আরমান কবীরঃ দেশের পরিবেশ রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয় ।
এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। টাঙ্গাইল সদর উপজেলাকে একটি আদর্শিক টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা এই টাঙ্গাইলে হবে না বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদ আলম রাশেদ, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এই বৃক্ষ রোপন কর্মসূচীতে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত হনুফা বেগম ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান।
এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। হনুফার গলায় তিন ভরি স্বর্ণালংকার ছিল। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়া স্বর্ণালংকার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইল পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত সামসুল হকের স্মরণে শামসুল হক স্মৃতি মিনি ফ্লাট লাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে শামছুল হক স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ডিএফএ এর সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক আল-আমিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শামসুল হক স্মৃতি মিনি ফ্লাট লাইট ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এই উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, সুপ্রভাত রাইডার্স বনাম হেলিপ্যাড লায়ন’স ও ভাসানী ক্লাব বনাম টাইগার সুলতানা স্পোর্টিং ক্লাব।
এই টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। আগামী ৮ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, গ্রুপ-ক : শতায়ু অঙ্গন ক্লাব, সোনালী সকাল ক্রীড়া সংঘ, আরামবাগ ক্লাব, শুভ সকাল ক্লাব।
গ্রুপ-খ : সুপ্রভাত রাইডার্স, হেলিপ্যাড লায়ন্স, হেলিপ্যাড টাইগার’স, ফতেপুর পল্লীমা সংস্কৃতিক সংসদ।
গ্রুপ-গ: দেহঘড়ি শরীর চর্চা ক্লাব, নুরা পরিবার ক্লাব, সু-প্রভাত জুনিয়র, পার্ক বাজার সমবায় সমিতি লিমিটেড।
গ্রুপ-ঘ : ভাসানী ক্লাব, টাইগার সুলতানা স্পোর্টিং ক্লাব, সৈয়দ জালাল ক্লাব, সুপ্রভাত কিংস, অফিসার্স ক্লাব টাঙ্গাইল।
উল্লেখ্য, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জামাতা শামসুল হক টাঙ্গাইল পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৯০ সাল ও ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মরহুম সামসুল হক টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর পিতা।
সাহান হাসানঃ টাঙ্গাইলের নাগরপুরে হত্যা মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ জুন) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বটতলা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ জুন) সকালে র্যাব-১৪, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৫), একই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও রাবেয়া বেগম (৪৫)।
র্যাব-১৪, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিহত আব্দুর জব্বার মিয়ার (৭০) সাথে গ্রেপ্তারকৃত আসামিদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (১৯ মে) জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া চৌরাস্তা মোড়ে নিহত জব্বার মিয়ার সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান, আকলিমা বেগম ও রাবেয়া বেগম নিহত জব্বার মিয়া ও তার ও পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এঘটনায় আব্দুর জব্বার গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর নিহতের ছেলের বউ পলী আক্তার (৩০) বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের ‘পোড়াবাড়ী জনকল্যাণ সংস্থার’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন মো. রাজিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আকিবুর রহমান।
শুক্রবার (৬ জুন) সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা ঈদগাহ্ মাঠে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, মো. বুলবুল হাসান, মো. সুমন জোয়ারদার, মো. সমশের আলী, মো. রেজাউল করিম, মো. রুবেল মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. সুমন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন জোয়ারদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, মো. উজ্জ্বল হাসান, মো. মুছা বেপারি, মো. পারভেজ মিয়া, মো. লালন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, মো. রকি, কোষাধক্ষ রাসেল রানা, দপ্তর সম্পাদক মো. খোকোন মিয়া, আইন সম্পাদক হৃদয় মিয়া, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রিয়া সম্পাদক মো. সোহেল রানা।

সাধারণ সদস্যরা হলেন, হৃদয় হাসান, সবুজ খান, মনিরুল ইসলাম, মো. সুজাত হাসান, মো. মানিক মিয়া, মো. জাহিদ হাসান, মো. রিপন সিকদার, মো. মাসুদ মিয়া, মো. মুসতাক হাসান, মো. আনোয়ার হোসেন, মো. সজিব হাসান, মো. আজাদ মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মো. সোহেল রানা, মো. মেহেদী হাসান, মো. সেরাজুল ইসলাম, মো. আজিজুল ইসলাম, মো. রাজিব হাসান, মো. শাকিল হাসান, মো. জুয়েল রানা, মো. সোহেল রানা, মো. মাজিদুল ইসলাম।
আরমান কবীরঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বর বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত এই মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা।
আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র নাজিম সিকদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে উপজেলার হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে।
মৃত নাজিম সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়।
রবিবার সকালে মজিদপুর গ্রামের বাসিন্দা নাজিমের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল ৮টার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকাল ৪টা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুঁজে না পেয়ে চলে যায়।
