/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ - Ekotar Kantho

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের সাদরে বরণ করার উদ্দেশ্যে বুধবার(৩০ জুন) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখর।অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা সবাই তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্য এডভোকেট জাফর আহমেদ বলেন, এবারই প্রথম এই ১৪ জন সদস্যকে প্রেস ক্লাবে অন্তর্ভুক্তিকে সবাই একযোগে সমর্থন করেছে। কোন ধরনের বির্তকিত সদস্যকে এবার অন্তর্ভুক্ত করা হয়নি। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সাদরে বরণ করে নেওয়া হলো। এটা আপনাদের জন্য সম্মানের। আশা করি, আপনারা সেই সম্মান ধরে রাখবেন। প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি।

টাঙ্গাইল প্রেস ক্লাবের নতুন ১৪ জন সদস্যরা হলেন, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবীর, দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আতিকুর রহমান, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. মাসুদ রেজা, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো. তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক শামসুজ্জামান, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া ডিবিসি নিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. সোহেল তালুকদার নতুন সদস্য হলেও তিনি অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার তাদের বরণ করে নেয়া হয় ।

সর্বশেষ আপডেটঃ ০১. জুলাই ২০২১ ০১:৪২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ প্রশিক্ষণ সম্পন্ন - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ প্রশিক্ষণ সম্পন্ন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল ও মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার(২৯ জুন) বিকালে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম।

এর আগে সোমবার(২৮ জুন) টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজি’র মহাপরিচালক(অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ মোজাফফর।

এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে টাঙ্গাইল ও মির্জাপুর পৌরসভার ৩৬ জন কাউন্সিলর অংশগ্রহন করেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. জুন ২০২১ ১২:২৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে একদিনে করোনা শনাক্তের  সর্বোচ্চ রেকর্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

একতার কণ্ঠঃ  টাঙ্গাইল জেলায় নতুন করে একদিনে(২৪ ঘন্টায়) সর্বোচ্চ ১৯৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ দিন জেলায় শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭ হাজার ৩৮৭ জন।মঙ্গলবার (২৯ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১৯৩ জন শনাক্ত হন। এর মধ্যে রয়েছেন- টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ারে ১৪ জন, ভূঞাপুরে ১৪ জন, মধুপুরে ৮ জন, ধনবাড়ীতে ৬ জন, মির্জাপুরে ৬ জন, সখীপুরে ৩ জন ও নাগরপুরে ৩ জন।

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে  মৃত্যুবরণ করেছেন ১০৮জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহ যাবত টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় সপ্তাহব্যাপি লকডাউনের ফলে দুই দিন কমলেও আবার আক্রান্তদের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. জুন ২০২১ ১০:১১:পিএম ৫ বছর আগে
বিয়ে-বিদেশ-চাকরি, নিষ্ক্রিয় সখীপুর ছাত্রলীগের কমিটি - Ekotar Kantho

বিয়ে-বিদেশ-চাকরি, নিষ্ক্রিয় সখীপুর ছাত্রলীগের কমিটি

একতার কণ্ঠঃ দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগ। ফলে ছয় সদস্যের কমিটি দিয়েই কোনোরকম চলছে কমিটি। তবে দলীয় কার্যক্রমে সক্রিয় নন সেই ছয়জনের কয়েকজন।

২০১৯ সালের ২৪ মার্চ তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত পত্রে এক বছর মেয়াদী উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, শর্ত ভঙ্গ করলে ওই কমিটি বাতিল বলে গণ্য হবে। ওই পত্রে শরীফুল ইসলাম শরীফ সভাপতি ও রাসেল আল মামুনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার শর্ত দেয়া হয়। কিন্তু দুই বছরের অধিক সময় পার হলেও টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগ তাদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সঙ্গে জেলা ছাত্রলীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না থাকায় ওই কমিটি অকার্যকর হয়ে পড়েছে।

কমিটির ছয় সদস্য হলেন- সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, সহসভাপতি-১ আল মাহমুদ প্রান্ত, সহসভাপতি-২ আব্দুল রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।

