একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীর সাথে অভিমান করে আলমগীর হোসেন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে মৃতের দাদির ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।
আত্নহননকারী আলমগীর মধুপুর উপজেলার আকাশী গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, পারিবারিক কলহে স্ত্রীর সাথে আলমগীরের বেশ কিছু দিন যাবৎ অভিমান চলছিল।
মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) আমির আলী জানান, পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এটা খুব দুঃখ জনক ও বেদনা দায়ক। এটি নিয়ে মানুষের মনে শঙ্কাও সৃষ্টি হয়েছে।
অনেকেই বলছেন, এ বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। এ বিষয়টি আমাদের মনে হয় পরীক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত হচ্ছে, তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। এ সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার দায়িত্বে ক্ষমতায় রযেছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে,তা আইন অনুযায়ী করা হয়েছে।
এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।
সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি মন্ত্রী।
আলোচনা সভায় পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হাদী নূর আলী খান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
“শৈশব ফিরুক সবার প্রাণে স্কুলের বাঁধন জাগুক মনে” এ শ্লোগান নিয়ে সকাল থেকে বিদ্যালয়ের নানা বয়সী সতীর্থরা তাদের প্রাণের বিদ্যাপিঠে পুনর্মিলনীতে যোগ দেয়। আলোচনা সভা, স্মৃতি চারণ, সাংস্কৃতিক উৎসবসহ নানা আয়োজনে প্রাণের সেতু বন্ধন তৈরি হয়। শৈশবের সতীর্থদের স্মৃতি চারণে মেতে উঠে সবাই। বর্নীল আয়োজনে সাজানো হয়েছে বিদ্যালয় ক্যাম্পাস কে।
নিজের আজকে শৈশবে ফিরা যাওয়া কে ধরে রাখতে মুঠো ফোনে সেলফি তোলে রাখছেন অনেকে।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে কন্ঠ শিল্পী কোনাল। পুরো বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে প্রাণের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে অটোরিকসা চালক কিশোরকে খুন করে অটো ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে,চালকের মরদেহ ফেলে রেখে ছিনতাইকারী অটোরিক্সা নিয়ে পালিয়েছে।
নিহতের নাম মো. মনি (১৪) সে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পুগলদীঘিয়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
মধুপুর পৌরসভার কাইদকাইত এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ব্রীজের পাশে ২০-২৫ ফুট নিচে বেগুন ক্ষেত থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা,শনিবার ( ২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় কোন এক সময়ে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয়রা শনিবার সন্ধ্যায় বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বড় ভাই রবিন জানান, সে শনিবার ঈদের দিন বিকেল ৩ টার দিকে অটোবাইক নিয়ে বের হয়। বাড়ী ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ দেখায়। পরে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে , রবিবার( ২৩ এপ্রিল)সামাজিক যোগাযোগের মাধ্যমে মরদেহের ছবি দেখে তারা মধুপুর চলে আসে। মধুপুর থানায় গিয়ে মরদেহ দেখে নিহতের স্বজনরা সনাক্ত করেন এটি নিখোঁজ হওয়া মনির মরদেহ ।
নিহতের স্বজনদের ধারণা অটোবাইক ছিনতাই করে তাকে খুন করা হয়েছে। উদ্ধাকৃত মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মধুপুর থানা অফির্সাস ইনচার্জ (ওসি)মাজহারুল আমিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিল (৪২) খুন হয়েছেন। কেরাম খেলা নিয়ে পুরনো দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) ইফতারের আগমুহুর্তে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে।
স্থানীয় বাসিন্দারা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিলের বিরোধ বাধে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। বিষয়টি আপোস মীমাংসার জন্য আলোচনা চলমান।
তারা আরো জানায়,শনিবার ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল তুলছিলেন। এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আব্দুল জলিল তাৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল খুন হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল, গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,ডাকাতি ঘটনার পর ওই বাসের যাত্রী আরিফুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন।ঘটনার পর থেকে মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল তদন্তে নামে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। বুধবার সকাল সাতটার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম থেকে প্রথমে রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চোরাই মুঠোফোন ও ডাকাতিতে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
