একতার কণ্ঠঃ টাঙ্গাইলে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া সহকারী মো. রবিউল হক বলেন, ‘উৎপত্তিস্থল টাঙ্গাইল শহরে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক দুই।’
তিনি বলেন, ‘দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে টাঙ্গাইল শহর ও আশে পাশের জেলায় মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।’
একতার কণ্ঠঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় টাঙ্গাইলে ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকারের প্রশাসনিক ব্যবস্থায় অর্থদণ্ডপ্রাপ্ত দোকানগুলো হচ্ছে- মেসার্স আলম ট্রেডার্স, আলী আজম ট্রেডার্স, মেসার্স বেল্লাল হোটেল ও একটি নাম বিহীন ডিমের দোকান।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপি টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারের পাইকারী দোকানে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং একই বাজারে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম অভিযান চালিয়ে ৩ টি দোকানে জরিমানা করেন।
টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারিত করে দেওয়ার ঘোষণা এখনও মাঠ পর্যায়ে কার্যকর হয়নি। তবে, ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। বাজার তদারকির ফলে বেশিরভাগ দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলানো হয়েছে।
তিনি আরও জানান, শনিবার শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার পার্ক বাজারের পাইকারী দোকানে তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময়ে সিনিয়র কৃষি বিপনন কমকর্তার কার্যালয়ের প্রতিনিধি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ সহযোগিতা করে।
অপরদিকে, শহরের পার্ক বাজারে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ জন ব্যবসায়ীকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কবির হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চৈথট্ট বটতলী বাজারে একটি ভ্যান চার্জ দেওয়ার গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কবির উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ধুপা খাগরাটা গ্রামের আব্দুস সামাদের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের পৃথক পৃথক স্থান থেকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলার পরিস্থিতিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান জানান, একটি ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
এদিকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জেলার ভুঞাপুরে প্রবাসীর স্ত্রী’র মরদেহ ঘরের বক্স খাটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর স্বামী মোস্তাক পালিয়েছে। উদ্ধার হওয়া প্রবাসীর স্ত্রী মুনিয়া ইসলাম (৩২) গোপালপুর উপজেলার নলীন এলাকার নুরুল ইসলাম খানের মেয়ে এবং একই উপজেলার বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে ব্রুনাই প্রবাসী মোস্তাকের স্ত্রী।
একই দিন ভূঞাপুরে ঘর থেকে সুলতানা সুরাইয়া(৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলতানা সুরাইয়া ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা এবং পশ্চিম ভূঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌরসভার পশ্চিশ ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- একদিন আগে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দৃষ্কৃতিকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পৌরসভায় জমি বুঝে পাওয়ার জন্য একটি আবেদন করে খাইরুল। ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে তিনিসহ পৌরসভার সার্ভেয়ারসহ দায়িত্বপ্রাপ্তরা জমি পরিমাপ করতে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোতালেব নামের এক ব্যক্তির নেতৃত্বে পৌরসভার লোকজনদের উপর হামলা করে এবং মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এ সময় হামলাকারিরা খায়রুলকে ছুরিকাঘাত করলে তার পেট পুরোটা কেটে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কবির হোসেন (২৭) নামে এক অটোভ্যান চালকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর)ভোর ৭ টায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চৈথট্ট বটতলী বাজারে একটি ভ্যান চার্জ দেওয়ার গ্যারেজ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কবির উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ধুপা খাগরাটা গ্রামের আব্দুস সামাদের ছেলে। সে পেশায় একজন অটোভ্যান চালক। তার দুটি পিকআপ গাড়িও আছে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, কবির সহ আরোও তিন অটোভ্যান চালক মিলে স্থানীয় চৈথট্ট বটতলী বাজারে একটি গ্যারেজে প্রতিরাতে ভ্যান চার্জ দেন। ঐ চারজন চালকের মধ্যে একজন করে ভ্যানচালক ঐ গ্যারেজে প্রতিরাতে পাহারায় থাকতেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর)রাতে পাহারার পালা ছিল কবিরের। রাতে ভ্যান চার্জ দিয়ে গ্যারেজে ছিলেন কবির ।
ঐ গ্যারেজের একজন ভ্যান চালক জাবির হোসেন মুরগির ট্রিপ দেওয়ার জন্য রাতে বাহিরে ছিলেন। পরে শনিবার দিবাগত রাত ৪ টায় ভ্যান চার্জ দেওয়ার জন্য ঐ গ্যারেজে গেলে কবিরের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে কবিরের পরিবার কে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
এ ঘাটাইল ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান , একটি ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে শালিশি বৈঠকে খায়রুল ইসলাম (৪২) নামের এক যুবকের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর,সকালে টাঙ্গাইল পৌর এলাকার কোদালিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জালফৈ এলাকার মো.জিন্নত আলীর ছেলে।
টাঙ্গাইল পৌরসভার মহিলা কাউন্সিলর মোছাম্মৎ বিউটি বেগম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পৌরসভায় জমি বুঝে পাওয়ার জন্য একটি আবেদন করেন খায়রুল ইসলাম । ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে পৌরসভার লোকজন জমি মাপতে গিয়ে দুইপক্ষ নিয়ে শালিসি বৈঠক বসে।
তিনি আরও জানান, শালিসি বৈঠকে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই মোতালেব নামের এক ব্যক্তির নেতৃত্বে পৌরসভার লোকজনদের উপর হামলা করে এবং মরিচের গুড়া ছিটিয়ে দেয়। একপর্যায়ে হামলাকারিরা অভিযোগকারী খায়রুল ইসলামকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আবু ছালাম (পিপিএম) জানান, এ ঘটনায় ডলি খানম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার হাত কেটে যাওয়ায় তাকে পুলিশ পাহারায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