এদের মধ্যে সভাপতি শরীফুল ইসলামের গোপন বিয়ে ও পরে বিচ্ছেদের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ অবস্থায় অকার্যকর কমিটিকে আনুষ্ঠানিক বাতিল ঘোষণা করে নতুন কমিটি গঠনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগকে সক্রিয় ও গতিশীল করার দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল মাহমুদ প্রান্ত বলেন, ‘গত দুবছরে কমিটির একটি সভাও হয়নি। শরীফুল ইসলাম শরীফ সভাপতি হওয়ার পর ২০২০ সালের ১৯ জানুয়ারি রেজিস্ট্রিমূলে গোপনে বিয়ে করেন। নিয়ম অনুযায়ী বিয়ের অপরাধে তিনি অনেক আগেই বাদ পড়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মাহমুদ সরকারি চাকরি করছেন ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন কোভিড-১৯ এর আগেই বিদেশে পাড়ি জমান। ফলে নীতিগতভাবে কমিটি এখন বিলুপ্ত।’

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল হাসান বিজয় বলেন, ‘উপজেলা ছাত্রলীগ ছয় সদস্য থেকে কমে গিয়ে তিন সদস্য হয়েছে। আইনত সখীপুর ‘উপজেলা ছাত্রলীগ’ বলতে কিছুই নেই। তাই আমরা ছাত্রলীগকে গতিশীল ও কার্যকরী করতে নতুন কমিটি চাই। যাদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ সক্রিয় ও গতিশীল হবে।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে কোনো সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় কমিটির সঙ্গে আঁতাত করে ছয় সদস্যের একটি কমিটি অনুমোদন আনেন। কেন্দ্রীয় কমিটির শর্তানুযায়ী ওই কমিটি বাতিল বলে গণ্য হয়েছে। সেই শর্ত মোতাবেক সখীপুর উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি নেই। শিগগিরই সখীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।’

গোপনে বিয়ে করা ও সম্প্রতি বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন এড়িয়ে গিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে অনেক আগেই বর্তমান কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ওই কমিটি এখনো পাশ হয়নি।’

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘সভাপতির বিয়ের বিষয়টি আমিও শুনেছি। যেহেতু কেন্দ্রীয় ছাত্রলীগ ওই উপজেলা কমিটি দিয়েছে, সে জন্য এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিই দিবে।’

সর্বশেষ আপডেটঃ ২৯. জুন ২০২১ ০৩:১৭:এএম ৫ বছর আগে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুবরণ করেছেন।একই সময়ে জেলায় নতুন করে আরও ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার(২৮ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) শফিকুল ইসলাম সজীব জানান, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ২০ শয্যার আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে। ৫০ শয্যার করোনা ওয়ার্ড গত বছর চালু করা হয়।

৭০ শয্যার দুই ওয়ার্ডে এখন ৭৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ২২ জন করোনায় আক্রান্ত এবং ৫৫ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯৫, কালিহাতীতে ২০, বাসাইলে ১৪, মধুপুরে আট জন, দেলদুয়ার ও ঘাটাইলে ৭ জন করে, ভূঞাপুরে পাঁচ জন, মির্জাপুরে তিন জন, সখীপুর ও নাগরপুর উপজেলায় এক জন করে রয়েছেন।

এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৯৪। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৮ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৫৬৯ জন

সর্বশেষ আপডেটঃ ২৯. জুন ২০২১ ০২:৪১:এএম ৫ বছর আগে
বঙ্গমাতা ফুটবলে ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা দল চ্যাম্পিয়ন - Ekotar Kantho

বঙ্গমাতা ফুটবলে ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা দল চ্যাম্পিয়ন

একতার কণ্ঠঃ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় পর্যায়ে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্র্রমিলা ফুটবল দল ২-১ গোলে কিশোরগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৭ জুন) বিকালে ঢাকা পল্টন মাঠে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টাঙ্গাইল জেলা দলের  রিতু আক্তার প্রথমে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। কিশোরগঞ্জ জেলা দল খেলায় পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য পাল্টা আক্রমন করে খেলে কিশোরগঞ্জ দলের সালমা আক্তার গোল করে (১-১) খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল জেলা দলের সুরমা খাতুন গোল করে দলকে (২-১) এগিয়ে নেয়। এরপর কিশোরগঞ্জ জেলা ফুটবল দল পাল্টা আক্রমন করে খেলেও কোন গোল করতে পারেনি।  খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল ২-১ গোলে জয় লাভ করে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওযা গৌরব অর্জন করে ।

এছাড়া একই দিন সকাল ১০টায় সেমিফাইনালে টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দল ফরিদপুর জেলা  দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে।

