একতার কণ্ঠঃ বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠল টাঙ্গাইলের মধুপুর আওয়ামী লীগের বিভক্তি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয় ‘বিশেষ বর্ধিত সভা’। কিন্তু তাতে উপস্থিত ছিলেন না দলটির উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতা।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান ওরফে আবু খাঁ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন। গত মে মাসে এ ঘোষণা দেওয়ার পর উপজেলা আওয়ামী লীগের বিভক্তি প্রকাশ হতে থাকে। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তাঁর অনুসারীরা সরোয়ার আলম খানের প্রার্থিতাকে ভালোভাবে নেননি। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি বাড়তে থাকে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সরোয়ার আলম খান গত ২৩ জুন সমাবেশের আয়োজন করেন। ওই সমাবেশকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের অনুসারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এর পর থেকে দুই পক্ষের ‘মুখ দেখাদেখি’ বন্ধ হয়ে যায়।
আব্দুর রাজ্জাকের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াকুব আলী, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল ইসলাম ও সাদিকুল ইসলামের নেতৃত্বে গতকালের বিশেষ বর্ধিত সভা ডাকা হয়।
মধুপুর অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাঁদের অনুসারীরা অংশ নেননি।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নামে বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে। কিন্তু আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক কিছুই জানি না। যাঁরা এই সভা ডেকেছেন, তাঁরা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।’
সভা সূত্র জানায়, বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াকুব আলী।
মঙ্গলবার সন্ধ্যায় ইয়াকুব আলী গণমাধ্যমকে বলেছেন, বিশেষ বর্ধিত সভা সফল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের দু-একজন অনুসারী ছাড়া সব নেতা-কর্মী আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থাশীল।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেছেন, অনেক নেতাদের ভয় ও লোভ দেখিয়ে বর্ধিত সভায় নেওয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা করে খুব শিগগিরই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকবেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেছেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে ২০০১ সালে আব্দুর রাজ্জাক দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য হন। দুবার তিনি মন্ত্রীও হয়েছেন। মধুপুরে দলীয় ও সরকারি বিভিন্ন বিষয়ে আব্দুর রাজ্জাক দায়িত্ব দিয়ে রাখতেন সরোয়ার আলম খানকে। একসময় সরোয়ার দলীয় নেতা-কর্মীদের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে মে মাসে ঘোষণা দেন। গণমাধ্যমে কৃষিমন্ত্রীকে কটুক্তি করে বক্তব্য দেন। এর পর থেকেই দলীয় কোন্দল প্রকাশ পায়।
একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। আপনারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেন নাই। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছেন। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নাই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াতের সংগ্রাম লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি যে ভয় দেখাচ্ছে এই ভয় জানি আমাদের আক্রমণ ও গ্রাস না করতে পারে। আমরা তাদের রাজপথে থেকেই মোকাবেলা করবো। অতীতেও করেছি রাজপথে থেকে আগামীতেও তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ সরকার দেশের শান্তি দিয়েছে, জীবনের নিরাপত্তা দিয়েছে, ব্যবসা বাণ্যিজের নিশ্চয়তা দিয়েছি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য কর্মীরা প্রস্তুত থাকবো। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকবো। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে। নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। জনগণকে বুঝাবো আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা। উন্নয়নের গল্প কাহিনী সারা পৃথিবীর মানুষ জানে। সেগুলো আমরা দেশবাসীর মাঝে তুলে ধরবো। সাথে সাথে বিএনপির ষড়যন্ত্র, হুমকি বিদেশীদের দিয়ে ষড়যন্ত্র সব কিছুতে মোকাবেলা করবো। আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ। যুক্তরাষ্ট্র, আমেরিকা, লন্ডন আওয়ামী লীগের শক্তির উৎস না। আওয়ামী লীগের শক্তির উৎস তৃণমূলের সাধারণ কর্মীরা। আওয়ামী লীগের ক্ষমতা কোন বাহিনী নয়, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে নাই। আমাদের জনগণই শক্তি, এই শক্তিকে নিয়ে পৃথিবীর যে কোন শক্তিকে নিয়ে আমরা মোকাবেলা করার যোগ্যতা রাখি।