একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যৌতুকের মামলায় মো: গোলাম মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৩০ আগস্ট ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোলাম মোস্তফার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার হবিবপুর গ্রামে। সে ওই এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।
টাঙ্গাইলের স্পেশাল সহকারী পাবলিক প্রসিকিউটর মো: আব্দুর রহিম জানায়, গোলাম মোস্তফা ময়মনসিংগ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ী এলাকার আব্দুল খালেকের মেয়ে মোছাঃ রায়হানুল জান্নাত পুন্নি (২৭) কে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পুন্নির বাবা গোলাম মোস্তফাকে মোটর সাইকেল, স্বর্নালংকার ও জায়গা কেনার জন্য অনেক টাকা দিয়েছেন। এরপর পুন্নিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ পাঁচ লাখ টাকা আনতে বলে।
তিনি আরও জানান, এতে পুন্নি অপারগতা প্রকাশ করলে যৌতুকের জন্য গোলাম মোস্তফা অমানবিক নির্যাতন শুরু করে। পরে পুন্নির বাবা খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার এস আই জুবাইদুল হক তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রেরণ করেন। পরে আদালত মামলার সকল স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ১১ (গ) ধারায় বুধবার (৩০ আগস্ট) এ রায় দেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল সহকারী পাবলিক প্রসিকিউটর মো: আব্দুর রহিম। আসামী পক্ষের আইনজীবী ছিলেন জিয়ারত আলী।
পরে আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বদলির আদেশ পাওয়ার পর থানার এসিসহ আসবাবপত্র খুলে নেয়ার কান্ডে বদলিকৃত ওসি, পুলিশ সদস্য, পুলিশের সোর্স ও ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য সার্কেল (কালিহাতী) কার্যালয়ে ডাকা হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকেলে আলোচিত ভূঞাপুর থানার বদলিকৃত ওসি ফরিদুল ইসলাম, পুলিশ সদস্য উদয় চন্দ্র রায়, পুলিশ সোর্স আরিফ খান ও ভ্যান চালক টুটুলকে জিজ্ঞাসাবাদের জন্য সার্কেল (কালিহাতী) কার্যালয়ে ডাকেন সহকারি পুলিশ সুপার শরিফুল হক।
ভ্যান চালক টুটুল জানান, আমি ভ্যান চালক। আমাকে মালামাল নেয়ার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সদস্য উদয় ও আরিফ মালামাল ভ্যানে তুলে দিয়েছে। আমি তাদের নির্ধারিত জায়গাতে পৌছে দিয়েছি। আপনারা সংবাদ করায় এসপি স্যার ডেকেছেন।
আরিফ খান বলেন, সার্কেল স্যার জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ডেকেছিলেন। তিনি আমাদের সবার কথা শুনেছেন। সেখানে ওসি ফরিদুল স্যার, উদয় ও ভ্যান চালক ছিল।
কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফুল হক বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সেই আলোকে বদলিকৃত ওসিসহ যাদের নাম সংবাদ মাধ্যমে এসেছে তাদের কথা জানার জন্য ডাকা হয়েছে।
একতার কণ্ঠঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সা’দত বাজার মসজিদ রোডে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আনছারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মমিন হোসেন খান পাপন, মো. আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী দোয়েল, ছিলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল উপস্থিত ছিলেন।
এ সময় করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক সভায় অংশ নেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একতার কণ্ঠঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবেনা। বিএনপি’র কাছে বাংলাদেশ ভালো না পাকিস্তান ভালো লাগে। বিএনপি’র, মির্জা ফখরুল বলেছে পাকিস্তান ভালো, তাই মনে করি পাকিস্তানে চলে যাওয়া উচিত। যদি পাকিস্তান ভালো লাগে তাহলে মির্জা ফখরুল পাকিস্তান চলে যান।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও শোক সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যদি শেখ হাসিনা আরো ১০ বছর ক্ষমতায় থাকে থাকুক তাও পাকিস্তান সমর্থক কারী বিএনপিকে চাই না, এই বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নেত্রীর সাথে কথা হয়েছে, তিনি নানা সমস্যার মধ্যে রয়েছে, তার সাথে চারিদিকে যারা থাকে তাদের চাইলেই লাথি দিয়ে ফেলে দিতে পারে না।