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের হয়ে যারা খেলছে তারা হলোঃ সাদিয়া আক্তার( অধিনায়ক), রিতু আক্তার, সেলিনা আক্তার, রুপা আক্তার, ইতি আক্তার, সুরমা আক্তার, দৃষ্টি আক্তার, লিজা খাতুন, মরিয়ম বিনতে হান্না, শায়লা শবনম তন্নী(গোল কিপার) আশা আক্তার, আলমিনা আক্তার ও ইউসা হালিম।

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, কামরুন নাহার খান মুন্নী ও ম্যনেজার হিসেবে আছেন জাহিদ তারেক খান জুয়েল।

 

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২১ ০৪:১০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার মির্জাপুর উপজেলায়। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ১০৮জন। এছাড়া ২৯৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ। রোবার(২৭ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে- টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, ঘাটাইলে ২৩, কালিহাতীতে ১৭, গোপালপুরে ১২ জন, নাগরপুরে এক জন, দেলদুয়ারে নয় জন, সখীপুরে তিন জন, মধুপুরে নয় জন, ভূঞাপুরে চার জন রয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা সাত হাজার ৩৩ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছে চার হাজার ৫৫৬জন।

সিভিল সার্জন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত মোট ৪৪৪ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১৯ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর(রেফার্ড) করা হয়েছে ৬৬ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে করোনা ডেডিকেডেট আইসিইউ বেডে পাঁচ ও জেনারেল বেডে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে পাঁচ জন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে তিন জনসহ জেলায় মোট ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২১ ০১:২৪:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি নামকস্থানে(২ নং ব্রিজ) রবিবার (২৭ জুন) ভোরে দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান রুবেল রানা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী আম বোঝাই একটি পিকআপভ্যান মহাসড়কে পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে উত্তরবঙ্গগামী অপর একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহগামী পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে আম বোঝাই পিকআপভ্যানের হেলপার ঘটনস্থলেই মারা যান। পিকআপ চালকসহ পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুন ২০২১ ১২:২৮:এএম ৫ বছর আগে
সরকারি এম এম আলী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন শহীদুজ্জামান মিয়া - Ekotar Kantho

সরকারি এম এম আলী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন শহীদুজ্জামান মিয়া

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক শহীদুজ্জামান মিয়া। তিনি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন । এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রসংসদের নেতৃবৃন্দ ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে তিনি সরকারি টঙ্গি কলেজ, সরকারি সা’দত কলেজ, সরকারি এমএম আলী কলেজ ও বিএমটিটিআই এর উপাধ্যক্ষ এবং আইসিটির প্রকল্প পরিচালকের দায়িত্বপালন করেন।

শহীদুজ্জামান মিয়া ১৯৬৭ সালে ভ‚ঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীর চর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামিক ইউনিভার্সি থেকে হিসাববিজ্ঞানে ১৯৮৮ সালে বিবিএ এবং ১৯৯১ সালে এমবিএ পাশ করেন। পরে ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন।

তার পিতা মৃত হাজী মোহাম্মদ আলী ও মাতা লতিফা বেগম। তারা দুই বোন তিন ভাই। স্ত্রী সহযোগী অধ্যাপক ফৌজিয়া ইয়াছমীন বর্তমানে ডিজি অফিসে বিশেষ দায়িত্বে কর্মরত আছেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে।

দায়িত্বগ্রহণের পর শহীদুজ্জামান মিয়া মতবিনিময় সভায় বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৫৭ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠাতা করেন। ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয়করন করেন। কলেজটির সুনাম রয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়নসহ কলেজটিকে সব দিকে এগিয়ে নিতে চাই।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২১ ০৩:০০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলের সেই ছাত্রলীগ নেতা বহিস্কার - Ekotar Kantho

টাঙ্গাইলের সেই ছাত্রলীগ নেতা বহিস্কার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় উপজেলার ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজকে বহিস্কার করা হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাথে পরামর্শ ক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল।

জানা যায়, উপজেলার ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজের বিরুদ্ধে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ নিয়ে গত বৃহস্পতিবার (২৪ জুন) বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রচার হয়। সংবাদ প্রচারের পরপরই টনক নড়ে কর্তৃপক্ষের। শুক্রবার রাতে এক জরুরী সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে সবুজকে বহিস্কার করা হয়। উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবুজ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের টাকা আত্মসাৎ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল জানান, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে পরামর্শক্রমে আমরা উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। সবুজকে স্থায়ী বহিস্কারের বিষয়ে আমরা জেলা কমিটিকে জানিয়েছি বলেও তিনি জানান।