পরে রতনের দেওয়া তথ্য অনুযায়ী, সুজন মিয়া ও আরিফ হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়ক এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বেলা একটার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান,, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চারজন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই দিন তাঁরা আটজন ডাকাতিতে অংশ নেন বলে পুলিশকে জানিয়েছেন। ওই বাস থেকে তাঁরা ১৩টি মুঠোফোন, একটি স্বর্ণের চেইনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০টার দিকে ঢাকার মহাখালী থেকে ইমন পরিবহনের একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে জামালপুরের মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে বাইপাইল কাউন্টার থেকে আরও কয়েকজন ওই বাসে ওঠেন। ওই যাত্রীদের মধ্যে সাত–আটজন ডাকাত দলের সদস্য ছিলেন। বাসটি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা চালককে মারধর করে দেশি অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাঁরা চলন্ত বাসে যাত্রীর কাছ থেকে মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা লুট করেন। এ সময় কয়েক যাত্রী বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করেন। পরে মধুপুর উপজেলার রক্তিপাড়া পেট্রলপাম্পের কাছে বাস থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে অন্তত সাত যাত্রী।
সোমবার(৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রক্তিপাড়ার নরকোণা এলাকায় ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। বাকী পাঁচ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছেন।
পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা নামকস্থান থেকে থেকে ৭ খেকে ৮ জন ডাকাত দল যাত্রীবেশে বাসটিতে উঠে। বাসটি মহাসড়কের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল সাত যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ডাকাতি শেষে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় বাস থেকে নেমে যায়।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও আটক করতে অভিযান চলছে।
একতার কণ্ঠঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই,ইলেকশন করবে নির্বাচন কমিশন,দায়িত্ব নির্বাচন কমিশনের তারা সকল দায়িত্ব পালন করবে,জননেত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী থাকবে। জাপান,শ্রীলংকা সহ বিভিন্ন দেশেও কোন তত্ত্বাবধায়ক সরকার নেই। এই সময় ক্ষমতা থাকবে না প্রধানমন্ত্রীর তবে দায়িত্ব থাকবে। আর্মি চীফ, আইজিপি সহ সকল দায়িত্ব কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ থাকবে বলে মন্ত্রী মন্তব্য করেন।
রবিবার(২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে মধুপুরের গড় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শত জন কৃষকের মাঝে ১ লক্ষ টাকা করে ৪% স্বল্প সুদে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা দিবসে তারা বলছে জয় বাংলা বলবে না। বিএনপি জামাত জয় বাংলা বলবে না,আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে।
তিনি আরো বলেন,আমি মুক্তিযোদ্ধা ছিলাম। দেশের একটি পত্রিকা বলছে যে স্বাধীনতা দরকার নাই আমি না খেয়ে থাকি,খুব কষ্ট লাগে এসব কথা শুনলে। ১০ বছরের শিশুকে ১০ টাকা হাতে দিয়ে ছবি তোলে বলে স্বাধীনতার দরকার নেই। এখনো যারা বলে স্বাধাীনতা দরকার নাই তারা পাকিস্তানের সহচর।
কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর হারুনির রশীদ হীরা প্রমূখ।
পরে মধুপুর গড় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে এবি ব্যাংক স্বল্প সুদে ১ হাজার ৫’শ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মধুপুরে ১২’শ ও ধনবাড়ি উপজেলার ৩’শ জন কৃষকদের মাঝে এ স্বল্প সুদে এ কৃষি ঋণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে এবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগার কে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর করলো এক যুগ বয়সী অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’।
শুক্রবার (২৪ মার্চ) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর হয়।
মধুপুরবাসী ফেসবুক গ্রুপ আয়োজিত বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. উত্তম কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এস এম শহীদ প্রমুখ।
আয়োজক সংগঠনের মর্ডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকান্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লক্ষ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করে। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাস ব্যাপি সংগ্রহ করা হয়। ৫শ ৮৪ টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা মধুপুর প্রেসক্লাবে হস্তান্তর করে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগ।
