/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের ৯ দিন পর শিশুর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপু‌রে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ৯ দিন পর বা‌ড়ির পা‌শের ধানখেত থে‌কে বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌খেত থে‌কে বস্তাব‌ন্দি মর‌দেহটি উদ্ধার করা হয়।

এর আগে ওই গ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে এবং স্থানীয় হাফি‌জিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) গত ২৬ মে দুপু‌রে নি‌খোঁজ হয়।

ওই শিক্ষার্থী নি‌খোঁজ হওয়ার পর তা‌কে উদ্ধা‌রে থানায় সাধারণ ডায়রি ক‌রেন শ‌র্মিলার বাবা সুমন মিয়া।

এদি‌কে ধানখেতে শিশু শিক্ষার্থীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত মর‌দেহ উদ্ধার হওয়ার খব‌রে আশপা‌শের শত শত মানুষ দেখ‌তে ভীড় করে। এছাড়া ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তারা।

নিহত শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেছে। কুকুর টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পরনের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলারই মরদেহ।

নিহতের বাবা সুমন মিয়া ব‌লেন, কা‌রোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান পাইনি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানখেতে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এর আগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে বা যারা এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘ‌টি‌য়ে‌ছে তার বা তাদের ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রছি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, বস্তাব‌ন্দি একটা মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুন ২০২৪ ০২:২৯:এএম ২ বছর আগে
সৃ‌ষ্টি স্কু‌লের শিক্ষার্থী‌কে বলাৎকার, অ‌ভি‌যুক্ত শিক্ষ‌ক পলাতক - Ekotar Kantho

সৃ‌ষ্টি স্কু‌লের শিক্ষার্থী‌কে বলাৎকার, অ‌ভি‌যুক্ত শিক্ষ‌ক পলাতক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সৃ‌ষ্টি একা‌ডে‌মিক স্কু‌ল ক‌্যাম্পাস-২ এর আবা‌সিক ভব‌নের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী‌কে বলাৎকা‌রের অ‌ভি‌যোগ উঠে‌ছে ওই স্কুলের এক শিক্ষ‌কের বিরু‌দ্ধে।

এদি‌কে বলাৎকা‌রের ঘটনার পরই ওই ক‌্যাম্পা‌সের আবা‌সিক গণিত বিষ‌য়ের শিক্ষক প্রনয় সরকার পা‌লাতক রয়েছে।

অভিযুক্ত প্রনয় সরকার জেলার ঘাটাইল উপ‌জেলার রসুলপুর ইউনিয়‌নের ম‌মিনপুর গ্রা‌মের আনন্দ ম‌োহন সরকা‌রের ছে‌লে।

সোমবার (৩ জুন) বিষয়‌টি প্রকাশ হওয়ার পরই ওই শিক্ষার্থীর অ‌ভিভাবকরা সৃ‌ষ্টি একা‌ডে‌মিক স্কু‌লে গি‌য়ে অ‌ভিযুক্ত শিক্ষ‌কের বিচার দাবী ক‌রেন। প‌রে বিদ‌্যাল‌য় কর্তৃপ‌ক্ষ কোন ধরনের ব‌্যবস্থা গ্রহণ না করায় ওই শিক্ষার্থী‌কে তার অভিভাবকগণ সৃ‌ষ্টি একা‌ডে‌মিক স্ক‌ুল থেকে টি‌সি নি‌য়ে চ‌লে যান।

জানা গে‌ছে, জেলার বাসাইল উপজেলার এক প্রবাসীর ছে‌লে‌কে ৮ম শ্রেণীতে সৃ‌ষ্টি একা‌ডে‌মিক স্কু‌লের দ্বিতীয় ক‌্যাম্পা‌সের আবা‌সি‌কে ভ‌র্তি ক‌রা হয়। সম্প্রতি ওই আবা‌সি‌কের শিক্ষক প্রনয় সরকার রা‌তে শিক্ষার্থী‌কে তার রু‌মে নি‌য়ে বলাৎকার ক‌রেন। প‌রে ভব‌নে থাকা শিক্ষার্থী ও শিক্ষক‌দের সহায়তায় তা‌কে উদ্ধার করা হয়। প‌রে ঘটনা‌টি যা‌তে প্রকাশ না পায় এবং প্রকাশ পে‌লে ওই শিক্ষার্থী‌কে স্কুল থে‌কে বের ক‌রে দেয়া ম‌র্মে ভয় দেখা‌নো হয়। এই ঘটনার পর অ‌ভিযুক্ত শিক্ষক প্রনয় সরকার তার মা‌য়ের অসুস্থ‌্যতা দে‌খি‌য়ে স্কুল থে‌কে ছু‌টি নি‌য়ে আর বিদ‌্যাল‌য়ে আসেন‌নি।

