একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে গোসল করার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক খান(৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮ টায় ধর্ষিত শিশুর মা বাসাইল থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে ১ ঘন্টার মধ্যে ধর্ষক রাজ্জাক খানকে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজ্জাক খান উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিম পাড়া গ্রামের মৃত হযরত খানের ছেলে। পেশায় সে অটোচালক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে পাঁচ বছর বয়সী ওই শিশুকে গোসল করার কথা বলে তার মার কাছ থেকে নিয়ে যায় রাজ্জাক। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্না করলে ধর্ষক শিশুটিকে ঘর থেকে বের করে দেয়।পরে শিশুটি তার মার কাছে এসে সব বলে দেয়। শিশুটির মা জানার পর বাসাইল থানায় অভিযোগ করেন। অভিযোগ করার ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী জানান, ধর্ষণের ঘটনার বিষয়টি শুনেছি।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।শিশুটির মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরে নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মো. জুলহাস আলী (৪০) বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত কাদেরের মেয়ে শিরিনা (৩৪), সদর উপজেলার কান্দিলা এলাকার আ. বাছেদের মেয়ে ফরিদা (২৪)। এছাড়া সদর উপজেলার পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার মুকুল আকন্দের ছেলে মো. রাসেল (৩১), আলমগীরের ছেলে আলামিন (২০), মৃত আ. সামাদ ফকিরের ছেলে আ. রাকিব (৩২) ও আব্দুল জব্বার আকন্দের ছেলে মো. রাজা আকন্দ (৩৩)।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জুলহাস আলী জমির পর্চা তোলার জন্য টাঙ্গাইল শহরে তার শ্যালকের নিকট যাওয়ার পথে এলেঙ্গা বাসস্ট্যান্ড পৌঁছে সিএনজিতে উঠেন। সিএনজিতে একজন মহিলা ও পুরুষ যাত্রী ছিল। টাঙ্গাইল আসার পথে শিরিনা বাদীর নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। বাদী তার নাম ঠিকানা বললে সে বলে তার বাড়িও কালিহাতী, টাঙ্গাইল শহরের বাসা ভাড়া নিয়ে থাকেন। কথার এক পর্যায়ে বাদিকে অশালীন অঙ্গভঙ্গি দেখিয়ে বাসায় যাওয়ার অনুরোধ করেন আসামী। পরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড পৌঁছালে ফরিদা উপস্থিত হয়ে বাদিকে অটোরিকশাযোগে দুপুরে পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং মাঠের পশ্চিম পাশে সোলায়মান এর বাসার ভাড়াটিয়া রাসেলের ঘরে নিয়ে যান।
আরো জানা যায়, বাসায় যাবার পর ফরিদা বাদীকে বলেন শিরিনা তার বোন হয় এখন তার সাথে আপনার যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। বাদী অস্বীকার করলে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শণ করেন। এক পর্যায়ে বাদী ঘর থেকে বের হতে চাইলে পূর্ব পরিকল্পিতভাবে রাসেল, আলামিন, রাকিব ও রাজা ঘরে প্রবেশ করে বাদিকে খারাপ কাজ করতে এসেছে বলে গালিগালাজ ও মারধর করে। বাদী আসামীদের হাত পা ধরে ক্ষমা প্রার্থনা করলেও তারা কোন কর্ণপাত না করে খারাপ কাজ করতে এসে ধরা খেয়েছেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই নারীসহ ছয় জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, গ্রেপ্তারকৃত ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১২/১৩/১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধিতে এই ধরণের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
দিনের শুরুতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শ্রদ্ধাঞ্জলি জানান।
এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাংগাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান।
এরপর শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ।
শেষে শহীদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও সকাল ৮টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
পরে ১১টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। বাদ জুমা সকল মসজিদ ও মন্দিরে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
একতার কণ্ঠঃ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামার বিয়ে। রাতে বাসর ঘর সাজানোর দায়িত্ব ছিল তার।
তাই মামার বাসর ঘরের ফুল আনতে টাঙ্গাইল শহরে যান ভাগনে। ফুল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে গাড়িচাপায় লাশ হয়ে বাড়ি ফিরেন তিনি। ভাগনের আর হলো না মামার বাসর সাজানো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানি (হাট বাইপাস) এলাকায় গাড়িচাপায় ওই যুবক নিহত হন।
নিহত ওই যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২০)। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
ফয়সালের চাচা রতন হোসেন জানান, তার চাচাতো মামার বন্ধুর সঙ্গে ফয়সাল বিয়ের ফুল আনতে সকালে টাঙ্গাইল শহরে যান। সেখান থেকে বাসর ঘরের ফুল নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাদারজানি এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়।
তিনি আরো জানান, এতে ঘটনাস্থলে ফয়সাল নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক তার মামার বন্ধু সজীব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফয়সালের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি পক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে।
