/ হোম / জাতীয়
অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা দল হ্যাট্রিক চ্যাম্পিয়ন - Ekotar Kantho

অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা দল হ্যাট্রিক চ্যাম্পিয়ন

একতার কণ্ঠঃ ইয়ং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেটে ঢাকা বিভাগ উত্তরের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল জেলা দল। রবিরার(৯ জানুয়ারী) প্রতিযোগিতার ফাইনালে টাঙ্গাইল জেলা দল ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শক্তিশালী ময়মনসিংহ জেলা দলকে ২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রবিবার সকালে টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক এহসানুল হক মাহিম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহন করেন। কুয়াশা ভেজা পিচের কারনে শুরুতেই টাঙ্গাইল ব্যাটিং বিপর্যয়ে পরে। দলীয় অধিনায়ক মাহিম এক প্রান্ত আগলে রেখে ৭৩ বলে ৪৯ রান করে রান আউটের শিকার হয়। তখন দলের হাল ধরেন উজ্জল মিঞা। টাঙ্গাইল জেলা দল নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। ৪২ ওভার ৩ বল খেলে টাঙ্গাইল জেলা সব কয়টি ইউকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।

জবাবে ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল ৪৬ ওভার ১ বলে ৯৭ রানে অল-আউট হয়ে যায়। টাঙ্গাইল জেলা দলের পক্ষে বাহাতি স্পিনার অল-রাফি ৯ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৪টি ইউকেট লাভ করে। ফলে টাঙ্গাইল জেলা দল ফাইনালে ২৮ রানে জয় লাভ করে।

 

টাঙ্গাইল জেলা  এই প্রতিযোগিতায় পর পর তিনবার জয়লাভ করে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয় । ম্যান অফ দি টুর্নামেন্ট নির্বাচিত হন টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক এসহানুল হক মাহিম।

টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ ক্রিকেট দলের খেলোয়ারগণ হলেনঃ- এহসানুল হক মাহিম(অধিনায়ক), রাকিবুল ইসলাম রাকিব(ইউকেট কিপার) জুনায়েদুল ইসলাম জারিফ, রাইয়ান আপন, আল-রাফি, রামিম হাসান, শাওন দেওয়ান, ইমরান হোসেন, তওফিকুল ইসলাম মাফি, মহারাজ বসাক, আরিফুল ইসলাম,উজ্জল মিঞা।

টাঙ্গাইল জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম খান সম্রাট ও কোচ হিসেবে ছিলেন বিসিবি নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের কোচ মোঃ আরাফাত রহমান।

এই জয় প্রসঙ্গে টাঙ্গাইল জেলা দলের বয়সভিত্তিক ক্রিকেট কোচ আরাফাত রহমান বলেন, টাঙ্গাইল জেলাবাসীকে পর পর তিন বার ইয়ং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি এনে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, অনুর্দ্ধ-১৮ ও অনুর্দ্ধ-১৬ জাতীয় ক্রিকেটেও টাঙ্গাইল জেলা দল ভালো ফলাফল করবে।

প্রকাশ, গ্রুপ পর্বের প্রথম খেলায় টাঙ্গাইল জেলা দল জামালপুর জেলা দলকে মাত্র ২৬ রানে অল-আউট করে, ১০ ইউকেটে জয় লাভ করে। পরের খেলায় নেত্রকোনা জেলা দলের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা দল ৫০ ওভারে ৩৭১ রান করে। টাঙ্গাইল জেলা দলের ব্যাটসম্যান রাকিবুল আরাফাত ১৩০ রান ও মহারাজ বসাক ১০০ রান করে। খেলায় টাঙ্গাইল জেলা দল রেকর্ড ৩৪০ রানে জয় লাভ করে।

 

গ্রুপ পর্বের শেষ খেলায় টাঙ্গাইল জেলা দল মানিকগঞ্জ জেলা দলকে ৬২ রানে পরাজিত করে।সেমি-ফাইনালে গাজিপুর জেলা দলকে টাঙ্গাইল ২৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

প্রতিযোগিতায় কোন জেলা দলই টাঙ্গাইল জেলা দলের বিরুদ্ধে শত রান করতে পারেনি।

সর্বশেষ আপডেটঃ ১১. জানুয়ারী ২০২২ ০১:২৯:এএম ৫ বছর আগে
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে আন্দোলনের হুমকী দিচ্ছে বিএনপিঃকৃষিমন্ত্রী - Ekotar Kantho

