/ হোম / টাঙ্গাইল সদর
ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ নানা কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটে জননেতা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদার রহমানকে নিয়ে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বাদ ইশা জননেতা আব্দুল মান্নান হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি রয়েছে।

সকল কর্মসূচিতে জননেতা আব্দুল মান্নান হলের হাউজ টিউটর, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য,টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা আব্দুল মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. এপ্রিল ২০২৩ ১০:৪০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মাকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছেলে গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে মাকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছেলে গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের কালোহা গ্রামের মা তমিরন নেছাকে হত্যা মামলার আসামি ছেলে বাদশা মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১ এপ্রিল)মধ্য রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত বাদশা মিয়া কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান,বাদশা মিয়ার সাথে তার ছোট বোন কহিনুর বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ঘটনার দিন বাড়ির উঠানে বাদশা মিয়ার তার ছোট বোনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট বোনকে বাঁশ দিয়ে আঘাত করতে গেলে তাদের মা নিহত তমিরন নেছা বাদশাকে থামানোর চেষ্ঠা করে। তখন বাদশা উঠানে থাকা ধারালো দা দিয়ে ছোট বোন কোহিনুরকে কোপ দিতে গেলে তাদের মা বাঁধা দেয়। এসময় বাদশা ক্ষিপ্ত হয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরো জানান,এ ঘটনার কালিহাতী থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর থেকে বাদশা পলাতক ছিল। পরে নিজের নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয় নিয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরবর্তীতে ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকায় আত্নগোপন করে। এই মামলার বিচার শেষে ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বাদশাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।

তিনি জানান,বাদশা মিয়াকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০২. এপ্রিল ২০২৩ ১০:০৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিহাগি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে আকরামুল (৪৭) ও একই উপজেলার দিওর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৮)।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের রবিবার (১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন গোল চত্বর এলাকায় অভিযান চালালে দৌঁড়ে পালানোর সময় তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা অভিনব কৌশলে ঢাকা থেকে মাদকদ্রব্য সরবরাহ করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ আপডেটঃ ০২. এপ্রিল ২০২৩ ০১:৫২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ‘শিশুদের জন্য ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে ইফতার বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘শিশুদের জন্য ফাউন্ডেশনের’ উদ্যোগে বিনামূল্যে ইফতার বিতরণ

একতার কণ্ঠঃ রমজান মাস আসলে সমাজের অনেক অবহেলিত, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষগুলোর ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকায় উন্নতমানের সামগ্রী দিয়ে ইফতার করতে পারেন না। তাই তাদের ইচ্ছে পূরণে রমজানের পুরো মাসজুড়ে এসব মানুষদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন টাঙ্গাইলের ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। শুধু তাই নয়, টাঙ্গাইল ছাড়াও দেশের ১১টি জেলায় ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন এ সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় শুক্রবার (৩১ মার্চ) বিকাল থেকে ইফতারের আগ পর্যন্ত টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড় (কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর), নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, পার্ক বাজার, বেবিস্ট্যান্ড মোড় ও রেজিস্ট্রি পাড়াসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিনামূল্যে ইফতার বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা। বিনামূল্যে এই ইফতার সামগ্রী বিতরণের বিষয়টি সাধুবাদ জানিয়েছেন সুধিজনরা।

ইফতার সামগ্রী পাওয়া পৌর শহরের বস্তি এলাকার আছিয়া বেগম বলেন, ইফতারের সময় হলেই একদল ছেলে-মেয়ে ইফতারের প্যাকেট নিয়ে ছুটে আসে। তারা প্রথত রোজা থেকেই ইফতার সামগ্রী দিচ্ছে। এমন উন্নতমানের ইফতার সামগ্রী আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। তাদের দেয়া ইফতার পেয়ে প্রতিদিন ইফতার করে আসছি।

পৌর শহরের নিরালা মোড় থেকে ইফতার নেয়া কদবানু বেগম বলেন, আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলে যা হয় তা দিয়ে কোন রকম দিনাতিপাত চলে। কিন্তু ইফতার কেনার সামর্থ হয় না। প্রতিদিন সন্ধ্যার আগে ওদের দেয়া ইফতার পেয়ে নিশ্চিন্তে সন্তানদের সাথে নিয়ে ইফতার করতে পারি। এরআগেও তারা বিভিন্ন সাহায্য-সহযোগিতা করেছেন।

