/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবকে কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি, ইউপি সচিবকে কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে এক নারী গ্রাম পুলিশকে (মহল্লাদার) শ্লীলতাহানির অভিযোগে ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪২) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই নারী ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিষদটি একদমই ফাঁকা ছিলো। আশপাশে কেউ ছিল না। পাশের রুমে ওই নারী গ্রাম পুলিশ (১৮) একা বসা ছিলো। পরে সচিব মোশারফ হোসেন তাকে ডেকে ভবনের ২য় তলায় একটি কক্ষ ঝাড়ু দিতে পাঠায়। মোশারফ ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে এক মহিলা ইউপি সদস্য তাকে উদ্ধার করে। পরে লোকজন ঘটনাস্থলে এসে সচিব মোশারফকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, সচিব মোশারফ হোসেন এর আগে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে থাকা অবস্থায় অসচ্ছল ও গরিব নারীদের সরকারি বিভিন্ন সুবিধি দেওয়ার কথা বলে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিষদে ভবনে বিভিন্ন সময় তিনি আপত্তিকর অবস্থায় ধরাও পড়েছেন। অন্যদিকে ওই সচিবের বিরুদ্ধে টাকার বিনিময়ে জাল জন্মনিবন্ধন করে দেওয়ারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, নারী মহল্লাদারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৩৬:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার( ৭ ডিসেম্বর) সকাল থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন।

প্রতীক হাতে পাবার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পরেছেন ভোটের প্রচার-প্রচারনায়।

সর্বশেষ আপডেটঃ ০৮. ডিসেম্বর ২০২১ ০১:৫৩:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা মামলায় আরও পাঁচ আসামি রিমান্ডে

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে রেজা হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার( ৬ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম ওই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার(৫ ডিসেম্বর) ভোরে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন মিয়া ও কোদালিয়া এলাকার আবদুল হামিদের ছেলে পাভেল।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মাজাহার হোসেন, আকুরটাকুরপাড়ার রকিবের ছেলে রোবায়েদ আল শিবলী ও নাগরপুরের ধলাই গ্রামের মুকুল মিয়ার ছেলে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, রবিবার রাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে  আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফিরোজ হোসেন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানুজ্জামান আরো জানান, ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত ,গত ২১ নভেম্বর রাতে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন রেজাউল করিম। এ সময় তাঁর হাত–পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ২৬ নভেম্বর রাতে নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২১ ০১:৫৬:এএম ৫ বছর আগে
বাবার ই‌চ্ছে‌ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল - Ekotar Kantho

বাবার ই‌চ্ছে‌ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাবার ই‌চ্ছে‌ পূরণ কর‌তে বিয়ে করে হে‌লিকপ্টারে বউ নিয়ে ফিরেছেন কৃষক ছে‌লে।এই ব্যতিক্রম বিয়েকে কেন্দ্র করে বিয়ে বাড়িসহ আশপাশের গ্রামজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। ছিল বাদ্যের ঝংকার, হরেক রকম খাবারের আয়োজন।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘ‌টে‌ছে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাউসাইদ গ্রামে। কৃষক মহির উদ্দিনের এক মাত্র ছেলে রাসেল মিয়া তার নববধূ মিতু আক্তারকে নিয়ে হে‌লিকপ্ট‌ারে চড়ে বা‌ড়ি‌তে নি‌য়ে আ‌সেন। ত‌বে বিষয়টি প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা শোনার পর বিশ্বাস না কর‌লেও বাস্ত‌বে দে‌খে সবাই হতবাক।

জানা যায়, বাউসাইদ গ্রামের কৃষক মহির উদ্দিনের এক মাত্র ছেলে রাসেল মিয়ার সাথে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খার মেয়ে মিতু আক্তারের সাথে আড়াই মাস আগে কাবিন হয়। রাসেল মিয়াও কৃষি কাজ করেন।

