/ হোম / টাঙ্গাইল সদর
দাইন্যা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংতার অভিযোগে সংবাদ সম্মেলন - Ekotar Kantho

দাইন্যা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংতার অভিযোগে সংবাদ সম্মেলন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লাভলু মিয়া লাবু নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছেন। বুধবার(২৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নানা অভিযোগ করেন। সেই সাথে সহিংসতা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। এসময় চেয়ারম্যান লাভলু মিয়ার সাথে কয়েকজন ভুক্তভোগী অনুসারী উপস্থিত ছিলেন।

সম্মেলনে লাভলু মিয়া লাবু লিখিত বক্তব্যে জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল হোসেনের কাছে তিনি পরাজিত হন। জয়লাভ করেই আফজাল হোসেন ও তার বাহিনী এলাকায় চাঁদা দাবি, কর্মী-সমর্থকদের ঘরবাড়ি -ভাংচুর সন্ত্রাসী কর্মকা- করছেন। যার প্রমাণাদী রয়েছে। তার কর্মী ফতেপুর গ্রামের আব্দুল মালেক, মিথিল, আজাহার উদ্দিন, আলিশাকান্দা গ্রামের আব্দুল হাকিম, ইউনুস আলী, আব্দুল মানিককে সন্ত্রাসী বাহিনী পিটিয়ে গুরুতর আহত করেছে। তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এদিকে ফতেপুর, আলিশাকান্দা, বিন্যাফৈর ও চারাবাড়ি গ্রামে কয়েকজন কর্মী-সমর্থকরা বাড়িতে থাকতে পারছে না। ইউনিয়নে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগও তুলেন তিনি।

লাভলু মিয়া লাবু আরো বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি জনগণের ভোটে বিজয়ী হতাম। এলাকায় সহিংসতা চাই না। জনগণের শান্তি চাই। নির্বাচনের পর সহিংসতার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা নির্বাচন ও এসপি অফিসে লিখিত আবেদন দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাইন্যা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল লতিফ, গিয়াস, আনোয়ার, রফিকুল, আব্দুল লতিফসহ গ্রাম ছাড়া বেশ কয়েকজন কর্মী-সমর্থক।

সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ প্রসঙ্গে  নব-নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। আমার জনপ্রিয়তায় পরাজিত হয়ে লাভলু মিয়া তাল-বেতাল হয়ে গেছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার সকল ষড়যন্ত্র তিনি শুরু থেকেই করছেন এবং এখনও চালাচ্ছেন। এটা পুলিশ প্রশাসন এবং এলাকাবাসী সবাই অবগত আছেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. ডিসেম্বর ২০২১ ০৩:২২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবিতে অটোরিক্সা ও ইজি বাইক শ্রমিকদের বিক্ষোভ - Ekotar Kantho

টাঙ্গাইলে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবিতে অটোরিক্সা ও ইজি বাইক শ্রমিকদের বিক্ষোভ

একতার কণ্ঠঃ হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনঃ বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবিতে টাঙ্গাইলে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অটোরিক্সা চালকরা। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা অটো রিক্সা, মেট্রো রিক্সা, ট্যাক্সি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটো রিক্সা, ট্যাক্সি ও অটো ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আ. লতিফ মিয়া, সদস্য সচিব লুৎফুল কবির, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।

সমাবেশ বিভিন্ন এলাকা থেকে আগত সহশ্রাধিক রিক্সা শ্রমিক অংশ নেয়। পরে পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, অটো রিক্সা, মেট্রো রিক্সা বন্ধে হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ গরীবের পেটে লাথি মারা ব্যতিত কিছু নয়। এ আদেশ বাস্তবায়নে বৃদ্ধি পাবে বেকার সমস্যা। এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবেন এ পেশায় লিপ্ত শ্রমিকরা। এছাড়াও এ ধরণের পরিবহনে চলাচলরত সাধারণ মানুষের বৃদ্ধি পাবে ব্যায়। সমস্যা লাঘবে হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনঃ বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ আপডেটঃ ২৯. ডিসেম্বর ২০২১ ০৯:১০:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিছানায় চারদিন পড়েছিল বৃদ্ধের লাশ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিছানায় চারদিন পড়েছিল বৃদ্ধের লাশ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার তালতলা এলাকা থেকে আনোয়ার তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত আতোয়ার তালুকদারের ছেলে।