সুশীলন নামক বেসরকারি সংস্থার সহযোগিতায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সুশীলনের ই এম ই মো. এ মোসা বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এসএসকে’র সুপার ভাইজার মো. রিফাত হোসাইন, গ্রীণ ডেলন্টা ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিনিধি মো. নাসির উদ্দীন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য জাবেদ আলী, লিলি বেগম, রাশিদা বেগম,রফিকুল ইসলাম,কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জোয়াহের আলী প্রমুখ।
কর্মশালায় এসএসকের স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউপি সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি শুক্রবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশুদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন।
মন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহুর্ত সমাজের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
ড. রাজ্জাক আরো বলেন, বাঙালী-অবাঙালী সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। মুসলমান-হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সকলকে নিয়ে দেশকে উন্নত রাষ্ট্র করার পরিকল্পনা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিবেদিত রয়েছেন। সকলের সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।
মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক ও শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জন্মদিনের কেক কাটা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের চুরির ঘটনায় ১২ ল্যাপটপ উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার(৬ মার্চ) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক ৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও চারজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। চুরির ঘটনায় গত ২৬ ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২১),শোলাকুড়ি কুড়ালিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে শরীফ ওরফে শুভ (২০),ধনবাড়ী উপজেলার উখারিয়াবাড়ী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মুক্তার হোসেন (২৪),মমিনপুর কাউচিবাজার গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. ইমরান (১৯) একই গ্রামের লোকমান হোসেনের ছেলে মো.খায়রুল ইসলাম (১৯) মো. হাবিবুর রহমানের ছেলে আবু সাইদ (২২), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর নয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ওমর সানি (২৫)।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গত ২২ থেকে ২৬ ডিসেম্বরের যে কোন সময় ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের চার তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬ টি ল্যাপটপ চুরি হয়। ল্যাপটপ সহ যার আনুসাঙ্গিক মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়। চুরির ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করার জন্য ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই মনির হোসেনের নেতৃত্বে নিরন্তর চেষ্টা চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে চুরির ঘটনার সাথে জড়িত মো. রেজাউল করিমকে রবিবার ভোর রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউলের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকার ওমর সানি ও আবু সাইদকে গ্রেফতার করা হয়। আসামীদের দেওয়া তথ্যর ভিত্তিতে মুক্তার হোসেন, মো. ইমরান, মো. খায়রুল ইসলাম ও মো. শরীফ ওরফে শুভকে জেলার মধপুর ও ধনবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, রেজাউল করিমের হেফাজতে থাকা ৬টি ,ওমর সানির কাছ থেকে ২ টি ও আবু সাইদ, ইমরান, খায়রুল মুক্তারের নিকট থেকে ১টি করে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালতের বিচারক রেজাউল, ওমর সানি ও আবু সাইদকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়াও বাকি চার জন চোরাইকৃত ল্যাপটপ ক্রেতা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে চাচার সাথে ঘুরতে গিয়ে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরে পিষ্ট হয়ে ইমন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মধুপুর পৌরসভার বিপ্রবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে। সে মধুপুর মুকুল একাডেমির দ্বিতীয় শ্রেনীতে অধ্যায়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা চাচা আলহাজ উদ্দিন প্রতিদিনের মত কৃষি হালচাষের জন্য ট্রাক্টর নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় স্কুল বন্ধ থাকায় আদরের ভাতিজাকে সাথে নিয়ে যান। ভাতিজা ইমনকে পাশে বসিয়ে জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলো। চাচার অজান্তে শিশুটি ট্রাক্টরের নিচে পড়ে পিষ্ট দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
এ প্রসঙ্গে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।