/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলের অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলের অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) ভোর সাড়ে চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ ওসি (তদন্ত) আব্দুল হক।

এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গারট্ট গ্রামে আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। হাছিনা আক্তার ওই এলাকার আব্দুল বারেক মিয়ার স্ত্রী। ওই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।

ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতা বশত তাঁর শরীরে আগুন লেগে যায়। আগুনে ওই গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৪

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অপহরণ হওয়া ব্যবসায়ী মো. মশিউর রহমান খান মুরাদকে (৩৫) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন জেলা সদর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল পৌর শহরের দেওলা এলাকার মজিদ খানের ছেলে ওয়াসীম খান (৪৫), মৃত. আ. ছালামের ছেলে মো. হাবিবুল কবির জনি (৪৮), মো. শাহজাহান ফারুকের ছেলে মেহেদী হাসান শিশির (৩০) ও কোদালিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩৫)।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মশিউর রহমানকে অপহরণ করা হয়।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাতে শহরের কোদালিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে একদল সন্ত্রাসী মশিউর রহমাকে অপহরণ করে। পরে অপরহণকারীরা ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপন হিসেবে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই টাঙ্গাইল র‌্যাব অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন জেলা সদর মাঠ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণ চক্রের ৪ সদস্যকে।

তিনি আরো জানান, এ ঘটনায় মশিউর রহমান টাঙ্গাইল সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ

একতার কণ্ঠঃ সিনেমাটিক স্টাইলে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ গজারি কাঠ জব্দ করেছে টাঙ্গাইল বন বিভাগ।রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওইখোলা এলাকা থেকে ১৮০ পিস গজারি কাঠ জব্দ করে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন জানান, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে  মহাসড়কের বাওইখোলা এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়।

তিনি আরো জানান,  এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগের প্র্রধান কার্যলয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে ।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ১০:১৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার(১৩ ফেব্রয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার  করটিয়া  ইউনিয়নের করটিয়া গরুর হাটের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতনারী উপজেলার করটিয়া এলাকার নরেশ রবিদাসের স্ত্রী জ্যোৎস্না রাণী দাস (৪০)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জ্যোস্না রাণী দাসকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৭৫ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইল, একটি সিম কার্ডসহ হাতেনাতে আটক করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, সে  দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল  সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিলো। আটককৃত নারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০৯:৩২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় সখীপুর উপজেলা বিএনপির ৪৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলী আদালতে ৫৯ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক ফারজানা হাছানাত ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটককৃতরা হলেন— উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা মামলাটি দায়ের করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০২:৩৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - Ekotar Kantho

টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থানপা উচ্ছেদ করেছে। রবিবার(১৩ ফেব্রয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে ওই অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।  এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান,  টাঙ্গাইল পৌর শহরে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা ও দোকানপাট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে অবৈধ দখলকারীদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়।  রবিবার বিকেলে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়  টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,সহকারী পুলিশ সুপার (এসএএফ) আবদুল্লাহ আল ইমরান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০২:০৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই শ্লোগ্রানকে সামনে রেখে টাঙ্গাইলে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে বটতলা প্রিমিও প্রপার্টিজ হাউজের নিচতলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল ইউনিটের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

দৈনিক আমার সংবাদে জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইমরুল হাসান বাবুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ও টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃআরমান কবীর সৈকত, বিজয় টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সিরাজ আল মাসুদ, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন, ভোরে পাতা পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, সাংবাদিক সোহেল রানা, আমার সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি শরীফুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, সবুজ সরকার, মনির হোসেন, নুরনবী রবিন প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০১:৩১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব - Ekotar Kantho

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক। শুক্রবার (১১ ফেব্রয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের কাগমারী কলেজ মাঠ প্রাঙ্গনে বস্তি এলাকার ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র-ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ওই উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকরা বলেন “দশমিক সংগঠনটি মূলত অসহায় শিশুদের স্বপ্ন পূরণের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), “মানুষের কল্যানে মানুষ” ফাউন্ডেশনের এর সভাপতি পারুল মাহাবুব খান, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগঠনিক সম্পাদক প্রাপ্ত সাহা, কোষাধ্যক্ষ নিলয় সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, জয় সাহা, মুশফিক আহমেদ রোমান, রিনা, হ্যাপি, ওলি,শুভ  প্রমুখ ।

আয়োজকরা বলেন, দশমিক ফাউন্ডেশনের অতিথি ভোজনের অংশ হচ্ছে এই পিঠা উৎসব। এই ছিন্নমূল শিশুরাই আমাদের বিশেষ অতিথি। সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুরা এসব কিছু মুখোরোচক পিঠা থেকে হয়তো বঞ্চিত থাকে। এই শিশুদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস, দশমিক পাঠশালাতে যেমন শিশুদের বিনামূল্যে শিক্ষাদানে সময় দেয়া হয়, ঠিক তেমনি শিশুদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। আমরা ভিন্ন স্বাদে শীতের বিভিন্ন মুখোরোচক পিঠার আয়োজন করেছি তাদের জন্যে।