একতার কণ্ঠঃ খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের লাশ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌছেছে। বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর )সকাল থেকেই এই গুনি পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করছেন স্বজন ও এলাকাবাসী।
স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাযা শেষে সেই ইচ্ছে পূরণেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।
তার জানাযার নামাজে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয় স্বজনসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুইজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন ও এলাকাবাসী।
বহু ব্যবসা সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুইবার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রের কর্মজীবন শুরু করেন সোহানুর রহমান সোহান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর মেয়রবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক-মিনি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোবাহান মিয়া বহিরাগতদের নিয়ে বর্তমান সভাপতি- সাধারণ সম্পাদকসহ কার্যাকরী পরিষদের সদস্যদের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের নগরজালফৈ নিজস্ব কার্যালয়ে এ জরুরী মত বিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া।
সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাহতাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা ট্রাক শমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মো. ফরহাদ আলী,মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান ছানি, সহ-সম্পাদক জামাল হোসেন ভুয়াপুরী,শহিদুল ইসলাম আনন্দ, কোষাদক্ষ মাহবুব আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফসহ উপজেলা পর্যায়ের সংগঠনের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাহতাব একদিনে গড়ে উঠেনি। অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে এবং কাঠখড় পুড়িয়ে তারা আজ এ পর্যায়ে এসেছেন। এছাড়াও নির্বাচনের মাধ্যমে তারা বারবার সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন। শ্রমিকদের ভালোবাসা আছে বিধায় তারা বারবার নির্বাচিত হয়েছেন। তাদের উপর বর্বরোচিত এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সাবেক সাধারণ সম্পাদক সোবাহান মিয়া সংগঠনের ৬০ লাখ টাকা হিসাব-নিকাশ না দিয়ে আত্মসাৎ করেছেন। এব্যাপারে আদালতে মামলাও হয়েছেন।
বক্তব্য শেষে সভায় সর্ব সম্মতিক্রমে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য পদ থেকে অভিযুক্ত সাবেক সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এর আগে জেলার বিভিন্ন উপজেলার ট্রাক-শ্রমিক সংগঠন থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে ৫ শতাধিক শ্রমিক মত বিনিময় সভায় অংশ নেয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার করটিয়া চরপাড়া হাটবাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা গ্রামের আব্দুল খলিল দেওয়ানের ছেলে ইয়াছিন দেওয়ান (৩৮), শহরের কোদালিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রনি আহমেদ (৩৯) ও ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের আব্দুল আজিজ ফনির ছেলে মো. শুভ মিয়া (২৯)।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গ্রেপ্তারকৃত ইয়াছিন দেওয়ানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট তিনটি, রনি আহমেদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ পাঁচটি এবং মো. শুভ মিয়ার বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
তিনি আরও জানান,মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইল শহরের মুসলিম পাড়া (আবহাওয়া অফিস) থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইল শহরের পার দিঘুলীয়া এলাকার কালাচান মিয়ার ছেলে রাসেল গোপা (৩৫), আকুরটাকুর পাড়া এলাকার শামছুল হকের ছেলে জনি (২৩) ও দক্ষিণ কলেজপাড়া এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে ফেরদৌস হাসান পাপ্পু (২০)।
পুলিশ জানায়, শহরের বেড়াডোমা এলাকার ভাড়াটিয়া জুয়েল মিয়ার কাছ থেকে গত ২৩ আগস্ট সন্ধ্যায় প্যাড়াডাইসপাড়া এলাকার ব্রীজের পাশ থেকে তার মোটরসাইকেলটি তিন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই করে। পরে সোমবার জুয়েলের মা জবেদা বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দিবাগত রাতে শহরের আবহাওয়া অফিসের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মামলার পর পরই আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল গোপার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়াও জনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরিসহ দুইটি এবং ফেরদৌস হাসান পাপ্পুর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে বাঁধা দিয়েছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্ট চত্তর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে বটতলা বাজার এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধাঁ দেয়। পরে সেখানেই বিক্ষোভ করে মহিলা দলের নেত্রীবৃন্দরা। বিক্ষোভ শেষে সেখানেই সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় ও সভানেত্রী নিলুফার ইয়াছমিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সহসভাপতি রেবেকা পারভীন, যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা প্রমূখ।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলাদলের নেত্রীরা এই র্যালী ও পথসভায় অংশগ্রহন করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এ ‘দুর্মর-২২’ শিরোপা জিতেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে তারা জলন্ত-২৪ দলকে পরাজিত করে।
খেলার প্রথমআর্ধে জলন্ত-২৪ দলের রিয়াদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীআর্ধে দুর্মর-২২ এর গিয়াস গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এরপর কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে দুর্মর-২২ পাঁচ গোল এবং জলন্ত-২৪ তিন গোল করে।
এতে প্রধান অতিথি হিসেব বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, আয়োজক কমিটির চেয়ারম্যান কামনাশীষ শেখর বক্তৃতা করেন। এসময় প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিক রহমান বুুলবুল।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ আয়োজন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ১৪টি ব্যাচ অংশ নেয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ম্যাচের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এর আগে গত বুধবার বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করেন।