/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। পু‌লিশ তাদের মর‌দেহ উদ্ধার করে‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৮:১৫:পিএম ৩ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহন, একদিনে টোল আদায় ২ কোটি - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহন, একদিনে টোল আদায় ২ কোটি

একতার কণ্ঠঃ আসন্ন ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এই ঈদকে সামনে রেখে ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

তার মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।

এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৪:৪২:এএম ৩ বছর আগে
ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের ঈদ উপহার বিতরণ  - Ekotar Kantho

ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের ঈদ উপহার বিতরণ 

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ওখোদা-ই-খেদমতগারের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ এপ্রিল) বেলা ১১ টায় সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও শাহ নাসির উদ্দিন বোগদাদি এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের চেয়ারম্যান হাসরত খান ভাসানী।

এ সময় খোদা-ই-খেদমতগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন বি.এস.সি, মোঃ আলাউদ্দিন, হাফেজ মোহাম্মদ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৪:৩৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পোড়া তেলে চিপস তৈরি, কারখানা মালিককে জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে পোড়া তেলে চিপস তৈরি, কারখানা মালিককে জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, মেয়াদউত্তীর্ণ তারিখ না থাকা, ক্ষতিকারক রঙ ও পোড়া তেল ব্যবহার করে চিপস তৈরির অপরাধে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার হাতিয়া ও সল্লা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত দুই কারখানা হলো- সাদেক বেকারী ও মেসার্স মম ফুড প্রোডাক্টস।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও পোড়া তেল ব্যবহার করে চিপস তৈরি করায় সাদেক বেকারীকে ৫ হাজার টাকা এবং মেসার্স মম ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৩:৩৭:এএম ৩ বছর আগে
ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন আ’লীগ নেতা বড় মনি ও তাঁর স্ত্রী - Ekotar Kantho

ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন আ’লীগ নেতা বড় মনি ও তাঁর স্ত্রী

একতার কণ্ঠঃ ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনি এবং তাঁর স্ত্রী নিগার আফতাব হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ইকবাল কবির ও এ কে এম রবিউল হোসেনের আদালত তাঁদের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

গোলাম কিবরিয়ার আইনজীবী মো. এহসান হাবিব জানান, গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী নিগার আফতাবকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। চার সপ্তাহ শেষ হওয়ার আগেই তাঁদের টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে।

শুনানিতে গোলাম কিবরিয়ার পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাবেক সহসভাপতি শহিদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী।

প্রসঙ্গত, ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেছেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। মামলায় ওই কিশোরী (১৭) অভিযোগ করেন, গোলাম কিবরিয়া তার পূর্বপরিচিত। গত ১৭ ডিসেম্বর তাকে শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে গোলাম কিবরিয়া ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন ও আপত্তিকর ছবি তুলে রাখেন। পরে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে ওই কিশোরী মামলায় অভিযোগ করেছেন।

মামলার এজাহারে বলা হয়, একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি গোলাম কিবরিয়া জানার পর সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে কিশোরী রাজি না হওয়ায় গত ২৯ মার্চ তাকে শহরের আদালত পাড়ায় গোলাম কিবরিয়ার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে ওই কিশোরীকে গোলাম কিবরিয়া আবার ধর্ষণ করেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০২:৩৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে এমপি লাভলীর ঈদ উপহার বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে এমপি লাভলীর ঈদ উপহার বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খন্দকার মমতা হেনা লাভলী। মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা অফিসার্স ক্লাবে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, লবণ, চিনি, এক লিটার তেল, ১০০ গ্রাম মরিচ ও ধনিয়া গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ১০:১০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার প্রদান - Ekotar Kantho

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার প্রদান

একতার কণ্ঠঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী নিজস্ব অর্থায়নে ঈদ উপহার প্রদান করেছেন। উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে পর্যায়ক্রমে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী ও শাড়ী প্রদান করছেন তিনি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও শাড়ী প্রদান করেন তিনি।

ইতিপূর্বে তার পক্ষ থেকে উপজেলার করটিয়া, গালা , হুগড়া, কাতুলী,দাইন্যা ইউনিয়নে প্রায় ৬ শতাধিক পাঞ্জাবি ও শাড়ী ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।

এ প্রসঙ্গে, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী জানান, প্রতি বছরের মতো এবারও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নিজস্ব অর্থায়নে পাঞ্জাবি ও শাড়ী প্রদান করা হচ্ছে।

টাঙ্গাইল সদর উপজেলায় এ বছর ১ হাজার পাঁচ শত পাঞ্জাবি ও শাড়ী প্রদানের ইচ্ছে আছে। ইতোমধ্যে ৫টি ইউনিয়নে ৬ শতাধিক পাঞ্জাবি ও শাড়ী প্রদান করা হয়েছে।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার সকল সন্মানিত ভোটারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ১০:২২:পিএম ৩ বছর আগে
ষড়যন্ত্রকারীরা সততার কাছে পরাজিত হবে: ছোট মনির - Ekotar Kantho

