একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলার চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. মজনুকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
মো. মজনু মিয়া (৪২) টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দ যোগনী গ্রামের আয়নাল হক এর ছেলে।
শুক্রবার (৩ মার্চ) রাতে র্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর সায়দাবাদ এলাকা থেকে চারটি খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত এই পলাতক সন্ত্রাসিকে গ্রেপ্তার করা হয়। মজনু এলাকায় বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ নাশকতা, খুন, অপহরণ, ধর্ষণসহ নানাবিধ অপরাধে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন জায়গায় পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর(জগ মার্কা) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাল্টা হামলায় আওয়ামী লীগের এক সমর্থক আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার(২ মার্চ) রাত ১০ টার দিকে পৌর সভার চিনামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকার পোষ্টার ছেঁড়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রাথী মো. শাফী খানের মহেলা এলাকায় গণসংযোগে বাঁধা দেয় নৌকার সমর্থকরা। পরে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে স্বতন্ত্র প্রার্থী শাফি খান বাড়ির উদ্যেশে রওনা হয়।
পথিমধ্যে ফের স্বতন্ত্র প্রার্থীকে নৌকার সমর্থকরা হুমকি দেয়। স্বতন্ত্র প্রার্থী চিনামুড়ায় নিজ বাড়ি গেলে সেখানে নৌকার প্রার্থীসহ সমর্থকরা মিছিল নিয়ে যায়। বাকবিতন্ডার একপর্যায়ে বাড়িতে আক্রমনের চেষ্টা চালায় তারা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তা প্রতিহত করে। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা মিছিল বের করেন। মিছিলটি চিনামুড়া মোতালেব খানের চায়ের দোকানে পৌঁছালে নৌকার সমর্থক আওয়াল পীরকে একা পেয়ে মারপিট করে তারা।

বর্তমানে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় চিনামুড়াসহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চায়ের দোকানদার মোতালেব খান জানান, স্বতন্ত্র প্রার্থী শাফি খানের একটি মিছিল আমার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াল পীর দৌড়ে এসে আমার দোকানে আশ্রয় নেয়। পরে আমি দোকানের ঝাঁপ নামিয়ে দিয়ে তাকে রক্ষা করি। মিছিল চলে যাওয়ার পর তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়। তাকে কে বা কারা মারপিট করেছে আমি তা দেখিনি।
স্থানীয় আওয়ামী লীগের কর্মী মিনা আক্তার জানান, শাফি খানের মিছিলটি তার বাসার সামনে লাগানো নৌকার প্রার্থী নুর-এ- আলম সিদ্দিকীর পোষ্টার ও প্লেকার্ড ছিড়ে ফেলা শুরু করলে সে ও তার পরিবার বাঁধা দিতে গেলে মিছিল থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাদের বাঁধা স্বত্বেও তাদের বাড়ির আশেপাশে লাগানো নৌকার পোষ্টার ছিঁড়ে ফেলা হয়।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হায়দার আলী জানান, বৃহস্পতিবার রাতে নৌকার প্রার্থী মিছিলসহ চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সমবেত হলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তার বাসা থেকে বের হয়ে তাদের বাঁধা দেয়। একপর্যায়ে বাঁধা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির আঙিনার বেড়া ভাঙচুর করে। হামলার ছবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করতে গেলে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা।
স্বতন্ত্র প্রার্থীর আরেক সমর্থক হাসমত আলী রেজা জানান, হামলার সময় স্বতন্ত্র প্রার্থী বাড়িতেই ছিলেন। আমরা তাকে নিরাপত্তার স্বার্থে অনত্র সরিয়ে নেই। আমার ধারনা তার প্রাণনাশের জন্য এ হামলা চালানো হতে পারে।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ শাফী খান জানান, হামলার ঘটনার বিষয়টি ইতিমধ্যে টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। নৌকার সমর্থকদের কারণে সঠিকভাবে নির্বাচনী প্রচরণা করতে পারছিনা। যেখানেই যাচ্ছি সেখানেই তারা বাঁধা প্রদান করছে। এমনকি আমার নিজের এলাকায় চিনামুড়া এসে হুমকি দিয়ে গেছে যে আমার পক্ষে নির্বাচন করবে তার হাত-পা ভেঙ্গে ফেলা হবে। ১৬ তারিখের পর এলাকা ছাড়া করা হবে। এলেঙ্গা পৌরসভার নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠ ,নিরপেক্ষ ও শান্তিপুর্ন করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি।
হামলার ঘটনা অস্বীকার করে নৌকার প্রার্থী মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর মিছিল থেকে নৌকার সমর্থক চেচুয়ার আওয়াল পীরকে পিটিয়ে গুরতর আহত করে। বর্তমানে সে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন।
টাঙ্গাইল জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে।জানার পরপরই কালিহাতী থানাকে অবহতি করেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামি ১৬ মার্চ ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এলেঙ্গা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বর্তমানে এলেঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪’শ ৬৭ জন। এ নির্বাচনে মেয়র পদে ৪জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সরকারের কাছ থেকে ক্রয়কৃত বালু বিক্রিতে বাঁধা ও বালু বহনকারী গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেড়ীপোটল গ্রামে এ ঘটনা ঘটে।