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আব্দুল গফুর মন্টু, ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমূখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরের বোয়ালীতে ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আবু সাইদ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। সে মধুপুরের শহরের কসমেটিকস ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কুড়ালিয়া মাদ্রাসা থেকে হেফজ পাশ করেছে।
বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে পরিত্যক্ত রুমের তালা খোলা দেখে প্রতিবেশী ভিতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
জানা যায় পারিবারিক অমিলের কারনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আবু সাইদ বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। রাতে তার বাবা মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন। ।
শহিদুল ইসলাম জানান, লেখাপড়া না করার কারনে সাইদকে আমার সাথে দোকানে বসিয়ে দেই। কিন্তু সে দোকানে মনোনিবেশ না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। বেশ কিছুদিন যাবত সে কারো সাথে কথা বলতো না। চুপচাপ বসে দিন-রাত মোবাইলে গেমস খেলতো।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )মোল্লা আজিজুর রহমান জানান ,আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ীর উপজেলার পানকাতা গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৬) ও চাঁদপুরের হাজীগঞ্জের দড্ডা গ্রামের মৃত ওয়াদুদ মজুমদারের ছেলে মাসুদুর রহমান মজুমদার (৫৪)।
তারা দুই জনেই এলেঙ্গায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওতে চাকরি করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ জানান ,দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলে মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদারের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিয়ের দুই দিনের মাথায় শ্যালিকাদের নিয়ে শ্বশুর বাড়ির পুকুরে গোসল করতে নেমে জাহাঙ্গীর হোসেন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর)দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের চাতারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
সোমবার (১১ সেপ্টেম্ব) দুপুরে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার জাহঙ্গীরের সঙ্গে চাতারবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। এরপর রবিবার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ‘ফিরানী’ তে যান জাহাঙ্গীর। মেজবানি শেষে ওইদিন বিকেলেই আবার বাড়ি ফেরার কথা ছিল জাহঙ্গীরের। দুপুরে শ্বশুরবাড়ির পাশের পুকুরে শ্যালক-শ্যালিকাদের সঙ্গে গোসলে নামেন জাহাঙ্গীর। হঠাৎ পুকুরে ডুবে যান তিনি। এরপর ভেসে না উঠায় ডাকাডাকি শুরু করে শ্যালক-শ্যালিকারা। এ সময় আশপাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, পুকুরে ডুবে জাহাঙ্গীরের মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে সাঁতার না জানায় মৃত্যুর ঘটনাটি ঘটতে পারে।
তিনি আরও জানান,মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যৌতুকের মামলায় মো: গোলাম মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৩০ আগস্ট ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোলাম মোস্তফার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার হবিবপুর গ্রামে। সে ওই এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।
টাঙ্গাইলের স্পেশাল সহকারী পাবলিক প্রসিকিউটর মো: আব্দুর রহিম জানায়, গোলাম মোস্তফা ময়মনসিংগ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ী এলাকার আব্দুল খালেকের মেয়ে মোছাঃ রায়হানুল জান্নাত পুন্নি (২৭) কে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পুন্নির বাবা গোলাম মোস্তফাকে মোটর সাইকেল, স্বর্নালংকার ও জায়গা কেনার জন্য অনেক টাকা দিয়েছেন। এরপর পুন্নিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ পাঁচ লাখ টাকা আনতে বলে।