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে আন্দোলনের হুমকী দিচ্ছে বিএনপিঃকৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ  আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর ও কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেছেন, দুনীর্তির মামলায় দন্ডপ্রাপ্ত খালেদার জিয়ার মুক্তি ও চিকিৎসার অযুহাতে বিএনপি আন্দোলনের হুমকী দিচ্ছে। তারা দেশে আবারো আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই অপতৎপরতা রুখতে দেশের জনগনকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী রোববার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা নির্বাচনে আসবে না বলে হুমকি দিচ্ছে। কেন আসবে না নির্বাচনে তাদের আসতে হবে। কেননা সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সেই ক্ষেত্রে সকল দলের অংশ গ্রহণ করা উচিৎ। এরপরও যদি কোন দল নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে সেই দায় দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করবেন। সেনাবাহিনী, প্রশাসনসহ সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে সংবিধান অনুযায়ি মাননীয় প্রধানমন্ত্রসহ কোন মন্ত্রীর কোন দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে।

তিনি বলেন, আমি মনে করি বিএনপিরও সুমতি ফিরে আসবে ও তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে। দেশে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এছাড়া হুমকি দিয়ে আমাদের সংবিধানে বিধান থেকে সরাতে পারবেনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বর্তমান সরকার দেশের সকল শ্রেনীর মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।

সর্বশেষ আপডেটঃ ০২. জানুয়ারী ২০২২ ১০:১১:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

একতার কণ্ঠঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে শহরের পৌর উদ্যানে ওই মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

স্থানীয় সরকারের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশানের উদ্যোগে আয়োজিত এ মেলায় ৩০টি বইয়ের স্টল রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৩১. ডিসেম্বর ২০২১ ০১:৫৫:এএম ৫ বছর আগে
ভ্রমণ সাহিত্যে ‘সংশপ্তক’ পদক পেলেন উদয় হাকিম - Ekotar Kantho

ভ্রমণ সাহিত্যে ‘সংশপ্তক’ পদক পেলেন উদয় হাকিম

একতার কণ্ঠঃ ভ্রমণ সাহিত্যে বিশেষ অবদানের জন্য সংশপ্তক সাহিত্য পুরষ্কার পেলেন উদয় হাকিম। রবিবার (২৬ ডিসেম্বর, ২০২১) দুপুরে তার হাতে ওই পুরষ্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।

বিজয়ের সুর্বণ জয়ন্তী এবং সংশপ্তক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদয় হাকিমের হাতে পুরষ্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং কবি নূরুল হুদা। সংশপ্তক-এর প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমেদ লিটন, বর্তমান সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার প্রমুখ।

আধুনিক বাংলা সাহিত্যের ভ্রমণ শাখায় শক্তিশালী লেখক উদয় হাকিম। এ পর্যন্ত তিনি ভ্রমণ বিষয়ে তিনটি বই লিখেছেন। যার সবগুলোই ব্যাপক পাঠকপ্রিয় হয়েছে। ভ্রমণ সাহিত্যে তিনি আধুনিক ধারার সূচনা করেছেন। যা পাঠককূলের কাছে ব্যাপক গ্রহণযোগ‌্যতা পেয়েছে। উদয় হাকিমের মোট বইয়ের সংখ্যা ১০টি। তার লেখা সবগুলো বই পাঠকপ্রিয়তা পেয়েছে।

তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে— ‘দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ’; ‘রহস্যময় আদম পাহাড়’; ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’; ‘হেলিচেয়ার’; ‘ভূতের মহাসমাবেশ’ ইত্যাদি।

দেশের যেকোনো লাইব্রেরি থেকে এসব বই কেনা যাবে। এছাড়া রকমারি (https://www.rokomari.com/book) ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।

উদয় হাকিম বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম এর উপদেষ্টা সম্পাদক এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তিনি ‘ত্রিবেণী’ নামে জনপ্রিয় একটি মিউজিক প্রোগ্রামের উপস্থাপক। গান এবং আবৃত্তি তাকে ভীষণভাবে টানে।

নানা গুণে গুণান্বিত উদয় হাকিম এর আগে ‘রহস্যময় আদম পাহাড়’ বইটির জন্য সমরেশ বসু সাহিত্য পুরষ্কার পেয়েছেন।

আপাদমস্তক ভ্রমণ পিপাসু উদয় হাকিমের জন্ম টাঙ্গাইলেi দেলদুযার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামে। মাধ্যমিক পরীক্ষা পাশ করেন টাঙ্গাইল থেকেই। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী  অর্জন করেছেন তিনি।

