/ হোম / টাঙ্গাইলে
টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩০। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত যুবকটি বেশ কিছুদিন ধরে মহাসড়কের আশ-পাশ এলাকায় পাগলবেশে ঘুরতো। তার পরিচয় জানতো না কেউ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া নামক এলাকায় মহাসড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় সে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে রয়েছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় মেলেনি। সে পাগলবেশে ঘুরতো। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় নিহত হয়। যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২২ ০৬:৩৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল আবসার জুয়েল(২৪) শহরের ময়মনসিংহ সড়কের গণপূর্ত অফিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) নবীন হোসেন।

নিহত আবসার বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।নিহত নুরুল আবসার জুয়েল কক্সবাজার জেলা রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় শহরের ময়মেনসিংহ সড়কের গণপূর্ত বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবসারের হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর মোটর সাইকেলের ২ আরোহী আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ আরো জানায়, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ২৫. নভেম্বর ২০২২ ০৫:০৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে তিন আইনজীবীসহ বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইলে তিন আইনজীবীসহ বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে তিন আইনজীবীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকায় আগামি ১০ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে একটি প্রস্তুতি সভা শেষে ফেরার পথে সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ওই ১২ নেতা-কর্মীসহ ৩১ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোহানুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে এক মামলা দায়ের করেন।

বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত ১২ জনকে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে।

আদালতের বিচারত অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আইনজীবীরা হচ্ছেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আইনজীবী খন্দকার মাহবুবুর রহমান ওরফে রিপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য লাল মাহমুদ, নাগরপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফরিদ ভূঁইয়া।

এই তিন আইনজীবী ছাড়াও অন্য নয়জন হলেন- সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবু গাজী, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বাসাইল উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান, টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, যুবদল কর্মী ফুয়াদ হাসান, হেলাল উদ্দিন সিকদার ও সৌরভ এবং দোকান কর্মচারী জাকির হোসেন।

মামলায় ২৯ আসামির মধ্যে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক ছাদু, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন, হুগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম, সিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ পাহেলী, টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ সরোয়ার, কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান রয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সরকারি সম্পত্তি বিনষ্ট, যানবাহন স্থাপনার ক্ষতি সাধন, জনমনে ভীতি সৃষ্টি এবং ধ্বংসাত্মক কার্যক্রম সংগঠনের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ও রিমান্ড প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আগামি ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বিঘ্ন করতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

তিনি আরো বলেন, গত কয়েকদিনে টাঙ্গাইলে তিনটি মিথ্যা মামলা দিয়ে ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

সর্বশেষ আপডেটঃ ২৩. নভেম্বর ২০২২ ০১:৫০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বাড়ির পাশের টিলা থেকে নারীর মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে বাড়ির পাশের টিলা থেকে নারীর মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের টিলা থেকে এক নারীর মরদেহ পাওয়া গেছে। সোমবার(২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই এলাকার বনবেষ্টিত পাহাড়ি টিলা থেকে লাশটি উদ্ধার করে ঘাটাইল থানার পুলিশ।

নিহত ওই নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি মাকড়াই এলাকার মৃত কুবেদ আলীর মেয়ে।

তাঁর স্বামী আবদুল গফুর একই ইউনিয়নের মালেঙ্গা বড়চালা এলাকার বাসিন্দা। নিহতের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির দূরত্ব ২০০ মিটারের মতো হবে। বাবার বাড়ির পূর্ব পাশের টিলায় লাশটি পাওয়া যায়।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন নারী সোমবার দুপুরে টিলা এলাকায় লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় তাঁরা মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। স্থানীয় ব্যক্তিরা বিকেলে থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ পৌঁছে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।

সাজ্জাদ হোসেন আরও বলেন, নিহত নারীর গলায় ওড়না দিয়ে কয়েকটা প্যাঁচ দেওয়া। ওড়নার অপর প্রান্ত বোরকার সঙ্গে বাঁধা। তবে শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।

