/ হোম / সদর
“হাতেখড়ি” রৌপ্য পদক পেল ১৪ শিশু শিক্ষার্থী - Ekotar Kantho

“হাতেখড়ি” রৌপ্য পদক পেল ১৪ শিশু শিক্ষার্থী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পড়ার পাশাপাশি সোনামণিদের হাতে সুন্দর অক্ষর গড়ে দেয়ার একমাত্র প্রতিষ্ঠান হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের মেধা রৌপ্য পদক পেল ১৪ জন ক্ষুদে শিক্ষার্থী।

রবিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে পদক প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাসনিম জাইফা, মির্জা আরাফ হোসেন বিজয়, ছায়মুনা ইসরাত মানা, আব্দুর রহমান সাদ, ওয়াহিদ খান আবিদ, জান্নাত আরা জুঁই, রাইসা রোজ, মাহমুদুল হক রিহান, আরবি খান, প্রকৃতি ইসলাম, মুয়াজ ইবনে টুটুল, মুসকুরা মাহবুব, সামিউল হক আবদুল্লাহ ও রাফিয়া। প্রতি বছরের মত এবারও এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী, প্রশাসনিক প্রধান ফরিদা আক্তার, সিনিয়র শিক্ষিকা তাসলিমা আক্তার ও মিম আক্তার,সঙ্গীত শিক্ষক বিপ্লব কুমার দে, সহকারী শিক্ষিকা রিফা ও রুমা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ০৩:৫৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাক্ষাৎ - Ekotar Kantho

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাক্ষাৎ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দরের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে নবাগত জেলা প্রশাসক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম এই টাঙ্গাইলে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও টাঙ্গাইল জেলার উন্নয়নে আমি আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, আশাকরি, আমার সকল ভালো কাজগুলোর সাথে আপনারা পাশে থাকবেন। এবং আমার ভুল ও খারাপ দিকগুলো ধরিয়ে দিবেন।’

জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা রাখায় টাঙ্গাইলের বীরের সন্তানদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ নবাগত জেলা প্রশাসককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, শাহরিয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তাপস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম মিল্টন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আলীম, যুগ্মআহ্বায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব রিফাত খান, সদস্য শরিফুল আলম, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, সদস্য-সচিব তানিয়া চৌধুরী, সদস্য শিউলি খান সনি, সাদ্দাম হোসেন, হাসান, ইমরুল সরকার প্রমূখ।

সাক্ষাৎ অনুষ্ঠানের পূর্বে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ০২:২২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত

একতার কণ্ঠঃ বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। হানাদারমুক্ত দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১২ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১২ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে রবিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় ।

পরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটিসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সর্বস্তরের জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

রবিবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমূখ।

আলোচনা সভাটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ০১:৪৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি - Ekotar Kantho

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

একতার কণ্ঠঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার ( ১০ ডিসেম্বর ) সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এস এম সাইফুর রেজার আহবানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল।

এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কর্মী ইকরামুল হোসেন, খাইরুল ইসলাম আকাশ, নূর মোহাম্মদ , রাফি আহমেদ, বেল্লাল হোসেন রিজভান, নূর নবী হাসান ,ডিএম সাব্বির ,হৃদয় খান ,এনামুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ,মাসুদুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল । অনুষ্ঠানের প্রথম পর্বে কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া ও বেতকা এলাকায় পরিবেশবান্ধব পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেন ।

দ্বিতীয় পর্বে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ১১. ডিসেম্বর ২০২২ ০৬:৫৪:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ঘুষ নেওয়ার সময় বনবিভাগের ৩ কর্মচারীকে আটক করেছে দুদক - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘুষ নেওয়ার সময় বনবিভাগের ৩ কর্মচারীকে আটক করেছে দুদক

একতার কণ্ঠঃ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনার সময় বনবিভাগের ২ প্রহরী ও এক শ্রমিককে হাতেনাতে আটক করেছে। কাঠ বোঝাই ট্রাক থেকে ঘুষ নেয়ার সময় ওই কর্মচারীরা আটক হন।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ সাদেক জানান, টাঙ্গাইল জেলা বন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চেকপোস্ট পার হওয়া বাবদ ঘুষ দাবির অভিযোগ পাওয়া যায়। সেই ভিত্তিতে দুদকে টাঙ্গাইল অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে।

তিনি তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ছদ্মবেশে থাকা দুদক এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল বনবিভাগের ২ জন প্রহরী ও ১ শ্রমিককে কাঠ বোঝাই ট্রাক থেকে ২ হাজার ৬০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাদের বিভাগীয় বন কর্মকর্তার জিম্মায় দিয়ে আইনি ব্যবস্থার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারী, কাঠ ব্যবসায়ী ও ট্রাক চালকদের উপস্থিত বক্তব্য নেয়। যার ভিত্তিতে দুদক টিম জানতে পারে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কাঠ বোঝাই ট্রাক নিয়ে ঢাকা অভিমুখে নিয়মিত চলাচলকালে বন বিভাগ থেকে টিপি বা ট্রানজিট পাস নিতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা ঘুষ লেনদেন হয়।