এদি‌কে এই ঘটনার পরই ওই শিক্ষার্থী ভ‌য়ে জুবুথুবু হ‌য়ে প‌ড়ে এবং তার প‌রিবা‌রের সা‌থে কম কথা ব‌লে। প‌রে গত র‌বিবার (২ জুন) বিষয়‌টি প‌রিবার‌কে জানায় সে। প‌রে সোমবার (৩ জুন) সকা‌লে শিক্ষার্থীর অ‌ভিভাবকগণ বিদ‌্যাল‌য়ে গি‌য়ে ঘটনার বিচার দাবী ক‌রেন। কিন্তু বিদ‌্যাল‌য়ে অ‌ভিযুক্ত শিক্ষক না থাকায় সৃ‌ষ্টি স্কু‌লের আবা‌সিক ভব‌নের প্রধান মোস্তা‌ফিজুর রহমান হ‌্যা‌পি কোন সদুত্ত্বর দি‌তে পা‌রেন‌নি। প‌রে ওই শিক্ষার্থীর ভ‌র্তি বা‌তিল ক‌রে টি‌সি নেয় অ‌ভিভাবকগণ। এসময় বিদ‌্যালয় থে‌কে মিমাংসার প্রস্তাব দেয়াসহ ২৫ হাজার টাকা দি‌তে চাইলে তা গ্রহণ ক‌রে‌নি ওই শিক্ষার্থীর পরিবার।

বলাৎকা‌রের শিকার শিক্ষার্থীর চাচা ব‌লেন, ভাল লেখাপড়ার জন‌্য সৃ‌ষ্টির আবা‌সিকে ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছিল। ‌কিন্তু শিক্ষকই যখন শিক্ষার্থীর সা‌থে খারাপ কাজ ক‌রে তাহ‌লে নিরাপদ কোথায়। ঘটনা‌টি আমা‌দের জানা‌নো হয়‌নি। বিচার চাইলে কর্তৃপক্ষ তাল-বাহানা ক‌রে। মিমাংসার প্রস্তাব দেয়াসহ টাকা দি‌তে চে‌য়ে‌ছে। ওই শিক্ষকও পা‌লি‌য়ে‌ছে। ছে‌লেটার সা‌থে খুবই অন‌্যায় হ‌য়ে‌ছে। ছে‌লেটা মান‌সিকভ‌া‌বে বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। কা‌রোর সা‌থে তেমন কথা বল‌ছে না। তার ম‌নে ভয় কাজ কর‌ছে। আমরা আইনের আশ্রয় নি‌বো।

এবিষ‌য়ে অ‌ভিযুক্ত শিক্ষক প্রনয় সরকা‌রের সা‌থে মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তার ব‌্যবহৃত ফোন‌টি বন্ধ পাওয়া যায়।

সৃ‌ষ্টি একা‌ডে‌মিকের স্কুল ক‌্যাম্পাস-২ এর আবা‌সিকের প্রধান শিক্ষক মোস্তা‌ফিজুর রহমান হ‌্যা‌পি জানান, বিষয়‌টি জান‌তে পে‌রে‌ছি। কিন্তু ওই শিক্ষক ক‌্যাম্পাসে নেই। তার মা‌য়ের অসুখ দে‌খি‌য়ে ছু‌টি নি‌য়ে আর বিদ‌্যাল‌য়ে আসে‌নি। ঘটনা‌টি অনাকা‌ঙ্খিত।

এবিষ‌য়ে জান‌তে সৃ‌ষ্টি একা‌ডে‌মিক স্কু‌লের চেয়ারম‌্যান ড. শরিফুল ইসলাম রিপনের মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