সেলিনার বড় ভাই আবদুল মান্নান জানান পারিবারিক কলহের জেরে সেলিনা মাস তিনেক আগে তাঁদের বাড়িতে আসেন। তখন থেকে এখানেই থাকতেন। গত রাতে বাড়িতে না পেয়ে তাঁরা ভেবেছিলেন, সেলিনা তাঁর স্বামীর বাড়িতে গেছে। কিন্তু সকালে খোঁজ করে সেখানেও পাওয়া যায়নি। পরে টাঙ্গাইলে আরেক ভাইয়ের বাসায়ও খোঁজ করা হয়। দুপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ বাড়ির পাশের টিলায় পড়ে থাকতে দেখেন স্থানীয় নারীরা। সেলিনাকে কেউ হত্যা করেছে বলে অভিযোগ করেন আবদুল মান্নান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ২২. নভেম্বর ২০২২ ০৫:৪৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে কিশোর অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামে এক কিশোরী ব্যাটারিচালিত অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা সদরের সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল মিয়া উপজেলা সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা জানান, শাকিল মিয়া স্থানীয় বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

তিনি মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রোববার (২০ নভেম্বর) রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন।
পরে সোমবার সকালে স্থানীয়রা কলেজের পেছনে শাকিলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৮:২৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দেবে গেছে সেতু ৩ কর্মকর্তা বরখাস্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে দেবে গেছে সেতু ৩ কর্মকর্তা বরখাস্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের বেড়াডোমা সেতু নির্মাণ কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে এমনটা জানার পরও আইনগত প্রদক্ষেপ না নেওয়ায় টাঙ্গাইল পৌরসভার মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

রবিবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এসব চিঠি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজীব গুহ ও উপসহকারী প্রকৌশলী জিন্নাতুল হক।

এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ নামা পাওয়ার ১০ কার্য দিবসের মধ্যে তাদের লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে জানানোর জন্য বলা হয়েছে।

জানা গেছে, বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর উপর নির্মাণাধীন সেতু দেবে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছিল। আট মিটার প্রস্ত ও ৪০ মিটার দৈর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি ৬০ লাখ টাকা।

তবে স্থানীয় সূত্র জানায়, ‘ব্রিকস্ অ্যান্ড বিল্ডিং লিমিটেড’এবং ‘দ্যা নির্মিতি কে (জেভি)’ নামক দুটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ কাজ পেয়েছিলেন। কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা।

এ বিষয়ে পৌর মেয়র এস এম সিরাজুল হক জানান, তারা মন্ত্রানালয়ের ওয়েব সাইটের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই চিঠির জবাব দিবেন।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৪:৫৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ফেলে পালালো বিনিময় পরিবহন - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ফেলে পালালো বিনিময় পরিবহন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়েছে বিনিময় পরিবহনের একটি বাস। পরিবহনটি ধনবাড়ী থেকে ঢাকা চলাচল করে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মরদেহটি দেখার পর তারা পুলিশকে জানায়।

পরে রাত ৮টার দিকে থানা থেকে সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে বিনিময় পরিবহনের একটি বাস থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে এমন সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। বাসটিকে আটক করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ২১. নভেম্বর ২০২২ ০৫:৫৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আইসড়া ও আশপাশের কয়েকটি গ্রামের ভোগান্তির শিকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলকি ইউপি সদস্য লোকমান মিয়া, বাবুল সরকার, মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য মির্জা আব্দুল খালেক,
নিজামুদ্দিন, ফুলকি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মজনু মিয়া ও সমাজকর্মী কাইয়ুম সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অর্ধশত বছরের পুরানো রাস্তাটি ইতোপূর্বে সরকারি বরাদ্দে সংস্কার করা হয়। কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার দুই
পাশে পুকুর খনন ও ঘর বাড়ি বানিয়ে জবরদখল করে রেখেছেন। তারা গ্রামবাসীর অনুরোধ এবং অসুবিধার তোয়াক্কা করেন না। উল্টো ভয়ভীতি হুমকি ধমকি দেয়। অথচ ওই রাস্তা দিয়ে আইসড়া প্রতিবন্ধী স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজারসহ বিভিন্নস্থানে প্রতিদিন হাজারো লোক যাতায়াত করে থাকেন। স্থানীয় জবরদখলকারীদের আগ্রাসনে রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা রাস্তাটি জবরদখলমুক্ত করে ব্যবহার উপযোগী করার দাবি করছি। অন্যথায় এলাকাবাসী আরো কঠোর কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবেন।