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর হত্যার প্রধান সহায়তাকারী ছিলেন জিয়াউর রহমান, যদি সেনাবাহিনীদেরকে জিয়াউর রহমান আশ্রয় না দিতেন তাহলে এই সাহস পেতো না।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাই’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন , সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু প্রমুখ।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে দেশব্যাপী র্কমূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের শান্তিকুঞ্জমোড়ে পৌছালে পুলিশি বাঁধার মুখে পরে দলটির নেতা কর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম প্রমুখ।
এছাড়া মৌন মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঘাটাইলের আনেহলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আনেহলা থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। ৭ থেকে ৮ মাস আগের একটি নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি তিনি।
তিনি আরও জানান, বুধবার (৩০ আগস্ট) তাকে কোর্টে চালান করে দেয়া হবে। আব্দুর রহিমের সাথে আরো কয়েকজন ছিলেন। অভিযানের সময় টের পেয়ে তারা পালিয়ে যান।
জামায়াতে ইসালামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ জানান, আব্দুর রহিম একটি স্কুলের প্রধান শিক্ষক। তিনি স্কুলে তার অফিসে কাজ করছিলেন। শুধুমাত্র হয়রানী করার উদ্দেশে বিনা ওয়ারেন্টে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাকে দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
একতার কণ্ঠঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে মিলিত হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামছুল আলম, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তােতা, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
সমাবেশে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ছিলো জিয়াউর রহমান। গ্রেনেড হামলারও পরিকল্পনাকারী ছিলো জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান৷ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য এ হামলা করা হয়। আজকে টাঙ্গাইলসহ দেশবাসী জেগে উঠেছে সেই ৭৫ সালের হত্যার মূল পরিকল্পনাকারী জিয়ার রহমানের মরণোত্তর বিচারের দাবিতে৷ একই সাথে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি করছি৷ বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রম করছে৷ আমরা এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো৷
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অস্বাভাবিক মূল্যে ডাব বিক্রি করায় শহরের চারটি ডাবের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
শাহীনুর আলম জানান, শহরের বটতলা, পাঁচআনি ও জেনারেল হাসপাতালের সামনে ডাবের দোকানে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে বটতলা বাজারে ডাব বিক্রির মূল্যতালিকা না থাকা ও বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় অনিক ফল ভাণ্ডারকে দুই হাজার টাকা, পাঁচআনি বাজারে সোহরাবের ডাবের দোকানকে তিন হাজার টাকা, জেনারেল হাসপাতালের সামনের রাসেল ফল ভাণ্ডারকে ৫০০ টাকা ও ফরিদ ডাব ঘরকে ৫০০ টাকা মোট ছয় হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
তিনি জানান, বাজার তদারকিমূলক ওই অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশ সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভল্যা এলাকা থেকে গত ২২ আগষ্ট ছিনতাই চক্রের চার জন সদস্য র্যাব পরিচয় দিয়ে ১৯ লক্ষ ১৯ হাজার ২০০ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে সফর উদ্দিন মুন্না (২২) ও কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ (৩৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীসহ ৪ ডাকাত দল গত ২২ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরের শুভুল্যা নামক এলাকা থেকে র্যাব পরিচয়ে বিনিময় বাসে উঠে। বাসে থাকা ভিক্টিম হেলাল মোল্লাকে বাস থেকে নামিয়ে প্রাইভেটকারে উঠিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ পড়ায়। পরে তার সাথে থাকা ১৯ লাখ ১৯ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। কিছু দুরে গিয়ে হেলাল মোল্লাকে মহাসড়কের একটি স্থানে নামিয়ে দিয়ে চলে যায়। পরদিন ২৩ আগষ্ট হেলাল মোল্লা মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ডিবি ও মির্জাপুর থানা পুলিশের একটি টিম একজনকে ময়মনসিংহ ও অপরজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের সাথে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৭৫০৭০), ক্যাপ, চশমা, বাঁশের লাঠি, গামছা, মোবাইল, ছিনতাইকৃত টাকায় কেনা একটি মোটরসাইকেল ও ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদের ১০ দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো: তারেক মিয়া (২৮) নামে এক টিউবয়েল শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার দেবরাজ এলাকায় মোটরের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত তারেক ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, নষ্ট হওয়া মোটরের পাইপ তুলতে গিয়ে বিদ্যুতের ঝুলন্ত তারের সাথে ওই পাইপের সংস্পর্শ ঘটে। স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২২ জন, নাগরপুরে ১৭ জন, মির্জাপুরে ৯ জন, মধুপুরে ৮ জন, গোপালপুরে ৬ জন ও ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া জানান, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখতে হবে। জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে জনপ্রতিনিধি ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন এক নারী। তিনি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।
ওই নারীর দাবি, জেলার ছাত্রলীগ নেতা সোহেল খান ফাহাদ তার স্বামী। তিন বছর আগে তাকে বিয়ে করেছেন। সম্প্রতি স্ত্রীর মর্যাদার দাবিতে তিনি ফাহাদের বাসায় গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তিনি সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
সোহেল খান ফাহাদ সখীপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর শহরের হুমায়ুন খানের ছেলে। তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানা টালবাহানা করেছেন বলে অভিযোগ ওই নারীর।
ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, চার বছর আগে একটি বেসরকারি ক্লিনিকে তিনি নার্সের চাকরি করতেন। ফাহাদ ওই সময় তার এক আত্মীয়কে সিজার করাতে ওই ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ফাহাদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ১১ জানুয়ারি তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। ফাহাদ সরকারি চাকরি করবেন, তাই বিষয়টি কাউকে না জানাতে ওই নারীকে অনুরোধ করেন।
বিয়ের পর তারা মির্জাপুরের গোড়াই ও হাঁটুভাঙ্গা এলাকায় খবির উদ্দিন ও আলম সিকদারের বাসায় ভাড়া থাকতেন। ফাহাদ পরিবার পরিকল্পনা বিভাগে অস্থায়ীভাবে চাকরি করতেন। দুই মাস আগে তারা খবির উদ্দিনের বাসা থেকে চলে যান। পরে ওই নারী তার বাবার বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি ফাহাদের মাকে জানালে তিনি ওই নারীর গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। সন্তান নষ্ট না করায় ফাহাদের মা বিষয়টি মেনে নেননি।
পরবর্তী সময়ে ফাহাদও যোগাযোগ বন্ধ করে দেন। শনিবার (২৬ আগস্ট) ফাহাদের বাড়িতে গেলে ওই নারীকে বেধড়ক মারধর করেন ফাহাদের মা ও তার পরিবারের সদস্যরা। পরে তিনি সখীপুর থানায় অভিযোগ করেন। বিষয়টি কয়েকজন জনপ্রতিনিধিকেও জানানো হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, আদালতে বিয়ের সময় ফাহাদ তার নাম পুরোপুরি লেখেননি। এছাড়া তার বাবার নাম ভুল দিয়েছেন। পরবর্তী সময়ে কাগজটি ঠিক করলেও তিনি তার কাছে জমা দেননি।
হাঁটুভাঙা এলাকার বাসার মালিক খবির উদ্দিন বলেন, তারা প্রায় পাঁচ মাস আমার বাসায় ভাড়া থাকতেন। দুই মাস আগে তারা চলে যান। এরপর থেকে আমার সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল খান ফাহাদ বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ মোহাম্মদ লিটন বলেন, ঘটনা সত্য। মেয়েটি খুবই অসহায়। মেয়ে ও তার সন্তানের অধিকার আদায়ের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।