সর্বশেষ আপডেটঃ ০৪. জুন ২০২৪ ০১:৫০:এএম ২ বছর আগে
বাসাইলে আনারস প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ - Ekotar Kantho

বাসাইলে আনারস প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ

একতার কণ্ঠঃ আগামী বুধবার (৫ জুন) অনুষ্ঠিতব্য বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলামের সমর্থক সাগর ও তার সহযোগিদের বিরুদ্ধে আনারস প্রতিকে ভোট দিতে সংখ্যালঘু ভোটারদের হুমকী দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২ জুন) সকালে হুমকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহকারি রির্টানিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া।

লিখিত অভিযোগে জানা যায়, গত ৩১ মে ও ১ জুন সন্ধ্যা ৭টার পর বাসাইল পৌর শহরের পালপাড়াসহ অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত পাড়াগুলিতে ভাড়াটিয়া সন্ত্রাসী সাগর বাহিনী দ্বারা আনারস মার্কায় ভোট দেওয়া নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে।

নামপ্রকাশে একাধিক সংখ্যালঘু ভোটার হুমকির কথা স্বীকার করেছেন। নির্বাচন পরবর্তী সহিংসতার ভয়ে প্রকাশ্যে হুমকির কথা তারা বলতে পারছেন না। তবে হুমকির বিষয়ে তারা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ জেলা এবং উপজেলা শাখা নেতৃবৃন্দদের জানিয়েছেন। নেতৃবৃন্দ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগকারী মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া বলেন, আমাদের একাধিক সংখ্যালঘু সমর্থক ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েই ওই আবেদন করা হয়েছে। নিরাপত্তা জনিত কারণে আমাদের সমর্থক সংখ্যালঘু ভোটাররা প্রকাশ্যে হুমকির কথা স্বীকার করছেন না।

আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলামের সমর্থক অভিযুক্ত সাগরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন যায়নি।

এ ধরণের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলাম।

এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ বাসাইল উপজেলা কমিটির কোন নেতৃবৃন্দ বক্তব্য দিতে রাজি হননি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, নির্বাচন উপলক্ষে আনারস প্রতীকের প্রার্থী কাজী অলিদ যেভাবে তার পালিত সন্ত্রাসী সাগর বাহিনী দিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও হুমকি দিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে সাগর বাহিনীর প্রধান সাগর ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা শাহরুখ খান জানান, সংখ্যালঘু ভোটারদের হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার অফিসার্স ইনচার্জকে (ওসি) চিঠি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী বুধবার (৫ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা। এ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০জন। এর মধ্যে নারী ভোটার ৭৬ হাজার ১৯৮ আর পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ আর মহিলা ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ আপডেটঃ ০৩. জুন ২০২৪ ০২:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে চালকসহ নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে চালকসহ নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলো- কাভার্ডভ্যানের চালক ও হেলপার। নিহত কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিক নিহত হেলপারের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ ।

অপরদিকে, কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৮জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মে ২০২৪ ০১:০২:এএম ২ বছর আগে
এমপি আনার হত্যা, শিলাস্তির সর্বোচ্চ শাস্তি চান তার দাদা - Ekotar Kantho

এমপি আনার হত্যা, শিলাস্তির সর্বোচ্চ শাস্তি চান তার দাদা

একতার কণ্ঠঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সাথে জড়িত, গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার দাদা বীরমুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

শনিবার (২৫ মে) দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের পাইসানা গ্রামে গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা।

শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মান করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে তাদের বাড়ির ভেতরে নেই কোন আসবাবপত্র।
এসময় পাশের ঘর থেকে বেড়িয়ে আসেন শিলাস্তির দাদা সেলিম মিয়া।

তিনি জানান, দুই বোনের মধ্যে শিলাস্তি বড়। তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে। । ছোট বেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দুই একদিন পর আবার চলে যেত। শিলাস্তির চলাফেরা উশৃংখল এবং বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সাথে কথা বলা বাদ দিয়েছেন সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন।
এসময় সেলিম মিয়া তার নাতির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি শিলাস্তি আসামী। যদি তিনি আসলেও জড়িত থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

