/ হোম / টাঙ্গাইল সদর
টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক এইচ আর খান আর নেই - Ekotar Kantho

টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক এইচ আর খান আর নেই

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. হারুন অর রশীদ খান (ডা. এইচ আর খান) আর নেই।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্নের মোনাশ হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রায় দেড়বছর যাবত বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।

মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) অস্ট্রেলিয়ার সময় সকাল দশটায় মেলবোর্নের ড্যানডেনঙের আলবেনিয়া মসজিদ প্রাঙ্গণে ডা. এইচ আর খানের জানাজার নামাজ শেষে সেখানকার বুনুরঙ মেমোরিয়াল পার্ক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, ডা. এইচ আর খান বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন- বিএমএ টাঙ্গাইল শাখা, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স এসোসিয়েশন টাঙ্গাইল শাখা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি- এফপিএবি টাঙ্গাইল শাখা ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি- নাটাব টাঙ্গাইল শাখার সাবেক সভাপতিসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. অগাস্ট ২০২৩ ০৩:৫২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে ৫নং জোবায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমের বিরুদ্ধে পরীক্ষার ফি’র নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

তিনি বিদ্যালয়ের প্রায় ২ শত কোমলমতি শিক্ষার্থীর কাছ থেকে শ্রেনী ভেদে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি আদায় করেছেন এমন তথ্য দিয়েছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের জানান,প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা পরিচালনা ব্যায় নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয় আলাদা অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোনক্রমেই পরীক্ষার ফি’র টাকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। অথচ সরকারী প্রজ্ঞাপণের তোয়াক্কা না করে জোবায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুইশত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি বাবদ প্রায় ২০ হাজার টাকা আদায় করেছে। সরেজমিনে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

 

জানা গেছে,টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় ৫০ শতাংশ জায়গার উপর ১৯৬৪ সালে স্থাপিত এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২শত। শিক্ষকের সংখ্যা ৮ জন। বর্তমানে বিদ্যালয়টিতে বিভিন্ন শ্রেনীর অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ের পরীক্ষা শেষে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানায়, প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭৫ টাকা হারে পরীক্ষা ফি আদায় করা হয়েছে। এছাড়া তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১ শত টাকা হারে পরীক্ষার ফি আদায় করা হয়েছে।

তারা আরো জানায়, শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর জন্য ১শত টাকা ও তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ২শত টাকা পরীক্ষা ফ্রি নির্ধারন করা হয়।পরে অভিভাবকদের প্রতিবাদের মুখে পরীক্ষার ফি কমানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন অভিভাবক জানায়,সরকার প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা থেকে শুরু করে বেতন-পরীক্ষা ফি সরকার বহন করে। এমনকি শিক্ষার্থীদের বছরের শুরুতেই বিনামুল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়। এছাড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা উৎসাহ প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তি প্রদান করা হয়।

অথচ জোবায়দা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমের একক সিদ্ধান্তের কারণে আমাদের সন্তানের কল্যাণ চিন্তা করে নিয়মবর্হিভুত ভাবে দাবি করা টাকা দিতে বাধ্য হয়েছি।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, তিনি কোন পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত টাকা আদায় করেননি। তার বিদ্যালয়ের কিছু ঈর্ষান্বিত সহকর্মী তাকে বিপদে ফেলার জন্য এসব অভিযোগ করেছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আরিফুল ইসলাম জানান, তিনি ব্যবসা সুত্রে ঢাকায় থাকেন। যদি পরীক্ষা বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, কোন অবস্থাতেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা যাবে না। যদি কোন প্রধান শিক্ষক পরীক্ষার ফি নিয়ে থাকেন তবে তিনি আইনগতভাবে অপরাধ করেছেন।

তিনি আরো জানান, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। যদি তদন্তে দোষী প্রমানিত হয় তবে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০৮:১৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার - Ekotar Kantho

টাঙ্গাইলে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার আবাসন আইন অমান্য করে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই এলাকায় বসবাসরত পাঁচটি পরিবার। স্থানীয় মাতাব্বরদের মধ্যস্থতায় এর নিস্পত্তি না হওয়ায় সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ওই পরিবারগুলো।

প্রায় দুই বছর ধরে এমন অমানবিকতার শিকার হচ্ছেন টাঙ্গাইল পৌরসভার ১১নং ওয়ার্ডের কচুয়াডাঙা প্রাইমারী স্কুলের সামনে বসবাসরত পাঁচ পরিবার।

