/ হোম / টাঙ্গাইল
টাঙ্গাইলে কলেজ ছাত্রের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে কলেজ ছাত্রের আত্মহত্যা

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের সখীপুরে বাবা-মার সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে মিনহাজ উদ্দিন নিরব (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার (২৪ জুন)রাত সাড়ে আটটার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব ওই গ্রামের আজিজুল হকের ছেলে ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয় নিরব। পরিবারের লোকজন টের পেয়ে রশি কেটে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রেজাউল করিম জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুন ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাইক আরোহী দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

রোববার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তারা উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, রিফাত ও অন্তর আলী মোটরসাইকেলে করে বাজিতপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে।

তিনি আরো জানান,এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. জুন ২০২৩ ১২:৩১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় হারুন দেওয়ান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছে।

রোববার(২৫ জুন) ভোরে পৌর শহরের মুখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ ট্রাকের চালক জাহিদ হাসানকে (৩০) আটক করে থানায় সোপর্দ করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।

নিহত অটোরিকশাচালক হারুন দেওয়ান বোয়ালী দক্ষিণপাড়া গ্রামের সোমেদ আলীর ছেলে।

ট্রাকচালক জাহিদ হাসান কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিজের সিএনজিচালিত অটোরিকশার কাছে চালক হারুন দেওয়ান দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সাগরদীঘিগামী দ্রুত গতির একটি ট্রাক হারুনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ট্রাক ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০৯:২২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সিজারিয়ান ছাড়াই একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী।

বুধবার(২১ জুন) বিকেলে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তার কোলজুড়ে ফুটফুটে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়।

শিউলি আক্তার কালিহাতী পৌরসভার থানা পাড়া এলাকার সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। একসঙ্গে তিন তিনটি কন্যা সন্তানের বাবা-মা হতে পেরে খুব খুশি দেলোয়ার-শিউলি দম্পতি। এই দম্পত্তির আগের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গৃহবধু শিউলি আক্তারের ছোট বোন মুক্তি আক্তার শিল্পী জানান, শিউলি প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে বুধবার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঐদিন বিকেলেই সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে আরও দুইটি বাচ্চা পেটে থাকায় ডাক্তারের পরামর্শ ক্রমে শিউলিকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের পথে ইছাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সেই নরমাল ডেলিভারির মাধ্যমে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়।

তিনি আরও জানান, গৃহবধু শিউলি আক্তারসহ তিন নবজাতক মোটামুটি সুস্থ রয়েছেন।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাহেদুর রহমান জানান, মাসহ তিন নবজাতকের চিকিৎসা সংক্রান্ত কোন বিষয় প্রয়োজন হলে স্বাস্থ কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০৪:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহিলা লীগের কর্মীদের এমপি ছানোয়ারের ঈদ উপহার - Ekotar Kantho

টাঙ্গাইলে মহিলা লীগের কর্মীদের এমপি ছানোয়ারের ঈদ উপহার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে তৃণমূল আওয়ামী মহিলা লীগের ২ হাজার কর্মীকে ঈদ উপহার দিয়েছেন সদর আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন।

শনিবার(২৪ জুন) সকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের তৃণমূল ভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন বলেন, শনিবার ২ হাজার তৃণমূল মহিলা লীগের কর্মীদের মাঝে চাল,ডাল,তেল,চিনি,আলু,পিয়াজ,দুধ ও সেমাই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী মহিলালীগের তৃণমূলের সকল কর্মীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ ঈদ উপহার হিসেবে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম সাধারন সম্পাদক হযরত আলী ও জেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক ফেরদোসী আক্তার রুনু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ০২:০১:এএম ৩ বছর আগে
৪১ জনকে চাকরি দেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় - Ekotar Kantho

৪১ জনকে চাকরি দেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়

একতার কণ্ঠ: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন অফিসসমূহে ০২টি পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল

পদের বিবরণ: গাড়ীচালক (১২ টি), অফিস সহায়ক (২৯ টি)

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা)