তিনি আরও জানান, এতে পুন্নি অপারগতা প্রকাশ করলে যৌতুকের জন্য গোলাম মোস্তফা অমানবিক নির্যাতন শুরু করে। পরে পুন্নির বাবা খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার এস আই জুবাইদুল হক তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রেরণ করেন। পরে আদালত মামলার সকল স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ১১ (গ) ধারায় বুধবার (৩০ আগস্ট) এ রায় দেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল সহকারী পাবলিক প্রসিকিউটর মো: আব্দুর রহিম। আসামী পক্ষের আইনজীবী ছিলেন জিয়ারত আলী।
পরে আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে পড়ে সাদিকুল ইসলাম(৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি দামপাড়া গ্রামের আব্দুল কাদের ছেলে।
নিখোঁজ শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা প্রতিবন্ধী। সোমবার সকালে প্রতিবন্ধী মা শিশুটিকে তার কাছে রেখে রান্না করছিলেন। রান্না শেষে ছেলেকে খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বংশাই নদীতে খোঁজাখুজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি।
স্থানীয়রা বলছে, শিশুটি বাড়ির পাশের বংশাই নদীর কিনারে প্রায়ই চলে আসে। ধারণা করা হচ্ছে ছেলেটি নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হেমাইল কবির জানান, টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে নদীতে খোজাখুজি করে শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় লিটন মিয়া (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার(৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি লিটন মিয়া জেলার মধুপুর উপজেলার পরীগাছা গরম বাজার গ্রামের ছোয়াদ আলীর ছেলে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আলী আহমদ জানান, দণ্ডিত আসামী লিটন মিয়ার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। এই সুবাদে তার সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। ২০১৯ সালের ১৬ নভেম্বর বিকেলে ভিকটিমের মা বাড়ির বাইরে থাকায় দণ্ডিত আসামী ভিকটিমের বাড়িতে এসে তার ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরে বিয়ের কথা বললে, ভিকটিমকে বিয়ে না করে হুমকি প্রদর্শণ করে। পরে ভিকটিমের মা বাদি হয়ে মধুপুর থানায় ২০২০ সালের ১৪ এপ্রিল নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মধুপুর থানার এস আই ছানোয়ার হোসেন ২০২০ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
তিনি আরও জানান,ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করবে।
উল্লেখ্য,বাদি পক্ষের মামলা দায়ের থেকে মামলার রায় ঘোষণা পর্যন্ত এই মামলায় আইনগত সহায়তা প্রদান করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে এডভোকেট জিনিয়া বখ্শ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় রাহাত (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।
সোমবার(৭ আগষ্ট )বিকেলে উপেজলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস কেন্দুয়া থেকে মধুপুরে দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহাত নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান,এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নের পঁচারচনা এলাকায় সরকারি গজারী বন থেকে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ বছরের এক যুবকের হাত-পা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় এক রাখাল বনে গরু চড়াতে গিয়ে ওই মৃতদেহ দেখতে পায়।
বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ক্ষুদৃ নৃগোষ্ঠি সম্প্রদায়ের এক কিশোর রাখাল পঁচারচনা গজারী বনে গরু চড়াচ্ছিলেন। হঠাৎ করে বনের গভীরে হাজার হাজার মাছি ভন ভন করতে দেখেন কিশোরটি। সেখানে এগিয়ে যেতেই মৃত দেহের অংশ বিশেষ দেখতে পেয়ে গরু ফেলে ছুটে এসে এলাকাবাসীকে ঘটনার বর্ণনা করেন।
মধুপুর থানা পুলিশ জানায়, পঁচারদানা বন থেকে উদ্ধার হওয়া মৃত দেহে পচন ধরেছে। দেহ থেকে বিচ্ছিন্ন মাংসহীন মাথার খুলি কয়েক হাত দূরে পরে ছিলো। হাত-পায়ের সন্ধান বেলা সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের ধারণা বেশ কিছুদিন আগে এই মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হাত-পাসহ শরীরে বিভিন্ন অংশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। অজ্ঞাতনামা পুরুষ (৩০-৪০) মৃতদেহের পরণে জিন্সের কালো প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে এবং মৃতদেহের পাশে একটি সেন্ডেল পাওয়া গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে ডিএনএ টেস্টের ব্যবস্থা করে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে।
