মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে ১০ মাস বয়সের বকনা বাছুর প্র‌তি‌দিন দুধ দি‌চ্ছে ৩ লিটার - Ekotar Kantho

টাঙ্গাইলে ১০ মাস বয়সের বকনা বাছুর প্র‌তি‌দিন দুধ দি‌চ্ছে ৩ লিটার

একতার কণ্ঠঃ গাভি দুধ দেয়—এটা আমাদের সবার জানা আছে। কিন্তু ১০ মাস বয়সের বকনা বাছুর দুধ দেয়, এটা অস্বাভাবিক ঘটনা। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের বাড়িতে। বকনা বাছুরটি এখন দিনে তিন লিটার করে দুধ দিচ্ছে। বাছুরটির মা দুধ দিচ্ছে ছয় লিটার। এ ঘটনা শুনে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে ওই বাড়িতে।

সরেজমিনে খোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা গেল, তাঁর স্ত্রী মর্জিনা খাতুন ১০ মাস বয়সের বকনা গরুর ওলান থেকে দুধ সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। সংগ্রহ শেষে দেখা গেল, প্রায় দেড় লিটার দুধ জমেছে। তিনি সকালেও দেড় লিটার দুধ সংগ্রহ করেছেন বলে জানান। একটা দিন দুধ সংগ্রহ না করলে ওলান থেকে এমনি এমনি দুধ ঝরে পড়ে। তিনি গত ১৫দিন ধরে এই বাছুর গরু থেকে এভাবে দুধ সংগ্রহ করছেন।
খোরশেদ আলমের স্ত্রী মর্জিনা ব‌লেন, দীর্ঘদিন ধরে তিনি গাভি পালন করছেন। ১০ মাস আগে তাঁর পালিত গাভির বাছুর হয়। আর সেই বাছুরকে লালন-পালন করে আসছেন তিনি। ১৫ দিন আগে তিনি ১০ মাস বয়সী বাছুরকে গোসল করাতে গেলে গরুটির দুধের বাঁট ফোলা দেখে ধারণা করেন, এর বাঁটে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পান তিনি। এখন দুধের পরিমাণ বেড়েছে। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনকেও বিনামূল্যে দিচ্ছেন তিনি।

খোরশেদ আলমের চাচা আবদুল হাই তালুকদার বলেন, সাধারণত যে গাভী বাচ্চা জন্ম দেয়, সেই গাভীই দুধ দিয়ে থাকে। অল্প বয়সী বাছুরটি দুধ দেয় এটা একটা ব্যতিক্রমী ঘটনা। অনেকেই বিষয়টি শুনে আশ্চর্য হয়েছেন। তাই প্রতিবেশীরা এ দৃশ্য দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল বলেন, হরমনের কারণে এমনটা হয়। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ ধরনের ঘটনা দেশে আগেও ঘটেছে। অতএব আশ্চর্য হওয়ার কিছু নেই।

সর্বশেষ আপডেটঃ ২৬. মে ২০২১ ০২:৪১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে চায়ের দোকানে জুয়ার আসরঃঃপাঁচ জুয়াড়ি আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে চায়ের দোকানে জুয়ার আসরঃঃপাঁচ জুয়াড়ি আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল  ইউনিয়নের কুমুরিয়া গ্রামে মঙ্গলবার(২৫ মে) ভোরে একটি চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক ও তিন হাজার ২৯০টাকা জব্দ করা হয়েছে। গোপনে খবর পেয়ে র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. শওকত আকবর(৪৫), মো. জামাল উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া(২৫), মৃত মনতাজ মন্ডলের ছেলে মো. শাহীন মন্ডল(২৮), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির(৫০) ও মো. জালাল উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া(২৯)।

র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে কুমুরিয়া গ্রামের জনৈক মো. হারুন অর রশিদের চায়ের দোকানের ভেতরে জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত জুয়াড়িদের আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে এক বান্ডেল তাস ও নগদ তিন হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। পরে দেলদুয়ার থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৬. মে ২০২১ ০১:৪৬:এএম ৫ বছর আগে
চাকুরী স্থায়ী করণের দাবীতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত - Ekotar Kantho

