/ হোম / আমাদের
টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় রাহাত (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

সোমবার(৭ আগষ্ট )বিকেলে উপেজলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস কেন্দুয়া থেকে মধুপুরে দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহাত নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান,এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অগাস্ট ২০২৩ ০১:৪৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যুবকের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলের কালিহাতীতে যুবকের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গলায় ফাঁস দিয়ে মহিউদ্দিন (৩৫) নামে এক যুবককে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট ) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন ওই গ্রামের মৃত ছোহরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে মহিউদ্দিন পরিবারের সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে ঘরের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজ করে এক পর্যায়ে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে ডাক চিকিৎকার করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা পরিবারের সদস্যরা কেউ বলতে পারেনি।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. অগাস্ট ২০২৩ ০২:৩৬:এএম ৩ বছর আগে
বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠঃ পুষ্পস্ববক অর্পন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামের সামনে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইলের পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইলের পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বাদ জোহর জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধাজনক সময়ে সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। বিকেল ৪ টায় টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এর আগে গত ২ থেকে ৪ আগস্ট টাঙ্গাইল শিশু একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. অগাস্ট ২০২৩ ০২:২০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য টিটুর মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য টিটুর মতবিনিময়

একতার কণ্ঠঃ: টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় ও প্রেসক্লাব মিলনায়তনের তিনটি সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )সাজ্জাদ হোসেন প্রমূখ।

পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

এ সময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. অগাস্ট ২০২৩ ১২:৩৫:এএম ৩ বছর আগে
মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত - Ekotar Kantho

মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

একতার কণ্ঠঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত সেবামূলক প্রতিষ্ঠানগুলি খুব ভাল কাজ করছে। এখানকার প্রতিষ্ঠানগুলো দেখে আমি খুবই মুগ্ধ।

শনিবার(৫ আগষ্ট )সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

এসময় সাংবাদিকরা দেশের সাম্প্রদিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্ত্রী এমিকে সঙ্গে নিয়ে ১১ সদস্যের প্রতিনিধি দল সকাল ৯টা ৫০মিনিটে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এসময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী হাসপাতালের ডেপুটি ম্যানেজার (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন।

এর আগে কুমুদিনী লাইব্রেরীতে চা চক্র শেষে রাষ্ট্রদূত কুমুদিনী মিলনায়তনে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর একটি প্রামান্য চিত্র দেখেন।

এরপর মার্কিন রাষ্ট্রদূত কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২৩ ১০:০৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অটো ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কালিহাতী পৌর এলাকার কামার্থীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মোটরসাইকেল চালক উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে জাকির (২৮) ও একই গ্রামের আরফান আলীর ছেলে আসাদুজ্জামান (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।একই সময় প্রাইভেটকারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কামার্থী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মোটরসাইকেলের চালক জাকির ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. অগাস্ট ২০২৩ ০৯:৪৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কিস্তির টাকা জোগাড় করতে জোড়া খুনের ঘটনা - Ekotar Kantho

টাঙ্গাইলে কিস্তির টাকা জোগাড় করতে জোড়া খুনের ঘটনা

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলে সখীপুরের বাসিন্দা মোস্তফা স্থানীয় একটি সমিতি থেকে উচ্চ সুদে ঋণ নেন। ঋণের টাকা পরিশোধে মনোহারি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী শাহজালালের কাছ থেকে অর্থ লুটের পরিকল্পনা করেন তিনি।

সে অনুযায়ী দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে শাহজালালের পথরোধ করে হামলা চালান মোস্তফা ও তার সহযোগী আলামিন। শাহজালালকে রড দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।
এ সময় শাহজালালের চাচা মজনু মিয়া সঙ্গে থাকায় তাকেও একইভাবে হত্যা করা হয়।

