/ হোম / মির্জাপুর
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ ভ্যানের চালক জামাল, কনস্টেবল হারুন-অর রশিদ ও রাশেদ, শ্রমিক ইলিয়াস আলী, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অ(ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করছিলেন শ্রমিকরা।

এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন দুই আলু ব্যবসায়ী এবং ওসিসহ পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাগামী দ্রুতগতির অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, দুই আলু ব্যবসায়ী ও এক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে ভর্তি করা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস আলীর মৃত্যু হয়।

নিহত ইলিয়াস আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পরে শনিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. মার্চ ২০২৫ ০৩:৪৮:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতনের অভিযোগ সংখ্যালঘু নারীর - Ekotar Kantho

টাঙ্গাইলে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতনের অভিযোগ সংখ্যালঘু নারীর

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে হামলা-মামলা, নির্যাতন ও হয়রানীর অভিযোগ করেছেন সংখ্যালঘু পরিবারের এক নারী।

শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে উর্মিতা সাহা কলি নামের এক নারী অভিযোগ করেন, হামলা-মামলা থেকে রেহাই পেতে স্বামীকে তালাক দেয়ার পরেও কোন প্রতিকার পাচ্ছেননা তিনি।

লিখিত বক্তব্যে উর্মিতা সাহা কলি জানান, টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ১৪ বছর আগে সোনারতরী নামের একটি এনজি’র কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালে তার স্বামী পিন্টু দে সেখানে কর্মী হিসেবে যোগদান করেন। মির্জাপুরের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ’র ঘনিষ্ট ও আশির্বাদপুষ্ট মো. জাহাঙ্গীর আলম হলেন এই সংস্থার নির্বাহী পরিচালক। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু গত প্রায় এক বছর আগে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় চার কোটি টাকা সংস্থার একাউন্ট থেকে উধাও হয়ে যায়। এ ঘটনায় আমার স্বামী পিন্টু দের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন জাহাঙ্গীর আলম।

তিনি জানান, অর্থ লোপাটের বিষয়টি আগেই জানতে পেরে তার স্বামী পিন্টু দে লোপাটের বিষয়ে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সব কিছুই এমপি সাহেব অবগত আছেন। আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন। এর কিছুদিন পর জানতে পারি টাকা আত্মসাতের অভিযোগে পিন্টু দের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই পিন্টু বাড়ি ছাড়া হন। তাকে না পেয়ে জাহাঙ্গীর আলমের লোকজন আমার বাড়িতে এসে হুমকি ধামকি দেয়।

তিনি আরও জানান, এসময় তারা আসবাবপত্র ভাংচুর এবং এক পর্যায়ে আমার ১২ বছরের একমাত্র মেয়ে উপমা দে কে অপহরণের চেষ্টাও করে। এ ঘটনার পর এলাকার লোকজন আমাকে নানা ভাবে ভয়ভীতি দেখায়। আমার নামেও মামলা হবে এমন কথাও বলেন অনেকে। এ অবস্থায় কোন কুল কিনারা না পেয়ে আমি স্বামীকে তালাক দেই। কিন্তু তাতেও আমি রেহাই পাইনি। জাহাঙ্গীর আলমের এনজিওর কিছু গ্রাহক ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার বাড়িতে মাঝেমধ্যেই হামলা চালায়। বাড়ির কাছে মন্দিরসহ বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এবং আমাকে মারধর করে। এক পর্যায়ে আমি হামলা ও ভাঙচুরের মামলা দায়ের করি। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এরপর আমি থানায় দুইটি সাধারন ডায়েরি করি।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, প্রায় চার কোটি টাকা আত্মসাতের মামলায় ছয়মাস আত্মগোপনে থাকার পর পিন্টু দে উচ্চ আদালত থেকে জামিন পায়। উচ্চ আদালতের নির্দেশ মোতাকেব গত ১৫ দিন আগে নিন্ম আদালতে হাজির হতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পিন্টুকে আদালত চত্বর থেকে তুলে নিতে চেষ্টা করে। কিন্তু আশপাশের লোকজনের বাঁধার মুখে তারা ব্যর্থ হয়। মামলায় পিন্টু দে কারাগারে রয়েছে। অজ্ঞাত স্থান থেকে জাহাঙ্গীর আলম ও সাবেক সংসদ সদস্যের সন্ত্রাসীরা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উর্মিতা সাহা কলি প্রভাবশালীদের হামলা-মামলা, নির্যাতন ও হয়রানীর হাত থেকে রক্ষা পেতে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৯. মার্চ ২০২৫ ০২:৩২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ভাবিকে কুপিয়ে হত্যা করলো দেবর, মা-বাবাসহ আহত ৬ - Ekotar Kantho

