/ হোম / আমাদের
বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - Ekotar Kantho

বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আরমান কবীরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। ড. ইউনুস মাইনাস থেকে শূন্যতে নিয়ে এসেছিল। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে।গুরুত্ব বিবেচনায় এনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে।

উদ্বোধনকৃত ব্রিজটি নিয়ে মন্ত্রী বলেন, এই ব্রিজের ফলে মানুষের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের রাস্তার কাজ শুরু করে দিয়েছি। এছাড়া বাসাইল বাজারে যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করছি। দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইএনও)আকলিমা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর নবী আবু হায়াত খান নবু প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাই নদীর উপর ২৮২ মিটারের গ্রাডার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৮ টাকা। এই ব্রিজটি নির্মাণ হওয়ায় বাসাইল উপজেলার উত্তরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ এখন সরাসরি টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত করতে পারবে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৬ ০১:১৫:এএম ১১ ঘন্টা আগে
টাঙ্গাইলের মেয়ে মেঘলার ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাত্রা - Ekotar Kantho

টাঙ্গাইলের মেয়ে মেঘলার ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাত্রা

আরমান কবীরঃ টাঙ্গাইলের মেধাবী শিক্ষার্থী যারিন সুবাহ মেঘলা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ক্লেমসন ইউনিভার্সিটির বায়োলজিক্যাল সাইন্স বিভাগে ফুলব্রাইট স্কলারশিপসহ স্নাতকোত্তর (পোস্টগ্রাজুয়েট) করার সুযোগ পেয়েছেন। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। এসময় তিনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ সুবিধাও পাবেন।

মেঘলা ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ও মেরিন সাইন্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

তিনি টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রকিবউদ্দীন বাবুল এবং তাহমিনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ কন্যা। তার ছোট ভাই আহনাফ উদ্দিন অর্ক বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি)-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে অধ্যয়নরত।

শিক্ষাজীবনে মেঘলা সবসময়ই মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি কুমুদিনী মহিলা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফিসারিজ ও মেরিন সাইন্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এ বিষয়ে মেঘলার বাবা রকিবউদ্দীন বাবুল বলেন, “মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে স্নাতকোত্তর সম্পন্ন করার পর পিএইচডি করার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ যেন তার সেই স্বপ্ন পূরণ করেন। আমি টাঙ্গাইলবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, ফুলব্রাইট স্কলারশিপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত একটি মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এর মাধ্যমে বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পেয়ে থাকেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. এপ্রিল ২০২৬ ০২:১৮:এএম ২ সপ্তাহ আগে
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২ এপ্রিল) ভোর রাতে শিশুটি মারা যায়। তার নাম সাইফাল। বয়স ৮ মাস। সে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়। সাইফাল নামের ওই শিশুটিকে বুধবার বিকেল ৪টার সময় ভর্তি করা হয়। রাত তিনটার দিকে সে মারা যায়। আমরা ধারণা বা (সন্দেহ) করছি, হামের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তার পরীক্ষা নিরীক্ষা করাতে পারেনি। আরও ১৩ জন শিশু ভর্তি রয়েছে। আমরা তাদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি আরও জানান, ডায়রিয়া ওয়ার্ডের কয়েকটি রুম খালি করে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে। প্রায় ২০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন এস এম মাহবুবুল আলম বলেন, অনেক অভিভাবক তাদের শিশুদের টিকা দিতে অনীহা প্রকাশ করেন। যারা টিকা দেননি সেই সব শিশুদের হামের উপসর্গ নিয়ে ভর্তি হতে হচ্ছে। জ্বর, শরীর ফুলে যাওয়া, চোখ লাল হওয়া এসব দেখলেই শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে হবে। উপজেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে আইসোলেশন সেন্টার খোলা হচ্ছে। গত এক বছরে হামের টিকার ব্যাপক ক্রাইসিস ছিল। মাঝখানে টিকা পাওয়া গেলেও তা ছিল খুবই অপ্রতুল। এখন জেলায় মাত্র তিনদিনে টিকা রয়েছে। যা ৭ হাজার ১২৫ জন শিশুকে দেওয়া যাবে। আগামী রোববার থেকে ছয় থেকে ১০ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। যেসব শিশুকে টিকা দেওয়া হয়নি তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে টিকা নেওয়া অনুরোধ জানান।

সর্বশেষ আপডেটঃ ০৩. এপ্রিল ২০২৬ ০১:৩৭:এএম ২ সপ্তাহ আগে
টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখীপুরে মা মুক্তা আক্তারকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রবাসী মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (৩৫) তার ছেলে মোরাদ হাসান ও শিশু কন্যা ইয়ামিনকে (৫) নিয়ে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় মোরাদ হাসান তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের এক কোণে ঢেকে রাখে।

পরে বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ভোরবেলা ছোট বোন ইয়ামিনকে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে বাড়ির লোকজন মুক্তাকে না পেয়ে তালা ভেঙে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ছেলেটা মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত।

অনিয়মিত ছাত্র‌‌। মাদকের টাকা না পেয়ে সে তার মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ‘রাতের কোনো এক সময় মোরাদ তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৬ ০১:২২:এএম ৩ সপ্তাহ আগে
১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা - Ekotar Kantho

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিবুল ইসলাম শুভ। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা জানান, “প্রশাসনের এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসছে, জনমনে স্বস্তি ও নির্ভরতা ফিরে আসছে। আমরা সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছি।”

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৩০ মার্চ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৬ ১২:৪৬:এএম ৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

