আরমান কবীরঃ টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের পাশ থেকে অভিজিত কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে তার প্যান্টের প্যাকেটে থাকা জন্ম সনদ, সার্টিফিকেট দেখে পরিচয় শনাক্ত করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যাইনি। পরে তার প্যান্টের প্যাকেট থেকে কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হায়াত, পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবালকে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা (মামলা নং ১৮) দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরো জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি)দুপুরে ইকবাল হায়াতকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের সাথে সংঘর্ষে অটোচালক বাপ্পি(২৫) নিহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাপ্পি বাসাইলের দিকে যাচ্ছিলেন। কলিয়া এলাকায় পৌঁছালে মাটির বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক বাপ্পি গুরুতর আহত হলে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
শনিবার(৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আল আমিন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, লুটপাটের ঘটনায় আমরা জড়িত নই। কিছু নামধারী সমন্বয়ক এ কাজ করতে পারে। যারা এ সব কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিডিও ফুটেজ দেখে প্রশাসনের সাথে কথা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, সারাদেশে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আমরা এ অভিযানের সফলতা কামনা করছি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মনিরুল ইসলাম, নবাব আলী, আল আমিন সিয়ামসহ অন্যান্য সমস্বয়করা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতেও লুটপাট চালানো হয়।
আরমান কবীরঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যােগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। ড.ইউনুসকে বলেন, দেশ সংস্করণ করতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। তাই অতিদ্রুত নির্বাচন দেওয়ার জন্য জোর দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।
এসময় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন
আরমান কবীরঃ টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ওয়াহাব নামের এক মুরগি ব্যবসায়ীসহ দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে সদ্য প্রয়াত সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলায় সংগঠণের আট-দশজন শ্রমিক আহত হয়।
এর মধ্যে গুরুতর আহত বুলবুল, কালাম ও মনির নামের তিনজন শ্রমিককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলা ও ভাংচুর প্রসঙ্গে টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জানান, শনিবার সদ্য প্রয়াত আমাদের সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে খিচুরি না দেয়ায় পার্ক বাজারের মুরগি ব্যবসায়ী ওয়াহাব আমাদের এক শ্রমিককে মারধর শুরু করে। মারধরে কারণে তাকে অফিসে জিজ্ঞাসাবাদ করাকালে তার বাহামভুক্ত প্রায় ২৫ থেকে ৩০ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের আট থেকে দশ জন শ্রমিক আহত হয়। হামলায় গুরুতর আহত তিন জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওয়াহাবসহ হামলাকারিরা আমাদের অফিস কার্যালয়ের চেয়ার, টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর, প্রায় ২ লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুটপাট করে নিয়ে গেছে। এ বিষয়ে নেতৃবৃন্দের সাথে কথা বলে থানায় অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ওয়াহাবের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরমান কবীরঃ: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার আদায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকবে হবে। বিএনপি জনগনের দল। জনগণের জানমালের ক্ষতি হয়- এমন কোন কাজে যারা নিয়োজিত থাকবেন তারা সাবধানে পথ চলবেন। জনগনের জানমালের ক্ষতি হবে এমন কোন কর্মকান্ড বিএনপি সহ্য করবেনা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ জগলু রোড়ে মির্জা আবু রায়হান জগলুর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এরআগে তিনি জেলা বিএনপি, যুবদল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি র্যালি নিয়ে শহরের জগলু রোডে ছাত্রদল নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদল ও যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিগত স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের পায়ের নিচে বাংলাদেশের স্বাধীনতা পিষ্ট করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে তারা এই দেশে কোনভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যারা নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে অবশ্যই হতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশের পথ সুগম হয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, শহিদ হয়েছে। গণমানুষের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনও চলছে।
তিনি আরো বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। যে বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। সকলে ভাই-ভাই হিসেবে আগামি দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল বৈষম্যমুক্ত গণতান্ত্রিক একটি দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু প্রমুখ।
প্রকাশ, ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে তৎকালীন ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।
