/ হোম / মির্জাপুর
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মু‌ক্তি‌যোদ্ধাসহ দুজন নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্লা এলাকায় সকা‌লে অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান উদ্দিন এবং দুপু‌রে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পাকু‌টিয়া এলাকায় বাস ও সিএন‌জির সংঘ‌র্ষে আতিক হাসান (৩০) নিহত হন।

মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক প‌রিবহ‌নের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক আতিক হাসানের। তার বাড়ি উপজেলার চৈথট্র গ্রামে। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ০৫. জানুয়ারী ২০২৪ ০১:৫৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপি’র লিফলেট বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপি’র লিফলেট বিতরণ

একতার কণ্ঠঃ আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে লিফলেট বিতরণ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মির্জাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার নেতৃত্বে প্রায় ঘন্টাব্যাপী এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, উপজেলা যুবদলের তিন যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, মো. ফরিদ মিয়া, মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লাভলু সিদ্দিকী, পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম আহমেদসহ অনেকেই।

লিফলেট বিতরণের সময় উপজেলা ও পৌর বিএনপি’র নেতারা উপস্থিত জনগণকে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে বিএনপি’র নেতা-কর্মীসহ সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান।

বিতরণকৃত লিফলেটে ভোট গ্রহণে নিযুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, জনগণকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, বিদ্যুৎ বিল প্রদানে বিরতসহ সকল প্রকার ব্যাংক লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলার কথা লেখা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. ডিসেম্বর ২০২৩ ০৩:৫২:এএম ২ বছর আগে
পদ ফিরে পেলেন মির্জাপুর পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী - Ekotar Kantho

পদ ফিরে পেলেন মির্জাপুর পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী

একতার কণ্ঠঃ বিএনপি’র চলমান আন্দোলন কর্মসূচীতে ভূমিকা না রাখার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞাকে পৌর বিএনপি’র সভাপতি পদ থেকে পরিবর্তনের ৪দিন পর হযরতকে পুনরায় স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

রবিবার (১০ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে।

তবে রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হযরত আলী মিঞাকে অসুস্থ থাকায় তাকে অব্যাহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিলো উল্লেখ করা হলেও গত ৬ ডিসেম্বর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হযরত আলী মিঞাকে আন্দোলন কর্মসূচীতে ভূমিকা না রাখার কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে হয়রত আলী মিঞাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে আলী আজম সিদ্দিকী জানান ,ফেসবুকে আমি এরকম একটি বিজ্ঞপ্তি দেখেছি। দলের কেউ আমাকে এ ব্যাপারে অবগত করেনি।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২৩ ০২:৫০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে নিরুপম রাহা (৪০) নামে এক যুবক ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে । সোমবার(৪ ডিসেম্বর )দুপুরে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে। সে এক কন্যা সন্তানের জনক।

জানা যায়, নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণে জর্জরিত হয়ে পড়লে সদরের বাইমহাটী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকে। এক পর্যায় সে মাদকাসক্ত হয়ে পড়ে। সোমবার দুপুরে সে বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় রেললাইনের উপর বসে থাকে। পরে নিলফামারী জেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেনটি দুপুর সোয়া দুইটার দিকে ওই স্থানে পৌছালে নিরুপম রাহা ওই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব নিরুপম রাহার চাচাতো ভাই সুজন কুমার জানান, নিরুপম আর্থিক অনটনে ঋণে জর্জরিত হয়ে মাদকাসক্ত হয়। কয়েকদিন আগেও তিনি তাকে কয়েক হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনেকাটা পড়ে নিরুপম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২৩ ০৩:২৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছুরিকাঘাতে স্ত্রী বেদেনা বেগমকে (৫০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সাথে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায় ভোর রাতে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২৩ ০১:০৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে । শনিবার (৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম (৩২) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রায় গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি গোড়াই উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সে গোড়াই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলে কর্মরত ছিলেন।

গোড়াই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. আদিল খান জানান, নাজমা বেগম ওই এলাকায় শাক তুলতে গেলে ট্রেন লাইন পারাপারের সময় ঢাকাগামী স্পেশাল-৭ ট্রেনে কাটা পড়েন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর ট্রেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৫. নভেম্বর ২০২৩ ০২:৪৯:এএম ৩ বছর আগে
মির্জাপুরে পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় ও ব্রিটিশ হাইকমিশনার - Ekotar Kantho