১৯৯৯ সালে প্রথম আলো’য় সাংবাদিকতার মাধ‌্যমে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর চ্যানেল আই, দেশের প্রথম ২৪ ঘণ্টা খবরের চ্যানেল সিএসবি নিউজ এবং কালের কণ্ঠে কাজ করেন। কর্পোরেট জগতে প্রবেশ করেন ২০১০ সালে। প্রতিটি অঙ্গনেই কৃতিত্বের ছাপ রেখেছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৮. ডিসেম্বর ২০২১ ০৩:১১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার(২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি। বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ।

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

 

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২১ ০৮:৩৫:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইল-৭ আসনে আপিলে আ’লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - Ekotar Kantho

টাঙ্গাইল-৭ আসনে আপিলে আ’লীগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার(২৬ ডিসেম্বর) বিকালে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সকল নির্বাচন কমিশনের উপস্থিতিতে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একজনের খেলাপি ঋণের জামিনদার(গ্যারাণ্টার) থাকার কারণে গত ২০ ডিসেম্বর টাঙ্গাইল-৭ আসনের উপ নির্বাচনের রিটার্টিং অফিসার ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ’র মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে রোববার শুনানী শেষে শুভ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ’র আর কোন বাঁধা রইল না।

মনোনয়ন বৈধ হওয়ার পর খান আহমেদ শুভ প্রতিক্রিয়ায় জানান, তিনি নিজে কোন ঋণ গ্রহণ করেননি ও ঋণ খেলাপি ছিলেন না। এক ব্যক্তির ঋণের গ্যারাণ্টার থাকার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলে তিনি ন্যায় বিচার পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। পরে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামি ১৬ জানুয়ারি এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ ছাড়াও জাতীয় পার্টিসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. ডিসেম্বর ২০২১ ০১:৪৭:এএম ৫ বছর আগে
জলপথে এমন দুর্ঘটনা এই প্রথম, নিহতের সংখ্যা বেড়ে ৪১ - Ekotar Kantho

জলপথে এমন দুর্ঘটনা এই প্রথম, নিহতের সংখ্যা বেড়ে ৪১

একতার কণ্ঠঃ ঝালকাঠিতে গভীর রাতে লঞ্চে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ জন। এদিকে সুগন্ধা নদীতে ভেসে বেড়াচ্ছে পোড়া লাশের গন্ধ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের সুগন্ধা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে লঞ্চের ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।শতাধিক যাত্রীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ভিবিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, লঞ্চটিতে প্রায় ৫০০ এর অধিক যাত্রী ছিল। লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি।

লঞ্চের যাত্রী সাইদুর রহমান বলেন, তিনি ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। রাত তিনটা থেকে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। অনেকে হয়তো পারেননি। লঞ্চে শিশু, বুড়ো, নারীসহ কমপক্ষে পাঁচ শতাধিক যাত্রী ছিল।

তিনি আরো বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেড়িয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠান্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।

সংবাদ সূত্র-আমাদেরসময়.কম

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২১ ০৭:১৪:পিএম ৫ বছর আগে
ঝালকাঠির নদীতে লঞ্চে ভয়াবহ আগুন, অন্তত ৩৭ জনের মৃত্যু - Ekotar Kantho

ঝালকাঠির নদীতে লঞ্চে ভয়াবহ আগুন, অন্তত ৩৭ জনের মৃত্যু

একতার কণ্ঠঃ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে অন্তত ৩৭ জন মারা গেছে।কর্মকর্তারা আশংকা করছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন লঞ্চের ভেতরে এবং বাইরে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানিয়েছেন, লঞ্চে আগুন লাগার পরে অনেক নদীতে লাফিয়ে পড়ে। ফলে নদী থেকে এখনো মৃতদেহ পাওয়া যাচ্ছে।

বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বিবিসি বাংলাকে জানান, ‘এমভি অভিযান’ নামে একটি লঞ্চ ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে গতরাতে ছেড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে ভোরে লঞ্চে আগুন ধরে যায়।আহতদের বরিশাল সদর হাসপাতাল এবং স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।লঞ্চটিতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে – সেটি এখনো বলতে পারছেন না কর্মকর্তারা।

ঝালকাঠি থেকে স্থানীয় সাংবাদিক আক্কাস শিকদার বিবিসি বাংলাকে জানিয়েছেন, ভোর সাড়ে তিনটার দিকে লঞ্চে আগুনের সূত্রপাত হবার খবর পান তিনি।এসময় লঞ্চ থেকে অনেক যাত্রী জীবন বাঁচানোর জন্য নদীতে লাফ দেন বলে তিনি জানিয়েছেন।