সমস্যা সমাধানে দফায় দফায় স্থানীয়ভাবে বৈঠক হলেও এর স্থায়ী কোন সুরাহা পায়নি পরিবারগুলো। পরিবারগুলোর চলাচলের জন্য দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত দেন বৈঠকের স্থানীয় মাতাব্বররা। মাতাব্বরদের রাস্তা ছাড়ার সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই দেয়াল নিমার্ণ করেছেন ওই প্রতিবেশী বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসির অভিযোগ, প্রভাবশালী কতিপয় মাতাব্বরের ইন্দনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আবাসন আইনে প্রতিবেশীদের চলাচলের জন্য রাস্তা ছাড়ার বিধান থাকলেও ওই মাতাব্বরদের প্ররোচনায় সে আইনের তোয়াক্কা করছেন না জমি ক্রেতারা। রাস্তা না থাকায় অন্যের বাড়ির উপর দিয়ে পরিবারগুলোর চলাচল করতে হচ্ছে। যা সম্পূর্ণ অনৈতিক। স্থানীয়রা নীরিহ হওয়ায় এ ভোগান্তির শিকার হচ্ছেন মিজানুর রহমান, আব্দুল্লাহ্, শাহাদত, শাওন ও মনিদের পরিবার। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ইতোপূর্বে এই স্থান দিয়ে চলাচলের রাস্তা ছিল। দুইজন ওই স্থানের ৮ শতাংশ জমি কিনে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য বললেও এ জমির ক্রেতা সেই সিদ্ধান্ত না মেনেই দেয়াল নির্মাণ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমরা চর থেকে এসে এখানে বাড়ি করেছি বলে এমন অত্যাচারের শিকার হচ্ছি। রাস্তা না থাকার কারণে মানুষের বাড়ির উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। এতে নানা ধরণের সমস্যায় রয়েছি আমরা। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হলেও এর কোন সুরাহা পায়নি।

আব্দুল্লাহ্ বলেন, অতীতে জমিগুলো ফাঁকা ছিল। এ কারণে চলাচলের কোন সমস্যা হত না। সম্প্রতি জমিটুকু বিক্রি হওয়াসহ সেই জমিতে দেয়াল নির্মাণ করার কারণে চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য জমি ক্রেতাদের বললেও রাস্তার জন্য কোন জায়গা ছাড়ছেন না তারা। এতে আমাদের পাঁচটি পরিবারের যাতায়াতে চরম সমস্য দেখা দিয়েছে। পৌর আইনে প্রতিবেশীদের চলাচলের সুবিদ্ধার্থে রাস্তা ছাড়ার বিধান থাকলেও সেই আইনী সুবিধা পাচ্ছিনা আমরা।

চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের কথা স্বীকার করেছেন জমি ক্রেতা রহিম। তিনি বলেন, আমার দুই শালিকার নামে ওই জমিটুকু কেনা হয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। রাস্তার জন্য ছাড়া ওই দুই ফুট জায়গার বিপরীতে রাস্তা সুবিধাভোগীরা আমাকে দুই ফুট জায়গা দেয়ারও সিদ্ধান্ত দেন কাউন্সিলর। প্রতিবেশীরা জায়গা না দেয়ায় আমি দেয়াল নির্মাণ করেছি।

জমি ক্রেতা সত্তর বলেন, আমার জমি এক অংশ দিয়ে রাস্তা ছাড়া আছে। এক জমির দুই দিক দিয়ে রাস্তা দেয়া কি সম্ভব ?

পাঁচ পরিবারের চলাচলে চরম অসুবিধার কথা স্বীকার করেছেন স্থানীয় মাতাব্বর বাবর আলী। তিনি বলেন, আমরা কয়েকবার রাস্তার সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সমাধানের জন্য আমি ওই জমি ক্রেতাদের রাস্তার জন্য তিন ফুট জমি ছাড়লে ভুক্তভোগীদের কাছ থেকে দুই ফুট জমি নিয়ে দিব এমন প্রস্তাবও দিয়েছিলাম। তবে রহস্যজনক কারণে আমাদের সেই প্রস্তাবও মানেননি তারা। বিষয়টির সমাধানে পৌর কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মোছা: মাহমুদা বেগম জেবু জানান, প্রতিবেশীদের চলাচলের ব্যবস্থা না থাকলে অবশ্যই রাস্তা ছাড়তে হবে জমির মালিকদের। লিখিত অভিযোগ দিলে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. অগাস্ট ২০২৩ ০২:৫৯:এএম ৩ বছর আগে
খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে: শামীম ওসমান - Ekotar Kantho

খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে: শামীম ওসমান

একতার কণ্ঠঃ নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, খেলা হবে এদেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, খেলা হবে স্বাধীনতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে, খেলা হবে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

২০০৪ সালে ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও শাস্তির দাবিতে টাঙ্গাইল শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে সোমবার (২১ আগস্ট)বিকালে শহরের শহীদস্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আপনার আমার ভবিষ্যত নয়, আমার-আপনার সন্তানদেরও ভষিষ্যত। শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে কিসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, কিসে এদেশের মানুষের ভালো হবে সেই চিন্তায় করে। শেখ হাসিনা হাসলে এদেশের মানুষ হাসে। সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা চোখে পরার মতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই তা আজ সম্ভব হয়েছে।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতোয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি এম এ রৌফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।