স্থানীয় লোকজন জানায়, শিলাস্তি রহমান ও তার পরিবার দীর্ঘদিন ধরেই ঢাকায় বসবাস করে। দেশ স্বাধীন হওয়ার পর পরই শিলাস্তি রহমানের দাদার সম্পত্তি তার বাবা আরিফুর রহমান বিক্রি করে ঢাকায় চলে যায়। বাড়িটা থাকলেও তারা কেউ এখানে তেমন একটা আসে না।

এ বিষয়ে নাগরপুরের ধুবরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান খান বলেন, ‘ওরা অনেক আগে থেকেই ঢাকায় থাকে। কেউ সঠিকভাবে বলতেও পারে না যে শিলাস্তি কোথাকার। এখন আমরা জানতে পারলাম যে তার বাড়ি নাগরপুরে। গতকাল (শুক্রবার) পর্যন্তও বিষয়টি জানতাম না।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শিলাস্তি নামের মেয়েটি নাগরপুরের- এমন কোনো তথ্য এখনও পাইনি। তার বিষয়েও আর কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই। জানলে জানাতে পারব।’

সর্বশেষ আপডেটঃ ২৬. মে ২০২৪ ০২:৩৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আ’লীগ নেতার উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে আ’লীগ নেতার উপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূইয়ার উপর হামলার অভিযোগ উঠেছে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীর লোকজনের বিরুদ্ধে।

এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এমএ মালেক ভূইয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলা শহরের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, কালিহাতীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীর পক্ষে বিজয় মিছিলের প্রস্তুতি নেয় তার অনুসারীরা। এদিকে সাবেক সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী তার বাসায় একটি মিটিংয়ের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে যাওয়ার সময় কালিহাতী হাসপাতাল মোড়ে এমএ মালেক ভূইয়ার গাড়িতে হামলা চালায় সংঘবদ্ধ একটি গ্রুপ।

হামলার শিকার এমএ মালেক ভূইয়া বলেন, সাবেক এমপি সোহেল হাজারীর বাসায় যাওয়ার সময় আমার গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে কয়েকজন লোক। এসময় আমি ও আমার ড্রাইভার গুরুতর আহত হয়েছি। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকীর লোকজন এ হামলা করেছে। এতে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, কালিহাতীতে নির্বাচনের পর থেকে কয়েকদিনে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ নেতা মালেক ভূইয়ার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নেতাকর্মীরা এলেঙ্গা মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি এ হামলার জন্য স্থানীয় এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকীর বাহিনীকে দায়ী করেছেন।

এ ব্যাপারে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী বলেন, আমাদের বিজয় মিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন। আমি পুলিশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, নব‌নির্বা‌চিত উপ‌জেলা চেয়ারম‌্যান আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার উপর হামলা করে অজ্ঞাতরা। এসময় গাড়ি ভাঙচুর করে তারা। এখনো লিখিত অভিযোগ পায়নি। অ‌ভি‌যোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা (মোটর সাইকেল) ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী (আনারস)। নির্বাচনে আজাদ সিদ্দিকী বিজয়ী হন।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২৪ ০৩:২২:এএম ২ বছর আগে
নিজ এলাকার নিরঙ্কুশ সমর্থন পেলেন রাজীব - Ekotar Kantho

নিজ এলাকার নিরঙ্কুশ সমর্থন পেলেন রাজীব

একতার কণ্ঠঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী বুধবার (২৯ মে) অনুষ্ঠিতব্য টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজ এলাকার নিরঙ্কুশ সমর্থন পেলেন ভাইস-চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কা প্রতীকের প্রার্থী ইসতিয়াক আহম্মেদ রাজীব।

তার উড়োজাহাজ প্রতীকের সমর্থনে শুক্রবার (২৪ মে) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পানির ট্যাংক মাঠে একত্রিত হয়েছিলেন সহস্রাধিক এলাকাবাসী।

