আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও প্রাণনাশের হুমকিতে বাদী পরিবার বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর( বুধবার) বিকেলে কুইজবাড়ী গ্রামের বাদীর বাড়িতে তাদের শরিক অভিযুক্ত জাহিদ, শহিদ, তাদের পিতা হামেদ আলীসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সংঘবদ্ধ হয়ে বাদীর মা অনামিকা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় অনামিকা বেগম প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া করে বসতঘরে ঢুকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে বাড়ির উঠানে নিয়ে আসে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও তলপেটে লাথি মারতে থাকে।
একপর্যায়ে অভিযুক্ত জাহিদ অনামিকা বেগমের তলপেটে সজোরে লাথি দিলে তার পূর্বের সিজারিয়ান অপারেশনের সেলাই ছিঁড়ে গুরুতর রক্তক্ষরণ শুরু হয়। এ সময় বিবাদীরা তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির ঘটনাও ঘটায়।
অনামিকা বেগমের চিৎকারে তার স্বামী জাহিদুর রহমান এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযুক্ত জাহিদ ও শহিদ তার ডান চোখে আঘাত করে চোখ নষ্ট করার চেষ্টা করলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। চার দিন চিকিৎসা শেষে আহতদের ছেলে রাব্বি বাদী টাঙ্গাইল সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এতে নিরাপত্তাহীনতায় ভুগে বাদী পরিবার, ঘরবাড়ি ছেড়ে কালিহাতী উপজেলার চিনামুড়া এলাকায় আশ্রয় নেয়।
আহত জাহিদুর রহমান অভিযোগ করে বলেন, হামলার একপর্যায়ে অভিযুক্ত জাহিদ বসতঘরে ঢুকে ট্রাংক ভেঙে নগদ ৮০ হাজার টাকা লুট করে এবং অভিযুক্ত শহিদ তার স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
অনামিকা বেগম বলেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও বিবাদীরা আমাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দেয়। তারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আমরা বর্তমানে বাড়িছাড়া।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং গ্রাম্য শালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। বর্তমানে বাদী পরিবার এলাকা ছাড়া রয়েছে এবং তাদের নিরাপদে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মো. আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত সম্পন্ন হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরমান কবীরঃ একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর )সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা বিএনপি এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে।
টুকু অভিযোগ করেন, আজ আমরা দেখছি একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল বিভিন্ন জায়গায় তারাই শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করেছে। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা ঘাতক, তারাই আবার আলোচনা করে।
আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যে স্লোগান দিয়েছেন ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মানুষ আগামী বিজয় দিবস উদযাপন করবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তিনি গুলিবিদ্ধ হাদি ও এরশাদ উল্লাহর ঘটনার কথা উল্লেখ করে বলেন, যারা গুপ্ত সংগঠন, তারাই এই কাজগুলো করে যাচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সকল মতভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ১ মিনিটে টাঙ্গাইল জেলা সদরে জনসেবা চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ও আরমান কবীর সৈকত, সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ও সুলতান কবীর, কার্যকরী সদস্য নাহার চাকলাদার ও মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনায় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
আরমান কবীরঃ রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর)দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ বের হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিক্ষোভ মিছিলটি নেতৃত্বে দেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুলতান সালাউদ্দিন টুকু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন,বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
এ সময় টুকু বলেন, যারা এদেশে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, সন্ত্রাস ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় তারাই শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এ ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র বিএনপির কাছে নিরাপদ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে নেতৃত্বে দিয়ে ফ্যাসিবাদের বিদায় করেছেন। আজ সমগ্র বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে স্বৈরাচার ও দোসরদের বিরুদ্ধে। আমরা শত শহীদের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র যে কোনো মূল্যে রক্ষা করবো ইনশাল্লাহ।
আরমান কবীর: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শালিয়াবহ-জাঙ্গালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুজন হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আলম হোসেনের ছেলে আবুল কাশেম (৪০) ও লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হামিদুজ্জামান হামিদ (৩২)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার একাব্বর আলীর ছেলে কবির হোসেন (৩০)।
নিহত দুজনই উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন। আগামী ১৫ ডিসেম্বর তাদের দু’জনেরই সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকি এলাকায় যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই কাশেম ও হামিদুজ্জামান মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত কবিরকে (৩০) উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবর পেয়ে নিহত দুই যুবদল নেতাকে দেখতে ও পরিবারকে সমবেদনা জানাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির।