টাঙ্গাইলে ভাবিকে কুপিয়ে হত্যা করলো দেবর, মা-বাবাসহ আহত ৬

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে দেবরের দায়ের কোপে ভাবি খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তের মা-বাবা ও চাচাসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের ভাদিলাপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার ইচাইল গ্রামের ভাদিলাপাড়ার নিমাই সরকারের ছেলে মোটরসাইকেল মেকানিক আনন্দ সরকার বুধবার বিকেলে বাড়ি গিয়ে চাচাতো ভাই রঞ্জিত সরকারের স্ত্রী রাজেশ্বরী সরকারের (৩৬) কাছে দা চান। দা পাওয়ার পর হঠাৎ আনন্দ সরকার বৌদি রাজেশ্বরীকে মাথায় কোপাতে থাকেন। এক পর্যায়ে বাবা নিমাই সরকার, মা মিষ্টি সরকার, চাচা দুলাল সরকার, আরেক বৌদি দিপা সরকার, সুমা সরকার এবং প্রতিবেশী দিগেন সরকারকে কুপিয়ে আহত করা হয়। এদের মধ্যে নিমাই সরকার ও সুমা সরকার বাদে ৪ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন আনন্দ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাজেশ্বরী সরকারের ১৭ বছরের একটি কন্যা ও ৭ মাসের একটি ছেলে রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আনন্দ সরকার বলেন, আমার মোটরসাইকেলের কিকার ঠিক করতে বৌদির কাছে দা চেয়েছিলাম। দা হাতে নেওয়ার পর মাথায় চক্কর মারে। এরপর কী হইছে আমি জানি না।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনার পর আনন্দ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. মার্চ ২০২৫ ০৩:২০:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

সাহান হাসানঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বৈরাম খানের লেবু বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাফর্তা গ্রামের সেলিম খানের ছেলে মো. রাকিব খান (২৪) ও লালমনিহার জেলার কালিগঞ্জ উপজেলার পাখাতি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩৭)।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রাতে বৈরাম খানের লেবু বাগানে অভিযান চালায় তারা। এসময় পুলিশকে দেখে গ্রেপ্তার বাদশা মিয়া ও রাকিব খান দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে।

তিনি আরও জানান, বাজারের ব্যাগে ভর্তি ৯৪ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. মার্চ ২০২৫ ০২:১২:এএম ১ বছর আগে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার - Ekotar Kantho

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

আরমান কবীরঃ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদ‌ণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১ মার্চ) সকালে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দীদের সাথে কয়েদী শাহাদাত হোসেন পালিয়ে যায়।

এ ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামির অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করে। পরে দীর্ঘ সাত মাসের অব্যাহত চেষ্টার পর র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সর্বশেষ আপডেটঃ ০২. মার্চ ২০২৫ ০২:১৫:এএম ১ বছর আগে
বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: টাঙ্গাইলের পুলিশ সুপার - Ekotar Kantho

বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: টাঙ্গাইলের পুলিশ সুপার

আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার লুণ্ঠিত হয়েছে। ওই সময় দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৪৮:এএম ১ বছর আগে
চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা - Ekotar Kantho

চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা

সাহান হাসানঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ বাসে ডাকাতির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ওমর আলী বাদি হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে এই মামলা দায়ের করেছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে যাত্রীবাহী ওই বাসটিতে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।

ওমর আলীর বর্ণনা অনুসারে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি শেষে ডাকাতরা বাস থেকে নেমে যায়।

ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসচালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তার সহকারী মাহবুব আলম (২৮) কে আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।

সর্বশেষ আপডেটঃ ২২. ফেব্রুয়ারী ২০২৫ ০২:২২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার  - Ekotar Kantho

টাঙ্গাইলে কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার 

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরীফ অবমাননার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাতের অভিযোগে তাইজুল ইসলাম(২৭) নামে এক যুবককে যৌথভাবে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তাজুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের বানেছ মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার অনুমানিক রাত ৮টার দিকে ইলেকট্রনিক যন্ত্র ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কোরআন শরীফের উপর নিজের ছবি বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক ও ইমুতে প্রকাশ করেন তাইজুল। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে রাতেই শতাধিক গ্রামবাসী তার বাড়ি ঘেরাও করে মারমুখী অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন, তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীরের ভক্ত। মাঝে মাঝে তারা ওই পীরের দরবারে যাতায়াত করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মোশারফ হোসেন জানান ,তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জানুয়ারী ২০২৫ ১২:০৭:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন - Ekotar Kantho

টাঙ্গাইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

আরমান কবীরঃ টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি)বিকেলে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের পুরাতন কোর্ট মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।

সর্বশেষ আপডেটঃ ২০. জানুয়ারী ২০২৫ ০২:১০:এএম ১ বছর আগে
ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি - Ekotar Kantho

ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরের ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে তাদেরকে অব‌্যাহ‌তি প্রদান করা হয়।