বালু বিক্রিতে বাঁধা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে,কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর ড্রেজড মেটিরিয়াল(বালু) উন্মুক্ত পদ্ধতিতে বেড়ীপোটল মৌজার নিলামকৃত লট-২( বেরীপোটল ও দুর্গাপুর) ডান তীরের বালু স্থানীয় মো. জসিম উদ্দিন ৩৮ লাখ টাকায় ক্রয় করেন। সেই বালু বিক্রির ট্রাফে ট্রাক্টর যাতায়াতের জন্য ক্ষতিপুরণের মাধ্যমে রাস্তা বের করে বালু বিক্রি করে আসছিলেন তিনি। এ সময় স্থানীয় প্রতিপক্ষ ট্রাক্টর প্রতি ২’শ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে সোমবার সন্ধ্যায় বেশ কয়েকটি বালু ভর্তি ট্রাক্টর ভাঙচুর করা হয়। হামলার ঘটনায় ট্রাক্টর চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে সরকারের কাছ থেকে ক্রয়কৃত এই বালু বিক্রি বন্ধ রয়েছে। ফলে সরকার নির্ধারিত দুই মাস সময়ের মধ্যে ক্রয়কৃত সম্পুর্ন বালু বিক্রি অনিশ্চিত হয়ে পড়েছেন।
অভিযোগকারী জসিম উদ্দিন জানান, এই লট কিনতে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী দরপত্র দাখিল করেন।কিন্তু দর সর্বোচ্চ হওয়ায় তিনি নিলামে এ সরকারি লট পান। সম্প্রতি তাকে বালু বিক্রির ছাড়পত্র দেওয়া হয়। বালু বিক্রি করতে গেলে স্থানীয় কাউছার সর্দার, মো. রাসেল, রুহুল আমীন, রাব্বী, নাজমুল, সাইফুল, শাহআলমসহ আরো কয়েকজন মিলে বালু ভর্তি ট্রাক্টর ভাঙচুরসহ কয়েকজন ড্রাইভার ও তাকে মারপিট করে। এ বিষয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযুক্ত রাসেল সর্দার হামলার ঘটনা অস্বীকার করে জানান, বালু পরিবহনের জন্য রাস্তা তৈরী করা নিয়ে জমির মালিকদের সাথে গন্ডগোল হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, হামলাকারীরা ওই বালু মহলের লট কিনতে ব্যর্থ হয়ে বালু বিক্রিতে প্রতি গাড়ীতে ২’শ টাকা করে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেওয়ায় এই হামলা চালায় তারা। সামাজিকভাবে মীমাংসায় ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী জসিম উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ (১২) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজনের ছেলে। সে স্থানীয় বলরামপুর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে জাহিদ বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জনান, এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি ছিনতাইয়ের জন্য জাহিদকে হত্যা করা হয়ে থাকতে পারে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে বাকিতে ইয়াবা না দেওয়ায় এক মাদক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে সেবনকারীরা। ঘটনার তিন দিন পর তিন সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১ মার্চ)দুপুরের টাঙ্গাইলের পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মো. আনোয়ার তালুকদারের ছেলে মো. অলি তালুকদার (১৯), মৃত সিরাজ মন্ডলের ছেলে মো. কামাল হোসেন (২৯) ও শালিয়ারা গ্রামের মো. শফিকুল আলমের ছেলে মো. সোহানুর ইসলাম ফারদিন (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকালে নাগরপুর উপজেলার বীরসলীল গ্রামের সেচ পাম্পের ঘর থেকে ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকালে ফরিদ উদ্দিনের স্ত্রী শারমিন সুলতানা লিলি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৭ ফেব্রুয়ারি মামলাটি পিবিআই গ্রহণ করে।
তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর কৃষি জমিতে পানি দেওয়ার জন্য ফরিদ উদ্দিন তার সেচ পাম্পের ঘরে যান। পর দিনও তিনি আর বাড়ি ফিরে আসেননি। ২৫ ফেব্রুয়ারি তার চাচাতো ভাই মধু মিয়া ও প্রতিবেশী পান্নু মিয়া সেচ পাম্পের ঘরের কাছে কাজ করার সময় ঘরটি তালাবদ্ধ দেখেন। এ দিকে ফরিদ উদ্দিনের পোষা কুকুর উচ্চশ্বরে ঘেউ ঘেউ করতে থাকে। তখন মধু ও পান্নু ঘরের ফাঁক দিয়ে দেখতে পান ফরিদ বিছানার উপর পড়ে আছে। তারা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবগত করে। মামলার পর তদন্ত করে মঙ্গলবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহাম্মদ সিরাজ আমীন জানান, ফরিদ উদ্দিন দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তার কাছ থেকে আসামিরা ইয়াবা কিনে সেবন করতো। ঘটনার দিন ২৪ ফেব্রুয়ারি রাতে আসামিরা ফরিদের কাছে ইয়াবা বাকি চাইলে দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরে থাকা স্লাইডরেঞ্জ দিয়ে ফরিদের মাথার পেছনে আঘাত করলে সে পড়ে যায়। পরবর্তীতে রশি দিয়ে তার হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে তারা তিনজনই জড়িত ছিল বলে তিনি আরো জানান।
একতার কণ্ঠঃ বাৎসরিক ওরশ মাহফিলে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮-২০ জন।
বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী নামক এলাকায় ১০ নং ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন নারী যাত্রী হলেন- জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার গাদুগানের মেয়ে শাহারা ওরফে শাহানা বেগম (৬০), পেচামানিক এলাকার মাহতাব আলীর মেয়ে নুর জাহান (৫০) এবং অপরজন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গৌরাং এলাকার জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)।