টাঙ্গাইল সদর থানার এসআই বেল্লাল হোসেন জানান, আনোয়ার তালুকদারের ছেলে-মেয়ে ঢাকায় থেকে পড়াশুনা করে। তার স্ত্রী মাঝে মধ্যেই ছেলে-মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন। তারই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর ঢাকায় যান তিনি। এরপর থেকেই বাসায় একাই থাকতেন আনোয়ার।

তিনি আরো জানান, সর্বশেষ গত ২৩ ডিসেম্বর স্ত্রী-সন্তানদের সঙ্গে মোবাইলে কথা বলেন আনোয়ার। এরপর থেকে পরিবারের লোকজন একাধিকবার ফোন করেও তাকে পাচ্ছিলেন না। পরবর্তীকে তাদের এক ভাগ্নে বাসায় এসে ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কোনো সাড়া পায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, লাশটি অর্ধগলিত ছিলো। ৩ থেকে ৪ দিন আগেও মারা যাওয়ায় লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. ডিসেম্বর ২০২১ ০১:১৬:এএম ৪ বছর আগে
গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হলেন হাবেল - Ekotar Kantho

গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হলেন হাবেল

একতার কণ্ঠঃ রবিবার(২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৯ নং ওর্য়াডে মেম্বার নির্বাচিত হয়েছেন হাবেল তালুকদার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে জানা যায়, গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডটি গালার চর গ্রাম নিয়ে গঠিত। গালার চর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫৬০ জন। এদের মধ্যে ২০৬৯ ভোটার রবিার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রদত্ত ভোটের মধ্যে হাবেল তালুকদার ‘তালা’ প্রতীক নিয়ে ১৩৭৬ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মাজম আলী ‘মোরগমাকার্’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৩ ভোট।হাবেল তালুকদার তার প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ৬৯২ ভোট বেশি পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে হাবেল তালুকদার বলেন, গালা ইউনিয়নের ৯নং ওর্য়াডের গালা চরের সকল গ্রামবাসীকে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। আমি গালার চরের উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে গালা ইউনিয়নে চেয়ারম্যানপদে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম খান ‘মোটরসাইকেল’ মার্কা নিয়ে ১১০০৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন রাজকুমার সরকার। রাজকুমার সরকার ‘নৌক’া প্রতীক নিয়ে ৬৩৫০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. ডিসেম্বর ২০২১ ০৮:০৮:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার(২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি। বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

 

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২১ ০৮:৩৫:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৯ ইউপিতে আ.লীগ ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয় - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯ ইউপিতে আ.লীগ ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান বেশি নির্বাচিত হয়েছেন। ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ৯জন ও ১১জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষনা করেন।

এদিকে, একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন, বাঘিল ইউনিয়নে এসএম মতিয়ার রহমান মন্টু, ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহম্মেদ,
করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান মজনু; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে হুগড়া ইউনিয়নে নুর-ই আলম তুহিন, পোড়াবাড়ি ইউনিয়নে শাহাদত হোসেন, গালা ইউনিয়নে নজরুল ইসলাম খান ও মগড়া ইউনিয়নে মোতালেব হোসেন চেয়ারম্যান হয়েছেন।

ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন চকদার; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে গাবসারা ইউনিয়নে শাহ আলম ও নিকরাইল ইউনিয়নে মাসুদুল হক মাসুদ নির্বাচিত হয়েছেন।

ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সুজাত আলী খান, আনেহলা ইউনিয়নে তালুকদার শাজাহান; স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘাটাইল সদর ইউনিয়নে মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউনিয়নে সহিদুল হক মিলন, দিগলকান্দি ইউনিয়নে রেজাউল করিম মটু, দিঘর ইউনিয়নে ফারুক হোসেন ফনি ও দেওপাড়া ইউনিয়নে রুহল আমীন হেপলু।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত কেন্দ্র ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২১ ০৮:২৮:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নারী ফুটবলারদের ‘শীতউপহার’ প্রদান - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী ফুটবলারদের ‘শীতউপহার’ প্রদান

একতার কণ্ঠঃ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’-এর বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে ‘মোনালিসা ওমেন’স স্পোর্টস একাডেমী’র নারী ফুটবলারদের ‘শীতউপহার’ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর অস্থায়ী কার্যালয়ে টাঙ্গাইলের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা উদীয়মান নারী খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে উৎসাহ অনুপ্রেরণা যোগাতে ‘শীতউপহার’ প্রদান অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধার সন্তানদের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সাঈদ মোঃ লুৎফুল্লাহ ও ঢাকা মহানগর উত্তর এর ৫০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতারুজ্জামান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোনালিসা ওমেন’স স্পোর্টস একাডেমীর কর্ণধার কামরুন্নাহার খান মুন্নি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবিএম আসাদুজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিঃ মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, যুগ্মসাধারণ সম্পাদক সজীব খন্দকার, শাহরিয়ার আনোয়ার রাজীব, সাংগঠনিক সম্পাদক শাহ্ জনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিল্টন, টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলার আহ্বায়ক শামীমা খান সিমা, শহর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, সদস্য শিউলি খান সনিসহ টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২১ ০৭:২২:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা - Ekotar Kantho

টাঙ্গাইলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা

একতার কণ্ঠঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

বার্ষিক সাধারণ সভায়  প্রধান আলোচক ছিলেন হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এম আনোয়ারুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আলহাজ্ব নকিব উদ্দিন, বাপসু কেন্দ্রীয় কমিটির পরিচালক মো. মোকছেদুর রহমান হারুন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী মো. হাসান উদ্দিন ও উৎপল ভট্টাচার্য, শেরপুর জেলা শাখার সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌস, মানিকগঞ্জ জেলার সভাপতি ইকবাল হোসেন ও কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার হারুন-অর-রশিদ।

এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২১ ০১:৩২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের সাবালিয়া তানযীমুল উম্মাহ মাদ্রাসার অপহৃত শিক্ষক মো. খায়রুল ইসলাম(৩৮) বুধবার(২২ ডিসেম্বর) উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মো. রুবেল মিয়া(৩৩), মো. আ. রাজ্জাক মৃধার ছেলে মো. শাওন মৃধা(২৫) ও কচুয়াডাঙ্গার নূর মোহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আল মামুন(২০)।

জানা যায়, সাবালিয়া তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক মো. খায়রুল ইসলামকে গত ২১ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মাইক্রো স্ট্যান্ড থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষককে উদ্ধারের জন্য র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডারের কাছে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল অভিযানে নামে। তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানতে পারে- অপহরণকারীরা বার বার স্থান বদল করছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপন আদায়ের চেষ্টা করছে।

সর্বশেষ টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় অপহরণকারীদের অবস্থান জানতে পেরে ওই শিক্ষকের পরিবারের সহায়তায় মুক্তিপনের টাকা নিয়ে দেন-দরকার করতে থাকে। অপহরণকারীরা র‌্যাবের তৎপরতা টের পেয়ে ২২ ডিসেম্বর সন্ধ্যায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই শিক্ষককে রাবনা বাইপাসে ফেলে পালিয়ে যায়।