বয়স: ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল; তারাও আবেদন করতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা জেলা প্রশাসকের ওয়েবসাইট www.tangail.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, টাঙ্গাইল।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১ নং পদের জন্য ২০০ টাকা, ২ নং পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৩ তারিখ অফিস চলাকালীন সময় (সকাল ০৯টা-বিকেল ০৪টা) পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৫. জুন ২০২৩ ১২:১৪:এএম ৩ বছর আগে
বিদেশিদের নয়, আমরা চাই দেশের জনগণের সমর্থন- কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিদেশিদের নয়, আমরা চাই দেশের জনগণের সমর্থন- কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এ সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নেই, দেশের মানুষের সমর্থন নেই। বিদেশিদের সমর্থন দরকার নেই আমাদের। আমরা চাই দেশের জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কি না। সেটা নির্বাচনে প্রমাণ হবে।

শনিবার(২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার দেশটাকে উত্তাল করতে চায়। সংবিধানের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিদেশিদের কাছে হাত পাতছেন, তাদের কাছে ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি তাদের উদ্দেশে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিল। সেই সময় দেশের জনগণ আমাদের পক্ষে ছিল। সরকার নির্বাচিত সরকার। এ সরকার জনগণের সরকার। জনগণের জানমাল, সম্পদ ও নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, ১৪ ও ১৫ সালের মতো আর তাণ্ডব চালাতে দেব না বিএনপিকে। মানুষকে জীবন্ত হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না এখন। বর্তমান সরকার এগুলোকে প্রতিহত করতে পারে।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আবার দেশটাকে উত্তাল করতে চাচ্ছে। তারা ১৪ সালে যে তাণ্ডব চালিয়েছে সে রকম আর তাণ্ডব চালাতে পারবে না। পুলিশকে হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না। বর্তমান সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা করেছে, উন্নয়ন করেছে, জনগণ সরকারের সঙ্গে রয়েছে, জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করবো।

কৃষিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, অনেক বেশি সংগঠিত। তাদের দায়িত্ব বর্তমান সরকারকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা। আমার দৃঢ় বিশ্বাস, তারা সে সক্ষমতা রাখে। তারা কোনো রাজনৈতিক অশ্লীলতা সৃষ্টি করতে পারবে না।

এ সময় মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ,মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ১০:০৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ - Ekotar Kantho

টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও গুলি ছুড়েন।

এ সময় উপজেলা চেয়ারম্যানের গাড়ী, অন্তত ২০টি মটরসাইকেল, কাজী ডিজিটাল হাসাপাতাল, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় ভাঙ্গচুর করা হয়েছে।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে শুক্রবার(১৩ জুন ) বিকেল সাড়ে ৫ টার দিকে মধুপুর শহরে পৃথক সমাবেশ পালনকে কেন্দ্র করে এ ঘটনা হয়।

বিবাদমান দুই গ্রুপের এক পক্ষ স্থানীয় এমপি ও কৃষিমন্ত্রীর অনুসারী এবং আরেক পক্ষ মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবুর সমর্থক।

জানা যায়, মধুপুর পৌর ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে যৌথভাবে দলীয় কার্যালয়ের সামনে মধুপুর বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

অপর দিকে, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু থানা মোড়ের দক্ষিণে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে।

এ সভায় যোগদান করতে আসা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা পথিমধ্যে হামলার শিকার হন। এই ঘটনাকে ঘিরে মধুপুরে উত্তেজনা দেখা দেয়।

আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাউফুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে খলিলুর রহমান (৩২), দামপাড়া গ্রামের মোর্শেদের ছেলে মাসরাফি (২৩), ইদিলপুর গ্রামের আহমেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০), ভবানটেকী গ্রামের ইউসুফ আলীর ছেলে সোয়াইফ (২০), গাংগাইর গ্রামের খালেদ আহমেদের ছেলে মাসরুর আহমেদ প্রিতম (৩০), দানবাবান্দা গ্রামের আহসান আলীর ছেলে চাঁন মিয়া (৬৫)।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ছাড়া ইদিলপুর গ্রামের আহমেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০) কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জানান, আলোকদিয়া ইউনিয়নের সভাপতি দুলাল হোসেনের নেতৃত্বে মটরসাইকেল ও অটোরিক্সা যোগে মধুপুর বাসস্ট্যান্ডের সমাবেশে আসার সময় থানা মোড়ে কতিপয় ছাত্র ও শ্রমিক নেতা তাদের ওপর হামলা চালায়। এ সময় তার নিকটে থাকা ৬০ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলাকারীরা সকলেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বাধীন কর্মী বলে দাবি করেন তিনি।