এরআগে এলাকার শিশু ও নারী-পুরুষরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।

ফুলকি ইউপি চেয়ারম্যান সামছুল আলম বিজু জানান, মানুষের চলাচলের জন্য এ রাস্তাটি অতীব প্রয়োজন। কয়েকজন অসৎ লোক জনসাধারণের বহুল ব্যবহৃত পুরাতন রাস্তাটি জবরদখল করে রেখেছেন। ফলে ওই এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।এলাকাবাসীর দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। অনতিবিলম্বে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে রাস্তাটি উদ্ধার করার ব্যবস্থা নিবো।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার জানান, সংশ্লিষ্ট ব্যক্তি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জনদুর্ভোগ কমানোর জন্য রাস্তাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২০. নভেম্বর ২০২২ ১২:০১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের  টুকরো অংশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের টুকরো অংশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলর মগড়া ইউনিয়নের বাহির শিমুল গ্রামের ধানক্ষেত থেকে এক নারীর মস্তকবিহীন লাশের খন্ডিত কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৮ নভেম্বর) বিকেল চারটা থেকে শনিবার(১৯ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। লাশের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেহের খন্ডিত বিভিন্ন টুকরা উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেতগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ১১:২৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ককটেল সহ আটক ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে একটি বিস্ফোরিত ককটেলসহ ছোট-বড় মোট ১২টি ককটেল সহ ৫ জনকে আটক করেছে টহল পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রিকলেজের পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কদিমহামজানি গ্রামের মৃত খন্দকার লাল মিয়ার ছেলে খন্দকার ইকবাল হোসেন (৩৬), বল্লভবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদ সিকদার (২৭), একই গ্রামের মহির উদ্দিন তালুকদারের ছেলে হাফিজুর রহমান তালুকদার (৪৪), রতনগঞ্জ জোড়বাড়ী গ্রামের মৃত খেদমত আলীর ছেলে সাইফুল ইসলাম লাভলু মিয়া (৫৮) ও চাঁনপাড়া গ্রামের আ. হক আকন্দের ছেলে এসএম আহসান হাবিব লাভলু (৫০)।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাত্রিকালীন থানার মোবাইল টিম ডিউটি করাকালে বাগুটিয়া বাজারে অবস্থানকালে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের পাশে ফাঁকা জায়গায় বসে নাশকতার উদ্দেশ্যে কতিপয় লোকজন মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।

তিনি জানান,এ সময় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি সহ ছোট বড় মোট ১২টি ককটেলসহ পাঁচজনকে আটক করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরণ দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. নভেম্বর ২০২২ ০১:৪৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজনে সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন - Ekotar Kantho

টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজনে সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

একতার কণ্ঠঃ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে মওলানা ভাসানীর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে টাঙ্গাইল শহরের সন্তোষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী নির্বাচন ৫৪ ও ৭০ মতো না হলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা যে চিন্তা নিয়ে, যে ভালবাসা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে তার কিছুই নাই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না। শুধু কথা ও যা কিছু তা বলতে পারলেই স্বাধীনতা নয়। মানুষের স্বাধীনতা হচ্ছে মানুষের মর্যাদাবোধ, মানবিকবোধ ভালবাসা। সবার কাছে আহ্বান জানাবো মানুষকে ভালবাসতে ও সম্মান জানাতে হবে। নাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে পারবো না। খুব কষ্ট হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গন্ধু, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা জিয়াউর রহমান, আবার কখনও জাতীয় পার্টি ক্ষমতায় এলে জাতির পিতা হুসাইন মোহাম্মদ এরশাদও হতে পারে। আমাদের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে।