১৯ জুলাই ক্লুলেস ও বহুল আলোচিত টাঙ্গাইলের সখীপুরে নৃশংসভাবে ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনু খুনের ঘটনায় মোস্তফা মিয়া (২০) ও আলামিনকে (২৭) গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, জোড়া খুনের ঘটনায় নিহত শাহজালালের বাবা বাদী হয়ে টাঙ্গাইলের সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৪ এর অভিযানে ঢাকার মোহাম্মদপুর ও টাঙ্গাইলের সখীপুর এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, ভিকটিম শাহজালাল টাঙ্গাইলের সখীপুরের হামিদপুর বাজারে দীর্ঘদিন ধরে মনোহারি ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে আসছিলেন। তিনি হামিদপুর বাজারের একজন জনপ্রিয় ও অতিপরিচিত ব্যবসায়ী। শাহজালালের চাচা ভিকটিম মজনু মিয়া এলাকায় কৃষি কাজ করতেন। মজনু মিয়া কৃষি কাজের পাশাপাশি মাঝে মধ্যে শাহজালালকে ব্যবসায়িক কাজে দোকানে সহযোগিতা করতেন।

শাহজালাল ব্যবসায়িক কার্যক্রম শেষে প্রায় রাতের খাবার খেতে বাড়িতে যেতেন। তিনি মাঝে মধ্যে রাতে বাড়িতে থাকতেন আবার দোকানেও থাকতেন। যেদিন তিনি বাড়িতে থাকতেন সেদিন ব্যবসায়িক লেনদেনের টাকা বাড়িতেই রাখতেন।

ঘটনার দিন শাহজালাল দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। চাচা মজনু মিয়াকে রাস্তায় দেখতে পেয়ে মোটরসাইকেলে উঠিয়ে নেন। পথিমধ্যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের স্বীকার হন তারা।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাবের এ কর্মকর্তা জানান, মোস্তফার পরিকল্পনা ও নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মোস্তফা ও আলামিন দুজনেই স্থানীয় একটি সমিতির সদস্য ছিলেন। মোস্তফা সমিতি থেকে উচ্চ সুদে বেশ কিছু টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ ও পারিবারিক খরচ বহনের জন্য তার বেশ কিছু অর্থের প্রয়োজন ছিল। ভিকটিম শাহজালাল যেদিন বাড়িতে রাত্রি যাপন করতেন সেদিন ব্যবসায়িক লেনদেনের টাকা বাড়িতেই রাখতেন। এ বিষয়টি মোস্তফা ও আলামিন জানতেন।

শাহজালালের বাড়ি ফেরার পথে আক্রমণ করে টাকা ছিনিয়ে নিতে পরিকল্পনা করেন মোস্তফা। বিষয়টি আলামিনকে জানালে তিনি সম্মতি দেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ১৯ জুলাই রাত ১০ টার দিকে মোস্তফা ও আলামিন সখীপুরের বাঘের বাড়ি এলাকায় জামালের চালায় নির্জন জঙ্গলে ওৎ পেতে থাকেন। শাহজালাল মোটরসাইকেলে করে তার চাচা মজনু মিয়াকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে মোস্তফা মোটরসাইকেলের গতিরোধ করেন। মোস্তফা ভিকটিম শাহজালালকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন।

ভিকটিম শাহজালাল মাটিতে লুটিয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করতে থাকেন। মজনু মিয়া চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলামিন লোহার রড দিয়ে তার মাথা ও শরীরে আঘাত করেন।

পরে মোস্তফা ও আলামিন তাদের এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। আলামিন ভিকটিমদের সঙ্গে থাকা মোটরসাইকেলটি পাশের একটি জমিতে ফেলে দেন এবং শাহজালালের দুটি মোবাইল ফোন নিয়ে নেন।