বরযাত্রীরা দুটি প্রাইভেটকার ও বাসে চড়ে কনে বাড়ি গেলেও বর যায় হেলিকপ্টারে চড়ে। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টার আসাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ। এই আয়োজনে কোনো কমতি রাখেনি বাবা। যা প্রশংসা কুড়িয়েছে আগত সকলের। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিলেন পুলিশের এক‌টি টিম।

৮০ বছরের বৃদ্ধ জিন্নত আলী বলেন, আমার বয়সেও এমন বিয়ে দেখিনি যে হেলিকপ্টারে করে বউ আনে।এটা প্রথম দেখলাম। রাসেল এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কনে মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনাও করিনি আমার স্বামীর পরিবার আমাকে হেলিকপ্টারে করে নিয়ে আসবে। এতে আমি খুব খুশি।

বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া আনা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহের ববাটাজোর থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা দেওয়ান বলেন, হেলিকপ্টারে চড়ে এই বিয়েকে কেন্দ্র করে আমাদের গ্রামে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বড় বড় অনুষ্ঠানেও এতো লোকজন আসে না।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুন্সি বলেন, বর পক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করেছিলো । সেই প্রেক্ষিতে নিরাপত্তা দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০৫:০১:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী - Ekotar Kantho

টাঙ্গাইলে স্ত্রীর লাশ ঘরে রেখে বোরকা পরেও পালাতে পারলেন না স্বামী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত জাহান নিশি (১৯) নামের ওই গৃহবধূ উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

নিহতের মায়ের দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার পর বোরকা পরে পালাতে চেয়েছিল আলিম। কিন্তু তার আগেই তারা গিয়ে ধরে ফেলেন। পরে এ ঘটনায় রাতেই নিহতের বাবা খোরশেদ আলম বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলিমকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছর আগে ছয়ানি বকশিয়া গ্রামের আলাল তালুকদারের ছেলে আব্দুল আলিমের সঙ্গে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার কুরমোশিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে নুসরাত জাহান নিশির বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৩৫ হাজার টাকা যৌতুক নেয় আলিম। তারপরও বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন আলিম। টাকা নিয়ে আসতে অস্বীকৃতি জানালে নিশির ওপর চলত অমানবিক শারীরিক নির্যাতন।

নিহতের মা সুফিয়া বেগম বলেন, মেয়ে আমার এইচএসসি পরীক্ষার্থী ছিল। শনিবার (৪ ডিসেম্বর) রাতে সে ফোন করে জানায় তাকে আর লেখাপড়া করতে দেবে না তার স্বামী। তার স্বামী পরীক্ষার প্রবেশপত্র ছিঁড়ে ফেলছে। মেয়ে আমার লাশ হয়ে বাড়ি ফিরল।

এদিকে আলিমের পরিবার জানায়, নিশি রাগি ও জেদি প্রকৃতির মেয়ে ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। সংসার করতে হলে অনেক কিছু ত্যাগ স্বীকার করে করতে হবে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি আলিম ও তার বাবা-মাকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ০১:৫০:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র” - Ekotar Kantho

টাঙ্গাইলে ওয়ালটনের সহযোগিতায় তৈরি হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”

একতার কণ্ঠঃ দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র”। এ প্রকল্পে ব্যয় হবে ৬ কোটি টাকার বেশি। এটি বাস্তবায়ন করছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

স্মৃতি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রোববার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ এবং কৃষিবিদ রুমানা আক্তার।

প্রসঙ্গত,  গত ৮ মার্চ এ স্মৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী উপস্থিত ছিলেন।আগামী মাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ১২:৪২:এএম ৫ বছর আগে
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল-আহমেদ আজম খান - Ekotar Kantho

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল-আহমেদ আজম খান

একতার কণ্ঠঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রনাঙ্গণের একজন বীর সৈনিক ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষক এবং বীরউত্তম খেতাবপ্রাপ্তদের তালিকায় প্রথমে তার নাম। বিজয়ের মাসে আমাদের কেন্দ্রীয় এবং জেলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি রবিবার(৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভায় ওই সব কথা বলেন।

