/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন গ্রেপ্তার

আরমান কবীরঃ অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মো. ইসমাইল হোসেন ওরফে ইকো মিঞা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর থানার মাধ্যমে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর শহরের ফসলান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইকো মিঞা উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ইকো মিঞার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে টাঙ্গাইল থানা পুলিশ আদালতে তাকে প্রেরণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৫. ফেব্রুয়ারী ২০২৫ ০২:২১:এএম ১ বছর আগে
১৭ বছর পর নিজ জন্মভূমি টাঙ্গাইলে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু - Ekotar Kantho

১৭ বছর পর নিজ জন্মভূমি টাঙ্গাইলে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

আরমান কবীরঃ দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমি টাঙ্গাইলে এসেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সদ্য কারামুক্ত আব্দুস সালাম পিন্টু।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে তিনি সড়ক পথে ঢাকা থেকে টাঙ্গাইল শহরের প্রবেশদ্বার নগরজলফৈ বাইপাসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে স্বাগত জানায়।

এ সময় তাকে বহনকারী গাড়ি বহরে ফুলের পাপড়ি ছিটানো হয়। নগরজলফৈ বাইপাস থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের আসার পথে তাকে শহরের বিভিন্ন জায়গায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ ১৭ বছর পর তার টাঙ্গাইল আগমনকে কেন্দ্র করে জেলা শহর জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে বিকেলে জেলা বিএনপি’র পক্ষ থেকে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আবেগ-আপ্লুত কণ্ঠে সালাম পিন্টু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। দেশবাসী ও বিশেষ করে টাঙ্গাইলবাসির দোয়া ও ভালোবাসায় আজ আমি আমার জন্মভূমিতে জীবিত অবস্থায় ফিরতে পেরেছি। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আজ আপনাদের মাঝে পৌঁছাতে পেরেছি। যতদিন জীবিত থাকবো- আপনাদের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করলাম।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সংবর্ধনা স্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারন মানুষের ঢল নামে। নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর উদ্যান এলাকা। এ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে তোরণ দিয়ে । লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার।

জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধাা হামিদুল হক মোহন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আব্দুস সালাম পিন্টু দলের নেতাকর্মীদের সাথে নিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও দোয়া পাঠ করেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০৩:এএম ১ বছর আগে
বিএনপি’র ৩১ দফার পুরোটাই সংস্কার কর্মসুচি: নজরুল ইসলাম খান - Ekotar Kantho

বিএনপি’র ৩১ দফার পুরোটাই সংস্কার কর্মসুচি: নজরুল ইসলাম খান

আরমান কবীরঃ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছে কিছু নতুন, কিছু পুরাতন। তারা জনগণকে বোঝাতে চেষ্টা করছে বিএনপি নাকি সংস্কার চায় না। সংস্কার কী? খায় না মাথায় দেয়। বাংলাদেশে সকল কল্যাণকর সংস্কার করেছে বিএনপি। বিএনপি যে ৩১ দফা দিয়েছে তার পুরোটাই সংস্কার কর্মসূচি। সংস্কারের প্রত্যেকটা বিষয় ৩১ দফার মধ্যে রয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপি’র নেতাকর্মীরা লড়াই করেছে। এখনও লড়াই শেষ হয়ে যায় নাই। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে বা গুম অবস্থায় মৃত্যু হয়েছে। ৫ আগস্ট আমি জেলখানায় ছিলাম। আমাদের ৫১৮ জন নেতাকর্মী নিহত হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে ছিল। অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার পর দেশে পরিবর্তন এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য বলি সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। বলি নাই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। যারা জয়লাভ করবে, তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, আব্দুস সালাম পিন্টু মৃত্যুদন্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারেও অনিশ্চিত জীবন কাটিয়েছেন। শতশত নেতাকর্মী গুম-খুনের স্বীকার হয়েছেন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইচ চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধাা হামিদুল হক মোহন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, ৯০এর এরশাদ বিরোধী আন্দোলনের ছাএদল নেতা মোঃ আব্দুল্লাহ আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এদিকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টু নিজ জেলা টাঙ্গাইলে পৌছলে শহরের নগর জলফৈ বাইপাসে তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেয়। বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারন মানুষের ঢল নামে। নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর উদ্যান এলাকা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আব্দুস সালাম পিন্টু দলের নেতাকর্মীদের সাথে নিয়ে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও দোয়া পাঠ করেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২৫ ০২:৫৩:এএম ১ বছর আগে
বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: টাঙ্গাইলের পুলিশ সুপার - Ekotar Kantho

বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: টাঙ্গাইলের পুলিশ সুপার

আরমান কবীরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার লুণ্ঠিত হয়েছে। ওই সময় দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পারে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৪৮:এএম ১ বছর আগে
দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে: সাইফুল হক - Ekotar Kantho

দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে: সাইফুল হক

সাহান হাসানঃ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পার্টির সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, এদেশের মানুষ ১৬ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আগে বাজার নিয়ন্ত্রণ করুন, নাহলে জনগণ কিন্তু সহ্য করবে না।

অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এক কথায় এটি একটি হঠকারিতা।

তিনি বলেন, সরকারকে বলব- আপনারা প্রতিটা কমিশনকে দায়িত্ব দিন তাড়াতাড়ি সংস্কারের রোড ম্যাপ দেওয়ার জন্য। আমরা চাই খুবই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাইফুল হক আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যেমন দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলব- অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৬ বছর ধরে অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের।

টাঙ্গাইল জেলা সাংগঠনিক সভা আয়োজন কমিটির আহ্বায়ক সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য শহিদুজ্জামান লাল মিয়া, বহ্নিশিখা জামালী, জেলা জেএসডির সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান পিপলু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৩. ফেব্রুয়ারী ২০২৫ ০২:২০:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল আলীম (৩০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লুৎফর রহমান নামে এক আ’লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। পরে জহিরুল ইসলাম নামে একজনকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

আহত আব্দুল আলীম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি এবং তিনি একই ওয়ার্ডের বাংগাল শেখের ছেলে।

এদিকে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লুৎফর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ যুবদলের নেতাকর্মীরা।

লুৎফর রহমান উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য পলাতক ছোট মনিরের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় তানিয়া খাতুন নূরানী মাদরাসার সামনে একদল দুর্বৃত্ত যুবদল নেতা আলীমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে রাস্তার পাশে বালুর স্তুপে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এরপর গোবিন্দাসী এলাকার জহিরুল নামে এক ব্যক্তিকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরের দিন শনিবার সকালে গোবিন্দাসী যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমানের মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে। এতে তিনি গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. ফেব্রুয়ারী ২০২৫ ০২:৩২:এএম ১ বছর আগে
চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা - Ekotar Kantho

চলন্তবাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মির্জাপুর থানায় মামলা

সাহান হাসানঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলস’ বাসে ডাকাতির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ওমর আলী বাদি হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে এই মামলা দায়ের করেছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে যাত্রীবাহী ওই বাসটিতে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে।

ওমর আলীর বর্ণনা অনুসারে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি শেষে ডাকাতরা বাস থেকে নেমে যায়।

ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসচালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তার সহকারী মাহবুব আলম (২৮) কে আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।

সর্বশেষ আপডেটঃ ২২. ফেব্রুয়ারী ২০২৫ ০২:২২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আরমান কবীরঃ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মহান শহীদ দিবসে কর্মসূচির মধ্যে ছিল- দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, ভোরে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, কবিতাবৃত্তি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ইত্যাদি।

জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচিগুলো দিনভর পালন করে।

এ উপলক্ষে প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক শরীফা হক ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, টাঙ্গাইল প্রেসক্লাব, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন ভোরে বিভিন্ন দপ্তর, টাঙ্গাইল প্রেসক্লাব, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনভর টাঙ্গাইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেশের গান ও ত্রিবেণী-টাঙ্গাইলের উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়ক ও সড়কদ্বীপ এবং শহীদ মিনারে আল্পনা আঁকা হয়।

সর্বশেষ আপডেটঃ ২২. ফেব্রুয়ারী ২০২৫ ০১:৩৩:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুকে সঙ্গে নিয়ে ধর্ষণ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুকে সঙ্গে নিয়ে ধর্ষণ

সাহান হাসানঃ টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুকে সঙ্গে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মধুপুর উপজেলার পৌর শহরের মালাউড়ী কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মধুপুর থানা থেকে ৩ থেকে ৪ শত মিটারের মধ্যেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ কৌশলে অভিযুক্তদের আটক করেছে।

