/ হোম / আমাদের
টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

আরমান কবীরঃ টাঙ্গাইলের গোপালপুর নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে নির্বাচন অফিসের কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করেন। পরে অফিসের আরো দুজন স্টাফকেও মারধর করা হয়। এ সময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে।

গোপালপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছেন। অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে পারছিল না। এজন্য হামলা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার শরীরে আঘাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি চরম দুর্ব্যহার করেন। তবে হামলা ও ভাঙচুরের অভিযোগটি মিথ্যা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।সরকারি অফিস ভাঙচুর এবং কর্মকর্তাদের শরীরে আঘাত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. নভেম্বর ২০২৫ ০১:৪৫:এএম ৫ মাস আগে
টাঙ্গাইলের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম - Ekotar Kantho

টাঙ্গাইলের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম

আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো. ওমর আলী শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে ইতিপূর্বে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) থাকাকালীনও একাধিক দুর্নীতির অভিযোগও রয়েছে। তার এই দুর্নীতির প্রতিবাদে ও তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, ২০০৭ সালে জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থাকাকালীন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোচিং করানোর নামে জনপ্রতি ২০০ টাকা করে আদায় করেন ওমর আলী। তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে তাকে অন্যত্র বদলি ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সুপারিশ করেন যাহার স্বারক নাম্বার – উশিঅ/মির্জা/তদন্ত/৪২১। পরবর্তীতে ওমর আলীকে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। সেখানেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে তাকে একই উপজেলার ওয়ারর্শী ইউনিয়নের মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।

পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন ওমর আলী বহিরাগত কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। পরবর্তীতে পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোমেজ উদ্দীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে মির্জাপুর থানায় ওমর আলীর বিরুদ্ধে সাধারণ ডাইরি (জিডি) করেন (যাহার নাম্বার -১৩২৯)।

এছাড়া মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বকালীন সময়ে ওমর আলী ২০১৮ সালের আগস্ট মাসের ১০ তারিখে সহকারী শিক্ষক ইকলিমা আক্তার, নুরুল ইসলাম, নৈশপোহরী আমিনুল ইসলামকে ফোন করে বিদ্যালয়ে আসতে বলেন। তারা বিদ্যালয়ে উপস্থিত হলে দেখতে পান প্রধান শিক্ষক ওমর আলী বিদ্যালয়ের দৈনিক হাজিরা খাতার দুটি হাজিরা পৃষ্ঠা ছিঁড়ে হাতে নিয়ে দাড়িয়ে আছেন। তারা এর প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম তদন্ত করে বিষয়টির সত্যতা পেলে প্রধান শিক্ষক ওমর আলীসহ শিক্ষকদয়কে কৈফত তলব করেন। পরে ওমর আলী কর্মকর্তাদের বিরুদ্ধে ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তিন বছর ৫ মাস চলার পর বাদির আরজির বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ হয়ে যায়। অর্থাৎ মামলায় ওমর আলী হেরে যান। এছাড়া ওমর আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের ৩ লক্ষ্য ২৫ হাজার টাকা আত্মসাতের বিষয়টি পরপর দু’জন তদন্ত অফিসারের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন কর্তৃক বিভাগীয় মামলা দায়ের ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় ( যাহার স্বারক নাম্বার -৩৮.০১.৯৩০০.০০০.২৭.০০১.২৫)।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, বর্তমান এডহক কমিটির সদস্য মো. খোকন মিয়া, স্থানীয় রায়হান মিয়া জানান, বরখাস্তকৃত প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ওমর আলী বিভিন্ন অর্থনৈতিক ও অনিয়মের সাথে জড়িত। তার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অত্যন্ত নিম্নমানের হয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে অনিহা প্রকাশ করছে। আমরা জোর দাবি জানাচ্ছি ওমর আলীকে সাময়িক বরখাস্ত নয়, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ ওমর আলী জানান, ইতিমধ্যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত হয়েছে। আমি তদন্ত কমিটির কাছে যথাযথ প্রমাণ দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

জামুর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মো. মুছা রাহিম জানান, দরখাস্তকৃত প্রধান শিক্ষক ওমর আলীর দুর্নীতির শেষ নেই। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি চাই উনি যেন এই বিদ্যালয়ে আর কোন দায়িত্ব পালন না করেন। তাকে যেখানে বদলী করা হয়, সেই প্রতিষ্ঠানে যোগদান করেই আবার অনিয়মের সাথে যুক্ত হয়। তাকে স্থায়ী ভাবে বরখাস্তের দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন জানান, শিক্ষক ওমর আলীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১১. নভেম্বর ২০২৫ ০৫:৫২:পিএম ৫ মাস আগে
টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল, সম্পাদক আরিফ - Ekotar Kantho

টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল, সম্পাদক আরিফ

সাহান হাসানঃ টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবুল বাশার উজ্জ্বল সভাপতি ও সৈয়দ রাশিদুজ্জামান আরিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে শহরের মেইন রোডে অবস্থিত জেলা পরিবেশক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বীর‌ মুক্তিযোদ্ধা আরফান আলী খান।

সদর উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মীর শামীনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. শামীমুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. নরুল আলম, মো. আহ্সান খান আছু, আলহাজ্ব মীর মহব্বত হোসেন, মাহফুজুর রহমান (মামুন), সায়মন তালুকদার (রাজীব), বাবু দুলাল চন্দ্র সাহা, মো. শাহ্ আলম, আব্দুল আলিম সিদ্দিকী প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য আবুল বাশার উজ্জ্বল সভাপতি ও সৈয়দ রাশিদুজ্জামান আরিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৮. নভেম্বর ২০২৫ ০৬:৪৮:পিএম ৫ মাস আগে
ইজারা বকেয়া কোটি টাকা, তালা ঝুললো এলেঙ্গা রিসোর্টে - Ekotar Kantho

ইজারা বকেয়া কোটি টাকা, তালা ঝুললো এলেঙ্গা রিসোর্টে

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘এলেঙ্গা রিসোর্টের’ বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, এলেঙ্গা রিসোর্টটি দীর্ঘদিন ধরে সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমি ইজারা নিয়ে পরিচালিত হচ্ছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস ভাড়া পরিশোধ না করায় রিসোর্টটির বিরুদ্ধে বড় ধরনের অডিট আপত্তি ওঠে। একাধিকবার নোটিশ দেওয়ার পরও রিসোর্ট কর্তৃপক্ষ বকেয়া পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ভাড়া বকেয়া রেখেছে। আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা কোনো সাড়া দেয়নি। অডিট আপত্তির ভিত্তিতে সদর দপ্তরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আজ রিসোর্টটি সিলগালা করা হয়েছে।”

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, “এলেঙ্গা রিসোর্টটি মূলত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে প্রতিষ্ঠিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্ট পরিচালনার উদ্দেশ্যে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বকেয়া ইজারার অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার চিঠি ও নোটিশ প্রদান করলেও তারা তাতে সাড়া দেয়নি।

বকেয়া অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষের অডিট আপত্তি এবং আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে মালিকানা অনুযায়ী সেতু কর্তৃপক্ষ তাদের নিজস্ব জায়গা দখল বুঝে নেয়।”

অন্যদিকে, রিসোর্টে কর্মরত শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫৪ জন কর্মী কাজ করেন এবং তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। এক কর্মচারী বলেন, “আমরা কেউই জানতাম না রিসোর্ট বন্ধ হবে। এখন হাতে কোনো টাকা-পয়সা নেই। মালিক বিদেশে থাকেন, আমাদের বেতন কে দেবে বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, এলেঙ্গা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ও যাত্রী অবস্থান করেন। ফলে এলেঙ্গা রিসোর্টটি ছিল একটি পরিচিত ও জনপ্রিয় প্রতিষ্ঠান। তবে বকেয়া পরিশোধ না করায় রিসোর্ট বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৭. নভেম্বর ২০২৫ ০৩:২৪:এএম ৫ মাস আগে
টাঙ্গাইল কালচারাল রিফর্মেশনের সভাপতি লাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইল কালচারাল রিফর্মেশনের সভাপতি লাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আরমান কবীরঃ কালচারাল রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর উপর সন্ত্রাসী হামলা ও তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সংস্কৃতিক কর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম মোস্তফা লাবুর উপর বর্বরোচিত হামলা একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনার পতন হলে লাবু কালচারাল রিফর্মেশন ফোরাম ও হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেন। যা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। টাঙ্গাইলে এখনো বিভিন্ন পদে আওয়ামী দোসররা ঘাপটি মেরে আছে। সঙ্গতঃ কারনে লাবুর উপর এমন ন্যাক্কারজনক হামলা ও তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তারা অবিলম্বে দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, কালচারাল রিফর্মেশন ফোরামের সাধারন সম্পাদক অনিক রহমান বুলবুল, সহ-সভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সস্পাদক মহব্বত হোসেন, সংস্কৃতিক কর্মী সুলতানা বিলকিস লতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল শাখার সভাপতি ফাতেমা রহমান বিথি প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৬. নভেম্বর ২০২৫ ০২:২১:এএম ৫ মাস আগে
টাঙ্গাইলে মথ বীজকে রং করে মুগ ডাল বলে বিক্রি, লাখ টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে মথ বীজকে রং করে মুগ ডাল বলে বিক্রি, লাখ টাকা জরিমানা