এই লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন রুম থেকে আগুণের সূত্রপাত হয়েছে।

যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক আক্কাস শিকদার জানিয়েছেন, লঞ্চটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাবার সময় দোতলার ডেক বেশ গরম ছিল। এনিয়ে যাত্রীরা অভিযোগ করলে লঞ্চের স্টাফরা তখন কার্পেট বিছিয়ে দেন। কিন্তু এই গরম ক্রমাগত বাড়তেই থাকে।একপর্যায়ে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় বলে যাত্রীদের অভিযোগ।

আহতদের মধ্যে অন্তত ৮০ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়েছিল এর মধ্যে ২০জনকে সেখানে রেখে বাকিদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান সাংবাদিক আক্কাস শিকদার।

সংবাদ সূত্র- বিবিসি বাংলা( আপলোড বাংলাদেশ সময় দুপুর ২টা)

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২১ ০১:৫৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে এগারো বছর বয়সী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) ।শুক্রবার(২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামে এক আত্মীয়ের বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ অনিকের (১৯) বাড়ি উপজেলার দক্ষিণ পোষ্টকামুরী গ্রামে এবং পেশায় একজন শ্রমিক।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে অনিক। পরে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অনিক।

ঘটনার পরদিন শিক্ষার্থীর মা মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। স্থানীয়  র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগও দেন তিনি।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তি জানান, ‘বার বার স্থান পরিবর্তন করায় অনিককে ধরতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে অনিক।’

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২১ ১২:৫৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কে ত্রিমোহন নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের বংশাই নদীতে পড়ে আখি আক্তার নামে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। আখি আক্তার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়া ও উত্তর পেকুয়া জাগরনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সিএনজি চালিত একটি অটোরিকশা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ত্রিমোহনায় বাঁক নিতে গিয়ে উল্টে প্রায় ১০০ ফুট গভীরে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন চালক ফরহাদ মিয়া, আখির মা ফরিদা ইয়াসমিন ও অটোরিকশাটি উদ্ধার করলেও আখি আক্তার নিখোঁজ ছিল। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরীদল এসে উদ্ধার কাজ চালিয়ে দুপুর দুইটার দিকে আখির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানান, আখি আক্তার এ বছর বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে মামা ফরহাদ মিয়ার সিএনজি চালিত অটোরিকশায় মির্জাপুরে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে একই সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুপুর ১২টার দিকে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন নামকস্থানে পৌঁছলে চালক সামনে থাকা একটি রিকশা ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে প্রায় ১০০ ফুট গভীরে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। আখি আক্তারের সহপাঠী হেলেনা আক্তার ও রিয়া আক্তার জানান, আখির এইচএসসি পরীক্ষা শেষ হলে রায়হান নামে এক সহপাঠির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২১ ১২:৫৪:এএম ৫ বছর আগে
বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছে সরকারঃমির্জা ফখরুল - Ekotar Kantho

বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছে সরকারঃমির্জা ফখরুল

একতার কণ্ঠঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমান সরকার বেআইনীভাবে ক্ষমতায় থেকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন দেখাচ্ছেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া ৭১ সালে পাক সেনাদের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তাই বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।

বুধবার(২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে এই মুর্হুতেই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। আমরা বারবার বলেছি এটা মানবিক কারণে তাঁকে বিদেশে যেতে বাঁধা দিবেন না। কিন্ত তারা সে কথা শুনলেন না। যদি এই কারণে তাঁর মৃত্যু হয় তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, চুরি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাঠাচ্ছে।

বিএনপির ৩৫ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গুম হত্যার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ থেকে পরিত্রানের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক এডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রী সাধারণ সম্পাদক সুলতালন সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির, ওবায়দুল হক নাসির ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

সর্বশেষ আপডেটঃ ২৪. জানুয়ারী ২০২২ ০৩:২৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল - Ekotar Kantho

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতি প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা করেছে। সোমবার(২০ ডিসেম্বর) রিটানিং কর্মকতা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া।

এর আগে এ নির্বাচনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলো।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, এছাড়া ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় বাংলাদেশ বৈরাবরি পার্টির প্রার্থী পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, যাচাই বাছাই শেষে ওই ৪ জনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরো জানান, যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজেব চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে ময়মনসিং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

উল্লেখ, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩০ নভেম্বর এই আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ আপডেটঃ ২১. ডিসেম্বর ২০২১ ০১:১৩:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।