/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন - Ekotar Kantho

টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাদক বিক্রির দায়ে লিপি বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ মে) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান ওই রায় দেন।

দন্ডিত লিপি আক্তার মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

আদালতের সরকারি কৌঁশুলী এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কৌঁশুলী এস আকবর খান জানান, ২০২২ সালের ৬ মার্চ টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব ১০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির দুই লাখ ১৯ হাজার টাকাসহ লিপি আক্তারকে (৩৬) গ্রেপ্তার করেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার ওই মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত উভয় পক্ষের শুনানী শেষে লিপি আক্তারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেন।

তিনি জানান, মামলা চলাকালে লিপি আক্তার কারাগার থেকে একাধিকবার জামিন আবেদন করলেও প্রতিবারই আদালত না মঞ্জুর করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা সাধারণত এত অল্প সময়ে শেষ হয়না। আদালতের সদিচ্ছা ও সংশ্লিষ্টদের সহযোগিতা থাকায় মাত্র এক বছরের মধ্যে মামলার রায় ঘোষণা করা সম্ভব হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২৩ ০৩:৪১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে জেলা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে জেলা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার(৩০ মে) দুপুরে এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দুস্থদের মাঝে তবারক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিনটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২৩ ০২:০৭:এএম ৩ বছর আগে
করটিয়া যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

করটিয়া যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে করটিয়া মসজিদ রোড জমিদার বাড়ি প্রাঙ্গণে‌ দোয়া মাহফিল ও গণভোজ আয়োজনের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

করটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মীর তানভীর আহমেদ তুষারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব টিপু তালুকদারের সঞ্চালনায় এই দোয়া ও গণভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল হাসান রাশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ন আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মির্জা শাহীন,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পহেলী, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদ অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মনির, করটিয়া সা’দত কলেজ শাখার ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম মেসবাহ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সেলিমুজ্জামান বাবুল, হাসনাত জামিল, আমিনুল ইসলাম, সাদাত বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলী। পরে ৩ শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২৩ ০২:৫১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের চাপায় ঘুমন্ত মা-মেয়ে নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের চাপায় ঘুমন্ত মা-মেয়ে নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বসতঘরে উপর উঠে গেলে ঘুমন্ত মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা খোকন চন্দ্র রবি দাস।

সোমবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খোকন চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)। আহত খোকন চন্দ্র রবি দাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা উপজেলার নল্লা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৩০ মে) সকালে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা বাজার এলাকার খোকন চন্দ্র রবি দাসের বাড়ীতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত হয় বাবা। পরে আহত খোকনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। নিহত মা-মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২৩ ০৬:৫৭:পিএম ৩ বছর আগে
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে ভাসানী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা - Ekotar Kantho

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে ভাসানী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার একক আলোচক ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. খুরশীদা বেগম।

স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর মানুষের প্রতি অন্ধ বিশ্বাস ছিল। বঙ্গবন্ধুর আদর্শকে আমরা যদি লালন করি তাহলে আমরা একটি সুন্দর দেশ তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো। শেখ মুজিবুরের অহিংস রাজনীতির কথা গান্ধীজিও বলেছিলেন। ৭ই মার্চের ভাষণে রাজনীতি, শিক্ষা, পরস্পর দায়িত্বশীলতা, ভাষা, বর্ণ বৈষম্যের বিষয়ে শেখার অনেক কিছু আছে। পৃথিবীতে আজ যুদ্ধের দামামা বাজছে, কালো ধোয়া উঠছে, আগুনের লেলিহান শিখা জ্বলছে, এটাকি শান্তি? পৃথিবীতে আজ সর্বত্র বিরাজ করছে অশান্তি।

বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনৈতিক জীবনের এই পদক ছিল বিশ্ব স্বীকৃতি, বিশ্ব সম্মান ও বিশ্ব শ্রদ্ধা। তাঁর সারাজীবনের লক্ষ্য ছিল দেশের মানুষের মুক্তি। তিনি ব্যাপক গনসংযোগ করে মানুষের অধিকারের বিষয়ে সচেতন করেছিলেন। তিনি মানবতার মুক্তির জন্য লড়াই করেছেন, মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার জন্য লড়াই করেছেন। তিনি ধর্ম, বর্ণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দরিদ্র ও দুঃখী মানুষের স্বার্থে কাজ করে গেছেন

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২৩ ০৩:২০:এএম ৩ বছর আগে
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেপ্তার ১ - Ekotar Kantho

বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় আকাশ (১৯) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার কাজিরাপাড়া গ্রামের মাহফুজের ছেলে। হামলার শিকার আহনাব শাহরিয়ার নাবিল চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের ছেলে।