একতার কণ্ঠঃ ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি ইন্টারন্যাশনাল সার্ভিস টিমে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে যাচ্ছেন টাঙ্গাইলের মো. সোলায়মান হোসেন।
বাংলাদেশের কন্টিনজেন্টের সদস্য হিসেবে শুক্রবার (২৮ জুলাই) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সোলায়মান হোসেন।
আগামী ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বুরির এই আসরে বিশ্বের ১৫৮টি দেশের ৪৩ হাজার ২৮১ জন স্কাউট এতে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে মোট ৭১০ জন স্কাউট, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট ও অ্যাডাল্ট লিডার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন যার মধ্যে ইন্টারন্যাশনাল সার্ভিস টিমের সদস্য রয়েছেন ২২০ জন।
জাম্বুরির ক্যাম্পের দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং প্রস্থ ২ কিলোমিটার।
সোলায়মান বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ জেলা শাখার সভাপতি ও মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট।
মো. সোলায়মান হোসেনের সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং মহাসচিব নুর মোহাম্মদ, ক্লাবের শিশু সদস্য লাবীব ইকবাল।
ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, স্কাউটের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের। সোলায়মানের এই সাফল্য ভবিষ্যতে ক্লাবের মুক্ত স্কাউট দলের সদস্যদের অনুপ্রাণিত করবে। ক্লাবের
প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বলেন, যারা স্কাউটিং এর সাথে জড়িত শুধু তারা নয় স্কাউটে যুক্ত নয় তারাও এতে উদ্ধুদ্ধ হয়ে স্কাইটিংয়ে সম্পৃক্ত হবে।
মো. সোলায়মান হোসেন বলেন, এ ধরনের বিশ্ব আসরে বাংলাদেশের হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই।
প্রসঙ্গত, মো. সোলায়মান হোসেন এই নিয়ে তৃতীয়বার বিদেশে আন্তর্জাতিক ক্যাম্পে অংশ গ্রহনের সুযোগ পেলো। আগামী ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
একতার কণ্ঠঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এ সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নেই, দেশের মানুষের সমর্থন নেই। বিদেশিদের সমর্থন দরকার নেই আমাদের। আমরা চাই দেশের জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কি না। সেটা নির্বাচনে প্রমাণ হবে।
শনিবার(২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার দেশটাকে উত্তাল করতে চায়। সংবিধানের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিদেশিদের কাছে হাত পাতছেন, তাদের কাছে ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি তাদের উদ্দেশে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিল। সেই সময় দেশের জনগণ আমাদের পক্ষে ছিল। সরকার নির্বাচিত সরকার। এ সরকার জনগণের সরকার। জনগণের জানমাল, সম্পদ ও নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।
তিনি বলেন, ১৪ ও ১৫ সালের মতো আর তাণ্ডব চালাতে দেব না বিএনপিকে। মানুষকে জীবন্ত হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না এখন। বর্তমান সরকার এগুলোকে প্রতিহত করতে পারে।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আবার দেশটাকে উত্তাল করতে চাচ্ছে। তারা ১৪ সালে যে তাণ্ডব চালিয়েছে সে রকম আর তাণ্ডব চালাতে পারবে না। পুলিশকে হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দেবেন তা হবে না। বর্তমান সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা করেছে, উন্নয়ন করেছে, জনগণ সরকারের সঙ্গে রয়েছে, জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করবো।
কৃষিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, অনেক বেশি সংগঠিত। তাদের দায়িত্ব বর্তমান সরকারকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা। আমার দৃঢ় বিশ্বাস, তারা সে সক্ষমতা রাখে। তারা কোনো রাজনৈতিক অশ্লীলতা সৃষ্টি করতে পারবে না।
এ সময় মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ,মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।