অভিযুক্ত দুই বন্ধু হলো- উপজেলার পঁচিশা গ্রামের সাইদুর রহমান খান রুবেলের ছেলে ফাহাদ খান ফাহিম (১৯) এবং একই জেলার গোপালপুর উপজেলার চরমােহাইল হেমনগর গ্রামের (মধুপুর মালাউড়ী কাজীপাড়ার ভাড়াটিয়া) মনিরুজ্জামানের ছেলে নাঈম মাহাদী সাফি (১৮)।

ভুক্তভোগী ওই তরুণী পরিবারসহ একই এলাকায় ভাড়া বাসায় থাকতো।

এ ঘটনায় বুধবার দিনগত রাত ১২ টার পর তরুণীর মা বাদী হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা ও পর্ণোগ্রাফি ধারায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফেসবুকের সুবাদে ৮ মাস আগে ফাহিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিভিন্ন স্থানে ডেটিং করে বেড়াতো। বিয়ের নিশ্চয়তা দিয়ে আপত্তিকর ছবি তুলে, শারীরিক সম্পর্ক করে। ফাহিম তার বন্ধু সাফির কাছে ওইসব ছবি শেয়ার করে। এসব ছবি নিয়ে প্রেমিকের বন্ধু সাফি তরুণীকে ব্ল্যাক মেইল শুরু করে। ওইসব ছবি ডিলিট করার কথা বলে এক পর্যায়ে গত বছরের ১২ ডিসেম্বর ফাহিম বন্ধু সাফির পরিবারের ভাড়া বাসায় ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে।

সর্বশেষ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের কথা বলে ওই তরুণীকে দেখা করতে বন্ধু সাফির একই বাসায় আমন্ত্রণ জানায় প্রেমিক ফাহিম। আলাপের এক পর্যায়ে ফাহিম আবারও জোর করে শারীরিক সম্পর্ক করে। গোপনে আপত্তিকর ছবি তুলে বন্ধু সাফি। পরে সেই ছবি দেখিয়ে সাফি সুযোগ নিতে চাইলে ফাহিম বাধা না দিয়ে এতে সম্মতি জানায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিক্টিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা ও পর্ণোগ্রাফি ধারায় মামলা দায়ের করেছেন। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির করা হয়েছে।

এ প্রসঙ্গে, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, ঘটনা জানার পরই অল্প সময়ের মধ্যেই পুলিশ কৌশলে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। তারা ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকাও দাবি করতো। আটককৃতদের বিরুদ্ধে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা নয়, পর্ণোগ্রাফির ধারায়ও মামলা হয়েছে।

তিনি আরও জানান, আটকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিবে বলে আশা করছি।

সর্বশেষ আপডেটঃ ২১. ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৪৫:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

একতার কণ্ঠঃ নিবন্ধন পুনর্বহালসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াতের উদ্যােগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসট্রিক্ট হেলিপ্যাড এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবীরসহ অন্য নেতাকর্মীরা। এসময় বক্তারা দলের নিবন্ধন পুনর্বহালসহ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশের উদ্দেশে জমায়েত হয়।

সর্বশেষ আপডেটঃ ১৯. ফেব্রুয়ারী ২০২৫ ০২:৫৫:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া পাঞ্জা পাড়া এলাকায় সড়কের পাশের ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ড্রেন থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে রাস্তার পাশে ড্রেনে অপরিচিত এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) তানভীর আহাম্মেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ড্রেনের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে । প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. ফেব্রুয়ারী ২০২৫ ০১:৫৮:এএম ১ বছর আগে
টাঙ্গাইল শহর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইল শহর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল গ্রেপ্তার

আরমান কবীরঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান রুবেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত, রুবেল পৌর শহরের ১৩নং ওয়ার্ডের দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত মনিরুজ্জামান খানের ছেলে বলে জানা গেছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ।জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় আনা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, আসাদুজ্জামান রুবেল টাঙ্গাইল সদর থানায় ২০২৪ সালের ৪ নভেম্বর দায়ের করা মামলার (মামলার নং-৮) এজাহার নামীয় আসামি।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সং/১৯) এর ৪/৫ ও দন্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/৩২৬/১০৯/১৪৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ, আসাদুজ্জামান খান রুবেল টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে পোষ্ট দিয়ে সক্রিয় ছিল।

সর্বশেষ আপডেটঃ ১৯. ফেব্রুয়ারী ২০২৫ ০১:৫২:এএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।