এ সময় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২২. অগাস্ট ২০২৩ ০২:৩৫:এএম ৩ বছর আগে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র পদযাত্রা  - Ekotar Kantho

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র পদযাত্রা 

একতার কণ্ঠঃ বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসা এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৯ আগষ্ট )সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে জমায়েত হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে দলটির নেতারা। পথসভা শেষে একটি বিশাল পদযাত্রা মিছিল বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জের মোড়ে গিয়ে শেষ হয়।

এ পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ,সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির,জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম,জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ , সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল,ছাত্রদল,মহিলাদল,তাঁতীদল,শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলার বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির এই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় ।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২৩ ০৮:১৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

একতার কণ্ঠঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদের (৭৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল বাছেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি জানান, তার বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়াস্থ বাসায় থেকে টাঙ্গাইল জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করতেন। গত ১৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

তিনি আরও জানান, প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিন জুমার নামাজের পর টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রথম এবং বাদ আছর বাসাইল উপজেলার আইসরায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২৩ ০২:১৯:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তর রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী নাম মোঃ আব্দুল মান্নান। সে এলেঙ্গা পৌরসভার উত্তর রাজবাড়ী এলাকার মৃত হামিদ সিকদারের ছেলে।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ)পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তর রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আবুল মান্নানকে নিষিদ্ধ মাদক ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত নিষিদ্ধ মাদক ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃত মান্নানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০৯:১৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ককে জেরে ডেকে এনে প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণের মূলহোতা মোহাম্মদ আলীকে শুক্রবার ( ১৮ আগস্ট) ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী(২৫) উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকার সেকান্দর আলীর ছেলে।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর উপজেলার বাযিল ইউনিয়নের এক তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মোহাম্মদ আলীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসে। পরে ভুক্তভোগীকে উপজেলার পৌলী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে প্রেমিক মোহাম্মদ আলী । ধর্ষণের পর তার বন্ধু সোহেলের কাছে ভুক্তভোগী তরুণীকে তুলে দেয়। বন্ধু সোহেলও ওই তরুনীকে ধর্ষণ করে।
এ সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরো জানায়,ভুক্তভোগী তরুণীর পিতা থানায় প্রেমিক মোহাম্মদ আলী (২৫) ও বন্ধু সোহেল (৩০)কে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখের নেতৃত্বে এসআই সাজ্জাত হোসেন ও এএসআই রাকিবুল ইসলামের একটি পুলিশী টীম উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার গ্রেপ্তারকৃত প্রধান আসামীর বন্ধু ফটিকজানী গ্রামের শাজাহানের ছেলে সোহেল রানা (৩০) কে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। ভিকটিম ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠানো হয়।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০৭:৩৯:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা, ট্রাকের হেলপার নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িকে ধাক্কা, ট্রাকের হেলপার নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মো. জাকির হোসেন (৩৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ অপর এক হেলপার আহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে।
আহত ট্রাক চালক ও হেলপার এ দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, ভোরে মালবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। সেই ট্রাকে চালকসহ দুইজন হেলপার ছিলেন। ট্রাকটি আশেকপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও এক হেলপার।

তিনি আরও জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে। পরে ট্রাক চালক পালিয়ে যায়। আহত অপর হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০৭:০০:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা সি‌ভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

এদি‌কে জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সু‌ত্রে জানা গে‌ছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন, ঘাটাইল উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ৪ জন, গোপালপুর উপজেলায় ৩ জন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন ৪ জন।

এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২ জন মৃত্যুবরণ করছেন

জেলা সি‌ভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বার্ধক্য জনিত নানা সমস্যাসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া জেলায় প্রতি‌দিনই ডেঙ্গু রো‌গের সংখ‌্যা বাড়‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২৩ ০২:২৩:এএম ৩ বছর আগে
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের টাঙ্গাইলে প্রতিনিধি সম্মেলন - Ekotar Kantho

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের টাঙ্গাইলে প্রতিনিধি সম্মেলন

একতার কণ্ঠঃ জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখা।

বৃহস্পতিবার(১৭ আগস্ট )দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: রেজাউল করিম রাজুর সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও: লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, সহ-সভাপতি আব্দুল কাদের, জাতীয় শিক্ষক ফোরামের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী আনিসুর রহমান সিল্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাদাত আবির প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১৭৫০১৬০০

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৮:৪৭:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৭ আগস্ট )সকালে মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মো. লতিফ মিয়া(৪০)। সে করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।

নিহতের ভাই আব্দুল জলিল মিঞা জানান, বৃহস্পতিবার সকালে লতিফ মহাসড়কের চরপাড়া এলাকায় বাড়ির সামনে সড়ক বিভাজনের মধ্যে তার চাষকৃত ডাটা শাঁক তুলতে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপোরোয়া গতিতে এসে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এতে সড়ক বিভাজনে দাড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এস আই)মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান,ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. অগাস্ট ২০২৩ ০৬:২২:পিএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।