আরমান কবীরঃ “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে টাঙ্গাইলে ৭৭তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ডিসেম্বর) সকালে মানবাধিকার সংগঠন “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ” টাঙ্গাইল জেলা শাখা আলোচনা সভা ও মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালি বের করে।
এ দিন সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে মানবাধিকারকর্মীরা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সংগঠনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ টাঙ্গাইলের উপদেষ্টা মনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, সংগঠনের সদস্য সচিব মামুনুর রহমান মামুন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জুয়েল।
মানববন্ধন শেষে একটি বিশাল র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। এই র্যালিতে বিপুল সংখ্যক মানবাধিকার কর্মী অংশগ্রহণ করে।
এ ছাড়া টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল, তার স্মরণে প্রতি বছর এই দিনে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।
এই বছরের প্রতিপাদ্য বিষয় “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য”।
আরমান কবীরঃ টাঙ্গাইলে ক্রিয়াশীল তিনটি সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার দায়িত্ব পালনে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপুরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো। সামনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মাধ্যমে জনগনই সিদ্ধান্ত নিবে আগামি দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে, আমিও তারই অংশ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেছি। আমাদের মূল লক্ষ এখন- আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বিগত নির্বাচন যেভাবে হয়েছে তা যেন না হয়- এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এটা নিশ্চিত করার জন্য আমাদের পুলিশ বাহিনীর পক্ষে যা যা করণীয় তা করা হবে। একই সঙ্গে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করবো। এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাই।
পরিচিতি সভার শুরুতে তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার পরিচিত হন।
আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) বিকেলে কাকুয়া ইউনিয়নের কাকুয়া হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ।
দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকরা
সোমবার(৮ ডিসেম্বর )দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
এর আগে,শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল এসে পৌর উদ্যানে সমবেত হয়। পরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশের পূর্বে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি’র দখলে রয়েছে। এবার বহিরাগত প্রার্থী দেওয়ায় আসনটি হাত ছাড়া হবার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি’র হাই কমান্ডকে অনুরোধ করবো এখানে সদরের ছেলেকে মনোনয়ন দেওয়ার জন্য। এছাড়া তিনি আরও বলেন, বিএনপির হাই কমান্ড যে সিন্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিবো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপি’র সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমূখ।
আরমান কবীর: টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহীদ নামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় আহত দুইজন একই গ্রামের জিহাদ ও হাসান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মোটরসাইকেলে ৯ জন কালিহাতীর ধানগড়া গ্রামে রবিবার ভোরে খেজুরের রস খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাকুটিয়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি বেইলি ব্রীজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুত্বর আহত জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত হাসানকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরমান কবীরঃ বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শামসুল হক স্মৃতি পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পহেলী প্রমুখ।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং মরহুম শামছুল হকের রুহের মাগফিরাত প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আরমান কবীরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে একই পরিবারের সহোদর পেলেন বিএনপির মনোনয়ন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে এই দুই সহোদরের ভুমিকা মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদের মধ্যে এক ভাই আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-২(ভুঞাপুর-গোপালপুর) আসনে, অন্যজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টি আসনে একই পরিবারের সহোদর ভোট যুদ্ধে অংশ নেবার পথ সুগম হলো।
প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭ টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে সেই অপেক্ষার অবসান হয়েছে।
এর আগে, গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন।
৩৬ তালিকা ঘোষণাসহ মোট ২৭২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। বাদ বাকি ২৮ আসনের তালিকা যথা সময়ে ঘোষণা করা হবে বলে জানালেন বিএনপি মহাসচিব।
ঘোষিত ৩৬ জন প্রার্থী হলেন, ঠাকুরগাঁও –২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ -১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমীর এজাজ খান, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহ উদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা- ৭ আসনের হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আখতার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমরা আরো ৩৮টি আসনে নাম ঘোষণা করছি এবং আরো অনেকগুলো থেকে যাচ্ছে ২৮টা থেকে যাবে।”