এদিকে, আহতরা সবাই জামালপুর সদর উপজেলার গান্দাইল ও পেচামানিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে বেশির ভাগই গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা ওরশ মাহফিলের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর সদর উপজেলা থেকে ছেড়ে আসা একটি খোলা পিকআপযোগে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশ মাহফিলে যাচ্ছিল। তারা দুপুরে মহাসড়কের আনালিয়াবাড়ী পৌঁছলে ঢাকাগামী একটি বাস ওভারটেকিং করতে গিয়ে পিকআপটিকে চাপ দেয়।
এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুই নারী যাত্রী মারা যায়। আহত হয় কমপক্ষে ১৮-২০ জন যাত্রী। পরে খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে গুরুতর আহত আরও এক নারী মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করা হয়। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি )বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে ঘিরে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সমাবেশ ছিল। একই স্থানে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরাও সমাবেশ করতে চায়।
এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৮ জন এবং ২ জন স্থানীয় সাংবাদিক আহত হন। সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটির কথা জানান।
‘জামাত-বিএনপি সমর্থকদের’ রেখে কমিটি ঘোষণা করার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে।
এর জেরে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে যান। একই স্থানে সংসদ সদস্যদের অনুসারীরাও সমাবেশ করতে চায়।
সংঘর্ষের বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, ‘আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক পৃথক স্থান থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলাসিন ইউনিয়নের গাছ কুমুল্লি গ্রামের মৃত দুখিরাম ঘটকের স্ত্রী রাসমণি ঘটক (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাসমণি ঘটক রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে দেলদুয়ার থানা সুত্রে জানা যায়।
অপরদিকে উপজেলার দেউলী ইউনিয়নের স্বল্প বড় টিয়া গ্রামের মৃত শওকত আলীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাথি আক্তার (১৫) তার নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছে। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক-ড্রাম ট্রাক, কভারভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বালা-মাহতাব পরিষদের কমিটিকে অবৈধভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোলাম-সোবহান পরিষদ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের নগর জলফৈ এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির পালন করে শ্রমিক ও নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ট্রাক-ড্রাম ট্রাক, কভারভ্যান, ট্যাংকলড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সোবহান মিয়া, সাবেক সহ-সভাপতি বাদশা মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক দপ্তর সম্পাদক ঝলক, সাবেক কোষাধ্যক্ষ আসাদ, সাবেক সহ-সড়ক সম্পাদক আব্দুর রশিদসহ অনান্য শ্রমিক নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমরা সবাই আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূূলক সুষ্ঠ এবং সুন্দর ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি চক্র টাকা নিয়ে বালা-মাহতাব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন। নির্বাচনে যে বিজয়ী হবে তাকেই আমরা মেনে নিবো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ভুয়াপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম টিটু খন্দকার (৩৮) সে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা গ্রামের মোস্তফা খন্দকারের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুল ইসলাম (৬০) । সে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে দুইজন আরোহীসহ মোটরসাইকেলটি ভুয়াপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী ট্রাকটি নলিন বাজার থেকে ভুয়াপুরে যাচ্ছিল।
ভুয়াপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা এলাকায় পৌছালে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী টিটু খন্দকারের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
হেমনগর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মাহফুজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবাহী ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে উপজেলা পদ বঞ্চিত আওয়ামী লীগের একাংশ।
রবিবার(২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে তারা।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন,গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। কিন্তু ওই কমিটিতে জামায়াত- বিএনপি ও দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যাক্তিদের স্থান দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি ঘোষনা করবে বলে হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ যান চলাচল বন্ধ রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীরা। এসময় মহাসড়কের দুইপাশে যানযটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সড়কের অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
একতার কণ্ঠঃ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে শান্তি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন, মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমূখ নেতৃবৃন্দ।
এই শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।