এসময় ৭০ বছরের বৃদ্ধ রহিম আলী, ১৮ বছরের যুবক সজল আহমেদ, গৃহিণী রহিমা বেগম, রবি হরিজনসহ সমবেত কণ্ঠে, “উড়োজাহাজ-উড়োজাহাজ” স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। তাদের একটিই দাবি- রাজীব আমাদের এলাকার ছেলে তাকে যেকোনো মূল্য এই নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে বিজয়ী করে নিয়ে আসতেই হবে।

তাদের এই উচ্ছ্বসিত স্লোগানের জবাবে ইসতিয়াক আহম্মেদ রাজীব বলেন, আমি আপনাদের এলাকার ছেলে। আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি ও কাগমারী সরকারি এম এম আলী কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছি। কোনদিন কোন অবস্থাতেই এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করিনি। এলাকার কারো বিপদে যখন ডেকেছে তখনই ঝাঁপিয়ে পড়েছি। আমি আপনাদের কাছে ভোট চাইবো না, আপনারাই আমার হয়ে জনগণের কাছে উড়োজাহাজ প্রতীকের ভোট চাইবেন এটাই আমার দাবি। আমার বিজয় মানে আপনাদের বিজয়, এলাকাবাসীরও বিজয়।‌ ইনশাআল্লাহ আগামী বুধবার (২৯ মে) বিজয়ী বেশে আপনাদের মাঝে ফিরবো।

শুক্রবার (২৪ মে) বিকালে ৬নং ওয়ার্ডের কলেজপাড়া পানির ট্যাংক মাঠে ইসতিয়াক আহম্মেদ রাজীবের সমর্থনে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, স্থানীয় কাউন্সিলর মামুন জামান সজল।

উদয় লাল গোড়ের সঞ্চালনায় এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডি জি এম মির্জা রেজানুর রহমান, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়া, সমবায় সুপার মার্কেটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার সাবেক সচিব মো. ইসমাইল হোসেন সেলিম, ব্যাংকার মো. শাহীন রেজা, ব্যবসায়ী মো. আব্দুল আলিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান বলেন, অতীতে ৬নং ওয়ার্ডের বাসিন্দারা তাদের এলাকার কেউ নির্বাচনে দাঁড়ালে সবাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করে নিয়ে এসেছে। এবারও আমরা টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কা প্রতীকে ইসতিয়াক আহম্মেদ রাজীবকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছি। এই জনসভায় দলমত নির্বিশেষে এই বিশাল উপস্থিতি তার প্রমাণ। আশাকরি, ২৯ তারিখে আমরা বিজয়ী বেশে রাজীবকে দেখতে পারবো। রাজীবের বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম খান জামিল, স্থানীয় মো. জন মিয়া, মো. সুরুব আলী, মোহাম্মদ লোটাস, বাইজিদ আহমেদ শুভ, স্বাধীন জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ আপডেটঃ ২৫. মে ২০২৪ ০৩:৫০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আদম তমিজি হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - Ekotar Kantho

টাঙ্গাইলে আদম তমিজি হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একতার কণ্ঠঃ শিল্প প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন টাঙ্গাইলের আদালত।

বৃহষ্পতিবার (২৩ মে) দুপুরে চেক ডিসঅনারের দুটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন আদম তমিজি হকসহ পাঁচজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, আদম তমিজি হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি এন্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কে.বি.সি এগ্রো প্রোডাক্টস (প্রা:) লিমিটেডের সাথে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে হক ফুড ১৯ লাখ ৪৫ হাজার ৩’শত টাকা বকেয়া করেন। আসামিরা এই বকেয়া টাকা পরিশোধের জন্য কে.বি.সি কোম্পানীকে দু’টি চেক প্রদান করেন। কিন্তু চেক দু’টি ‘এডভাইস নট রিসিভ্ড’ মন্তব্যে ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়। পরে কে.বি.সি কোম্পানীর পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারী) বাদি হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে মামলা করেন।

তি‌নি আরও জানান, বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনের আদেশ দেন। বৃহষ্পতিবার (২৩ মে) ছিল মামলার ধার্য তারিখ। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২৪ ০৩:৩৫:এএম ২ বছর আগে
ভাতা কার্ড দিতে যারা টাকা নেয়, তাদের হুঁশিয়ার করলেন দীপু মনি - Ekotar Kantho