স্বেচ্ছাসেবক আহসান খান মিলন ও রিমি আক্তার রিমি জানান, গত ৩ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে খুব ভালো লাগছে। মানুষের মাঝে ইফতার বিতরণ করাও মানবতা। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে নিজেরা খুবই গর্বিত। আমাদের জন্য দোয়া করেন।

এ বিষয়ে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম সুলভ জানান, প্রতি বছর রমজানের ন্যায় এবারও আমরা বেশ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায়ও ইফতারের আয়োজন করছি। এমন কাজে সামর্থ্য অনুযায়ী সবাইকে এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানাই।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৯ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১০ জেলায় প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, টাঙ্গাইল ছাড়াও দেশের ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা ও ঈদের বাজার দেওয়া হবে। এতে থাকবে- পোলাও চাল, মুরগি, দুধ, চিনি ও সেমাই। পাশাপাশি ঈদের দিন রাস্তায় থাকা ভাসমান মানুষ ও মানুষিক রোগীদের দেওয়া হবে পোলাও, রোস্ট, ডিমের কোরমা ও ফিরনি বিতরণ করার হবে।

সর্বশেষ আপডেটঃ ০১. এপ্রিল ২০২৩ ০২:০৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ডা. জাহাঙ্গীর আলম - Ekotar Kantho

টাঙ্গাইলে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ডা. জাহাঙ্গীর আলম

একতার কণ্ঠঃ স্বপ্ন বাস্তবায়নে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু বিভাগ)।

তার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন সহধর্মীনি ডা. জাহিদা বেগম সুইটি। তিনি একই হাসপাতালের প্রভাষক (এনাটমি বিভাগ)। তাদের স্বপ্ন পূরণ হিসেবে টাঙ্গাইলে যাত্রা শুরু করে ‘প্রত্যাশা স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টার’। সেখানে অটিস্টিক শিশুদের চিকিৎসা দেয়া হয়।

ব্যয়বহুল এই চিকিৎসা নিতে অনেকেই ছুটে যান ঢাকা। অনেকেই আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারেন না। এসব চিন্তা ও সন্তানের শারিরিক সমস্যা দেখে স্বপ্ন জাগে টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠান করার। সেই লক্ষে ২০১৭ সালে টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়াতে নিজের বাসায় শুরু করেন। নাম দেন ‘প্রত্যাশা স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টার’। ২০১৮ সালে এটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায়।

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘প্রত্যাশা স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টার’ প্রতিষ্ঠার গল্প।

তিনি জানান, ২০১১ সালের ১১ ডিসেম্বর দুপুর ১২টা। তার স্ত্রী প্রথম সন্তান প্রসব করেন। সন্তানের নাম রাখেন জাইদি। সন্তানকে নিয়ে হাসি-খেলার মধ্যদিয়ে তাদের সময় কাটতে থাকে। দেখতে দেখতে দেড় বছর কেটে যায়। তিনি লক্ষ্য করেন, জাইদি অতিরিক্ত ভয় পায়। সব কাজে অতিরিক্ত সচেতন, ওর খেলনার সামগ্রী জুতা, পাতিল, চামিচ। সময় চলে যায় কিন্তু সে কথা বলে না। সবাই বলেন অনেকে দেরিতে কথা বলে। কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হয় না। শুরু হয় জাইদিকে নিয়ে যুদ্ধ। এই ডাক্তার, সেই ডাক্তার দেখানো, চিকিৎসার জন্য অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সবাই বললেন ঠিক হয়ে যাবে। কিছু কমন কথা এবং প্রচুর ওষুধ। কিছুতেই কিছু হলো না। জাতীয় মানসিক সাস্থ্য ইন্সটিটিউটের সহযোগি অধ্যাপক ডাক্তার হেলাল আহমেদ প্রথম বললেন, আপনার ছেলে সবার থেকে একটু আলাদা, ওকে ঢাকা নিয়ে যান। টাঙ্গাইলে এর চিকিৎসা হবে না। তারপর তিনি বললেন, আপনার ছেলে অটিস্টিক। এ কথা শুনে আঘাত পেলেও তারা স্বামী-স্ত্রী কেউ ভেঙে পড়েননি।