আবার সেই টিপি বা ট্রানজিট পাস নিয়ে টাঙ্গাইলের করটিয়া চেকপোস্টে দেখালে কাঠের ট্রাক পরীক্ষান্তে ছাড়পত্র প্রদান করা হয়। যার জন্য কাঠের মান ভেদে ১৭০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত ঘুষ প্রদান না করলে ছাড়পত্র দেয়া হয় না।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলেও সূত্রে থেকে জানা যায়।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান জানান, অভিযুক্ত ২ বন প্রহরীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়াও জড়িত অন্য কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২২ ০৭:১৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ,সম্পাদক রকসি - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ,সম্পাদক রকসি

একতার কণ্ঠঃ নিলুফার ইয়াসমিন খানকে সভাপতি ও এডভোকেট রকসি মেহেদীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান এই কমিটির অনুমতি দেন।

এছাড়াও আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

ঘোষিত এ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদা হাবীব রুবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না ও সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২২ ০২:০০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বিনামূল্যে সার-বীজ পেল ৭ হাজার ৪০০ কৃষক - Ekotar Kantho

টাঙ্গাইলে বিনামূল্যে সার-বীজ পেল ৭ হাজার ৪০০ কৃষক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ, উফসী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সদর উপজেলা প্রাঙনে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৭ হাজার ৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও দুটি ধান কাটা ও মাড়াইয়ের জন্য কম্বাইন হার্ভেস্টার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জিয়াউর রহমান।

সর্বশেষ আপডেটঃ ০৩. ডিসেম্বর ২০২২ ০৯:০৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতার কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতার কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত মিজানুর রহমান লিটন টাঙ্গাইল আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী সাক্ষী-প্রমাণ ও শুনানি শেষে এ রায় দেন।

মিজানুরের বিরুদ্ধে সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন মাহমুদ বাদি হয়ে গত ২৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

আদালত পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নয় লাখ টাকা অর্থদন্ড করেছেন। রায় ঘোষনার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম তালুকদার জানান, মিজানুর রহমান ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১৪ লাখ টাকা ধার নেন। তিনি দুই দফায় নয় লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুটি চেক মিলন মাহমুদকে দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। মিলন মাহমুদ ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে টাকা জমা নেই। চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখান হয়। পরে মিলন মাহমুদ আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদি মিলন মাহমুদ বলেন, মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। উল্টো আমাকে বিভিন্ন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করে নানান টালবাহানা করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আ’লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর জানান, মিজানুর রহমান লিটন শহর আ’লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকলে তার জন্য আমরা ভবিষ্যতে পদপদবির জন্য সুপারিশ করবো না।

সর্বশেষ আপডেটঃ ০১. ডিসেম্বর ২০২২ ০২:২৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মো. আবুল হোসেন(৫৫)। তিনি বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া রেজাউল কোচিংয়ের পরিচালক রেজাউল করিম(৩২) ও নাগরপুর উপজেলার বাসিন্দা। দুজনেই দেলদুয়ার কৃষিব্যাংকে কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। বাসের চালক ও সহকারি পালিয়ে গেছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল এবং লাশ দুটিকে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২২ ০২:৩৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন

একতার কণ্ঠঃ ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক সমিতির সদস্যরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফিরোজ হায়দার খান, কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শাহজাহান আলী সরকার ও শাহজাহান আলী ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদের বাবুল ও সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী সিদ্দিকী প্রমুখ।

বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. নভেম্বর ২০২২ ০১:৪৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কোরবান আলীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কোরবান আলীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং টাঙ্গাইল শহর আওয়ামিলীগের সহ-সভাপতি কোরবান আলী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় টাঙ্গাইল স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন বকুলতলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী ও ভক্ত বৃন্দ রেখে গিয়েছেন।

মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার অকাল মৃত্যুতে, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসহ দৈনিক কালের বার্তা ও একতার কণ্ঠ পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. নভেম্বর ২০২২ ০২:৫১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সন্মানীত সদস্য খ.নাজিমুদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।

মতবিনিময় সভায় বক্তারা ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও ভেজাল খাবারের প্রতিবাদে সোচ্চার থাকার জন্য টাঙ্গাইল জেলার সাধারণ ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সর্বশেষ আপডেটঃ ২৬. নভেম্বর ২০২২ ০১:৪৯:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।