/ হোম / আমাদের টাঙ্গাইল
রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী - Ekotar Kantho

রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপু‌র উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের এক কর্মীসভায় রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার।

শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের চেয়ারম‌্যান প্রার্থী ছরোয়ার আলম আবু খাঁর নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথি হিসে‌বে উপ‌স্থিত থে‌কে তি‌নি রাজনী‌তি‌তে ফেরার আভাস দি‌য়ে‌ছেন।

সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার ব‌লেন, আনুষ্ঠা‌নিকভা‌বে রাজনী‌তি থে‌কে দীর্ঘদিন বাইরে থাক‌লেও বঙ্গবন্ধ‌ুর নীতি দর্শনের বাইরে নেই। আমি সাংস্কৃতিকভা‌বে আওয়ামী ঘ‌রোনার এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার দিক থে‌কে আমার বড় বো‌নের মত ছি‌লেন, আছেন এবং চির‌দিন থাক‌বেন। বাংলার নেত্রী শেখ হা‌সিনার আশীর্বাদ ও নি‌র্দেশে আমি মধুপু‌রে এসে‌ছিলাম। আমার জীব‌নে শ্রেষ্ঠ ঘটনা, শ্রেষ্ঠ উপহার মধুপুর। আমি ২৩ বছ‌রেও রাজনী‌তিক অঙ্গ‌নে মধুপুর আসিনি। ত‌বে আজ‌কে এসে‌ছি। ম‌নে প্রাণে উপ‌জেলা চেয়ারম‌্যান প্রার্থী আবু খার বিজয় হোক এটাই চাই।

তি‌নি আরও ব‌লেন, আগামীতে টাঙ্গাইলে সৃজনশীল সকল ক‌র্মের সা‌থে যত‌দিন বেঁচে থা‌কি আমি অবশ‌্যই জ‌ড়িত থাক‌ব। বৃহত্তর স্বার্থে সব‌ কিছুইতো রাজনী‌তি। আজ‌কে আমার এই কর্মীসভায় উপস্থি‌তি সেটাও রাজনী‌তি। আমি জনগ‌ণের দি‌কে তা‌কি‌য়ে থাক‌ি। জনগণ আমার মু‌খের দি‌কে তা‌কি‌য়ে থা‌কে, আমিও জনগ‌ণের মু‌খের দি‌কে তা‌কি‌য়ে থা‌কি। তারা চাইলেই যে ‌কোনো প্রয়োজ‌নে আবার আমা‌কে স‌ক্রিয়ভা‌বে পা‌শে পা‌বে। মধুপুর যা আমা‌কে দি‌য়ে‌ছে তা অতুলনীয়।

অনুষ্ঠানে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু ব‌লেন, আবুল হাসান চৌধুরী মধুপু‌রের কৃ‌তী সন্তান। তি‌নি মধুপু‌রের দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস‌্য ছি‌লেন। মধুপু‌রের সংসদ সদস‌্য আব্দুর রাজ্জাক সা‌বেক প্রতিমন্ত্রী কায়ছার চৌধুরী‌কে মধুপু‌রে তার নিজ বা‌ড়ি‌তে আসতে দেন‌নি। ত‌বে তিনি আবার দীর্ঘ ২৩ বছর পর মধুপু‌রের রাজনী‌তি‌তে স‌ক্রিয় হ‌লেন। দীর্ঘদিন পর তার স‌ক্রিয় আগম‌নে মধুপুর ও আলোক‌দিয়ার মা‌টি ধন‌্য হল। তার উপ‌স্থি‌তি‌তে এবা‌রের দোয়াত কল‌ম মার্কার আরও গণ‌জোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এর আগে বি‌কে‌লে সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার‌কে উপ‌জেলার গাংগাইর এলাকা থে‌কে ফু‌লের শু‌ভেচ্ছা জানা‌নো হয়। প‌রে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকে‌ল শোভাযাত্রার মাধ‌্যমে তা‌কে মধুপু‌রে কর্মীসভাস্থ‌লে নি‌য়ে যান।