নাবিল বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশ, হামলার শিকার নাবিল রোববার (২৮ মে) দুপুরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কৃষিশিক্ষা পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধুর সঙ্গে তার নিজ বিদ্যালয় বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এসময় বাসাইল কেন্দ্রীয় কবরস্থানের সামনে পৌঁছালে আগে থেকেই উৎপেতে থাকা ১০-১৫ জনের কিশোর গ্যাংয়ের একটি সংঘবদ্ধ দল নাবিলের পথরোধ করে। একপর্যায়ে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নাবিলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় নাবিলকে সেখান থেকে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইলেকে ওঠানোর চেষ্টা করে। নাবিলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কিশোরগ্যাংয়ের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নাবিলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রসহ সকল কাগজ ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে নাবিলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাবিল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নাবিলের বাবা মুসলিম উদ্দিন আহমেদ বাদি হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য আকাশসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২৩ ০৩:৩২:এএম ৩ বছর আগে
সাবেক সেনাসদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট - Ekotar Kantho

সাবেক সেনাসদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে আলমারিতে থাকা নগদ টাকা, ব্যাংকের চেক বই ও স্বর্ণালংকার লুট করে ডাকাতদল।

রবিবার (২৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ভূঞাপুর-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাহাদিপুর এলাকায় ওই সাবেক সেনাসদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল ঘরে ঢুকে আলমারিতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা লুট করে নেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

আহতরা হলেন-উপজেলার বাহাদিপুর এলাকার মৃত ইদ্রিস হোসেন তালুকদারের ছেলে ও সাবেক সেনাসদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) ও তার স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)।

সোমবার (২৯ মে) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এসব তথ্য জানান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য তার স্ত্রী ও বৃদ্ধ মায়ের সঙ্গে ওই বাড়িতে বসবাস করেন। তাদের দুই ছেলের মধ্যে একজন লন্ডন প্রবাসী এবং একজন ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। রবিবার গভীর রাতে বাড়ির বারান্দার লোহার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে ডাকাতির সময় শব্দ হওয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এসময় ডাকাতদলকে বাধা দেওয়ায় শামছুল হককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে তারা। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরে ডাকাতদলের সদস্যরা ঘরের স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেনাসদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, রবিবার মধ্যরাতে সেনাসদস্যের বাড়িতে চুরি ও তাকেসহ তার স্ত্রীকে কুপিয়ে আহতের খবর পেয়ে ওই বাড়িতে পরিদর্শন করা হয়। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত শামছুল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না পেলেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২৩ ০২:৩২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সড়কে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়কে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার গোপালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

পরে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। মানববন্ধনে স্থানীয়রা ছাড়াও ছাত্রলীগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, কাউন্সিলর মঈনুদ্দিন বাবু ও নাসিরুদ্দিন শিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুর রহমান শফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল রহমান বিমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর রানা ও ইকবাল সোহেন প্রমুখ।

বক্তারা বলেন, নির্দিষ্ট স্থানে যাত্রীবাহী বাস না রেখে অবৈধভাবে সড়কের ওপর পার্কিং করে রাখে। এতে প্রতিনিয়ত গোপালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। গত ২৮ মে ওই সড়কে মোটরসাইকেলে আরোহী এক যুবক নিহত হয়।

বক্তারা আরও বলেন, এ ছাড়া সম্প্রতি কয়েকটি দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এরপরও সড়কের ওপর পার্কিং করা বন্ধ হচ্ছে না।

গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, সড়কে পার্কিং না করতে বারবার শ্রমিক সংগঠনের নেতাদের অবহিত করা হলেও কোনো কাজ হয়নি। বিষয়টি একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান,তবু সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধ হয় না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। অবৈধ পার্কিং বন্ধের জোর দাবি জানাচ্ছি।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সমস্যা সমাধানের জন্য মেয়র, পরিবহন শ্রমিক মালিক সমিতির নেতা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. মে ২০২৩ ০১:৪১:এএম ৩ বছর আগে
বাসাইলে কিশোরগ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত - Ekotar Kantho

বাসাইলে কিশোরগ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে কিশোরগ্যাংয়ের হামলায় আহনাব শাহরিয়ার নাবিল (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে বাসাইল-পাথরঘাটা সড়কের বাসাইল কেন্দ্রীয় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকার নাবিল চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের ছেলে। নাবিল বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলার শিকার নাবিল বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কৃষিশিক্ষা পরীক্ষা শেষ করে কয়েকজন বন্ধুর সঙ্গে তার নিজ বিদ্যালয় বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এসময় বাসাইল কেন্দ্রীয় কবরস্থানের সামনে পৌছালে আগে থেকেই উৎপেতে থাকা ১০-১৫ জনের কিশোরগ্যাংয়ের একটি সংঘবদ্ধ দল নাবিলের পথরোধ করে। একপর্যায়ে কাঠ ও বাঁশের লাঠি দিয়ে নাবিলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় নাবিলকে সেখান থেকে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইলেকে ওঠানোর চেষ্টা করে। নাবিলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কিশোরগ্যাংয়ের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে নাবিলকে আহত অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাবিলের বাবা মুসলিম উদ্দিন আহমেদ বলেন, কিশোরগ্যাংয়ের সদস্যরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার ছেলে নাবিলকে গুরুতর আহত করেছে। এ সময় নাবিলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রসহ সকল কাগজ ছিনিয়ে নিয়ে যায় তারা। এঘটনায় অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে বাসাইল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নাবিল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মে ২০২৩ ০৪:৫৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রপ্তির ৫০ বছর উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রপ্তির ৫০ বছর উদযাপন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান,পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) শরফ উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান বীন মুহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ ।