সেদিনই ঢাকা চলে গেলেন। বিভিন্ন সেন্টারে যোগাযোগ করলেন। অবশেষে জাইদির চিকিৎসা শুরু হলো। মিরপুর crp তে জাইদিকে occupational এবং speech therapy দেওয়া শুরু হলো। ভর্তি করা হলো ঢাকা প্রয়াশ স্কুলে। অনেক কঠিন যুদ্ধ। ঢাকা আসা-যাওয়া, থাকা, প্রচুর অর্থ খরচ। ঢাকাতে তিনটা বছর কাটে।

এদিকে নিজেদের চাকরি, সংসার, ছোট বাচ্চা, সব মিলিয়ে হাঁপিয়ে উঠেন তারা। ফিরে আসেন টাঙ্গাইল। কিন্তু এখানে কোন special school speech therapy এবং occupational therapy নেই।

তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার হওয়ায় প্রায় লক্ষ্য করতেন, তার ছেলের মতো টাঙ্গাইলে আরো অনেক শিশু রয়েছে। তাদের অভিভাবক সন্তানের চিকিৎসা ঠিকভাবে করাতে পারছে না। ঢাকায় নিয়মিত চিকিৎসা করানো অনেকের জন্য কঠিন। তাছাড়া এ চিকিৎসা ব্যয়বহুলও। এ অবস্থায় তার মাথায় একটি স্বপ্ন বাসা বাধে- টাঙ্গাইলে এরকম একটা theraty center হবে। যার মাধ্যমে তার সন্তানের সাথে সাথে অন্যদের সন্তান চিকিৎসা পাবে। শুরু করে দেন সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ।

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দেশে occupational এবং speech therapist এর সংখ্যা খুবই কম। অনেক কষ্টে therapist পেয়ে গেলাম। তারপর আল্লাহর অশেষ রহমতে একজন স্পেশাল এডুকেশন শিক্ষক পেলাম। আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে প্রত্যাশা। বর্তমানে ঢাকা থেকে ছয়জন প্রশিক্ষিত থেরাপিস্ট আসছেন। তাদের পাশাপাশি লোকাল চারজন কাজ করছেন।
বর্তমানে সাবালিয়াতেই একটি বাসা ভাড়া নিয়ে সেন্টারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তার নিজস্ব জায়গায় প্রত্যাশা স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারের পরিকল্পিত ভবন নির্মাণ কাজ শুরু করেছেন।

বিশেষ শিশু যারা ঠিকমত কথা বলতে পারেনা, অস্বাভাবিক আচারণ করে, ঠিকমত হাটা-চলা করতে পারেনা, অনুভূতির সমস্যা, অতিরিক্ত ভয় পাওয়া, অতিরিক্ত অস্থির প্রকৃতির- তাদেরকে অতি যত্ন সহকারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষজ্ঞ থেরাপিস্ট দ্বারা থেরাপি দেওয়া হয় প্রত্যাশা স্পেশাল স্কুল এন্ড থেরাপি সেন্টারে। গড়ে ৮০ জন শিশু এখানে চিকিৎসা নিচ্ছে বলে জানান সেন্টার কর্তৃপক্ষ।

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, বিশেষ শিশুটিকে আড়ালে না রেখে প্রকাশ করুন, বিকশিত হবেই।’ এটাই আমাদের শ্লোগান এবং এই মূল মন্ত্রটিকে ধারণ করেই আমাদের অগ্রযাত্রা। শারীরিক প্রশিক্ষণ এর মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করা।’‌

সর্বশেষ আপডেটঃ ০১. এপ্রিল ২০২৩ ০১:৫১:এএম ৩ বছর আগে
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - Ekotar Kantho

