী হলুদিয়া গ্রামের মৃত আইন উদ্দিন ওরফে আনু সুতারের ছেলে। তিনি পেশায় আনারস ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার।

জানা যায়, এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকা থেকে মধুপুর থানায় ফোনে জানানো হয়, ওমর আলী নামের এক ব্যক্তি আত্মহত্যা করবেন জানিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন। পরে মধুপুর থানা নিকটস্থ আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানায়।

এ বিষয়ে ওমর আলীর স্ত্রী বুলবুলি বেগম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমার স্বামী মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে তার সন্ধান করেন। কিছুক্ষণের মধ্যে তার ফোন বন্ধ পেয়ে আমি, আমার সন্তান এবং প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করি। পরে বুধবার (১ নভেম্বর) বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

ওমর আলীর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল কিনা এ বিষয়ে জানতে চাইলে বুলবুলি বেগম বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তখন ওমর আলীর আচরণ স্বাভাবিক ছিল। কিন্তু কি কারণে এমন করলো তা জানি না।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার বলেন, মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা থেকে মধুপুর থানায় জানানো হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ওমর আলী নামের এক ব্যক্তি ফোন করে জানান বিষপানে তিনি আত্মহত্যা করবেন। ওই সংবাদ পেয়েই আমরা ওমর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর নম্বর থেকে ওমর আলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কয়েক মিনিট পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। ভোর পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

মো. আজহার আলী আরও বলেন, বুধবার রাতে হলুদিয়া গ্রামের এক ধানক্ষেতে ওমর আলীর লাশ পাওয়া যায়। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. নভেম্বর ২০২৩ ০১:৩৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে আ’লীগের অবরোধ বিরোধী মিছিলে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে আ’লীগের অবরোধ বিরোধী মিছিলে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপি’র ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ রোডস্থ জেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ইয়াকুবের মোটরগ্যারেজের সামনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, টাঙ্গাইলে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল ফকির (৫৫) ও তার ছেলে ইব্রাহিম ফকির (২৩) এবং ওই ওয়ার্ডের সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মামাতো ভাই মো. আব্দুল্লাহ আকন্দ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে বিএনপি’র ডাকা ৭২ ঘণ্টার অবরোধ বিরোধী মিছিল করতে ৩নং ওয়ার্ডের সভাপতি মো. হুমায়ুন আকন্দ সোনা এবং সাধারণ সম্পাদক মো. হেলাল ফকির তাদের অনুসারীদের নিয়ে যায়। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে অবরোধ বিরোধী মিছিল শেষে ফেরার পথে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ সম্পাদক হেলাল ফকিরের অনুসারীরা সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মোটরসাইকেল বহরের কর্মীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এতে দুই পক্ষের কয়েকটি মোটরসাইকেল রাস্তায় পড়ে কয়েকজন কর্মী সামান্য আহত হয়। তাৎক্ষণিকভাবে শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতা করে দেন।

মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জের ধরে আদালত প্রাঙ্গণে ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল ফকিরের কথিত সেরেস্তার সামনে সভাপতি হুমায়ুন রশিদ আকন্দের (সোনা) মামাতো ভাই মো. আব্দুল্লাহ আকন্দকে আটকে রেখে মারপিট করে।

খবর পেয়ে সভাপতির অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে হেলাল ফকিরের অনুসারীদের উপর হামলা করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সাধারণ সম্পাদক হেলাল ফকির ও তার ছেলে ইব্রাহিম ফকির এবং সভাপতির মামাতো ভাই মো. আব্দুল্লাহ আকন্দ আহত হয়।

এ প্রসঙ্গে আহত টাঙ্গাইলে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল ফকিরের মুঠোফোনে বার বার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনা জানান, অবরোধ বিরোধী দলীয় মিছিলে তিনি শতাধিক মোটরসাইকেলসহ অনুসারীদের নিয়ে অংশগ্রহন করেন। প্রথম ঘটনাটি তাৎক্ষণিকভাবে পৌর মেয়র সমাধান করে দেন। তিনি বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে তাকে রক্ষা করার জন্য তার অনুসারীরা পাল্টা হামলা করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন রশীদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে সাধারণ সম্পাদকের ছেলে ইব্রাহিম ফকির একই ওয়ার্ডের সভাপতির ভাতিজাকে কুপিয়ে আহত করে। ওই ঘটনা থেকে উভয়ের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসে।