ভাতা কার্ড দিতে যারা টাকা নেয়, তাদের হুঁশিয়ার করলেন দীপু মনি

একতার কণ্ঠঃ যারা সরকারি ভাতার কার্ড দিতে টাকা নেয়, তাদের হুঁশিয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে যদি ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শন ও কুমুদিনী উইমেন মেডিকেল কলেজের বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ইদানীং দেখা যাচ্ছে ভাতার সিম অনেকে হাতিয়ে নেয় ও একটি চক্র গড়ে উঠেছে যারা রকেট, নগদ ও বিকাশের মাধ্যমে পিন কোড নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের বিরুদ্ধেও মন্ত্রনালয় ব্যবস্থা নিচ্ছে। কেউ যাতে প্রতারকের ফাঁদে না পড়ে সেজন্য বিভিন্ন ভাবে সচেতনতাবৃদ্ধি কবার জন্য প্রচার চালিয়ে যাচ্ছি।

মন্ত্রী ঝিনাইদহের এমপি আনোয়ারুল ইসলাম আজিম আনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আমাদের একজন জনপ্রিয় সংসদ সদস্যকে হারালাম। ভারতীয় পুলিশ ও বাংলাদেশ পুলিশ আসামিদেরকে আটক করেছে। আশা করছি, খুব দ্রুত মূল ঘটনা জানা যাবে।

পরে দুপুরে কুমুদিনী কমপ্লেক্সে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং ভারতের কেরালার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতীভা মুৎশুদ্দি, শ্রীমতি সাহা, শম্পা সাহা, কুমুদিনী হাসাপতালের পরিচালক ড. প্রদীপ কুমার সাহা।

অনুষ্ঠান শেষে সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি ‘কমপ্যাশিয়নেট কুমুদিনী’ নামে একটি কমিউনিটি ভিত্তিক উদ্যোগ চালুর উদ্বোধন করেন। এর মাধ্যমে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্যালিয়েটিভের বিষয়ে শিক্ষা দেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২৪ ০২:৩৬:এএম ২ বছর আগে
ছাত্রী মেসে গোপনে ভিডিও ধারণ, প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি - Ekotar Kantho

ছাত্রী মেসে গোপনে ভিডিও ধারণ, প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এলাকায় ছাত্রীদের একটি মেসে ভিডিও ধারণের অভিযোগের যথাযথ বিচার না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় শিক্ষার্থীরা মুক্তমঞ্চে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তমঞ্চে অবস্থা করছিলেন শিক্ষার্থীরা।

ছাত্রীদের অভিযোগ, সন্তোষ ঘোষপাড়া এলাকার সরকার বাড়ির মেস মালিকের ছেলে কৌশলে ভেন্টিলেটর দিয়ে বাথরুমের ভেতর মোবাইল ক্যামেরা স্থাপন করেন। এক পর্যায়ে তা দেখে ফেলেন চতুর্থ বর্ষের এক ছাত্রী। ক্যামেরা দেখে তিনি চিৎকার করেন। বাইরে এসে মেসের অন্য মেয়েদের নিয়ে ক্যামেরা আসলো কী ভাবে তা দেখতে তারা ছাদে যান। সেখানেই দেখতে পান মেস মালিকের ছেলে তুহিন সরকারকে। ছাত্রীরা দিশেহারা ও আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত নিজ বিভাগের চেয়ারম্যানকে ঘটনাটি জানান। চেয়ারম্যান বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাতে বলেন। পরে গত ৮ মে প্রক্টরিয়াল বডিকে লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী ছাত্রী।