আদেশে বলা হ‌য়ে‌ছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ণ থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এদিকে, অব‌্যাহ‌তি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত্যাগ ক‌রে যার যার বাড়িতে রওনা হ‌য়েছে বলে সূত্রে গেছে।

ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ছয় মাস মেয়াদি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে ছয় জন অসুস্থ হওয়ায় তা‌দের বাদ দেওয়া হয়। পরে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন।

১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সে‌টির তারিখ বাতিল ক‌রে ১২ জানুয়ারি করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪ জুন থেকে সাতটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত কুচকাওয়াজ আগামী ১২ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে।

অব‌্যাহ‌তি পাওয়া কনস্টেবলরা দাবি করেন, ১৯১‌ দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। ৭৮৭ জন কনস্টেবলের প্রশিক্ষণ হ‌য়েছে। পা‌সিং প্যারেড হওয়ার কথা থাকলে সে‌টির তারিখও পরিবর্তন করা হ‌য়েছে। বৃহস্পতিবার হঠাৎ অব‌্যাহ‌তির চিঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের কোনও কাজ না ক‌রেও তাদের চাকরি থেকে অব‌্যাহ‌তি দেওয়া হলো। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সা‌হেদ মিয়া জানান, এই বিষ‌য়ে পুলিশ হেড‌কোয়ার্টার ছাড়া আমরা কোনও বক্তব্য দি‌তে পার‌বো না।

ম‌হেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানের সঙ্গে মোবাইলে বারবার যোগা‌যোগের চেষ্টা করা হলেও তিনি রি‌সিভ ক‌রেন‌নি।

সর্বশেষ আপডেটঃ ০৩. জানুয়ারী ২০২৫ ০৭:৪৫:পিএম ২ বছর আগে
মানবাধিকার সুরক্ষায় পুলিশের বিশেষ দৃষ্টি রাখতে হবে: ডিআইজি আশফাকুল - Ekotar Kantho

মানবাধিকার সুরক্ষায় পুলিশের বিশেষ দৃষ্টি রাখতে হবে: ডিআইজি আশফাকুল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মানে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি অর্জনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলায় প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, একটি গণমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ। মানবাধিকার সুরক্ষার বিষয়েও পুলিশের বিশেষ দৃষ্টি রাখতে হবে। একজন পুলিশ কর্মকর্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত প্রতিটি ব্যক্তির মানবাধিকারকে সম্মান করা।

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট এসআইদের ২১তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোমবার(৪ নভেম্বর )সকাল ৮টায় ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এই প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

সকাল ৮টায় ২৫৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় ক্যাডেট (এসআই) ৬টি দলে বিভক্ত হয়ে ২১ তম সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে মার্চপাস্ট শুরু করেন।

এই মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি। মার্চপাস্ট শেষে মাঠ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পিএসআই (নিরস্ত্র) উদয়ন বিকাশ বড়ুয়া, পিএসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলাম ও পিএসআই (নিরস্ত্র) অমৃত লাল দাসকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম তাদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে প্রধান অতিথি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে।

সর্বশেষ আপডেটঃ ০৫. নভেম্বর ২০২৪ ১২:৫৮:এএম ২ বছর আগে
মির্জাপুর উপজেলা ছাত্রদল নেতার শ্বশুরবাড়িতে মৃত্যু, পরিবারের দাবি অস্বাভাবিক মৃত্যু - Ekotar Kantho

মির্জাপুর উপজেলা ছাত্রদল নেতার শ্বশুরবাড়িতে মৃত্যু, পরিবারের দাবি অস্বাভাবিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল বলে দাবি করেছেন তার পরিবার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পাশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদি এলাকার খালপাড় গ্রামের শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলম উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জাহাঙ্গীরের চাচা আমিনুল ইসলাম জানান, গত রমজানে জাহাঙ্গীর আলমের সঙ্গে মামাতো বোন শিফা আক্তারের পারিবারিকভাবে বিয়ের কথা চলছিল। এরমধ্যে শিফা অন্য এক ছেলের সঙ্গে চলে যান। বাবা সালাহউদ্দিন মেয়েকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। এরমধ্যে শিফা বাড়িতে একবার বিষপান করেন। এরপরও তিনমাস আগে জাহাঙ্গীর শিফাকে বিয়ে করেন এবং শ্বশুরবাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে জাহাঙ্গীরের অস্বাভাবিক মৃত্যু হয়।

খবর পেয়ে জাহাঙ্গীরের পরিবারের লোকজন নিয়ে সালাউদ্দিনের বাড়িতে যান। তার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং তার মৃত্যু অস্বাভাবিক বলে পরিবারের দাবি। বিষয়টি পুলিশকে অবহিত করেন জাহাঙ্গীরের পরিবার।

মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ বলেন, জাহাঙ্গীর আলম সুদর্শন ও ভালো ছেলে। অল্প বয়সে তার মৃত্যুর বিষয়টি শুনে কষ্ট পেয়েছি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২৪ ০৪:৪৩:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।