এই ঘটনার পর মধুপুর পৌরসভার মেয়র সমর্থিত নেতাকর্মীরা লাঠি-শোঠা নিয়ে এগিয়ে থানা মোড়ের দিকে এগিয়ে আসে। এরই মধ্যে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সভা শেষে ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বাধীন মিছিলটি ফিরছিল। থানা মোড়ে মিছিল আসা মাত্রই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে । এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ভাঙ্গচুর করা হয় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়, তার ব্যবহৃত সরকারি গাড়ি, অন্তত ২০টি মোটর সাইকেল, কাজী ডিজিটাল হসপিটাল। দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপ, পুলিশের গ্যাস গান ব্যবহারে থানা মোড় রণক্ষেত্রে পরিণত হয়। পার্শ্ববর্তী বাসা বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়ে। মধুপুরের দোকান পাট মুহুর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে পাশ্ববর্তী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত পৌনে আটটা পর্যন্তও বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

রাত আটটায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু তার বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, চেয়ারম্যান ইয়াকুব আলীর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ করা সম্পূর্ণ সংগঠন বিরোধী। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার এখতিয়ার নেই। তারপরও মেয়রের নেতৃত্বে গাড়ী, মটরসাইকেল, দোকান, হাসপাতাল ভাঙ্গচুর নেতাকর্মীদের পিটিয়ে আহত করার ঘটনা ঘটিয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীদের উপরে হামলা করে অন্তত ৫০ জনকে তারা আহত করেছে। তারা নিরাপত্তার কথা ভেবে বিভিন্নস্থানে চিকিৎসা গ্রহণ করছেন।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু আরো বলেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান কৃষি মন্ত্রী ও স্থানীয় এমপি ড. আব্দুর রাজ্জাকের অনুসারী। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিবো।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি কাজী আব্দুল মালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অপরদিকে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সংগঠন বিরোধী কার্যক্রম করার অপরাধে কেন বহিষ্কার করা হবে না মর্মে শোকজ করা হয়েছে। বর্তমানে দলীয় কার্যক্রম করার এখতিয়ার তিনি হারিয়েছেন। তাই উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির আয়োজন করা হয়। এই সমাবেশে আগত নেতাকর্মীদের থানা মোড়ে আবুর কর্মীরা হামলা করে আহত করে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমি বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দলীয় নেতাকর্মীদের শান্ত করে ফিরিয়ে নিয়ে আসি।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মুরাদ হোসেন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়েছে। কোন পক্ষই এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০৯:৩৩:পিএম ৩ বছর আগে
কালিহাতীতে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Ekotar Kantho

কালিহাতীতে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার(২৩ জুন) সকালে উপজেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা`র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, জেলা আ.লীগের সাবেক সদস্য আবু নাসের,দশকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মালেক ভূইয়া, কালিহাতী পৌরসভার মেয়র নুরনবী সরকার, কালিহাতী পৌর আ. লীগের সভাপতি মালেক তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক লতিফ মোল্লা, উপজেলা যুব লগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা, উপজেলা শ্রমিক লীগের শেখ জাহিদুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির প্রমূখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০৩:০১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২৩ জুন) বিকেলে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের বানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই স্কুলের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্কুলের ভেতরে কুদরত ই এলাহী খানের স্বেচ্ছাচারী একক সিদ্ধান্তে এখানে কোন দোকান হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। এসময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান উদ্যোগ ওই বিদ্যালয়ের ভেতরের পশ্চিম পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের নামে পাইকারি কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:৩৯:এএম ৩ বছর আগে
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ ।

এ সময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:২৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। তার হেফাজত থেকে দুটি পুলিশ পোষাক, একটি পুলিশ বেল্ট, একটি পুলিশ রিফ্ল্যাক্টিং বেল্ট ও পাঁচটি ছোরা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জুন)বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সোনাব আলী (৫০)। সে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকুরকী গ্রামের মৃত জিলানীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ (ওসি)মো. মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান করা হয়। রাত সোয়া ১০ টার দিকে খবর আসে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী কলেজ মোড়ে কিছু ডাকাত পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে পুলিশের নকল পোষাক ও দেশীয় অস্ত্র-শস্ত্র, অন্যান্য মালামালসহ অবস্থান করছে। পরে বিশেষ অভিযান পরিচালনা করে কাগমারী কলেজ মোড় থেকে মো. সোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান,শুক্রবার এসআই মনির বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সোনাব আলীকে কারাগারে পাঠানো হয়।পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুন ২০২৩ ০২:৫৩:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।