আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা লুটের অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন, পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন মঙ্গলবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, গত ১৮ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাড়িতে অভিযানে গিয়ে সাড়ে ৮ লাখ টাকা লুট করেছেন।
উপ-পরিচালক আবুল হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালেহা বেগম তার অভিযোগে বলেছেন, কর্মকর্তারা তার বাড়িতে অভিযান চালিয়ে কোনো মাদকদ্রব্য না পেয়ে গাড়ির জ্বালানি খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। তিনি তাদের ১০ হাজার টাকা দিয়েছিলেন। পরে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। সে সময় তারা ঘরে থাকা প্রায় সাড়ে ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
আরমান কবীরঃ বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। তাদেরকে জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না। বিএনপি যখন যে ওয়াদা করে আল্লাহর রহমতে সে ওয়াদা পূরণ করেছে।
রবিবার (৬ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে ইতোমধ্যেই উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতে প্রত্যেক এলাকাতে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন। বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ টাঙ্গাইলে উদীয়মান ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অর্ধদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার
এ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ কাদির, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী, আব্দুল্লাহ আল মামুন ও জেলা সমন্বয়ক রাসেল খান প্রমূখ।
এই অর্ধদিনব্যাপী প্রশিক্ষণে জেলার প্রায় ৫০জন উদীয়মান ক্রিকেটার অংশগ্রহণ করেন।
পরে স্কাইবাই এর পক্ষ থেকে টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটারদের জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ৫০টি ক্রিকেট বল উপহার হিসেবে প্রদান করা হয়।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৬ জুলাই) বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।
পুলিশ জানায়, জেলার গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ধনবাড়ি হয়ে লক্ষীপুর ফেরার সময় দেউলাবাড়ি এলাকায় পৌঁছালে লিংক রোড থেকে আসা একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক রাসেল রাস্তায় পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরমান কবীরঃ শেখ হাসিনাকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশব্যাপী গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমি দখল এবং মাদক ব্যবসা, মানবাধিকার লঙ্ঘন ও শীর্ষ নেতাদের নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক মোস্তফা বেপারী ওরফে ভান্ডারী।
শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত পদত্যাগ পত্র পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন তিনি।
লিখিত পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের কর্মীদের অসহায় করে দেশ থেকে পলায়নসহ নানা কারণে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্বেচ্ছায় আজীবনের জন্য পদত্যাগ করছেন তিনি।
এই পদত্যাগ পত্র গ্রহণের পাশাপাশি সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দানের অনুরোধ করেন। রাতে পদত্যাগের ঘটনা প্রকাশিত হলে আওয়ামী মৎস্যজীবী নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে মুঠোফোনে মোস্তফা ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় কাউন্সিল নির্বাচনের কারণে টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার হোসেনের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে ছিলাম। কারো কোনো ভয়ভীতি বা চাপের কারণে নয় সজ্ঞানে স্বেচ্ছায় আমি ত্যাগ করেছি।
আরমান কবীরঃ বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি বরং তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মাধ্যমিক পর্যায়ে গত বছর ২৫শতাংশ শিক্ষার্থী ঝড়ে গেছে। এর কারণ মানহীন কারিকুলাম। এখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। টেকসই উন্নয়নের জন্য চাই শিক্ষিত জাতি।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা তৎকালীন বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন প্রথম। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে। এতে শিক্ষার মান বাড়বে এবং জাতি এগিয়ে যাবে। শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি উন্নয়ন দিয়ে দেশ চলতো তাহলে ফ্যাসিস্ট সরকার যেত না।
বাংলদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এতে প্রধান আলোচক ছিলেন, বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বেগম নুরুন্নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিটিএর উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিরা উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ চারদিকে স্বজনদের বিলাপ। কেউ কাঁদছেন চুপিচুপি, কারও ঠোঁট কাঁপছে, কারও চোখ ঝাপসা। মায়ের লাশ পাশের ঘরে রাখা। এমন অবস্থায় পরীক্ষার সরঞ্জাম হাতে নিয়ে খাটিয়ার পাশে দাঁড়িয়ে দুই শিক্ষার্থী। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মায়ের দিকে। এরপর চুপচাপ রওনা হন পরীক্ষাকেন্দ্রে।
মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষায় অংশ নিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুই ছাত্রী—সায়মা আক্তার ও লাবণী আক্তার। একজন এইচএসসি, অন্যজন কারিগরি বোর্ডের অধীনে বিএম চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন।
জানা গেছে, উপজেলার হতেয়া গ্রামের রায়হান খানের মেয়ে সায়মা আক্তার হাতিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁর ইংরেজি ২য় পত্রের পরীক্ষা ছিল সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে। এর আগের দিন বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে মারা যান তাঁর মা শিল্পী আক্তার (৪০)।
