একতার কণ্ঠঃ টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় টাঙ্গাইল রেলস্টেশন সহকারী মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলাকারী কলেজ ছাত্রী এশা মির্জার (২২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর )দুপুরে করের বেতকা এলাকায় তার নিজ বাসার ৩য় তালা থেকে এশার মরদেহ উদ্ধার করা করে পুলিশ।
নিহত আফরোজ মির্জা এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করের বেতকা গ্রামের লতিফ মির্জার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফউদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিজ বাসার রুমের ভিতর শার মির্জার শিশু পুত্রের কান্না শুনতে পায় স্থানীয় তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদি মির্জা আফরোজ এশা তার তিনতলা বাসার নিজরুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।
একতার কণ্ঠঃ ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে দমকা হাওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছালে ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মাথায় পড়লে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা: নাঈম আব্দুল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কা লেগে আশিক মিয়া (২০) নামে এক যুবককের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর পৌর শহরের ভূঞারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আশিক পৌর শহরের উত্তর গোপালপুর এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশিক মোটরসাইকেলটি দ্রুত গতিতে চালিয়ে নবগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি হাইড্রোলিক ট্রাকের পেছনে ধাক্কা লেগে ছিটকে পড়েন ও গুরুতর আঘাত পায়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে ঢাকা নেয়ার পথে আশিকের অবস্থা আশঙ্কাজনক হলে পথিমধ্যে রোগীর স্বজনরা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আশিক নামে এক আরোহীকে নিয়ে আসে স্থানীয়রা। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।
পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।
ঘারিন্দা রেলস্টেশনের বুকিংমাস্টার সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির তিনটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই।
একতার কণ্ঠঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় স্বাগত মিছিল করেছে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল ঘোষণার পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাগত মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনায়ায় মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহম্মুদ তারেক পুলু, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মুক্তি আক্তার প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও তার ভাতৃপ্রতিম সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছুরিকাঘাতে স্ত্রী বেদেনা বেগমকে (৫০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সাথে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায় ভোর রাতে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ১২ তলা বিশিষ্ট একাডেমিক-কাম-রিসার্স ভবন, ৫৫০ জন ছাত্রের জন্য ৬ তলা বিশিষ্ট শেখ রাসেল হল, ৭০০ জন ছাত্রীর জন্য দশ তলা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণের জন্য ৫ তলা পর্যন্ত আবাসিক ভবন এবং ৫ তলা পর্যন্ত মাল্টিপারপাস ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল-টাঙ্গাইল এর কার্যক্রম,ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাড়-সলকা গ্যাস সঞ্চালন পাইপলাইনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার(১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে’র মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,চিকিৎসক,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী পরিচয়ে বাসে মনোয়ার হোসেন (৩৬) নামে এক ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোল চত্বর এলাকা থেকে মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
মনোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার ধর্মেশ গ্রামের মনছুর আলীর ছেলে।
র্যাব ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে অভিযান চালানো হয়। পরে ১৫ বোতল ফেনসিডিলসহ মনোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। তিনি যাত্রী পরিচয়ে মাদক পাচার করতেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, সোমবার রাতে সেতু পূর্ব গোল চত্বরে অভিযান চালিয়ে ওই মাদক করবারিকে গ্রেপ্তার করে র্যাব।
তিনি আরও জানান, পরে মনোয়ারকে সেতু পূর্ব থানায় হস্তান্তর করলে মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জামায়াত ও শিবিরের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় অবরোধ সমর্থনে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি রেজিস্ট্রিপাড়া এলাকার শাহীন স্কুলের সামনে পৌঁছালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ব্যানারসহ নেতাকর্মীরা এলোপাথাড়ি দৌঁড়ে পালিয়ে যায়। মিছিল পরিবর্তিতে জামায়াত শিবিরের কোন নেতাকর্মী গ্রেপ্তার হয়নি।
জেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, হয়তোবা কেউ মিছিল করতে পারে। তবে মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছে এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য পাওয়া যায়নি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে ১৯৫২ সালে বরুহা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হলেও এতদিন ছিল উন্নয়ন বঞ্চিত। সম্প্রতি নতুন পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব নেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ। দায়িত্ব নিয়েই তিনি বিদ্যালয়টির উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়টির সর্বাধুনিক ৪তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক টয়লেট নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে।
ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিল বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছানোয়ার হোসেন এমপি বলেন, যে কোন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিয়মানুবর্তিতা। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই। এই বিদ্যালয়ে ইতিমধ্যে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। রবিবার ৪তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আশা করি, এই বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা উচ্চ বিদ্যালয়টি ১৯৫২ সালে ডা. আব্দুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
একতার কণ্ঠঃ বিএনপি’র ডাকা অবরোধ চলাকালীন টাঙ্গাইল ঢাকাসহ সারা দেশের সাথে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে বাস-কোচ মিনিবাস মালিক সমিতি। একইসঙ্গে অবরোধ উপেক্ষা করে সকল প্রকার ট্রাকও চলাচল করবে বলে জানানো হয়।
মহাসড়কে যানবাহন চলাচলে প্রশাসনের কাছে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মত বিনিময় সভায় এ ঘোষণা করে সমিতির নেতারা।
সভায় অবরোধে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে গণপরিবহন এবং ট্রাক চলাচল করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
টাঙ্গাইলের বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দীন, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দেশের অর্থনৈতিক চাকা নির্ভর করে পরিবহনের উপর। তাই পরিবহন বেশিদিন বন্ধ থাকলে দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সে মোতাবেক অবরোধের মধ্যে সারা দেশের সাথে জেলার গণপরিবহন চলাচল চালু থাকবে। নিদিষ্ট সময়ে এসব গণপরিবহন পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে চলাচল করবে। বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের সাথে সমন্বয় করে নিরাপত্তা দেয়া হবে।