প্রক্টর অফিসে দেওয়া অভিযোগ পত্রে তিনি জানান, আমি সন্তোষ ঘোষপাড়ার হানিফ সরকারের ছাত্রী মেসের পঞ্চম তলায় ছিলাম, গত ৭ মে জরুরি প্রয়োজনে মেসে আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোসলে ঢুকি। গোসলরত অবস্থায় বাথরুমের জানালায় আমি লাঠি জাতীয় কিছুর সাথে একটি ফোনের ক্যামেরার দিকটা বাধা অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিক আমি মেসে যারা ছিল তাদের সবাইকে একসাথে চিৎকার করে ডেকে খুঁজে দেখতে বলি যে ছাদে কেউ আছে কি না, যখন সবাই ছাদে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে তখন তারা বুঝতে পারে কেউ লুকানোর চেষ্টা করছে, সিঁড়িঘরে ট্যাংকের পিছনে। যখন সবাই বুঝতে পারে এবং তাকে বের হয়ে আসতে বলে তখন সে কোনো শব্দ ছাড়া শুয়ে পড়ে, অনেকক্ষণ ডাকাডাকির পর সেখান থেকে বাড়িওয়ালার ছেলে তুহিন সরকার বের হয়ে আসে এবং পুরো বিষয়টিকে অস্বীকার করে। তখন তার পরিবারকে জানানো হলেও তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা চলে যাওয়ার পর পুনরায় খোঁজাখুজি করলে একটি লাঠি দড়ি বাঁধাসহ ট্যাংকের পাশে খুঁজে পাওয়া যায়। বর্তমানে মেসে অবস্থানরত মেয়েরা বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে এই ভয়ে যে, এই লোক এই ধরনের ভিডিওগ্রাফি কতদিন যাবত করছে? কত মেয়ের অপ্রীতিকর ভিডিও এর আগে করা হয়েছে। এই মেসে অবস্থানরত মেয়েরা সুরক্ষার কথা বিবেচনা করে এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান মেসে অবস্থানরত মেয়ে শিক্ষার্থীরা।

এই ঘটনা জানাজানির পর ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত ১৯ মে সাধারণ শিক্ষার্থীরা উপর্যুক্ত শাস্তির দাবিতে ভিসি কার্যালয়ে অবস্থান নেন। তারপরেও সুষ্ঠু বিচার না পেয়ে বৃহস্পতিবার মুক্তমঞ্চে অবস্থান নেন। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্ত মেসে থাকা নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের মালামালসহ তাদের প্রক্টর অফিসে নিয়ে আসেন। নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রক্টর অফিসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (দায়িত্বরত প্রক্টর) শাকিল মাহমুদ শাওনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২৪ ০২:৪৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারীসহ দুই মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারীসহ দুই মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে শান্তা আক্তার (১৯) নামে এক অন্তঃসত্ত্বা নারী ও জিয়াউর রহমান (৪৪) নামে এক রং মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

বুধবার (২২ মে) সকালে ও দুপুরে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণপাড়া গ্রাম ও দেওপাড়া ইউনিয়নের চৌরাশা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৌরাশা গ্রাম থেকে শান্তা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শান্তা উপজেলার নিয়ামতপুর গ্রামের সাত্তার পাঠানের মেয়ে ও দেওপাড়া ইউনিয়নের চৌরাশা গ্রামের অটো চালক মামুনের স্ত্রী। বুধবার সকাল ১০টায় গৃহবধূ শান্তা আক্তার বাপের বাড়িতে যেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। মামুন তার স্ত্রীকে পরদিন নিয়ে যাবে বলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যান।

স্থানীয়রা আরও জানান, এরপর প্রতিবেশী এক মহিলা দুপুরে ওই বাড়িতে যান। এসময় তিনি শান্তাকে না দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

অপরদিকে, বুধবার ভোর ৫ টায় উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমান নামে এক রং মিস্ত্রি রান্নাঘরের ধন্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। গত এক সপ্তাহ আগেও তিনি বিষ পান করেছিলেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। কিছুদিন যাবৎ তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন‌ বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন নাকি হত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, মানসিক ভারসাম্যহীন জিয়াউর রহমানের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২৪ ০৪:১৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার - Ekotar Kantho

টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

একতার কণ্ঠঃ দলীয় নির্দেশনা অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের চেয়ারম্যান পদে নির্বাচন করায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ মে) কেন্দ্রীয় বিএনপি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এ বিষয়টি রাতে নিশ্চিত করেছন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে (ঘোড়া) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সখীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক হোসেনকে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২৪ ০২:৩২:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।