সবুজের চাচাতো ভাই আরিফ সরকার বলেন, গত ১৫ দিন যাবৎ সবুজ পলাতক রয়েছে। তার কোন প্রকার খোঁজ আমরা পাচ্ছি না। যে সকল গ্রাহকদের টাকা নিয়ে সে পালিয়েছে, পারিবারিকভাবে তাদের টাকা পরিশোধ করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, তিন বছর আগে ডাচ্-বাংলা কেন্দ্রীয় ব্যাংক উপজেলার আইসড়া বাজারে এজেন্ট ব্যাংকিং বুথ চালু করে। বাসাইলের ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ ব্যাংকটির এজেন্ট হিসেবে দায়িত্ব নেন। ব্যাংকিং কার্যক্রমের আড়ালে তিনি গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে গাঁ ঢাকা দেয়।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২১ ০৩:৩১:এএম ৫ বছর আগে
পরীমনির মামলা প্রত্যাহার ও অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত - Ekotar Kantho

পরীমনির মামলা প্রত্যাহার ও অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ পরীমনির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তুহিন সিদ্দিকী অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যাহ এলাকায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাসাইল উপজেলা ও হাবলা ইউনিয়নবাসির ব্যানারে আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য আকবর আলী, এলাকাবাসী হায়েত আলী, হাজেরা বেগম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।

বক্তারা বলেন,  বাসাইলের গুল্যাহ গ্রামের অমি একজন ভাল মানুষ। সে ও তার বাবা সমাজ সেবক। অনেক মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করেছেন। এছাড়াও করোনাকালীন সময়ে হাজার হাজার মানুষকে সার্বিক সহযোগিতা করেছেন। অমি মানব পাচারের সাথে জড়িত নয়। তাকে এই মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। অন্যথায় টাঙ্গাইল থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জানা যায়, গত (৯ জুন) মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে পরীমনি থানায় অভিযোগ করেন। ঘটনার চার দিন পর রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। পরদিন গত (১৪ জুন) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিন বিকেলে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় গত (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাতদিনের রিমান্ড  মঞ্জুর করেন ।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২১ ০৩:০৫:এএম ৫ বছর আগে
বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা দল সেমিফাইনালে - Ekotar Kantho

বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা দল সেমিফাইনালে

একতার কণ্ঠঃ বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দল সেমিফাইনালে উঠেছে।শনিবার (২৬ জুন) দুপুরে ঢাকার “পল্টন মাঠে” অনুষ্ঠিত “খ” গ্রুপের খেলায় টাঙ্গাইল জেলা কোয়ার্টার ফাইনালে শরিয়তপুর জেলা দলকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।

খেলায় টাঙ্গাইলে স্টাইকার রিতু আক্তার হ্যাটট্রিক করে। এছাড়া দলীয় অধিনায়ক সাদিয়া আক্তার ২টি, সেলিনা আক্তার ২টি ও রুপা আক্তার ১টি করে গোল করে।

অপরদিকে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের বালক বিভাগের খেলায় টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ ফুটবলে টাইব্রেকারে শরিয়তপুর জেলা (অনুর্ধ্ব-১৭) বালক দলের কাছে ৫-৪ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ে খেলায় ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারের গড়ায়।

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের হয়ে যারা খেলছে তারা হলোঃ সাদিয়া আক্তার( অধিনায়ক), রিতু আক্তার, সেলিনা আক্তার, রুপা আক্তার, ইতি আক্তার, সুরমা আক্তার, দৃষ্টি আক্তার, লিজা খাতুন, মরিয়ম বিনতে হান্না, শায়লা শবনম তন্নী(গোল কিপার) আশা আক্তার, আলমিনা আক্তার ও ইউসা হালিম।

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৭ প্রমিলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, কামরুন নাহার খান মুন্নী ও ম্যনেজার হিসেবে আছেন জাহিদ তারেক খান জুয়েল।

রবিবার (২৭ জুন) সেমিফাইনালে টাঙ্গাইল জেলা দল ফরিদপুর জেলা অনুর্ধ্ব-১৭ দলের মোকাবেলা করবে।

 

সর্বশেষ আপডেটঃ ২৭. জুন ২০২১ ০২:৪৭:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।