সা‌বেক উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল গফুর মন্টুর সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক পৌর মেয়র মাস‌ুদ পার‌ভেজ, উপ‌জেলা আওয়ামী লীগ নেতা রা‌সেল আহ‌ম্মেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৬. মে ২০২৪ ০৪:১৭:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে রাতের আঁধারে নিয়োগ পরিক্ষার আয়োজন করেও শেষ রক্ষা হলো না - Ekotar Kantho

টাঙ্গাইলে রাতের আঁধারে নিয়োগ পরিক্ষার আয়োজন করেও শেষ রক্ষা হলো না

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পরিক্ষা স্থগিত করেন কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নয়জন পরীক্ষা দিতে যান। পরে প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও রাত ৮টার দিকে
বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া শুরু করে কর্তৃপক্ষ। রাতে পরীক্ষা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন।

বিদ্যালয়ের জমিদাতা আব্দুর রশিদ বলেন, রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা হচ্ছিল, কিন্তু আমরা এলাকাবাসী বিষয়টি জানি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাই ও তার বোন জামাই পরীক্ষা দিচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু হতে পারে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, তার ভাই ও বোন জামাই পরীক্ষা দিচ্ছেন তাই এ নিয়োগ পরীক্ষায় তিনি কোনো দায়িত্ব পালন করছেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, আমরা বিকেল ৪টার দিকে পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম। বিদ্যুৎবিভ্রাটের কারণে পরীক্ষা নেওয়া দেরি হয়েছে। পরে সন্ধ্যার দিকে পরীক্ষা নেওয়া শুরু করা হয়। বিদ্যুৎবিভ্রাটের কারণে এক পর্যায়ে পরীক্ষা স্থগিত করা হয়।

রাতে পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা দিনেই পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম।

জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আবুবকর সরকার বলেন, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা যথাসময়ে নেয়া সম্ভব হয়নি। প্রার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. মে ২০২৪ ০৩:০৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে সোহাগ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার বন বিভাগের বিশ্রামাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া (২০) কালিহাতী পৌরসভার সোনা খড়িল্লা এলাকার লিটন মিয়ার ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে বাড়ি যাওয়ার পথে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের কালিহাতী বন বিভাগের বিশ্রামাগারের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. মে ২০২৪ ০৩:৪৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে রাজীব নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন।

নিহত রাজীব হোসেন (৩০) উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে। সে ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভাদ্রা গ্রামের আজাহার ও রাজীবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেল পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো দেশিও অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীবকে কোপাতে থাকে। এ সময় তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রাজীবের ময়নাতদন্ত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২৪ ০২:০৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইল জেলা যুবলীগের ছাতা ও‌ পানি বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা যুবলীগের ছাতা ও‌ পানি বিতরণ

একতার কণ্ঠঃ প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টাঙ্গাইলে বিতরণ করা হয়েছে ছাতা। সেই সঙ্গে দেওয়া হয়েছে সুপেয় পানি ও বিস্কুট। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বুধবার (১ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে জেলা যুবলীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি সুপেয় পানি ও বিস্কুট পেয়ে খুশি পথচারীসহ নিম্ন আয়ের মানুষ। এ সময় ভ্যান চালকদের মাঝেও বিতরণ করা হয় ছাতা।

পথচারী বারেক মিয়া বলেন, মে দিবসের জন্য দোকানপাট বন্ধ। বিস্কুট ও পানি পেয়ে খুব উপকার হলো। এরকম কার্যক্রম চলমান থাকলে পথচারী ও ভ্যান চালকরা স্বস্তি পাবে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা প্রথমদিনে ৫০ জনের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এছাড়া পথচারী ও নিম্ন আয়ের এক হাজার মানুষকে সুপেয় পানি ও বিস্কুট দেওয়া হয়েছে। যতদিন অসহ্য তাপদাহ থাকবে, এ কার্যক্রম ততদিন চলবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, নুর মোহাম্মদ সিকদার মানিকসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

সর্বশেষ আপডেটঃ ০২. মে ২০২৪ ০৩:৩১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আ’লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা, মে দিবসে পৃথক কর্মসূচি পালন - Ekotar Kantho