সভায় বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির প্রসঙ্গ তুলে ধরে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্যে ছানোয়ার হোসেন এমপি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, তোমাদের মত বয়স থেকেই বঙ্গবন্ধু সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। দেশের স্বার্থে বঙ্গবন্ধু ১৪ টি বছর কারাগারে কাটিয়েছেন। এমন নিঃস্বার্থ রাজনীবিদ বর্তমানে বিরল। তোমরা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিবে।

তিনি আরও বলেন, শান্তি পরিষদের তৎকালিন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করেন। বিশ্বের শান্তির জন্য সর্বোচ্চ পদক হল জুলিও কুরি পদক। এই পদক বিশ্বের বরেণ্য ব্যাক্তিরাই পেয়ে থাকেন।

উল্লেখ, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়।
বঙ্গবন্ধু এই পদকপ্রাপ্তির আগে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, ভিয়েতনামের সংগ্রামী নেতা হো চি মিন, চিলির গণ-আন্দোলনের নেতা সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের জনদরদি নেতা ইয়াসির আরাফাত প্রমুখ এই পদকপ্রাপ্ত হয়েছেন। মূলত, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন, তাঁরা এই পদকে ভূষিত হয়ে আসছিলেন ১৯৫০ সাল থেকে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মে ২০২৩ ০৩:২১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান মিরাজ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে পৌর শহরের গোপালপুর কলেজ রোডের ভূঞারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ পৌর এলাকার সুন্দর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী গোপালপুর কলেজের প্রভাষক মোঃ মাইনুর রহমান জানান, গোপালপুর থেকে মোটরসাইকেল যোগে মিরাজ ঘাটাইলের দিকে যাচ্ছিল। কলেজ সংলগ্ম রোডে সারি সারি বাস পার্কিং করার কারণে রাস্তার এক পাশ দিয়ে ঘাটাইল থেকে একটি পিকআপভ্যান দ্রুত গতিতে গোপালপুরের দিকে আসছিল। ওই রোড দিয়েই মোটরসাইকেল আরোহী মিরাজ ঘাটাইলের দিকে যাচ্ছিল। পৌর এলাকার ভূঞারচক নামকস্থানে পিকআপভ্যানের চালক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী পিকআপের চাকায় পিষ্ট হয়।

তিনি আরোও জানান, পরে স্থানীয়রা পিকআপভ্যানের চাকার নিচ থেকে মোটরসাইকেলসহ আহত মিরাজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৯. মে ২০২৩ ০২:৫৫:এএম ৩ বছর আগে
আন্দোলন করে নির্বাচনকে ব্যাহত করা যাবেনা: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

আন্দোলন করে নির্বাচনকে ব্যাহত করা যাবেনা: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আন্দোলন করে নির্বাচনকে ব্যহত করতে পারবেনা। আওয়ামী লীগ সরকারের সময়ে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শক্তির কেউ আগামী সংসদ নির্বাচন প্রভাবিত করতে পারবে না। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে তারা সহযোগিতা করবে।

শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়।
গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সিটি করপোরেশন, পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে অনেক ফ্যাক্ট কাজ করে। গাজীপুরে সুষ্ঠ সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে, আমরা সেটিই চেয়েছিলাম। আমরা আগের মতো আবারও জাতিকে দেখিয়েছি বর্তমান সরকারের অধীনে অবাধ-সুষ্ঠ, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব।

আন্দোলন করে আগামী নির্বাচনকে বিএনপি ব্যাহত করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলন করে কোনভাবেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না, আগামী নির্বাচনকেও ব্যাহত করতে পারবে না।’

কৃষিমন্ত্রী বলেন,আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য হবে। তারপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে হতাশ ও উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন,এটি যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয়। আমরা যেটি চাই দেশে একটি সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন, সেটিই যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে দেখতে চায়। এক্ষেত্রে বিএনপিই মূল বাধা। আন্দোলন করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে বানচালের চেষ্টা করেছিল। সেরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।

সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪( কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. মে ২০২৩ ০৪:৫৬:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।