একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় অজ্ঞাতনামা ট্রলির চাপায় মাথা থেথলে প্রাণ গেল আরিফুল ইসলাম রাফি (২৩) নামের এক যুবকের।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার নরকোণায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম রাফি পৌর এলাকার দক্ষিণ দামপাড়ার জামাল হোসেনের ছেলে। সে আউটসোর্সিং এর কাজ করত।
স্থানীয়রা জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল রাফি। ঘটনাস্থলে একটি ট্রলিকে অতিক্রম করতে গিয়ে ট্রলির চাপায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর গড়ের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মধুপুর থানা পুলিশ ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন রসুলপুর মহুয়া কটেজ বন বিশ্রামাগার সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে মধুপুর থানা পুলিশের অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই শফিকুল ইসলাম জানান, লাশটি অজ্ঞাত হিসাবে উদ্ধার করা হয়। পরে বিকালের দিকে লোকমুখে চারদিকে খবর ছড়িয়ে পড়লে জানা যায় লাশটি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার, মুক্তাগাছা উপজেলার বিন্যাকুড়ি গ্রামের মানসিক ভারসাম্যহীণ জনৈক বৃদ্ধের।
তিনি আরো জানান, লাশটি একটি মাটির ঢিপির সাথে হেলানো অবস্থায় ছিল। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তার (মৃতের) আত্মীয় স্বজন থানায় আসতেছে। তারা লাশ সনাক্ত করলে সঠিক পরিচয় জানা যাবে।
তিনি জানান,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনী প্রক্রিয়া শেষে লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী ট্রেনলাইনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর সাত্তার ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, কৃষক আব্দুস সাত্তার ভোরে গরু চড়ানোর উদ্দেশ্যে ট্রেন লাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন দেখে গরু দু’টি এলোমেলো দৌঁড়াতে থাকে। ওই সময় গরু দু’টি সামলাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা আরও জানায়, মাস দুয়েক আগেও মাঠে গরু চরাতে গিয়ে ভিমরুলের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুর সত্তর। এবার তাকে প্রাণ দিতে হলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, গরু রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী তাঁর মরদেহ নিয়ে গেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীর সাথে অভিমান করে আলমগীর হোসেন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে মৃতের দাদির ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।
আত্নহননকারী আলমগীর মধুপুর উপজেলার আকাশী গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, পারিবারিক কলহে স্ত্রীর সাথে আলমগীরের বেশ কিছু দিন যাবৎ অভিমান চলছিল।
মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) আমির আলী জানান, পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাত দিনের কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জনের ফাঁসী দেওয়া লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
এদের মধ্যে একজন বৃদ্ধ ও দুইজন শিক্ষার্থী বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত থেকে বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কুড়াতলি, কুইচতারা ও পোস্টকামুরী গ্রামে এই ঘটনা গুলো ঘটে।
মির্জাপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের আব্দুল কাদের পলান (৬০) বাড়ির পাশে একটি গাব গাছের ডালে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গভীর রাতে তাঁর স্ত্রীর ঘুম ভেঙে গেলে পলানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন।
পরে বাড়ির পাশে গাব গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।
এ দিকে মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের সৌদিপ্রবাসী আব্দুস ছালাম মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সায়মা আক্তার শিমু (১৫) ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে শিমুর মা ঘুম ভেঙে মেয়েকে দেখেত না পেয়ে পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় শিমুর মরদেহ দেখতে পান।
এ ব্যাপারে পরিবারের লোকজন মৃত্যুর কারণ পুলিশকে জানাতে পারেনি।
অন্যদিকে, ইয়ামাহা ব্র্যান্ডের (আর ওয়ান ফাইভ) মোটরসাইকেল কিনে না দেওয়ার কারনে বুধবার সকাল সারে দশটার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের বসবাসরত পোস্টকামুরী গ্রামের আমিনুল হোসেন লিটনের কলেজ পড়ুয়া ছেলে ফয়সাল আহমেদ জয় (১৭) তাঁর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জয়ের মা হোসনেয়ারা সকালের নাশতা খেয়ে তাকে বাসায় রেখে পাশেই তার বাবার বাড়িতে যান। কিছুক্ষণ পর তারই ছোট বোন বাসায় ফিরে এসে জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ সব ঘটনায় থানায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে পলাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার এলেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিমহামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে পলাশকে আসামি করে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। বৃদ্ধার গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলের বউ এসে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তখন ছেলের বউ চোর এসেছে বলে চিৎকার করেন। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে বৃদ্ধাকে খাটের নিচে পড়ে থাকতে দেখেন। ধর্ষণে বাঁধা দেওয়ার চেষ্টা করলে কিল ঘুষি দিয়ে বৃদ্ধের একটি দাঁত ভেঙে ফেলে অভিযুক্ত। পরে ভুক্তভোগী বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযোগ পেয়ে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের এক বৃদ্ধা স্বামীর মৃত্যুর পর বাড়ির একটি টিনসেড ঘরে একাই ঘুমাতেন। তার তিন ছেলে পৃথক ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।
সোমবার(২৪ এপ্রিল) গভীর রাতে চুরির উদ্দেশ্যে ওই বৃদ্ধার ঘরে ঢুকে। পরে জোরপূর্বক ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। বৃদ্ধার চিৎকারে পাশের ঘরে থাকা বৃদ্ধার পুত্রবধু এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়।