অন্যদিকে কচুয়া পশ্চিমপাড়া গ্রামের লাবণী আক্তার সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার তাঁর ‘বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ে চূড়ান্ত পরীক্ষা ছিল সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে। বুধবার রাত ৯টার দিকে তাঁর মা সফিরন নেছা (৪৫) মারা যান।
মায়ের মৃত্যুতে দুই ছাত্রীই ভেঙে পড়েন। তবু স্বজনদের অনুরোধে তাঁরা পরীক্ষাকেন্দ্রে যান। লাবণীর মায়ের জানাজা হয় বেলা সাড়ে ১১টায়, আর সায়মার মায়ের জানাজা অনুষ্ঠিত হয় জোহরের পর।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন ও সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মায়ের লাশ রেখে পরীক্ষায় অংশ নেওয়া অত্যন্ত কষ্টের। আল্লাহ যেন তাদের শক্তি দেন।
সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকির হোসাইন বলেন, লাবণী আক্তার পুরো তিন ঘণ্টা পরীক্ষায় বসে ছিলেন। চোখ বেয়ে অশ্রু ঝরছিল। পরীক্ষা শেষে এক শিক্ষক তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
আরমান কবীরঃ কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন—এটাই জনগণের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট ফরাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও ড্যাব টাঙ্গাইল শাখার সভাপতি ডাক্তার আব্দুল মতিন প্রমুখ।
সাহান হাসানঃ টাঙ্গাইলের গোপালপুরে প্রতিপক্ষের হামলায় হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি জাহাঙ্গীর মণ্ডল ওরফে চাকমা জাহাঙ্গীর (৪৫) নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, মূলত মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৮ টি মামলা রয়েছে।
নিহত জাহাঙ্গীর মণ্ডল ওরফে চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় তারপর ওপর হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় কুপিয়ে তাকে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সংকটাপন্ন অবস্থায় সেখান থেকে তাকে নেওয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন ।
হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে। তাছাড়া যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতো চাকমা জাহাঙ্গীর। এদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠেছিল।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বহু মামলার আসামি সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিল না পুলিশ। পরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।
আরমান কবীরঃ টাঙ্গাইলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবিরকে অন্যত্র বদলির জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন ১২ জন ইউপি সদস্য।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন ইউপি সদস্য মোছা. কল্পনা বেগম, মোছা. নুরনাহার বেগম, মোছা. ছবিয়া বেগম, মো. সুমন খান, মো. লুৎফর রহমান, মো. নয়ন মিয়া, মো. হারুন অর রশিদ, ইয়াছিন, মোহাম্মদ কায়সার আহমেদ, মো. ফরমান আলী, মো. মনিরুজ্জামান ও মো. আক্তার হোসেন।
ইতিপূর্বে ঈদ ঘিরে ভিজিএসফের চাল আত্মসাদসহ নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিলো সামাউন কবিরের বিরুদ্ধে।
লিখিত আবেদন থেকে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলাধীন ৮নং বাঘিল ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবির যোগদানের পর থেকে ইউপি সদস্যদের অবমূল্যায়নের পাশাপাশি সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছে। ইউপি সদস্যদের সাথে পরামর্শ না করে সামাউন কবির তার মতো স্থানীয় প্রভাবশালীদের সাথে আতাত করে পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইউনিয়নের জনসাধারনের জন্ম/মৃত্যু নিবন্ধনসহ যে কোন কাজে আসলে তাদেরকে আইনের ভয় দেখিয়ে তাদের নিকট থেকে সরকারী ফি’র বাহিরে অতিরিক্ত টাকা গ্রহন করেন তিনি। এতে জনসাধারণ সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সাধারন জনগন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
ইউপি সদস্যরা জানান, সামাউন কবির বাঘিল ইউনিয়নে আসার পূর্বে যে সকল ইউনিয়নে চাকরি করেছে প্রত্যেকটি ইউনিয়নের একই ধরনের আচারন করেছেন। নানা অনিয়মের অভিযোগে ইতিপূর্বে কয়েকবার শারিরীকভাবে লাঞ্চিত হয়েছেন তিনি। তার মতো দুর্নীতিগ্রস্ত কর্মচারি দিয়ে পরিষদের কাজ চালানো সম্ভব নয়। তাই তাকে ধনবাড়ী বা পার্শ্ববর্তী কোন উপজেলায় বদলি করা যেতে পারে। বাঘিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবিরকে বদলি করার জোর দাবি করেন ইউপি সদস্যরা।
বাঘিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবিরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাঘিল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সামাউন কবিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির বিষয়ে লিখিত আবেদনের বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই ) এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে জেলার কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মৃদুল হাসানের বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে। তিনি শাজাহান সিরাজ কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন আমি আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি। পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে তাকে ঢুকতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দিই। তার কাছে নকলের কাগজপত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, মৃদুল হাসান আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে ইতোমধ্যে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র পুরনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ। একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ সীসা কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় কারখানা দুটি এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।