একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া এলাকায় নিউ ধলেশ্বরী নদীর ডান তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে বর্ষা মৌসুমে আশপাশের বসতবাড়ী ও ফসলী জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, কুড়িঘড়িয়া গ্রামের হাজী ছানোয়ার হোসেন ভূইয়া, তার ভাই শহীদুল ইসলাম ও ছেলে স্বাধীন ভূইয়াসহ একটি প্রভাবশালী মহল প্রায় ১৫ দিন ধরে নদীর তীর কেটে ভেকু বসিয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে অবাধে বিক্রয় করছে। দিনরাত মাটি ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তার দু’পাশে বসবাসরত জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের আশবাবপত্র বিছানাসহ খাবারেও মাটির প্রভাব পড়ে। এতে এসব এলাকায় সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়াও ক্রমাগত নদী তীর কেটে মাটি বিক্রি করলে বর্ষা মৌসুমে এলাকার বসতভিটা সহ ফসলী জমি ভাঙনের আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
সরেজমিনে দেখা যায়, নিউ ধলেশ্বরী নদীর ডান তীর কেটে ভেকু বসিয়ে প্রায় ৪০ ফুট করে গভীর গর্ত করে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী ওই মহল। তারা জানান, প্রশাসনসহ বিভিন্ন মহলের সাথে সমঝোতা করেই ব্যবসা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন জানান, নদীর তীর কেটে মাটি বিক্রয়ের বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।
রোববার রাত ৩ টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।
তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩ টার দিকে আজগর তার নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি শুরু করে।
এ সময় তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে যায়।
তিনি আরো জানান,কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কাহারা এঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
একতার কণ্ঠঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম মো. আবুল হোসেন(৫৫)। তিনি বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া রেজাউল কোচিংয়ের পরিচালক রেজাউল করিম(৩২) ও নাগরপুর উপজেলার বাসিন্দা। দুজনেই দেলদুয়ার কৃষিব্যাংকে কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। বাসের চালক ও সহকারি পালিয়ে গেছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল এবং লাশ দুটিকে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে
একতার কণ্ঠঃ জমি বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুরে চাচাতো ভাইদের এলোপাথারি হামলা থেকে আরেক চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই আব্দুল হামিদ (৪৫)।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
এ ঘটনায় শনিবার (২৬ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী শাহিনা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর ওই রাতেই প্রধান আসামি সাঈদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), আজিজুল (৩৫), সোনা মিয়া (৫০) এবং আলেয়া খাতুনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ভূঞাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঈদ-আজিজুলদের সাথে জমি নিয়ে নিহত হামিদের চাচাতো ভাই আব্দুল রাজ্জাকের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। তারা সালিশ না মানলে একপর্যায়ে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১০৭ ধারা আইনে মামলা করেন নিহতের ভাই আব্দুর রাজ্জাক। আদালতের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে রাজ্জাকের উপর হামলা চালায়। এসময় রাজ্জাকের বড় ভাই হামিদ ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে তারাও আহত হয়।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। তারমধ্যে রাজ্জাকের ভাই হামিদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখানকার চিকিৎসক হামিদকে বিকাল সাড়ে ৫ টার দিকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এজাহারের পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।
তিনি আরো জানান, তাদের মধ্যে তিনজনকে শনিবার সকালে ও অপর আরেকজনকে রবিবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আাসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
একতার কণ্ঠঃ ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক সমিতির সদস্যরা।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফিরোজ হায়দার খান, কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শাহজাহান আলী সরকার ও শাহজাহান আলী ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদের বাবুল ও সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী সিদ্দিকী প্রমুখ।
বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং টাঙ্গাইল শহর আওয়ামিলীগের সহ-সভাপতি কোরবান আলী মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় টাঙ্গাইল স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন বকুলতলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অনেক গুনগ্রাহী ও ভক্ত বৃন্দ রেখে গিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ আসর পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার অকাল মৃত্যুতে, টাঙ্গাইল জেলা আওয়ামিলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসহ দৈনিক কালের বার্তা ও একতার কণ্ঠ পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় সংলগ্ন একটি আম বাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের চর পাথাইল কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে উত্তর পাশের একটি আম বাগানে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। যুবকটি আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে রেখে গেছে, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের শম্ভূনাথ আর্য (৭০) পরলোকগমন করেছেন।
তিনি শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন।
শম্ভুনাথ আর্য একজন শিক্ষক ও প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি সাহিত্য ও আঞ্চলিক ইতিহাস চর্চা করতেন। তার অসংখ্য লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার সুন্দর হাতের লেখার জন্য তিনি সর্বদাই প্রশংসিত হয়েছেন। আঁকতেন ছবি।
তিনি সরকারি সা’দত কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে লেখাপড়া করেন। এরপর সহকারী শিক্ষক হিসেবে জোয়াইর উচ্চ বিদ্যালয়, দেউপুর উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ নারান্দিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োজিত ছিলেন। তিনি পলিমাটি সাহিত্য সংসদ, শতদল সাহিত্য সংসদ ও অনুপ্রাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
শম্ভূনাথ আর্যের মরদেহ ঢাকা থেকে সরাসরি তার সাবেক কর্মস্থল নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ মাঠে নেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লাশ নিজ বাড়িতে নেওয়া হলে তাকে একবার দেখার জন্য বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ছুটে আসেন।
শম্ভূনাথের মৃত্যুতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শম্ভূনাথ আর্যের সৎকার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে শনিবার বিকেলে সম্পন্ন হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সন্মানীত সদস্য খ.নাজিমুদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।
মতবিনিময় সভায় বক্তারা ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও ভেজাল খাবারের প্রতিবাদে সোচ্চার থাকার জন্য টাঙ্গাইল জেলার সাধারণ ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩০। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নিহত যুবকটি বেশ কিছুদিন ধরে মহাসড়কের আশ-পাশ এলাকায় পাগলবেশে ঘুরতো। তার পরিচয় জানতো না কেউ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া নামক এলাকায় মহাসড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় সে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে রয়েছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় মেলেনি। সে পাগলবেশে ঘুরতো। অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় নিহত হয়। যুবকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল আবসার জুয়েল(২৪) শহরের ময়মনসিংহ সড়কের গণপূর্ত অফিসের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) নবীন হোসেন।
নিহত আবসার বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।নিহত নুরুল আবসার জুয়েল কক্সবাজার জেলা রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরা ৭ নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় শহরের ময়মেনসিংহ সড়কের গণপূর্ত বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবসারের হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর মোটর সাইকেলের ২ আরোহী আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আরো জানায়, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক জানানো হয়।
একতার কণ্ঠঃ নির্বাচন কমিশন এখন ক্যামেরা ব্যবহার করে ঢাকা বসে ভোট চুরি দেখেন। আজকাল যাঁরা নির্বাচন কমিশনার হন, তাঁদের মেরুদণ্ড নাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর ডাকবাংলো মাঠে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সরকারের ‘ভোটের অধিকার হরণের’ প্রতিবাদে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ সময় বলেন, ‘যাঁরা নির্বাচন কমিশনার হন, তাঁদের মেরুদণ্ড নাই, তাঁদের কোনো রকমের ব্যক্তিত্ব নাই। মানুষ হিসেবে একটা যে মর্যাদা থাকে এই কমিশনারদের তাও নাই।
সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, ‘কয়েক দিন ধরে শুনছি, বন বিভাগ সখীপুরের স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছে। যাঁদের বাড়ি ঘর আছে, যারা ধান ফলায়, পাট ফলায়, সবজি চাষ করে, তাদের এক ইঞ্চি জায়গার মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায়, তাদের সখীপুর থেকে তাড়িয়ে দেওয়া হবে। যার যেভাবে জায়গা আছে, সে ওই ভাবেই ভোগ করবে। এতে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।’
সভায় দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, দলের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, দুলাল হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর প্রমুখ।