টাঙ্গাইলে আ’লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা, মে দিবসে পৃথক কর্মসূচি পালন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষ পৃথকভাবে মহান মে দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ মে) দুপুর ১১টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ করে এক পক্ষ। এর নেতৃত্বে ছিলেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, তানভীর হাসান ছোট মনির এমপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদসহ অনেকে।

এদিকে একই সময়ে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে শ্রমিক সমাবেশ করে টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ। এ সমাবেশে নেতৃত্ব দেন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আমানুর রহমান খান রানা এমপি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারীসহ অনেকে।

মহান মে দিবসকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চরম উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশের ডাক দিলে এ উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে একইস্থানে সমাবেশ না করার জন্য বলা হয়। পরে দু’পক্ষ পৃথক স্থানে সমাবেশের আয়োজন করে। পরিস্থিতি শান্ত রাখতে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে শহরের বটতলা থেকে নিরালা মোড় পর্যন্ত সব ধরনের সমাবেশ বন্ধ রাখা হয়।

রাত থেকেই প্রশাসন পৌর উদ্যানের প্রবেশ পথ, বটতলা মোড়, নিরালা মোড়, মডেল প্রাইমারি স্কুলের মোড়, প্রিন্স হোটের সামনে ও কলেজ পাড়া চৌরাস্তা বালুর ট্রাক দিয়ে আংশিক বন্ধ করে দেয়। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শহরে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই দুপক্ষের শ্রমিক সমাবেশ শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০২. মে ২০২৪ ০৩:৩২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে পৌর শ্রমিক ঐক্য পরিষদের মে দিবস পালন - Ekotar Kantho

টাঙ্গাইলে পৌর শ্রমিক ঐক্য পরিষদের মে দিবস পালন

একতার কণ্ঠঃ মহান মে দিবসে শ্রমিকদের নিয়ে বিশাল শোডাউনের মধ্যে দিয়ে শ্রমিক সমাবেশ করেছে পৌর শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (১ মে) সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ২২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পৌর শ্রমিক ঐক্য পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোহের।

সমাবেশটি উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। সমাবেশে এসে একাত্বতা প্রকাশ করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

পৌর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল, শ্রম বিষয়ক সম্পাদক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, শিক্ষা ও মানব-সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকে মহসিন শিকদার, উপ-প্রচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি শামীমুল আক্তার শামীম, সদস্য আমিরুল ইসলাম খান ও আকরাম হোসেন কিসলু প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হাসান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহম্মেদ রাজীব।

সমাবেশে এসে একাত্বতা প্রকাশ করেন জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন ও টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলায় ক্রিয়াশীল বিভিন্ন শ্রমিক সংগঠনের বিগত দিনগুলোতে পকেট কমিটি গঠন করা হয়েছে। তার প্রতিবাদে দুই বছর পূর্বে ২২টি শ্রমিক সংগঠন নিয়ে পৌর শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে এই সংগঠন কাজ করে যাচ্ছে। এই সংগঠন যে সঠিক পথে চলছে, তার প্রমান এই প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে হাজার-হাজার শ্রমিকদের এই সমাবেশে উপস্থিতি।

বক্তারা আরও বলেন, টাঙ্গাইলে আর কোন শ্রমিক সংগঠনের পকেট কমিটি গঠন করতে দেওয়া হবেনা। প্রতিটি সংগঠনের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

এদিকে, শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক ফেডারেশন পৃথক শ্রমিক সমাবেশ করেছে। উক্ত শ্রমিক সমাবেশে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অনুপুম শাজাহান জয়, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসসদ সদস্য খান আহম্মেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মে দিবসের কর্মসুচীকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষই শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশের আহবান করে। এনিয়ে শহরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসন কোন পক্ষকেই পৌর উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি। পরে একটি পক্ষ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ও অপরপক্ষ পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সমাবেশ আহবান করে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত থেকেই প্রশাসন পৌর উদ্যানের প্রবেশ পথ, বটতলা মোড়, নিরালা মোড়, মডেল প্রাইমারি স্কুলের মোড়, প্রিন্স হোটের সামনে ও কলেজ পাড়া চৌরাস্তা বালুর ট্রাক দিয়ে আংশিক বন্ধ করে দেয়। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শহরে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই দুইপক্ষের শ্রমিক সমাবেশ শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০২. মে ২০২৪ ০৩:১৭:এএম ২ বছর আগে
করটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন - Ekotar Kantho

করটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬৮ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০) এপ্রিল সকালে করটিয়া হাটের আনছারী মার্কেটের দোতলায় এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিএলসি টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আফজাল হোসেন লাভলু প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যকালে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, করটিয়া কাপড়ের হাট দেশের ঐতিহ্যবাহী একটি হাট। এ হাট থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাপড়ের পাইকার আসে। এখানে একটি ব্যাংকের শাখা হবে এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। মঙ্গলবার এই ব্যাংকের শাখা স্থাপনের মধ্যে দিয়ে তাদের সেই দীর্ঘদীর্ঘদিনের দাবি পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যান্ত আনন্দিত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করটিয়া হাট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুকতাদির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করটিয়া হাটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়া, শহীদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াহেদুজ্জান চৌধুরী, ব্যবসায়ী শাহিন মিয়া, সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারীসহ আল
-আরাফাহ্ ব্যাংক হাট শাখার কর্মকতা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২৪ ০১:৫৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মো. লুৎফর রহমান (৩২) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

রবিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের সহবতপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী লুৎফর রহমান উপজেলার সহবতপুর ইউনিয়নের সহবতপুর পূর্বপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

আহত দু’জন হলেন, ওই ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের ছেলে আব্দুল মতিন (২৬) ও মো. আজম মিয়ার ছেলে আব্দুল বাতেন (৪২)। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, সহবতপুর ইউনিয়নের লালটু মিয়ার ছেলে মো. যুবায়ের (২৭) ও বদ্দু মিয়ার ছেলে মো. আকাশ (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহবতপুর ইউনিয়নের শালিয়ারা গ্রামের ময়নাল সিকদার কাঠ ব্যবসায়ী বাকাইয়ের কাছে একটি আম গাছ বিক্রি করেন। রবিবার সকালে ওই ব্যবসায়ী ৩ জন গাছ কাটার লেবার (গাইছা) কে গাছ কাটতে পাঠান। গাছ কাটার সময় ঘরের চালের উপর ডাল যেন না পড়ে এ নিয়ে লেবারদের গাছ কাটতে বাঁধা দেয় ময়নালের ছেলে নজরুল। এ নিয়ে লেবারদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ও তার ছোট ভাই মিলে একজনক লেবারকে মারধর করে ও অপর জনকে গাছের সাথে বেঁধে রাখে।

খরব পেয়ে কাঠ ব্যবসায়ী বাকাই এলাকাবাসীর সহযোগীতায় তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। পরে ওই দিন সন্ধায় লেবার করিমের ভাতিজা বাতেন লুৎফর ও মতিনকে সাথে নিয়ে নজরুলের বাবা ময়নালের সাথে কথা বলার জন্য সহবতপুর বাজারে যায়। ময়নালের সাথে কথা বলার সময় নজরুলের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে। মুমুর্ষ অবস্থায় লুৎফরকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন মন্ডল তাকে মৃত ঘোষনা করেন।

গুরুতর আহত বাতেন ও মতিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মতিনের অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, গাছ কাটা নিয়ে সৃষ্ট বিরোধের মিমাংসার উদ্দেশ্যে বাতেন, লুৎফর ও মতিন সহবতপুর বাজারে ময়নালের কাছে যায়। এসময় ময়নালের ছেলে নজরুল দলবল নিয়ে তাদের উপর হামলা করলে হতাহতের ঘটনাটি ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন মন্ডল জানান, নিহত লুৎফরের বুকের বা পাশে ছুরিকাঘাতের কারনে হার্টে ইনজুরি হয়ে লুৎফরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ২জন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. এপ্রিল ২০২৪ ০২:২০:এএম ২ বছর আগে
নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন - Ekotar Kantho

নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬’শ ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন জামান সজল, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদ-প্রার্থী ইসতিয়াক আহম্মেদ রাজীব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, সমবায় সুপার মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক অতুল চন্দ সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, টাঙ্গাইল পৌরসভাকে আধুনিকায়ন করার লক্ষে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সোমবার প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৬’শ ২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। ইতিপূর্বে এই সড়কের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। আশা করা যায়, নির্দিষ্ট সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, শহীদস্মৃতি পৌর উদ্যান, কেন্দ্রীয় ঈদগাহ্ ও কাগমারী রাণী দিনমনি শ্মশান ঘাট উন্নয়নের জন্য টাঙ্গাইল পৌরসভা কর্তৃক প্রস্তাবিত ৩ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমদিত হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই এই তিনটি প্রকল্পের উন্নয়নের টেন্ডার আহবান করা যাবে।

৬নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন জামান সজল বলেন, কলেজপাড়া-প্যারাডাইসপাড়া বাসীর দীর্ঘদিনের দাবি প্রয়াত নায়ক মান্নার বাসা থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত রাস্তাটির উন্নয়ন। সোমবার এই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

উল্লেখ্য, ৬’শ ২০ মিটার রাস্তাটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে উন্নয়ন কাজটি পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার শাহিন-জাহানারা ট্রেডার্স।

সর্বশেষ আপডেটঃ ৩০. এপ্রিল ২০২৪ ০২:৫৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে অপহরণ ও চাঁদাবাজি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে অপহরণ ও চাঁদাবাজি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অপহরণ ও চাঁদাবাজি মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে অপহরণ, ১ লাখ টাকা চাঁদা দাবি করাসহ নগদ ৫’শ টাকা আদায়ের অভিযোগে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন  ভুক্তভোগী যুবক মো. রুবেল রানা।

গ্রেপ্তারকৃতরা সবাই সরকার দলীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন যুবলীগ নেতা ও হাতিলা গ্রামের ধীনেশ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৫), ইউনিয়ন ছাত্রীগের সাধারণ সম্পাদক ও হাতিলা গ্রামের জহুর উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), ধীরেন চন্দ্র মন্ডলের ছেলে প্রতিক কুমার সরকার (২৩), অজিবর রহমানের ছেলে রিমন মিয়া (২১)।

মামলার অন্যান্য আসামীরা হলেন- আইনুদ্দিনের ছেলে সবুজ (২১), চাঁদ মাহমুদের ছেলে রনি (২৩), জুলহাস মিয়ার ছেলে রাব্বি (২১) ও আজগর আলীর ছেলে সুজন (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।

তিনি জানান, পাশের কালিহাতী উপজেলার বিনোদ লুহুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুবেল রানা হাতিলা গ্রামের শশুর কান্দু মিয়ার বাড়িতে যাওয়ার পথে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে অপহরণ করেন আটককৃতরা। মুক্তিপণের জন্য রাত প্রায় দেড়টা পর্যন্ত অপহৃতের উপর অমানুষিক নির্যাতন চালায় তারা। এ সময় অপহৃত রুবেলের কাছে থাকা ৫’শ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। ঘটনাটি রাতেই অপহৃতের ভাই বাবু পুলিশকে জানায়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অপহৃত রুবেলকে উদ্ধার করাসহ অভিযুক্তদের আটক করে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহৃত রুবেল নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরহণ ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান ওসি।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২৪ ০৬:০৯:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে প্রচন্ড তাপদাহে শিক্ষক মন্ডলী কক্ষে জ্ঞান হারালেন মাদ্রাসা শিক্ষক - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রচন্ড তাপদাহে শিক্ষক মন্ডলী কক্ষে জ্ঞান হারালেন মাদ্রাসা শিক্ষক

একতার কণ্ঠঃ প্রচন্ড তাপদাহে টাঙ্গাইলের ভূঞাপুরে ক্লাস শেষে শিক্ষক মন্ডলী কক্ষে জ্ঞান হারিয়ে ফেলেছেন এক মাদ্রাসা শিক্ষক। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম মো. জহিরুল ইসলাম। সে স্থানীয় রাউৎবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক।

ওই মাদ্রাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মাওলানা মো. আফছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্লাস শেষে শিক্ষক মন্ডলী কক্ষে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারান এবং কথা বলা বন্ধ হয়ে যায় তাঁর। পরে তাৎক্ষণিক মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাদ্রাসা শিক্ষকের জ্ঞান হারানোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ২৯. এপ্রিল ২০২৪ ০৩:২০:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।