অভিযুক্ত পলাশ (২৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত। সে মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই চুরি- ছিনতাই করে থাকে। তাদের ধারণা মাদকের টাকার জন্য ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে। পরে বৃদ্ধাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ধর্ষণের শিকার ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, শ্বাশুড়ির ডাক চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে শ্বাশুড়িকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে লক্ষ্য করি তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে । প্রতিবেশীদের সহায়তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো জানান, পলাশ নামের ওই যুবককে পালিয়ে যেতে দেখি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীকে ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গোপনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ওই যুবকের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় উপমহাদেশের বিখ্যাত জমিদার আটিয়ার চাঁদ খ্যাত ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(২৫ এপ্রিল) দিনব্যপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করেন করটিয়াবাসী। দিনের কর্মসুচীর মধ্যে ছিলো শোকর্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও হাজার-হাজার ভক্তদের মাঝে তোবারক বিতরণ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে করটিয়ার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানার নিয়ে চাঁদ মিয়ার মাজারে আসতে শুরু করে নানাশ্রেনী পেশার লোকজন। মাজারে এসে তারা ওয়াজেদ আলী খান পন্নীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে প্রয়াত জমিদার চাঁদ মিয়ার স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোকর্যালী ও আলোচনা সভায় সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী, সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, চাঁদ মিয়া পরিবারের সদস্য ও করটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলী খান পন্নী ওরফে টিপু পন্নী, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক সাইমন তালুকদার রাজীব, ছাত্রলীগ নেতা মো. রতন মিয়া মমিতুল ইসলাম প্রমি ও রিফাত খান রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চাঁদ মিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, চাঁদ মিয়া এই অঞ্চলের শিক্ষা বিস্তারে ১৯২৬ সালে তার পিতামহ সা’দত আলী খান পন্নীর নাম অনুসারে সা’দত কলেজ স্থাপন করেন। ১৯১৯ সালে করটিয়া হাফেজ মাহমুদ আলী খান হাইস্কুল ও তার স্ত্রীর নাম অনুসারে রোকেয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি তার জমিদারী ২০ শতাংশ আয় শিক্ষা বিস্তার ও জনকল্যাণমুলক কাজের জন্য ব্যায় করতেন। আটিয়ার চাঁদ খ্যাত এই জমিদার ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন।
এছাড়াও বাদ জোহর করটিয়া জমিদার বাড়ী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ পাওয়া গেছে।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ইশাপাশা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত উদ্ধারকৃত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জমি সংলগ্ন প্রবাহমান ধলেশ্বরী নদীতে যুবকের লাশটি ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটিকে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার(২৪ এপ্রিল) পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ কার্যকর করে। এ সময় আন্দোলনকারিরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ি রনি হাসানের সাথে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে। গত রোববার (২৩ এপ্রিল) রনি হোসেনের সাথে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানা পুলিশ। বেলাল হোসেনকে গ্রেপ্তারের খবর পেয়ে তার কর্মী সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা পর্যন্তও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ি রনি হাসান তার সহযোগিদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমন করে। এতে বেলাল হোসেন গুরুত্বর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন সম্প্রতি জামিন নিয়ে আসেন। সোমবার রনি হোসেন দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেন।
এ ব্যাপারে ধনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নেতাদের ভুল বুঝাবুঝি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেলাল হোসেনকে থানায় আনার পর তার কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে আন্দোলনকারিরা সড়ক অবরোধ তুলে নেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে ডুবে ফাতেমা নামে এক ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
প্রতিবেশী জহুরুল ইসলাম রানা জানান ফাতেমা ও আরেক এক শিশু মিলে বাড়ির পাশের ব্রীজের পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
স্বজনরা পুকুর পাড়ে এসে দেখে ফাতেমা পানিতে ভেসে ওঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।
একতার কণ্ঠঃ কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এটা খুব দুঃখ জনক ও বেদনা দায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হয়েছে।
অনেকেই বলছেন, এ বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। এ বিষয়টি আমাদের মনে হয় পরীক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত হচ্ছে, তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। এ সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার দায়িত্বে ক্ষমতায় রযেছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে,তা আইন অনুযায়ী করা হয়েছে।
এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।
সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি মন্ত্রী।
আলোচনা সভায় পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হাদী নূর আলী খান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
“শৈশব ফিরুক সবার প্রাণে স্কুলের বাঁধন জাগুক মনে” এ শ্লোগান নিয়ে সকাল থেকে বিদ্যালয়ের নানা বয়সী সতীর্থরা তাদের প্রাণের বিদ্যাপিঠে পুনর্মিলনীতে যোগ দেয়। আলোচনা সভা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক উৎসবসহ নানা আয়োজনে প্রাণের সেতু বন্ধন তৈরি হয়। শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠে সবাই। বর্নীল আয়োজনে সাজানো হয়েছে বিদ্যালয় ক্যাম্পাস কে।
নিজের আজকে শৈশবে ফিরা যাওয়া কে ধরে রাখতে মুঠো ফোনে সেলফি তোলে রাখছেন অনেকে।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে কন্ঠ শিল্পী কোনাল। পুরো বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে প্রাণের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।