সর্বশেষ আপডেটঃ ০১. নভেম্বর ২০২৩ ০৩:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাবার মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বাবার মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ বাবার মারা যাওয়ার খবর শুনে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিববার (২৯ অক্টোবর) বিকালে বাবার এবং সন্ধ্যায় মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। রবিবার সন্ধ্যায় উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ৮ নং আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে আফসার আলির (৮০) স্বাভাবিক মৃত্যু হয়। পিতার মৃত্যুর খবর শুনে বাবার বাড়িতে ছুটে আসেন মেয়ে অজুফা আক্তার (২৮)। বাবার লাশের পাশে এসে সে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে অজুফা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এমন অস্বাভাবিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। রবিবার রাতে বাবা ও মেয়ের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের ডা: রাফিদুল ইসলাম জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২৩ ০৪:১৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ওড়নার কাপড় দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(২৯ অক্টোবর )বেলা ১১টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভেতর দিয়ে যাওয়া সড়কের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘সকালে স্থানীয় এক কাঠমিস্ত্রি সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় ওই যুবককে হত্যা করে, গভীর রাতে এখানে লাশ ফেলে রেখে গেছে।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, রোববার সকালের দিকে কালমেঘা বেলতলী গ্রামে একটি আকাশমনি গাছের বাগান থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও মামলা বা নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ২৯. অক্টোবর ২০২৩ ১০:০৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সুমী আক্তার (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বনবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমী উপজেলার আটাবাড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী হাসমত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধূ সুমী আক্তার বিয়ের পর তার স্বামীর বাড়িতে বসবাস করলেও বিভিন্ন কারণে তার শ্বশুর বাড়ীর লোকজনেদের সাথে ঝগড়া ঝাটি লেগেই থাকতো। তাই সুমীর বাবা মেয়ের সুখের কথা ভেবে তার কাছাকাছি বাড়ী করে দেন। সেখানেই সুমী তার একমাত্র ছেলে সোহাগ কে নিয়ে বসবাস করে আসছিলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাতে সুমীর ছেলে সোহাগ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মাকে (সুমী) ডাক দিলে কোন প্রকার শব্দ না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পায়। এক পর্যায়ে তার মা সুমীকে বিছানা থেকে রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে দৌড়ে তার নানার বাড়ীর লোকজন ডেকে আনে। খবর পেয়ে পুলিশ সুমী আক্তারের লাশ শনিবার সকালে উদ্ধার করে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, সুমী আক্তার নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।তবে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. অক্টোবর ২০২৩ ০১:৪৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিল শিশুসহ সাড়ে ১২’শ শিক্ষার্থী - Ekotar Kantho

টাঙ্গাইলে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিল শিশুসহ সাড়ে ১২’শ শিক্ষার্থী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন- জেলার ভূঞাপুর, গোপালপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার ১৩০টি সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১ হাজার ২৬০ জন শিক্ষার্থী। এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত হাজারো শিক্ষার্থী।

শুক্রবার (২৭ অক্টোবর) বৃত্তি পরীক্ষার আয়োজন করেন- সামাজিক সেবামূলক সংগঠন ‘প্রতিভা ছাত্র সংগঠন’। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায় এবং বেলা ১২ টায় শেষ হয়।

বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া চতুর্থ শ্রেণির ছাত্রী মোছা: রওশনরা খাতুন বলেন, আমি এবারই প্রথম এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। বৃত্তি পাওয়াটা বড় কথা নয়, অংশ গ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। আশা করছি পরীক্ষা ভালো হলে সফলতা অর্জন করতে পারব। আয়োজনকদের ধন্যবাদ।

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন, মর্জিনা আক্তার, রুবেল মিয়া ও তৌহিদ হাসান বলেন, আমরা এবারই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। করোনার কারণে এরআগে অংশ নিতে পারেনি। প্রতিভা ছাত্র সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভাল লাগছে। প্রতি বছরই সংগঠনটি এমন আয়োজন করুক এমনটাই প্রত্যাশা।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো: রেজওয়ানুল করিম রানা বলেন, প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা শুরু হয় ২০১৯ সালে। করোনার প্রকোপ কাটিয়ে দুই বছর পর ফের পরীক্ষার আয়োজন করা হয়। এবার ভূঞাপুরসহ পাশ্ববর্তী তিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুসহ ১ হাজার ২৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৩ ০২:৫৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিনামূল্যে দেখানো হলো ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র - Ekotar Kantho

টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিনামূল্যে দেখানো হলো ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র টাঙ্গাইলে বিনামূল্যে দেখার সুযোগ পেলো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা প্রথমে বিনামূল্যে চলচ্চিত্রটি উপভোগ করেন। এরপর দুপুর দেড়টায় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চলচ্চিত্রটি দেখেন। আগামী ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুপুর দেড়টায় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়; ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর দেড়টায় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়; ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কুমুদিনী সরকারি কলেজ এবং দুপুর দেড়টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়; ১ নভেম্বর সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এবং দুপুর দেড়টায় নার্সিং মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলচ্চিত্রটি দেখার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, শিক্ষার্থী ছাড়াও জেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের জন্য বিনামূল্যে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখার ব্যবস্থা করা হয়েছে। এই সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর জীবন নীতি আর্দশকে দর্শকদের হৃদয়ে লালন করতে পারবো। মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার জন্য পর্যায়ক্রমে উপজেলাগুলোতে বিনা টিকিটে দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২৩ ০২:৫৫:এএম ৩ বছর আগে
২৮ তারিখে কোন নাশকতা করলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে: টাঙ্গাইলে শাজাহান খান এমপি - Ekotar Kantho

২৮ তারিখে কোন নাশকতা করলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে: টাঙ্গাইলে শাজাহান খান এমপি

একতার কণ্ঠঃ সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর (শনিবার) বিএনপি কোন নাশকতা করলে তা আওয়ামীলীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামীলীগের একাং‌শের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশ ও স্থানীয় সংসদ সদস্য ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাহান খান এম‌পি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ তারিখ তাদের বাঁধা দেওয়া হবে না তবে তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে আওয়ামীলীগ কাজ করবে, জনগন কাজ করবে, প্রশাসন কাজ করবে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, খালেদা জিয়ার কথায় দেশ চলবে তাই বলতে চাই তাদের এই বয়ান নতুন নয়। তারা মিথ্যাচার ভন্ডামী করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো।

তিনি আরও বলেন, ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া কোন কাজ নেই। সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির শাহজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২৩ ০৩:৪০:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।