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুকে) অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার সামাজিক ও দাপ্তরিক কাজে সমাজের সর্বস্তরের যখন ভুয়সী প্রশংসা জনপ্রিয়তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, ঠিক সেই মুহুর্তে নির্বাচনে পরাজিত প্রার্থীরা আমার সুনামকে ক্ষুন্ন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য  অজ্ঞাত নামা একটি ফেক আইডি দিয়ে আমার ছবি সুপার এডিটিং করে বিভিন্ন আপত্তিকর কথা লিখে ফেসবুকে পোষ্ট করছে। এতে করে আমার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে মানসম্মান ব্যাপক ক্ষুন্ন হয়েছে।

এ বিষয়ে ইতিমধ্যে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়রি(যাহার নাম্বার ৯৭৯ তাং ২১.০৩.২০২৩) দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি মনে করি এই অপপ্রচার রাজনৈতিক প্রপাগান্ডা মাত্র। আমার রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রনোদিত হয়ে উক্ত সুপার এডিটিং করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি উপরোক্ত বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক,পুলিশ সুপার,র‌্যাব কমান্ডার ,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মররত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৩১. মার্চ ২০২৩ ০২:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে  মতবিনিময় সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মতবিনিময় সভা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সার্কিট হাউজের নতুন ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৮৫ জন অংশ গ্রহণ করে।

পরে আটটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২৩ ০২:২৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দোকান মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইলে দোকান মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

একতার কণ্ঠঃ পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্যের দাম গ্রাহক পর্যায়ে সহনীয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহর দোকান মালিক সমিতির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সদর থানা ও পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বাজারের চালপট্টি এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান খান আছু।

মতবিনিময় সভায় রমজান ও ঈদ পরবর্তি সময়ে শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে জেলা পুলিশের টহল টিম কাজ করবে বলে পুলিশ সুপার আশ্বাস দেন।

এ সময় পাঁচআনী-ছয়আনী বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৯. মার্চ ২০২৩ ০২:১৭:এএম ৩ বছর আগে
সাপ্তাহিক ‘সমাজচিত্র’ পত্রিকার আত্মপ্রকাশ - Ekotar Kantho

সাপ্তাহিক ‘সমাজচিত্র’ পত্রিকার আত্মপ্রকাশ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র নামে একটি পত্রিকা আত্মপ্রকাশ করেছে। রবিবার (২৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাপ্তাহিক পত্রিকাটি আত্মপ্রকাশ করে।

এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন,পৗর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা,টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল,প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক অরণ্য ইমতিয়াজ।

স্বাগত বক্তব্যে সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মামুনুর রহমান মিয়া তার অনুভুতি ব্যক্ত করে বলেন, আজ সর্বপ্রথম মনে পড়ছে আমার পিতার কথা। যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি আমাকে সব বিষয়ে অনুপ্রানিত করেছেন। তার ফসলই আজকের এই সাপ্তাহিক সমাজচিত্র।

তিনি আরো বলেন, প্রচলিত অন্যাণ্য সাপ্তাহিকের মতো গতানুগতিক সংবাদের বাইরেও এই সাপ্তাহিকে টাঙ্গাইল তথা বাংলাদেশের প্রকৃত সমাজ চিত্র তুলে ধরা হবে। তিনি পত্রিকাটি সঠিকভাবে চলার জন্য উপস্থিত সকলের গঠনমুলক সহযোগিতা কামনা করেন।

এ সময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. মার্চ ২০২৩ ০১:০৮:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

একতার কণ্ঠঃ নানা আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ মার্চ (রবিবার) সূর্য উদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনেরমধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়’ ৭১ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য়শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থশ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রত্যয়’ ৭১এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে ইএসআরএম গ্যালারীতে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং ক্যাম্পাসের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
স্বাধীনতা দিবসে টাঙ্গাইল জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি - Ekotar Kantho

স্বাধীনতা দিবসে টাঙ্গাইল জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি

একতার কণ্ঠঃ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখা।

২৬ মার্চ (রবিবার) সকালে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে টাঙ্গাইল জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন ।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সহ-সভাপতি সেলিনা তালুকদার, অ্যাডভোকেট রক্সি মেহেদী, সুলতানা বিলকিছ লতা সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৩ ০২:৪৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ, রবিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে পুষ্পস্তবক অর্পন ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রবিবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশিত হয়।

এছাড়া বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় শহিদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এদিন বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যত্ম কেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২৩ ০৮:৩৪:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।