আয়োজকরা আরো বলেন,  পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য উপাদান। অনেক বছর ধরে নানা রকমের পিঠার আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। তবে পিঠার আসল সময় শুরু হয় শরৎকাল থেকে, নবান্নে তৈরি শিরনি ও পিঠা দিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বাড়তে থাকে। অগ্রহায়ণে অর্থাৎ হেমন্তে নতুন ধান কাটার পর থেকেই মূলত পিঠা তৈরির ধুম পড়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২২ ০৭:৫৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে এক সপ্তাহ আটকে থাকা বিড়ালকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস - Ekotar Kantho

টাঙ্গাইলে এক সপ্তাহ আটকে থাকা বিড়ালকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে এক সপ্তাহ আটকে থাকা একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের চারতলা  একটি ভবনের সানশেডে আটকে থাকা বিড়ালকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে বিড়ালটি  ওই ভবনের সানশেডে আটকে ছিল। পরে পাশের ভবনে থাকা ওয়াহিদ আকরাম সুবিন শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি ফায়ার সার্ভিসের সাড়া না পেয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি বিড়ালটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। তারপরও সাড়া দেয়নি টাঙ্গাইল ফায়ার সার্ভিস।

বিষয়টি  তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মন্তব্যে বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব লেখেন ফায়ার সার্ভিস উদ্ধার করবে না কেন, তাদের কাজ কি শুধু আগুন নেভানো।

এনিমেল রেস্কিউ অব টাঙ্গাইল গ্রুপের মুনিয়া ইতু ও ইথিকা ইমু বলেন, ভিডিওটি দেখে খুব মায়া লাগে বিড়ালটির জন্য। পরে ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়। প্রথমে তারা  নেতিবাচক থাকলেও পরে রাজি হয়। তারা এসে আটকাপড়া বিড়ালটিকে উদ্ধার করেছে।

টিম এনিমেল লাভার্স গ্রুপের মো. জাকির বলেন, বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

সাংবাদিক নওশাদ রানা সানভী বলেন, আশা করছিলাম ফায়ার সার্ভিস অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেবে। কিন্তু তারা প্রথমে বিড়ালটিকে উদ্ধারে রাজি হয়নি। একটু দেরি হলেও উদ্ধার করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, সকল প্রাণীর বিপদে তারা তাৎক্ষণিক পাশে থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৪:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বালুরঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ,  আটক ১০ - Ekotar Kantho

টাঙ্গাইলে বালুরঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ১০

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী খনন প্রকল্পের কাজ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালিহাতী থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

শনিবার(১২ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ-নুরুল ইসলাম মেম্বার ও সাবেক মেম্বার সুলতান গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সুলতান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ-নুরুল ইসলামের বালুরঘাটে অতর্কিত হামলা চালায়। পরে মাসুদ গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। সংঘর্ষের এক পর্যায়ে সাবেক মেম্বার সুলতান ও তার ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালায় মাসুদ গ্রুপের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ দুই গ্রুপের ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাবেক মেম্বার সুলতান জানায়, জোকারচর এলাকার মাসুদ সরকার ও নুরুল ইসলাম মেম্বারের লোকজন আমার এবং আমার ভাইয়ের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। আমার ঘরের ভিতরে থাকা আলমারি ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি সরকারের কাছে এর বিচার চাই।

অপরদিকে মাসুদ সরকার অভিযোগ করে বলেন, বালুর ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুলতান মেম্বারের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা একটি সাজানো নাটক।

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,জোকারচর এলাকায় বালুরঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুই গ্রুপের ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২২ ০১:০৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে নুরভানু (৫৮) নামে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার(১২ফেব্রয়ারি) সকালে উপজেলার দুয়াজানী গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে। নাগরপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরভানু নাগরপুর সদর উপজেলার দুয়াজানী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুয়াজানী গ্রামের আব্দুল মিয়া তিন ছেলে সন্তান রেখে প্রায় ১২ বছর আগে মারা যান। তার মৃত্যুর পর স্ত্রী নুরভানু পুনরায় পাশের ভঙ্গবকুটিয়া গ্রামের তিন সন্তানের জনক বাবুল মিয়াকে বিয়ে করে দুয়াজানীর নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার বাবুল মিয়া সকালে কৃষি জমিতে কাজ করতে যান। এসময় তার স্ত্রী নুরভানু বাড়িতে সকালের রান্নার কাজ কাজ করছিলেন। কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করে রান্নার চুলার পাশেই ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত নুরভানুর স্বামী বাবুল মিয়া বলেন, সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। স্ত্রীর হত্যার খবর পেয়ে বাড়িতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখি।

নাগরপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এছাড়াও লাশের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের ছেলে ও ছেলের বৌ এবং নিহতের স্বামীসহ কয়েক জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে

 

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২২ ১০:৩৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সদ্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনের দৃষ্টিনন্দন মোড়ে ওই ম্যুরালের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু, তানভীর হাসান ছোট মনির, খান আহমেদ শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, অপরাজিতা হক এমপি, জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম আলমগীর হোসেন প্রমুখ।

গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে ১০ লাখ টাকা ব্যায়ে এই শেখ রাসেলের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

পরে কৃষিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনায় যোগ দেন।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২২ ০২:২৩:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।