ষড়যন্ত্রকারীরা সততার কাছে পরাজিত হবে: ছোট মনির

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর হাসান ছোট মনির বলেছেন, জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদের চিহ্নিত হত্যাকারী ও তাদের মদদদাতারা আবার সক্রিয় হয়ে ওঠেছে। তারা টাঙ্গাইলের শান্ত পরিবেশকে আবার অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রপাগান্ডা চালিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র সততার কাছে পরাজিত হবেই।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটিরিয়ামে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত দিনে টাঙ্গাইল শহর সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছিল। তথাকথিত একটি পরিবারের কাছে টাঙ্গাইল শহর জিম্মি হয়ে পড়েছিল। সে সময় বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদসহ আওয়ামী লীগের ৩০জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যার প্রতিবাদ করায় আমাদের বাড়িঘর ভাংচুর করা হয়েছিল। সেদিনের টাঙ্গাইল আর আজকের টাঙ্গাইল শহরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। আজ মানুষ শান্তিতে বসবাস করছে। কোন রাজনৈতিক হানাহানি, খুন, রাহাজানী নেই।

তিনি বলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিকে একটি সাজানো মামলা দিয়ে মানহানীর অপচেষ্টা করছে তথাকথিত সেই পরিবার। তারা টাঙ্গাইলের রাজনীতিকে আবার অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আমার নির্বাচনী এলাকা গোপালপুর-ভূঞাপুর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়েক নেতা। তাদের সাথে আরও সুর মিলাচ্ছে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দু-চারজন রাজনৈতিক নেতা।

১৯৭৫ সালে খন্দকার মোস্তাক যেমন আওয়ামী লীগের মধ্যে থেকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তেমনই ওই ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় টাঙ্গাইলকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে অপচেষ্টা চালাচ্ছে। তারা ইতোপূর্বেও একাধিকবার আমাদের নিয়ে ষড়য়ন্ত্রের ঘৃণ্য খেলায় লিপ্ত হয়েছে। কিন্ত বার বারই সততার কাছে- শেখ হাসিনার উন্নয়নের কাছে পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের রাজনৈতিক বিষয়ে মাননীয় প্রধামন্ত্রী সব খবর রাখেন। তিনি সবই অবগত। আজকে যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে নানা সুবিধা নিয়েছেন বা নিচ্ছেন তারা একবার ভাবুন কাদের ত্যাগের জন্য এ সুবিধা পাচ্ছেন।

এমপি তানভীর হাসান ছোট মনির বলেন, ষড়যন্ত্রকারীরা যে মেয়েকে দিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন। সেই মামলার পর শহরে আমার ভাইয়ের শাস্তির দাবিতে মিছিল করিয়েছে কে আপনারা সবই জানেন। সত্যকে কখনও ধামাচাপা দিয়ে রাখা যায়না। সত্য একদিন আপন গতিতে পরিস্ফুটিত হবে।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্র লীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সত্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ পলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রউফ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিঞা, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে গত ৫ এপ্রিল এক কিশোরী টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর ডাক্তারী পরীক্ষায় যৌন নিগ্রহের কোন আলামত পাওয়া যায়নি। মামলার পক্ষে-বিপক্ষে শহরে প্রায়ই মিছিল পাল্টা মিছিল করা হচ্ছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০৩:৪৮:এএম ৩ বছর আগে
ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ এপ্রিল) শহরের ভিক্টোরিয়া রোডের টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।

আরো উপস্থিত ছিলেন,মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এডভোকেট নিহার সরকার, কবি মাহমুদ কামালসহ মওলানা ভাসানী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দসহ দেশের বরেন্য ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য কামনা ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০২:৩৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর, বাসাইল ও ধনবাড়ী উপজেলার ৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদের উদ্বোধন করেন তিনি।

টাঙ্গাইল অংশে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০১:২৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় মাংস বিক্রি করার সময় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

এরআগে ১শ ৫০ কেজি ওজনের মরা গরু কেটে বিক্রি করছিল ওই মাংস ব্যবসায়ী।

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী হাসমত (৪৪) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে ।

জানা গেছে, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন যাবদ অসুস্থ্য মরা গরু সংগ্রহ পূর্বক জবাই করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে- নাতে আটক করে। এসময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্রির কথা স্বীকার করে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে ভেটেনারী সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১৭. এপ্রিল ২০২৩ ০৩:৪১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিল (৪২) খুন হয়েছেন। কেরাম খেলা নিয়ে পুরনো দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) ইফতারের আগমুহুর্তে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে।

স্থানীয় বাসিন্দারা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিলের বিরোধ বাধে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। বিষয়টি আপোস মীমাংসার জন্য আলোচনা চলমান।

তারা আরো জানায়,শনিবার ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল তুলছিলেন। এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আব্দুল জলিল তাৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল খুন হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. এপ্রিল ২০২৩ ০২:০২:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।