আরমান কবীরঃ টাঙ্গাইলে মথ বীজকে রং করে মুগ ডাল বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরের ছয়আনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে মুগ ডাল বলে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছেন। এ অভিযোগ পেয়ে শহরের ছয়আনী বাজারে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণও পেয়েছি। পরে যৌথভাবে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যে ডাল বিক্রি করা হয়েছে, তা ফেরত এনে যেখান থেকে কেনা হয়েছে, সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে মেমো দেখাতে বলা হয়েছে ব্যবসায়ীদের। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষতিকর কেমিক্যাল মেশানো, নকল ও ভেজাল খাদ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এসময়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. নভেম্বর ২০২৫ ০২:১৯:এএম ৫ মাস আগে
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান,পরদিনই কান্দাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা - Ekotar Kantho

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান,পরদিনই কান্দাপাড়ায় মাদকের রমরমা ব্যবসা

আরমান কবীরঃ টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কান্দাপাড়া এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানের ২৪ ঘন্টা না পেরোতেই আবারও আগের মতই শুরু হয়েছে মাদকের রমরমা ব্যবসা। এদিকে মাদকবিরোধী অভিযানের পর থেকেই পুনরায় মাদক ব্যবসা শুরু হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের দাবি, প্রশাসনের যোগসাজশেই চলছে এই অবাধ মাদকের ব্যবসা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কান্দাপাড়া এলাকার “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের” প্রধান ফটকের কাছে প্রকাশ্যেই মাদক কেনাবেচা হচ্ছে। এখানে মোছা. সীমা, অনিতা রবিদাস ও লতা রবিদাসসহ আরও অনেকেই নিষিদ্ধ মাদক হিরোইন ও ইয়াবা বিক্রি করছে।

শহরের বিভিন্ন এলাকা থেকে যুবকেরা মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে এসে এখান থেকে প্রকাশ্যেই মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন স্পটে পৌঁছে দেওয়া হচ্ছে এইসব নিষিদ্ধ মাদক।

পাশের লিটন রবিদাস, রুনিয়া রবিদাস, চুতিয়া রবিদাস, দিপালি রবিদাসের বাসায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে চোলাই মদ, বাংলা মদ, কেরু এন্ড কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মদ। এখানে দেখা মিলছে সমাজের নিম্নবিত্ত মানুষদের। বিশেষ করে রিকশাচালক, অটোরিকশা চালক, সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া শহরের উঠতি বয়সী বেশ কয়েকজন যুবকের মদ খেয়ে মাতলামি করতে দেখা গেল প্রকাশ্যেই।

স্থানীয় প্রবীণ বাসিন্দা ও দিঘুলিয়া সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাজী ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা হাজী বাদশা মিয়া, মো. কবির হোসেন, মজিবুর রহমান, ব্যবসায়ী ববিতা আক্তার জানান, এই এলাকায় ভোর ৪টা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি করা হয়। এছাড়া এসব মাদকসেবীরা এলাকার বিভিন্ন দোকানে দিন-রাত আড্ডা দেয়। ফলে আমাদের ছেলে সন্তান দিন দিন বিপথে চলে যাচ্ছে। এলাকার মহিলা, শিশু-কিশোরসহ এলাকাবাসী প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। এইসম মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের যোগসাজশ রয়েছে। ফলে এলাকাবাসী বারবার বাধা দেওয়া সত্ত্বেও কোন ভাবেই এই মাদক বিক্রি বন্ধ করা যাচ্ছে না।

তারা আরও জানান, বিশেষ করে, একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে প্রকাশ্যে মাদক বিক্রি অত্যন্ত গহিত কাজ। আমরা এলাকাবাসী অবিলম্বে এই মাদকবিক্রি ও মাদক ব্যবসায়ীদের এলাকা থেকে উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। এসব মাদক ব্যবসায়ীদের দ্রুত উচ্ছেদ না করা হলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাবে।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ছাইফুর রহমান জানান, যেখানে মাদক থাকবে সেখানেই অভিযান চলবে। এরই অংশ হিসেবে সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের কান্দাপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এতে বেশ কয়েকজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। এসময় পাঁচ পুরিয়া হেরোইনও জব্দ করা হয়। মাদক রাখার দায়ে লাছিয়া রবিদাসকে গ্রেপ্তার ও টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার রাতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, র‍‍্যাব, পুলিশসহ যৌথবাহিনীর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ দেশিও চোলাই মদসহ ৬ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৫. নভেম্বর ২০২৫ ০৪:৪৫:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা - Ekotar Kantho

টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

আরমান কবীরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ৮ টি আসনের মধ্যে ৭টি আসনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। তবে টাঙ্গাইল ৫ আসনের তালিকা প্রকাশ করা হয়নি।

প্রকাশিত তালিকা অনুযায়ী- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে উপজেলা বিএনপি’র সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল টাঙ্গাইল-৮ (সখিপুর – বাসাইল) আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৪. নভেম্বর ২০২৫ ০৪:২২:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভুক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে সিএনজি যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আব্দুল আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনিও মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. নভেম্বর ২০২৫ ০২:২৮:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে একই স্থানে ৩ সংগঠনের সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি - Ekotar Kantho

টাঙ্গাইলে একই স্থানে ৩ সংগঠনের সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে একই সময়ে তিন সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বলবৎ ছিলো। ফলে তিন সংগঠনের কেউই নির্ধারিত সমাবেশ করতে পারেনি।

এরমধ্যে উল্লেখিত স্থানে কোনো ধরেনের গণসংযোগ মিছিল, সভা-সমাবেশ, শ্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, অস্ত্র-শস্ত্র বিস্ফোরক দ্রব্য পরিবহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , শনিবার দেলদুয়ার মিনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ আয়োজনের জন্য কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ফজলুল হক উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতির আবেদন করেন।

অন্যদিকে, একই স্থান ও তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ওয়াহেদুল্লাহ মিয়া সমাবেশ করার অনুমতি চান। একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা এবং গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথী বলেন, একই স্থানে একাধিক সংগঠন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলে বিশৃঙ্খলা এড়াতে জনগণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, দেলদুয়ার উপজেলার স্টেডিয়াম চত্বরের ৫০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পিটানো, গোলযোগ সৃষ্টি করতে পারবে না।

সর্বশেষ আপডেটঃ ০২. নভেম্বর ২০২৫ ০১:৪৬:এএম ৬ মাস আগে
টাঙ্গাইল সদর উপজেলা যুবদল নেতা রনি আর নেই - Ekotar Kantho

টাঙ্গাইল সদর উপজেলা যুবদল নেতা রনি আর নেই

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি (৪২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে রনি ব্রেন স্ট্রোক করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তিনি টাঙ্গাইল শহরের পারদিঘুলীয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। মৃত্যুকালে রনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রনির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। শনিবার বাদ এশা পারদিঘুলীয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

খন্দকার রেজওয়ানুল ইসলাম রনির মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ০২. নভেম্বর ২০২৫ ০১:১৭:এএম ৬ মাস আগে
টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুর উপর সন্ত্রাসী হামলা  - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুর উপর সন্ত্রাসী হামলা 

আরমান কবীরঃ টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা ব্যবসায়ী ঐক্যজোট ও কালচারাল রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু(৬০)।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের হোটেল আপ্যায়নের সামনে ভিক্টোরিয়া রোড়ে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভা থেকে ফেরার পথে ব্যবসায়ী লাবুর ওপর ছয়জন সন্ত্রাসী রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আত্মরক্ষার জন্য হাতে থাকা ছাতা ব্যবহার করলেও তিনি হামলা থেকে রক্ষা পাননি। হামলাকারীদের কোপে তার ডান হাতে কবজির নিচে এবং পায়ে গুরুতর আঘাত লাগে। রাম দায়ের কোপের আঘাতে তার ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত আবুল কালাম মোস্তফা লাবু জানান, তাকে পূর্ব থেকেই অনুসরণ করা হচ্ছিল। ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ফলে রাস্তাঘাট ফাঁকা ছিল এই সুযোগে ৬ জন সন্ত্রাসী তার উপর প্রাণঘাতী হামলা চালায়। তার হাতে থাকা ছাতা দিয়ে তিনি হামলা ঠেকানোর চেষ্টা করেন। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, পূর্বের একটি ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। এই বিষয়ে তিনি সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করবেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, এই ঘটনায় কেউ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২৫ ০৮:৫৩:পিএম ৬ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।