চাকুরী স্থায়ী করণের দাবীতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত

একতার কণ্ঠঃ চাকুরী স্থায়ী করণের দাবীতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ। সোমবার( ২৪ মে) সকালে  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ  অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃআব্দুল্লাহ আল মামুন ও এস এম মাহফুজুর রহমান। এ সময় বক্তাগণ বলেন,  দীর্ঘ ২২ মাস যাবৎ এডহক ভিত্তিতে চাকুরীতে কর্মরত আছি। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের চাকুরী স্থায়ী করণের দাবী জানিয়ে আসলেও  বিশ্ববিদ্যলয় প্রশাসন বারবার আমাদের শুধু আশস্থ করেছেন, কিন্তু উল্লেখ্যযোগ্য কোন পদক্ষেপ নেন নি।  তাই অনেকটা বাধ্য হয়েই এই  অবস্থান কর্মসূচি নিয়েছি।

উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অফিসের জনবলের চাহিদার উপর ভিত্তিকরে বিভিন্ন পদে এডহক ভিত্তিতে ২২ জনকে নিয়োগ দেয়  বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২১ ০২:৪২:এএম ৫ বছর আগে
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - Ekotar Kantho

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

একতার কণ্ঠঃ  স্বাস্থ্যবিধি মেনে মে মাসের মধ্যে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৪ মে) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী রিসা হায়দার সহ মানববন্ধনে বক্তব্য রাখেন নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, ফাতেমা রহমান বিথি, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে  রিসা হায়দার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলেই শিক্ষার্থীরা মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। উপরের চেয়ারে যারা বসে আছে আমাদের নিয়ে তারা ভাবছে না ।সরকারের কাছে আমার অনুরোধ দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসা হোক।

ইভানা জামান খান ঐশী বলেন, বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বললেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছেনা। আমরা কি মূর্খ আমরা কি নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না, আমরা কি স্বাস্থ্য বিধি মানবো না। সব চলতে পারে কিন্তু শিক্ষা নিয়ে কেন এতো তালবাহানা । আমাদের নিয়ে  কারো কোন মাথা ব্যথা নেই ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকব। মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা।

অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা বক্তারা।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২১ ০১:২৮:এএম ৫ বছর আগে
মধুপুরে সফল ভাবে পার্পেল পটেটোর আবাদ - Ekotar Kantho

মধুপুরে সফল ভাবে পার্পেল পটেটোর আবাদ

একতার কন্ঠঃ মন মাতানো ফ্লেভারের কফি, সুমিষ্ট ড্রাগন, ভিটামিন সি সমৃদ্ধ মাল্টার পর এবার পুষ্টিকর পার্পেল পটেটো চাষে সফলতা দেখিয়েছেন এক অদম্য কৃষক। এ কৃষকের নাম সানোয়ার হোসেন। বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে।

গ্রাজুয়েশনের পর সানোয়ার শিক্ষকতা শুরু করেন। কিন্তু বছর না ঘুরতেই সেটি ছেড়ে বাপ-দাদার জীবিকা কৃষিকেই জীবিকা হিসেবে বেছে নেন। পারিবারিকভাবে পাহাড়ি লাল মাটির ছয় একর জমিতে বরাবরই আনারস আবাদ হয়। সেটির পাশাপাশি নতুন করে চার একরে মাল্টা, এক একরে ড্রাগন, তিন একরে কফি, বাতাবি লেবু, অ্যারাবিয়ান খেজুর ও পেঁপের আবাদ যোগ করেন তিনি। গতবার এক কৃষিবিদের মাধ্যমে আমেরিকান জাতের পার্পেল পটেটো বা বেগুনি আলুর কন্দ সংগ্রহ করেন। সেটি লাগান এক একর জমিতে। শতাংশে ফলন পেয়েছেন দুই মণ। কেজিতে বিক্রি ১০০ টাকা দরে। আকর্ষণীয় রং আর ব্যতিক্রম স্বাদের দরুন বেচাবিক্রিতে কোনো সমস্যা হয়নি। সানোয়ার জানান, রাসায়নিক সার ও কীটনাশক নয়, নিরাপদ ও জৈব কৃষিকে অগ্রাধিকার দিয়ে আনারসসহ বৈচিত্রময় ফল ও ফসল আবাদ করেন তিনি। বাড়িতে রয়েছে গরুর খামার। সেটির গোবরে তৈরি হয় কম্পোস্ট সার।