মির্জাপুরে পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় ও ব্রিটিশ হাইকমিশনার

একতার কণ্ঠঃ:টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ব্রিটিশ ও ভারতীয় হাইকমিশনার এবং বাংলাদেশের প্রধান বিচারপতি।

সোমবার(২৩ অক্টোবর )সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা পূজা মন্ডপ পরিদর্শন করেন।

সন্ধায় কুমুদিনী হাসপাতাল লাইব্রেরীতে পৌছালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম ও ডিজিএম (অপারেশন) অনিমেষ কুমার ভৌমিক তাঁদের স্বাগত জানান।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ,সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ রঙিন বজরা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গা মন্ডপে যান। সেখানে মন্ডপ পরিদর্শন ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ আরতী নৃত্য উপভোগ করেন। এছাড়া বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খাইরুল আলম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, মো. রুহুল কুদ্দুস, আকরাম হোসেন চৌধুরী, অতিরিক্ত ডিআইজি মারুফ হাসান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২৩ ০৮:১০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া সাইফুল ইসলাম নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর সেতুর নিকট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় সাইফুল ইসলাম। দীর্ঘ চেষ্টার পর সোমবার দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাইফুল ইসলাম (ভূটকু) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে।

জানা যায়, রোববার রাতে সাইফুল ইসলাম মির্জাপুর পৌর এলাকার দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের ৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ১০ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও তারা নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়।

কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের চার ডুবুরি চেষ্টা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ডেন্ট এসে মরদেহ গ্রহণ করেছেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৪. অক্টোবর ২০২৩ ০১:১১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাকিম মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। স্ত্রী বাবার বাড়ি গিয়ে আর ফিরে না আসায় তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানি মহিলা কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাকিম মিয়া উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের ফটু মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হাকিম মিয়া স্ত্রীকে নিয়ে মহিলা কলেজ পাড়ার একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। এক সপ্তাহ আগে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে স্ত্রী বাপের বাড়ি গাইবান্ধায় চলে যান।

অটোরিকশা বিক্রি করে দুই দিন আগে হাকিম স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু স্ত্রী ফিরে না আসায় বুধবার রাতে তিনি আত্মহত্যা করেন। এর আগে মা-বাবাকে তিনি মোবাইলে আত্মহত্যা করার কথা জানান। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে ওই বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাকিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২০. অক্টোবর ২০২৩ ০৩:২৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাদক বহনের দায়ে আমিনুর রহমান নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার(৫ অক্টোবর ) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান ।

দণ্ডিত মো. আমিনুর রহমান (৩৯) মির্জাপুর উপজেলা পানিশাইল গ্রামের বাসিন্দা।

সরকারি কৌঁসুলি (পিপি) আকবর খান জানান, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহবশত আমিনুরকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম মাদক হেরোইন জব্দ করা হয়। এ ঘটনার পরদিন ডিবির এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ওবায়দুর রহমান ২০২২ সালের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

সর্বশেষ আপডেটঃ ০৬. অক্টোবর ২০২৩ ০৪:৪৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩০) ও তার স্ত্রী মোছা. বাছির খাতুন (২৮)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকষ দল বুধবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ হাজার ২০০ পিস বিক্রি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ওই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের নামে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

সর্বশেষ আপডেটঃ ০৬. অক্টোবর ২০২৩ ০১:১৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনিং সেন্টারে দৌড় দিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনিং সেন্টারে দৌড় দিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় কামাল হোসেন নামের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এক কিলোমিটার দৌড়ের সময় তার মৃত্যু হয়। তাকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় অন্যান্য প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নিহত কামাল হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকজল গ্রামের মৃত মোকসেদ আলী ফকিরের ছেলে।

তিনি বরিশাল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)।

জানা গেছে, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ১নং কোম্পানির ডিপার্টমেন্টাল ক্যাডেট মো. কামাল হোসেন সকালে এক কিলোমিটার দৌড়ের পরীক্ষা দিচ্ছিলেন। পরে তিনিসহ আরও কয়েকজন পিটি টেস্টের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল টিমের সদস্যরা চিকিৎসা দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ পিটিসিতে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, ‘ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালের আনা হয়েছিল। পরে তার লাশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট (ডিআইজি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অ্যাডিশনাল ডিআইডিজ আশরাফুল আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ আপডেটঃ ০১. অক্টোবর ২০২৩ ০৮:৫৭:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।