আরমান কবীরঃ টাঙ্গাইল শহরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের শহীদ জগলু রোড়ে অবস্থিত কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন থেকে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন: কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন খান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা খাতুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছেরি আজাদ শম্পাসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য,সম্প্রতি কলেজের এক শিক্ষিকার সঙ্গে অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া কলেজের একাধিক শিক্ষিকা অভিযোগ করেন, অধ্যক্ষ আমিনুল ইসলামের কাছ থেকে তারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. মার্চ ২০২৬ ০২:১৯:এএম ৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ

আরমান কবীরঃ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে টাঙ্গাইলে সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ)সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহরের নগরজলফৈ বাইপাস এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম খাঁ সরকারী কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, সবুজ পৃথিবীর উপদেষ্টা দিলআরা বেগম মিনা, সেবক সংস্থার নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, সংগঠক নাদিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস জলি প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক ক্ষণে দেশকে সবুজে শ্যামলে ভরিয়ে তোলার শপথ নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা কেবল গাছ রোপণই নয়, বরং রোপিত গাছের সঠিক পরিচর্যার ওপরও বিশেষ জোর দেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের নগরজলফৈ বাইপাস সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মী ও তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২৬ ০১:৪৬:এএম ৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নাম্বার ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। এসময় বাসের কয়েকজন যাত্রী নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সংলগ্ন রেললাইনে বসে ছিলেন।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ওই সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে কাটা পরে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

পুলিশের ধারণা, নিহত পাঁচজন একই পরিবারের সদস্য হতে পারেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. মার্চ ২০২৬ ০৪:০৬:এএম ৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আরমান কবীরঃ টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

জেলা সদরের জনসেবা চত্বরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক এবং জেলা পরিষদের পক্ষে প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

অন্যদিকে, শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, রেড ক্রিসেন্ট, শ্রমিক, নাট্য, নৃত্য, ব্যাংক-বীমা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

অপরদিকে, দিনটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমিতে দিবসের আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শরীফা হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৬ ১২:০৭:এএম ৩ সপ্তাহ আগে
সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের পরিবারে শোকের মাতম   - Ekotar Kantho

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের পরিবারে শোকের মাতম  

আরমান কবীরঃ প্রায় ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন (৪০)।

তিনি আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন । কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় থেমে গেল তার জীবন সংগ্রাম।

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খারিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।

নিহত মোশাররফ হোসেন জেলার সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের সূর্যত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের পরিবারে রয়েছে দুই ছোট ছেলে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে গিয়েছিলেন সংসারের হাল ধরতে। গতকালও মুঠোফোনে পরিবারের সঙ্গে কথা হয়েছিল তার।

স্ত্রী কবরী আক্তার বলেন, রাতে আমার সাথে কথা হয়েছিল। বলেছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলেদের জন্য কিছু কেনার জন্য। কিন্তু কে জানতো সেই কথাই হবে শেষ কথা। রাত প্রায় ৩টার দিকে খবর আসে— আমার স্বামী আর নেই।

মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে অবাক দৃষ্টিতে চারপাশের মানুষের কান্না দেখছে, হয়তো এখনো বুঝে উঠতে পারেনি,তার বাবা আর কোনো দিন ফিরবেন না।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও )আব্দুল্লাহ আল রনী। এ সময় তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৯. মার্চ ২০২৬ ১০:০৫:পিএম ১ মাস আগে
টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প বন্ধ, মালিককে অর্থদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প বন্ধ, মালিককে অর্থদণ্ড

আরমান কবীরঃ টাঙ্গাইলে অনুমোদনহীন একটি ‘মিনি পেট্রোল পাম্প’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার(৮ মার্চ) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর বাজারে অভিযান চালিয়ে পাম্পটি বন্ধের পাশাপাশি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, টাঙ্গাইল শহর সংলগ্ন বাসাখানপুর বাজারে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি গত কয়েক মাস ধরে ‘এআর ট্রেডার্স’ নামক এই মিনি পেট্রোল পাম্পটি পরিচালনা করছিলেন। পাম্পটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র ছিল না। এছাড়া চলমান সংকটকালীন সময়ে এই পাম্পে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছিল এবং প্রতিটি মোটরসাইকেলে ৫০০ থেকে ১০০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছিল না।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বাজার তদারকির অংশ হিসেবে আমরা নিয়মিত কাজ করছি। সদর উপজেলার বাসাখানপুর বাজারে অনুমোদনহীনভাবে পাম্প গড়ে তুলে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে এআর ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পাম্পটির পেট্রোল বিক্রি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে টাঙ্গাইলের স্যানিটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়

সর্বশেষ আপডেটঃ ০৯. মার্চ ২০২৬ ০২:৩৫:এএম ১ মাস আগে
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ একজন মানুষের শিক্ষাজীবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই, আর সেই ভিত্তি নির্মাণের কাজটি করেন প্রাথমিকের শিক্ষকরা।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গড়ে তুলতে পারেন, পরবর্তী স্তরে সেইভাবে গড়ে তোলা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি আমাদের ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে। প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলসহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

‘আমার বিশ্বাস, আপনারা বর্তমানে যা পাচ্ছেন, ভবিষ্যতে তার চেয়েও বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ,’ যোগ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের প্রকৃত কারিগর হচ্ছেন শিক্ষকরা। আপনারাই সমাজকে বদলে দিতে পারেন এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা আপনাদেরই রয়েছে। শিক্ষকরা যখনই তাকে ডাকবেন, তিনি তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার।

এসময় বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, সভাপতি মো. মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ আপডেটঃ ০৮. মার্চ ২০২৬ ০২:৩৭:এএম ১ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।