আরমান কবীরঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত “জিতবে এবার নৌকা’ ” গান বাজিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ভাঙচুর চালানো হয়। এই ভাঙচুর চলাকালীন পুরো সময় বিভিন্ন ধরনের গান বাজিয়ে ও নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত ছাত্র-জনতা।
বিক্ষুব্ধরা মাটিকাটার যন্ত্র (ভেকু) দিয়ে শুরু করেন কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার কাজ। এর কিছু সময় পর শহরের থানা পাড়ায় অবস্থিত জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফজলুর রহমান খান ফারুকের বাসাও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বাড়ি জ্বলছিল। এ সময়ও ছাত্র-জনতা গান বাজিয়ে আনন্দ উল্লাস করে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল শহরের ভাসানী হলের সামনে স্থাপিত শেখ কামালের মুরাল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ছাত্র-জনতার অভিযোগ, ‘টাঙ্গাইলে যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের আস্তানা আমরা বাংলার মাটিতে রাখবো না। জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও আমরা ভেঙে ফেলবো।’
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জানান, ‘আমরা টাঙ্গাইলে আওয়ামী লীগের কোনো অফিস রাখব না। এখন আওয়ামী লীগ অফিস ভেঙেছি। আওয়ামী লীগের যত নেতা আছে, তাদের বাসাও ভেঙে ফেলা হবে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, ‘ভাঙচুরের বিষয়ে শুনেছি, তবে নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে পারিনি।
আরমান কবীরঃ কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। অসংখ্য মানুষকে গুম, খুন করেছে। ২০০৯ সালে ৫৭ জন সেনাকর্মকর্তাকে আওয়ামী লীগ হত্যা করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছিল। ২০১৪ সালের ৫ মে শাপলা চত্ত্বরে অসংখ্য আলেমকে আওয়ামী লীগের নেতৃত্বে হত্যা করা হয়েছে। যে দলের নেতৃত্বে এদেশের মানুষের উপর উপর গণহত্যা চালানো হয় সেই সন্ত্রাসী দলের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বুধবার( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা গণ অধিকার পরিষদের আয়োজন গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করেন।
শাকিল উজ্জামান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে অসংখ্য লুটপাট হয়েছে। দেশের অর্থনীতিকে এরা ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই সকল লুটপাটের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এসিল্যান্ড অবৈধভাবে আস্তর বালুকে বিট বালু বলে বিক্রি করেছে। ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছে। এসিল্যান্ড কিভাবে ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করে। এটা তদন্ত হওয়া দরকার। কার কাছে এসিল্যান্ড কম দামে এই বালু বিক্রি করছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান, শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ ও সাধারণ সম্পাদক নবাব আলী, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।
আরমান কবীরঃ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পূর্ব পাশের বায়োস্কোপ চত্বরে “নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” এই থিমকে সামনে রেখে পূর্ণিমা উৎসবের আয়োজন করা হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বুধবার )রাত ৮ থেকে ১২ টা পর্যন্ত বায়োস্কোপ চত্বরে এই পূর্ণিমা উৎসব চলবে।
পূর্ণিমা উৎসবে থাকবে কবিতা আবৃতি, লোকগান, যন্ত্র সঙ্গত, “শহরের নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” নিয়ে মুক্ত আলোচনা।
অনুষ্ঠানে গান গাইবেন লিজু বাউলা, মাহবুবুর রহমান সুমন,জেসি আক্তার, নাসির ফকিরা, শাকিল , শিল্পী ঘোষ ,পলাশ প্রমূখ।
কবিতা আবৃতি করবেন, কবি আবু মাসুম,এডভোকেট জিনিয়া বক্স, সৈয়দ সাইফুল্লাহ, কুশল ভৌমিক, তাবাসসুম আরেফিন ছন্দা প্রমূখ।
“নাগরিক জীবনে পূর্ণিমার প্রভাব” নিয়ে আলোচনা করবেন-আবুল কালাম মোস্তফা লাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মহব্বত হোসেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক রিয়াজুল মওলা রিজু,প্রকৌশলী জাহিদ রানা, সাংবাদিক আরমান কবীর, বাপ্পি খান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলের জন্য পূর্ণিমা তিথিতে সেবার আয়োজন থাকবে।
আরমান কবীরঃ টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ড ও বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরমান কবীরঃ বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শামীম আল মামুন জুয়েলকে টাঙ্গাইলে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটি ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোরশেদ আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলম তুহিন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান মাহে আলম সাবু, শিক্ষক সমিতির সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি আল-আমিন, মনিরুল ইসলাম ও টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল বলেন, আমাকে সম্বর্ধিত করায় আমি সম্মানিত বোধ করছি। আমার এই বিজয় টাঙ্গাইল বাসীর বিজয়। আপনার দোওয়া করবেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি যথাযথ ভাবে পালন করতে পারি। বিশেষ করে সারা বাংলাদেশের ৬৪ জেলার শিক্ষকদের অধিকার আদায়ে আমি আগেও যেমন সোচ্চার ছিলাম, এবার বৃহদ পরিসরে আর বেশি সোচ্চার হব। হুগরা বাসীর কাছে আমি বিশেষ ভাবে ঋণী। যে ঋণ কোনভাবে শোধ হবার নয়। আমার সব সময় চেষ্টা থাকবে কি ভাবে সেই ঋণ কিছুটা পরিশোধ করা যায়।
উল্লেখ, হুগড়া ইউনিয়নের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল এর আগে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।