রবিবার সকাল ৮টার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) বিকেলে বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে ও সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই। নিহত অপর শিশু হচ্ছে, উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে আব্দুল্লাহ (২)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ জানান, শনিবার সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে, বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা দুটিতে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভীন (৩৮) জনতার হাতে আটক হয়েছেন। বর্তমানে তার প্রেমিকসহ তিনি ভূঞাপুর থানা হেফাজতে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পলশিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিকের নাম বাবলু মিয়া (৪৫)।
বাবলু একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। বাবলু মিয়া ৪ ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং রেহেনা পারভীন ৩ সন্তানের মা। গত বুধবার রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে ওই নারী নেত্রী রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে নিকরাইল ইউনিয়ন নারী নেত্রী রেহানা পারভীন এবং বাবলুর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই বাবলু রেহানার বাড়িতে আসা-যাওয়া করতো।
বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে, অপেক্ষায় থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু মানুষ উত্তেজিত হয়ে তাদের মারধরও করেন। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রেহেনা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানায়, বাবলু মিয়ার সাথে তাদের পারিবারিক এবং ধারদেনা সম্পর্ক রয়েছে। এর বাইরে কোনো সম্পর্ক নেই, এটি ষড়যন্ত্র।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরমান কবীর: টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের (ভিএফসি) ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভিএফসির চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সিনিয়র- যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা।
অনুষ্ঠানের শুরুতেই এই ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণকারী সকল দলের জার্সি উন্মোচন করা হয়। একই সাথে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন অতিথিবৃন্দ।
পরে বিবেকানন্দ স্কুলের শিক্ষার্থী, টাঙ্গাইল ক্লাব রোড ব্যান্ড ও জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ সঙ্গীত পরিবেশন করে।
এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পৌর উদ্যানকে মুখরিত করে তোলে।
সাহান হাসানঃ টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ জুন ) বিকেলে উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার (১১) ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পাটজাগ গ্রামের মালয়েশিয়াপ্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। পুলিশ মঙ্গলবার (১০ জুন ) সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা জালাল উদ্দিনের স্মৃতি সংরক্ষণের জন্য কর্তৃপক্ষ বিদ্যালয় চত্বরে ম্যুরাল স্থাপনের উদ্যোগ নিয়েছিল। ঈদের সাত দিন আগে নির্মাণকাজ শুরু হয়। সোমবার বিকেলে সাদিয়া, আমেনা ও নেহা ওই স্কুল মাঠে খেলছিল। সন্ধ্যার আগে ওই তিনজন নির্মাণাধীন স্থাপনার ওপর ওঠে। একপর্যায়ে সেটি ধসে পড়লে সাদিয়া ঘটনাস্থলেই নিহত হয়। আমেনা ও নেহা সামান্য আহত হয়।
পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের মঙ্গলবার সকালে বলেন, এটা নিছক একটি দুর্ঘটনা। এই ঘটনায় আমরা মর্মহত।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার যৌনপল্লিতে বাসনা আক্তার (১৯) নামে এক যৌনকর্মীর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেল আনুমানিক ৫ টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে যৌনকর্মীদের অভিযোগ বাসনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার কথিত প্রেমিক মাসুদ।
তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটির বিষয়ে বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
জানা গেছে, বাসনা আক্তারের মা-বাবা নেই। ছোটবেলা থেকেই শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে বড় হয়েছে সে। পরে সেখানেই যৌনকর্মী হিসেবে যোগ দেন তিনি। টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চর খিদিরপুর গ্রামের মৃত মোঃ লাল মিয়ার ছেলে মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাসনা। মাসুদ পেশায় একজন রিকশাচালক।
ঘটনা প্রসঙ্গে কর্মরত যৌনকর্মীরা জানায়, প্রতিনিয়তই বাসনার ঘরে যাতায়াত করতেন মাসুদ। তাদের মধ্যে প্রায় সব সময়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মঙ্গলবার দুপুরে মাসুদকে বাসনা কয়েকবার ফোন দিয়ে আসতে বলেন। বারবার ফোন দেওয়ার ফলে মাসুদ সেখানে আসতে বাধ্য হয়। পতিতালয়ের পাশেই বিক্রি হয় রেক্টিফাইড স্পিরিট। সেই দোকান থেকে মাসুদ রেক্টিফাইড স্পিরিট নিয়ে আসেন। তারপর তারা বেশ কিছুক্ষণ বাসনার ঘরে অবস্থান করেন। কিছুক্ষণ পরে মাসুদ ডাক চিৎকার শুরু করেন। তার ডাক চিৎকারে আশেপাশের যৌনকর্মীরা বাসনার ঘরের কাছে ছুটে আসেন। তারা এসে বাসনাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা মাসুদকে ঘরের বাহিরে এনে হাত-পা বেঁধে মারধর করেন। ঘরের মালিক টাঙ্গাইল সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত মাসুদকে নিরাপদ জায়গায় সরিয়ে আনেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানবীর আহাম্মেদ মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও জানান, বাসনা আক্তারের কথিত প্রেমিক মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।