এক পর্যায়ে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা পাঠানোর জন্য রাজি হয়ে র‌্যাব দল ফাঁদ পাতে। র‌্যাবের ‘বিকাশ ফাঁদে’র কারণেই তিন অপহরণকারীকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অপহৃত মাদ্রাসা শিক্ষক মো. খায়রুল ইসলাম র‌্যাবকে জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণ করে এক নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ও ছবি তুলে রাখে এবং মুক্তিপন দাবি করে। মুক্তিপনের টাকা না দিলে এবং পুলিশকে জানালে ওই অশ্লীল ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ভিকটিমের পরিবারের আবেদনের ভিত্তিতে তারা আভিযানিক তৎপরতা শুরু করেন এবং বিকাশের ফাঁদে ফেলে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

পরে ভিকটিমের সঙ্গে জড়িয়ে এক নারীর অশ্লীল ভিডিও ও ছবি উদ্ধার করা হয়। এ বিষয়ে ভিকটিম মো. খায়রুল ইসলাম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২১ ০১:২৫:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

 একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৩০ ভাগ সিলেবাস বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই দাবিতে ঘন্টাব্যাপি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ অবরোধের ফলে মহাসড়কের উত্তরবঙ্গমুখি এলেঙ্গা আর ঢাকামুখি করটিয়া বাইপাস পর্যন্ত জানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এর আগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেয় টাঙ্গাইলের সৃষ্টি স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা আশেকপুর মহাসড়কে বসে অবস্থান নেয় ও মিছিল করে।

সৃষ্টি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সোহান বলেন, ২০২১ সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ সিলেবাস বহাল ছিল। ২২ সালের শিক্ষার্থীদের ৩০ ভাগ সিলেবাসের সুযোগ রাখা হয়নি। তবে করোনা মহামারির কারণে আমরা পর্যাপ্ত লেখাপাড়া সুযোগ বঞ্চিত হয়েছি। এ কারণে আমরা ৩০ ভাগ সিলেবাস বহাল রাখার দাবি জানাচ্ছি। ইতোপূর্বে এ দাবিতে আমরা জেলা প্রশাসক মহাদয়ের স্মরণাপন্ন হই। তবে তেমন কোন আশ্বাস না পাওয়া আমরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করছি।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা ৩০ ভাগ সিলেবাস বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ^াস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. ডিসেম্বর ২০২১ ১০:৫৪:পিএম ৫ বছর আগে
বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছে সরকারঃমির্জা ফখরুল - Ekotar Kantho

বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছে সরকারঃমির্জা ফখরুল

একতার কণ্ঠঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমান সরকার বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া ৭১ সালে পাক সেনাদের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাই বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

বুধবার(২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে এই মুর্হুতেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। আমরা বারবার বলেছি এটা মানবিক কারণে তাঁকে বিদেশে যেতে বাঁধা দিবেন না। কিন্ত তারা সে কথা শুনলেন না। যদি এই কারণে তাঁর মৃত্যু হয় তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, চুরি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাঠাচ্ছে।

বিএনপির ৩৫ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ থেকে পরিত্রানের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক এডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রী সাধারণ সম্পাদক সুলতালন সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির, ওবায়দুল হক নাসির ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

সর্বশেষ আপডেটঃ ২৪. জানুয়ারী ২০২২ ০৩:২৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে হুগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফা’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন - Ekotar Kantho

টাঙ্গাইলে হুগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফা’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফাকে হত্যার উদ্দেশ্যে সর্বহারা বাংলা ভাই কর্তৃক পরিচালিত আক্রমন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর)সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হুগড়া ইউনিয়ন বাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন খান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলী, হুগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থী তোফা বলেন, নৌকার প্রতীক দিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে অপর চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এবং আমার সাথে থাকা কর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় তিনজন কর্মী আহত হয়। তিনি এবিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছেন। তিনি নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন।

এরপর তিনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ হুগড়া ইউনিয়নের সমর্থীতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২১. ডিসেম্বর ২০২১ ১২:৫৫:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।