আহমেদ আজম খান আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আমরা অনড়। দেশনত্রী নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অথচ সরকারের খেয়াল নেই। আমাদের কর্মসূচিতে সরকার অনুমতি দেয় না। আরো বাঁধা সৃষ্টি করে। কারন এ সরকার জনগনের ভোটের সরকার নয়। আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগনকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহামান লিটন, আমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ও সিনিয়র সদস্য বেনজির আহমেদ টিটুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অঙ্গ সহযোগি সংগঠনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। যতদূত সম্ভব সকল ইউনিটের সম্মেলন শেষে জেলা বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বাছায়ের সিদ্ধান্ত হয।

 

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২১ ১২:৫৯:এএম ৫ বছর আগে
বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়: কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর। তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়না। বাংলাদেশকে তারা পাকিস্থানের অঙ্গরাজ্য করতে চায়। বিএনপি একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচুত্য করতে চায়।

তিনি আরো বলেন, তাদের সে চেষ্টা কখনও সফল হবে না। কারন, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নের উগ্রযাত্রা আরো বহুদুর এগিয়ে যাবে। কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। দেশকে আমরা আর অস্থীতিশীল করতে দেবো না।

শনিবার(৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতীর সবচেয়ে বড় অর্জন। এই অর্জনে মুল ভুমিকা রেখেছে ছাত্রলীগ। সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে। এই নতুন নেতৃত্বই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ টাঙ্গাইল জেলার সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মামুনুর রশীদ মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২১ ১২:৩৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শুভ - Ekotar Kantho

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শুভ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ। প্রয়াত মো. একাব্বর হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক।

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জাপুর আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ।  মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

খান আহমেদ শুভর বাবা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনেই নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত ওই আসনের টানা চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একাব্বর হোসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন।

ঘোষিত তফসিলে জানা যায়, এ আসনে আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শতভাগ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজারের বেশি।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ১১:২৭:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেলো চালকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ (৩২) রংপুরের বদরগঞ্জের পালিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলসের ঢাকাগামী বাসের সাথে ওয়ালটনের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির সামনের অংশ ধুমচেমুচড়ে যায়। আর কাভার্ডভ্যানটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। এসময় কয়েকজন আহত হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ০৯:০৫:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা

একতার কণ্ঠঃ সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ইলিয়াস হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির ঘোষণা করেন।নব ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে জেলায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুলকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়।

সোহানুর রহমান সোহান জেলা ছাত্রলীগের বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহবায়ক। তার বাড়ি গোপালপুর পৌরসভার সুন্দর গ্রামে। ইলিয়াস হাসান জেলা ছাত্রলীগের বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্য ও করটিয়া সাদত কলেজের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তার বাড়ি সখিপুর উপজেলার বহেড়াতৈল গ্রামে।

প্রসঙ্গত, নব ঘোষিত ছাত্রলীগের এই কমিটি নিয়ে জেলায় ছাত্রলীগ নেতাদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে। বিশেষ করে জেলা সদরের কোন ছাত্রলীগ নেতা  এই কমিটিতে না থাকায়  কমী-সমর্থদের মাঝে ওই ক্ষোভের সৃস্টি হয়। তাদের দাবী দ্রুত এই কমিটি পরিবর্তন করে জেলা শহর থেকে সভাপতি অথবা সাধারন সম্পাদক নির্বাচন করা হোক।  দীর্ঘ প্রায় একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলেও ছাত্রলীগের আন্দোলন সংগ্রমে পরিক্ষীত নেতারা তাদের কাঙ্খিত পদ পায়নি।

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২১ ০৪:৪২:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় এক অটোরিক্সার যাত্রী ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরোও দুইজন।শুক্রবার (৩ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায়  দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্রী হাফিজা আক্তার,উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামের হাবুল মিয়ার মেয়ে। সে স্থানীয় গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডের গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে বালিয়াটা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় ওই অটোরিক্সায় থাকা হাফিজা আক্তার ঘটনাস্থলে নিহত হয়।

এসময় আহত হয় আরো ২জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. ডিসেম্বর ২০২১ ০১:৫৮:এএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।