পরে তারা টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় আত্মগোপন করেন। মোস্তফা টাঙ্গাইল ও আলামিন ঢাকার মোহাম্মদপুরে আত্মগোপনে থাকাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০৮:২৪:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ৩ আগস্ট) রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট নামক এক বিনোদন কেন্দ্রের কাছে একটি গজারি বনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁদেরহাট এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলায় বিবরণে জানা যায়,,বৃহস্পতিবার বিকেলে ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে কচুয়া চাঁদের হাটে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কচুয়া হাজী চৌরাস্তার এলাকা পৌছালে ৭/৮ জন লোক তাকে আটক করে মারধর করে বেঁধে রেখে তার স্ত্রীকে স্থানীয় একটি গজারি বনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান,অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৪ আগষ্ঠ) সকালে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০৯:৫২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাদিকুল স্থানীয় একটি পোল্ট্রিফার্মের শ্রমিক জসিম উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাঝির ঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পোল্ট্রিফার্ম ঘেঁষা পুকুর পাড়ে একা একাই খেলা করছিল সাদিকুল। ওর বাবা মা ওই পোল্ট্রিফার্মের ভেতর কাজ করছিল। কাজের ফাঁকে ছেলেকে না দেখে ডাকাডাকি করে তার মা। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে সখীপুর থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০৪:২৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধর - Ekotar Kantho

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে বেধরক মারপিট করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে নিজ বাড়ির পাশে মারধরের শিকার হন শেফালী বেগম নামের ওই বৃদ্ধা।

তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের স্ত্রী।

আহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের পৈতৃক একটি সম্পত্তিতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার তালুকদারের নাম সম্বলিত একটি সাইনবোর্ড টাঙানো ছিল। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের হিটলার তালুকদার হিটু পাঁচ থেকে ছয়জন লোক নিয়ে ওই সাইনবোর্ড তুলে এবং ছিঁড়ে ফেলে।

শেফালী ও তার পরিবারের অভিযোগ, ওই লোকেরা মৃত বীর মুক্তিযোদ্ধার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে তার স্ত্রী শেফালী বেগম বাঁধা দেন। তখন শেফালী বেগমকে বেধরক মারধর করা হয়। পরে আহত শেফালীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০৪:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দুই ফার্মেসীকে জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই ফার্মেসীকে জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারের দুই ফার্মেসীকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার(৩ আগস্ট) দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক শিকদার শাহীনুর ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার পাথরাইল ও পুটিয়াজানী বাজারে তদারকিমূলক অভিযান চালায়।

তিনি আরও জানান,অভিযানে মূল্য বিহীন ওষুধ ও সেবার মূল্য তালিকা না থাকায় চৌধুরী ডেণ্টাল কেয়ারকে তিন হাজার এবং পুটিজানি বাজারের প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও মূল্য বিহীন ওষুধ রাখার দায়ে সুলতানা মেডিকেল হলকে ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের কেনা-বেঁচার রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের মাধ্যমে অনুরোধ জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০২:৫৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাতনামা হাত-পা বিহীন লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাতনামা হাত-পা বিহীন লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নের পঁচারচনা এলাকায় সরকারি গজারী বন থেকে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ বছরের এক যুবকের হাত-পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় এক রাখাল বনে গরু চড়াতে গিয়ে ওই মৃতদেহ দেখতে পায়।

বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ক্ষুদৃ নৃগোষ্ঠি সম্প্রদায়ের এক কিশোর রাখাল পঁচারচনা গজারী বনে গরু চড়াচ্ছিলেন। হঠাৎ করে বনের গভীরে হাজার হাজার মাছি ভন ভন করতে দেখেন কিশোরটি। সেখানে এগিয়ে যেতেই মৃত দেহের অংশ বিশেষ দেখতে পেয়ে গরু ফেলে ছুটে এসে এলাকাবাসীকে ঘটনার বর্ণনা করেন।

মধুপুর থানা পুলিশ জানায়, পঁচারদানা বন থেকে উদ্ধার হওয়া মৃত দেহে পচন ধরেছে। দেহ থেকে বিচ্ছিন্ন মাংসহীন মাথার খুলি কয়েক হাত দূরে পরে ছিলো। হাত-পায়ের সন্ধান বেলা সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের ধারণা বেশ কিছুদিন আগে এই মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হাত-পাসহ শরীরে বিভিন্ন অংশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। অজ্ঞাতনামা পুরুষ (৩০-৪০) মৃতদেহের পরণে জিন্সের কালো প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে এবং মৃতদেহের পাশে একটি সেন্ডেল পাওয়া গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে ডিএনএ টেস্টের ব্যবস্থা করে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২৩ ০১:১৫:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।