পার্পেল চাষ সম্পর্কে জানান, মধুপুরের পাহাড়ি এলাকায় শ্রাবণ-ভাদ্রে মাসে বাগান থেকে আনারস তোলার পর এমনিতেই চার মাস জমি পতিত থাকে। সেই জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সহজেই পার্পেল আবাদ সম্ভব। খরা প্রতিরোধক হওয়ায় সেচ এমনকি সারও লাগে না। পোকামাকড়ের উপদ্রব তো নেই-ই। আলু তোলার পর জমিতে লতানো গাছ গবাদিপশুর উত্তম খাবার হিসেবে বিবেচিত হয়।

একটি বেসরকারি সংস্থায় কর্মরত পুষ্টিবিদ ড. আবু রায়হান জানান, বিশ্বে ৪০০ রকমের মিষ্টি আলুর মধ্যে জাপানি এবং আমেরিকান জাতের বেগুনি আলু বা পার্পেল পটেটো সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ। আঁশ সমৃদ্ধ এ আলুতে প্রচুর শর্করা ছাড়াও পটাশিয়াম, ভিটামিন এ বি সি বিটা ক্যারোটিন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি কোষের ক্ষয়রোধ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।সনাতন রীতিতে খাওয়া ছাড়াও ভেজিটেবল, স্যুপ এবং সালাদের সঙ্গেও এটি চলে।

মধুপুর উপজেলার মহিষমারা ব্লকের উপসহকারী কৃষি অফিসার এরশাদ আলী জানান, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি পার্পেলসহ যে কোনো মিষ্টি আলু চাষের উপযোগী। সেপ্টেম্বর-অক্টোবর কন্দ বা চারা লাগানোর উপযুক্ত সময়। আগে নদীতীরের পলি মাটিতে এর আবাদ হতো। এখন সানোয়ার হোসেনের মতো খামারিরা মধুপুরের লাল মাটিতে লাভজনক ফসলের তালিকায় পার্পেলকে অন্তর্ভুক্ত করেছেন। খামারের একই জমিতে পর্যায়ক্রমিকভাবে ফল ও ফসল আবাদ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। পুষ্টিকর পার্পেল এলাকায় সাড়া ফেলেছে।

মধুপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান জানান, মধুপুর গড়ে প্রায় ৫০ একরে মিষ্টি আলুর আবাদ হয়। তবে পার্পেল জাতের আবাদ এবারই প্রথম। মধ্যবর্তী বা একক ফসল হিসেবে পার্পেলের বানিজ্যিক চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শতভাগ বিশুদ্ধ খাবার হিসেবে বিদেশে রফতানির সুযোগও রয়েছে। চাষিদের আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’ নেওয়া হয়েছে। হাতে-কলমে শিক্ষার জন্য প্রদর্শনী প্লটও করা হয়েছে। পার্পেল ছাড়াও বারী উদ্ভাবিত দুটি উফসি জাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২১ ০১:২৫:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলের নাগরপুরে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলের নাগরপুরে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ি গ্রাম স্কুল এন্ড কলেজে নবনির্মিত তিনতলা একাডেমিক ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।

রবিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নাগরপুর বাসীর পক্ষ থেকে সালাম ও কৃতজ্ঞতা জানান নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান।

প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায় কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে ৫০টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১১০টি বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লাসহ মোট ১৭৫টি স্থাপনার উদ্বোধন করা হয় ।