এসময় আগামী ১০ ডিসেম্বর সম্মেলন কে ঘিরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, আগামী যে সব সমাবেশ হবে তারই সর্বশেষ হচ্ছে ঢাকার সমাবেশ। এই সমাবেশ অন্যান সমাবেশের মতোই একটি বিষ্ময়কর সমাবেশ হিসাবে আমরা চিহ্নিত করবো সেই প্রচেষ্টা আছে। যেগুলো বাকী আছে সেগুলো শেষ করার পরে, ভাবার কোন কারণ নেই সরকার,যার নিয়ত ঠিক নাই, চোরের মন পুলিশ পুলিশ, সে আগে থেকেই খারাপ কিছু ভাবনা মাথার ভিতরে নিয়ে দেশ বাসীকে বিভ্রান্তি করছে,প্রশাসনকে বিভ্রান্তি কার চেষ্টা করছে,সেই হিসাবে ১০ তারিখ হচ্ছে আমাদের এই সরকারের বিরুদ্ধে সর্বশেষ গণসমাবেশ,ইতিহাসের বিরল একটি সমাবেশ হিসাবে আমরা সেটা অনুষ্ঠিত করতে চাই।

এসময় সরকারের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, আজকে বাংলাদেশের জন্য অত্যান্ত একটা অসম্মান জনক অবস্থা, যখন বিদেশীরা বলেন,এ দেশে রাতের বেলা ব্যালট বক্স পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যালট ভর্তি করে ফেলে। এইটা পৃথিবীর অন্য কোন দেশে শুনেন নাই,বাংলাদেশে এটা শুনেছে। এটা কী আমরা অস্বীকার করতে পারি, জাপানের রাষ্ট্রদূত যা শুনেছেন এটা আমরা কেউ শুনি নাই অথবা দেখি নাই? আমরা যারা নির্বাচন করেছি আমরা এটা দেখেছি আমরা শুনেছি যে বাংলাদেশে কিভাবে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন ২৯ তারিখ রাতে প্রায় প্রত্যেকটি কেন্দ্রে ৫০ ভাগের কাছাকাছি কোথাও কোথাও বেশি ব্যালট স্টাফিন করে বাক্সে ভরে রাখা হয়েছিলো।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২২ ০৮:৩৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার - Ekotar Kantho

টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে পরীক্ষায় দা‌য়িত্বপালনরত অবস্থায় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা শাহজামালের মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার অ‌লোয়া ইউ‌নিয়‌নের মনিরুজ্জামান বিএম ক‌লে‌জ কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ভুঞাপুর উপ‌জেলা সহকা‌রি প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা এবং কা‌রিগ‌রি বো‌র্ডের অধীনে এইচএস‌সির হিসাব বিজ্ঞান পরীক্ষায় দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

ম‌নিরুজ্জামান বিএম ক‌লে‌জের অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ব‌লেন, পরীক্ষা চলাকালীন শিক্ষা কর্মকর্তা শাহজামালসহ সেখা‌নে দা‌য়িত্বরত একজন চি‌কিৎসক ও শিক্ষকরা অ‌ফিস রু‌মে ব‌সে ছিলাম। এমন সময় ওই শিক্ষা কর্মকর্তা হঠাৎ উঠে গিয়ে ‌নি‌জেই মাথায় পা‌নি দেন। এরপর তিনি মূর্ছা যান। দ্রুত তা‌কে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান ব‌লেন, পরীক্ষাকে‌ন্দ্রে দা‌য়িত্ব পালন করার সময় তি‌নি হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মৃত্যুবরণ ক‌রেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২২ ০৮:৪৮:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।