একতার কণ্ঠঃ ভারতীয় মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল মজুদ রেখে বিক্রি করে আসছেন টাঙ্গাইলের ভূঞাপুরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা।
এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
এ সময় বেলাল নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া জব্দকৃত চালগুলো মিলে দেয়ার জন্য বলা হয়েছে। বাজারে নিয়মিত মনিটরিং করা হবে।
প্রকাশ, গোবিন্দাসী বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা দেশীয় চাল ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করে কাটারিভোগ নামে বিক্রি করে আসছে। প্রতিটি বস্তায় চাল উৎপাদন ২০১৭ সাল লেখা রয়েছে।
স্থানীয়রা প্রতারণা করে দেশীয় চাল ভারতীয় মোড়কে বিক্রি করায় প্রশাসনকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করে চাল ব্যবসায়ী বেলালকে জরিমানা করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে র্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন।
র্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনে জানান, বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ১জন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহের ছেলে সাকিবুল হাসানকে (৩৪) আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে আত্মজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তার মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।
তিনি আরো জানান, এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘন কুয়াশায় পৃথক ১৮টি দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধল্লা থেকে চরপাড়া পর্যন্ত এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটে। এই এলাকায় সকাল ৯টার দিকে এক বাসচালকের সহকারীর মৃত্যু হয়।
অপরদিকে সদর উপজেলার মাদারজানি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। এ কারণে ঢাকামুখী লেন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, সকাল ৯টার দিকে মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসচালকের সহকারী। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ভুঞাপুর থানার ওসি ফরদিুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম ইশরাক (২০); তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলেন।
অন্যদিকে টাঙ্গাইল শহর থেকে এক যুবক মোটরসাইকেল যোগে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীরদের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনে কার্যক্রম শুরু করা হয়।
শুরুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শ্রদ্ধা জানান। এরপর জেলা সদরে অবস্থিত পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এরপর জেলা পুলিশের পক্ষে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন ,হাউজিং প্রোপার্টি গ্রুপের পক্ষে জাফর আহমেদ শ্রদ্ধাঞ্জলি জানান।
সকাল ৭টা ১১ মিনিটে শহরের ‘শহীদ স্মৃতি পৌর উদ্যান’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করাসহ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের কল্যাণে মোনাজাত করা হয়। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের নানা শ্রণি পেশার মানুষ।
পরে বেলা ১১টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার শামসুল হক তোরণ (ডিস্ট্রিক্ট গেইট) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে মো. ছবুর (৬১) ও ঘাটাইল উপজেলার শিমলাকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজ রহমান ওরফে রনি (৩২)।
জেলা গোয়েন্দা শাখার ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি টিম পৌর এলাকার শামসুল হক তোরণ (ডিস্ট্রিক্ট গেইট) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫শ’ পিস ইয়াবসহ তাদের আটক করে।
তিনি আরো জানান ,আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ।
নিহতরা হলেন, ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তর পাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া(১৮)।
মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম (১৮) নামে আরো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
এরা সবাই স্থানীয় ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকল নিয়ে বেড়াতে বের হয়। বেড়ানো শেষ করে ঘাটাইল ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।
অপর আরোহী সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।
একতার কণ্ঠঃ সোমবার (১২ ডিসেম্বর)মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী । ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে তার জন্ম। তিনি জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।
এ উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো হয়।
এরপর মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, মওলানা ভাসানীর পরিবার, ভক্ত ও অনুসারীবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলা ভাষা শিশু সংগঠন, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
পরে ভাসানী পরিষদের আয়োজনে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঐতিহাসিক দরবার হলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিটি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।