জানা গেছে, বাড়িগ্রাম স্কুল এন্ড কলেজে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধার একাডেমিক ভবনটি শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভবন হিসেবেই ব্যবহার করবে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ভবনটিতে বন্যা সহ যে কোনও দুর্যোগে কমপক্ষে ৪০০ শতাধিক মানুষ আশ্রয় নিতে পারবেন।

ভবনটিতে বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও নানা সুযোগ-সুবিধার পাশাপাশি নির্মিত হয়েছে বড় আকারের একটি শেড। যেখানে শতাধিক গবাদি পশুও  আশ্রয় নিতে পারবে।

প্রসঙ্গত, আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয়পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাড়ি গ্রাম স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে তিন কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৭৬৮ টাকা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা এলজিডি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা জয়নাল আবেদিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী সহ ইউনিয়ন চেয়াম্যান মো. আনোয়ার হোসেন ও বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমাছ উদ্দিন প্রমুখ।

উদ্বোধন শেষে বন্যা আশ্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:০৩:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্মিত এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২১ ১২:০৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার নিয়ে ৫ম শ্রেণির ছাত্র উধাও - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার নিয়ে ৫ম শ্রেণির ছাত্র উধাও

একতার কণ্ঠঃ টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় একটি প্রাইভেটকারসহ শিশির নামে এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ বিষয়ে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রাইভেটকারের মালিক ববিন সরকার জানান, উপজেলার সাগরদিঘী গ্রামের মজিবর রহমান গাড়ির চালক ছিলেন। সিলভার কালারের ঢাকা-মেট্রো-গ-৪২-৯৮২৯ নম্বরধারী গাড়িটি চালকের তত্ত্বাবধানে ভাড়ায় পরিচালিত হত। ভাড়া না থাকলে তার তত্ত্বাবধানে গাড়িটি গ্যারেজেই থাকত। গত ২০ মে রাত ১০টার দিকে গাড়ির ড্রাইভার মজিবরের ছেলে শিশির (১৫) কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। গত ৩ দিনেও গাড়িসহ শিশিরকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না।

শিশিরের বাবা প্রাইভেটকার চালক মজিবর বলেন, স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শিশির। সে প্রাইভেটকার চালাতে পারে। প্রায় বিভিন্ন সময় গাড়ি ড্রাইভ করে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে। তবে এবার কাউকে না জানিয়ে গাড়িটি নিয়ে যায়। তার কাছে কোনো মোবাইল নেই। এই কারণে যোগাযোগ করা যাচ্ছে না।

এ বিষয়ে ঘাটাইল থানার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, এই বিষয়টি শুনেছি। এখনো কোন অভিযোগ পায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২১ ১১:৩০:পিএম ৫ বছর আগে
গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা - Ekotar Kantho

গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

একতার কণ্ঠ : অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় অবস্থিত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে শনিবার( ২২ মে) বিকেলে ওই  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও দধি তৈরি ও  বিক্রি করায় গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে মোবাইল কোর্ট আইন ২০০৯ তফসিলভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় গৌর চন্দ্র ঘোষকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  তিনি আরো  জানান, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত  থাকবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২১ ০২:১৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 একতার কণ্ঠঃ  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২২ মে) সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রাহাত আলী চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এ ঘটনায় ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মাথা ও এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে  বলে তিনি জানান।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২১ ১২:০৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পুকুর থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে পুকুর থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ  টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে শনিবার( ২২মে) দুপুরে সহোদর ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো, টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।
এ প্রসঙ্গে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে বাড়ীর পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার পুলিশ লাশ দুটি নিয়ে গেছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২২. মে ২০২১ ১০:১০:পিএম ৫ বছর আগে
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত - Ekotar Kantho

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ  আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার(২১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ নুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।

এ সময় আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা ও ফিলিস্তিন  মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।মানববন্ধনে  জেলা খেলাফত মজলিসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২২. মে ২০২১ ১২:২১:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।