/ হোম / টাঙ্গাইলে
টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন  - Ekotar Kantho

টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন 

আরমান কবীরঃ “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে টাঙ্গাইলে ৭৭তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১০ডিসেম্বর) সকালে মানবাধিকার সংগঠন “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ” টাঙ্গাইল জেলা শাখা আলোচনা সভা ও মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি বের করে।

এ দিন সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে মানবাধিকারকর্মীরা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সংগঠনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ টাঙ্গাইলের উপদেষ্টা মনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, সংগঠনের সদস্য সচিব মামুনুর রহমান মামুন, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জুয়েল।

মানববন্ধন শেষে একটি বিশাল র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। এই র‌্যালিতে বিপুল সংখ্যক মানবাধিকার কর্মী অংশগ্রহণ করে।

এ ছাড়া টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল, তার স্মরণে প্রতি বছর এই দিনে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

এই বছরের প্রতিপাদ্য বিষয় “মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য”।

সর্বশেষ আপডেটঃ ১১. ডিসেম্বর ২০২৫ ০৩:১৫:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) বিকেলে কাকুয়া ইউনিয়নের কাকুয়া হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ।

দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৯. ডিসেম্বর ২০২৫ ০৩:১০:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে খেজুরের রস খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত  - Ekotar Kantho

টাঙ্গাইলে খেজুরের রস খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত 

আরমান কবীর: টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহীদ নামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় আহত দুইজন একই গ্রামের জিহাদ ও হাসান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মোটরসাইকেলে ৯ জন কালিহাতীর ধানগড়া গ্রামে রবিবার ভোরে খেজুরের রস খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাকুটিয়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি বেইলি ব্রীজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুত্বর আহত জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত হাসানকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৭. ডিসেম্বর ২০২৫ ১১:৪৬:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শামছুল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শামছুল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫‌ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শামসুল হক স্মৃতি পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পহেলী প্রমুখ।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং মরহুম শামছুল হকের রুহের মাগফিরাত প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ০৬. ডিসেম্বর ২০২৫ ০৯:৩৪:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে বিএনপি ভরসা রেখেছে দু্ই সহোদরে - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি ভরসা রেখেছে দু্ই সহোদরে

আরমান কবীরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে একই পরিবারের সহোদর পেলেন বিএনপির মনোনয়ন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে এই দুই সহোদরের ভুমিকা মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদের মধ্যে এক ভাই আব্দুস ছালাম পিন্টু টাঙ্গাইল-২(ভুঞাপুর-গোপালপুর) আসনে, অন্যজন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টি আসনে একই পরিবারের সহোদর ভোট যুদ্ধে অংশ নেবার পথ সুগম হলো।

প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭ টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে সেই অপেক্ষার অবসান হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন।

৩৬ তালিকা ঘোষণাসহ মোট ২৭২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। বাদ বাকি ২৮ আসনের তালিকা যথা সময়ে ঘোষণা করা হবে বলে জানালেন বিএনপি মহাসচিব।

ঘোষিত ৩৬ জন প্রার্থী হলেন, ঠাকুরগাঁও –২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ -১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমীর এজাজ খান, পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহ উদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা- ৭ আসনের হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আখতার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমরা আরো ৩৮টি আসনে নাম ঘোষণা করছি এবং আরো অনেকগুলো থেকে যাচ্ছে ২৮টা থেকে যাবে।”

সর্বশেষ আপডেটঃ ০৫. ডিসেম্বর ২০২৫ ০২:৩১:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল - Ekotar Kantho

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

আরমান কবীরঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ যোহর শহরের বটতলায় অবস্থিত প্রিমিও প্লাজায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোওয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগনী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন।

উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, মহিউদ্দিন সুমন ,নাহার চাকলাদার প্রমুখ।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত ওই দোয়া মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৩. ডিসেম্বর ২০২৫ ১১:০১:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরমান কবীরঃ টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা ।

মৃত জিহাদ(১০) ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতের চাচাত ভাই জনি বলেন, “সন্ধ্যার পর বাড়িতে একই বয়সের চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের মা তাকে বকাঝকা করেন। এরপর সে দৌড়ে নিজের ঘরে চলে যায়।

“রাত ৮টার দিকে ওই ঘরে ঢুকে জিহাদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

স্থানীয় আরিফুর রহমান বলেন, “ঘটনাটি মর্মান্তিক, তবে বর্তমান সময়ে যারা বাবা-মা আছেন তাদের জন্য শিক্ষণীয়। শিশুর প্রতি কেমন আচরণ করতে হবে, এ বিষয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।”

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. ডিসেম্বর ২০২৫ ০৭:২৫:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে খোলা পেট্রোল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে খোলা পেট্রোল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু

আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি খোলা পেট্রোল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনায় দোকান মালিক বৃদ্ধ গফুর আলী (৬০) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে বাজারের আরো দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাগুজিপাড়া বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় আগুনের তাপে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করে।

তিনি আরও জানান, আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই ।বাজারের গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ।নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

সর্বশেষ আপডেটঃ ০২. ডিসেম্বর ২০২৫ ০২:১৩:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আরমান কবীরঃ টাঙ্গাইলে নিজের বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামি হলো- টাঙ্গাইলের সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিমপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান।

টাঙ্গাইলে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছর ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে বাবা আব্দুস সামাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় তার ছেলে ওয়াহেদুজ্জামান। পরে নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিচার শেষে রোববার আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আসামি গ্রেফতার হওয়ার পর থেকেই জেলহাজতে আটক রয়েছে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া।রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

এই রায়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়।

সর্বশেষ আপডেটঃ ০১. ডিসেম্বর ২০২৫ ০২:৪৪:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাহান হাসানঃ টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর মিনি স্টেডিয়ামে ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ ও বাসাখানপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে যমুনা এক্সপ্রেস ফুটবল ক্লাব এবং আইয়ান বার্থা ফুটবল ক্লাব মুখোমুখি হয়।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে আইয়ান বার্থা ফুটবল ক্লাব ৩–০ গোলের ব্যবধানে যমুনা এক্সপ্রেস ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লাভু মিয়া লাভুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি—এই সদর উপজেলা মিনি স্টেডিয়ামের নাম যেন শহীদ ফারুক স্টেডিয়াম করা হয়। আগামীদিনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে স্টেডিয়ামটির নাম শহীদ ফারুক স্টেডিয়াম করা হবে। এখানে যেকোনো খেলার আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা করব। বিশেষ করে মা–বোনেরা যেন স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন, এজন্য অতিরিক্ত আরও একটি গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, একসময় টাঙ্গাইলকে ক্রীড়া নগরী বলা হতো। এখানকার ৮ থেকে ৯ জন ফুটবলার নিয়মিত ঢাকার মাঠে খেলতেন। আগামীদিনে আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও কিশোর গ্যাং–মুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। এ লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী,
জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মধ্যে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২৫ ০৪:২২:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে বাসে আগুন দিয়ে তরুণীকে হত্যা মামলার আসামী গ্রেপ্তার  - Ekotar Kantho

টাঙ্গাইলে বাসে আগুন দিয়ে তরুণীকে হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

আরমান কবীরঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউন চলা কালে টাঙ্গাইল বাসাইলে আলোচিত দাহ্য পদার্থ দিয়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসযাত্রী সদ্য বিবাহিত তরুণী মিম (২২) হত্যা মামলায় জড়িত সহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ নজরুল ইসলাম (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত নজরুল উপজেলার বাঐখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার(২৮ নভেম্বর)সকালে র‌্যাব-১৪,সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-৩ এর টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) লুৎফা বেগম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন) ডাকা লক ডাউন সফল করার উদ্দেশ্যে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাঐখোলা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসের সামনে যমুনা সেতুগামী লেনের উপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ হতে ছেড়ে আসা পাবনাগামী “বাংলা স্টার” নামক যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ ব্যবহার করলে আগুন লাগিয়ে দেয়। ফলে বাসে থাকা যাত্রীরা জীবন বাঁচানোর জন্য দ্রুত বাস থেকে নেমে গেলেও মহিলা যাত্রী তরুণী মিম (২২) আগুনে দগ্ধ হয় এবং ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত ঘটনায় ১৩ নভেম্বর বাসাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ টাঙ্গাইল এর একটি চৌকস আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ নজরুল ইসলাম (৬০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২৫ ০৩:৩৭:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরমান কবীরঃ বিএনপি’র দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে কতিপয় মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিউল আউয়াল লাভলু।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নাগরপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, আমি টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে একটি গোষ্ঠী আমার মনোনয়ন বাতিলের উদ্দেশ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি জানান, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি। ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহন করে ছাত্রদলকে সু-প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজী রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তারই ফলশ্রুতিতে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে ছাত্রদল মনোনীত প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখায় ক্রীড়া সম্পাদক মনোনয়ন প্রদান করলে আমি বিপুল ভোটে নির্বাচিত হই। ৯০ এর স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হই। ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমাকে আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করেন। ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। ২০০৯ সালে নাগরপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদ্য ও ২০১০ সালে ঢাকা মহানগর বিএনপি সদস্য হিসেবে নির্বাচিত হই। ২০১১ সালে টাঙ্গাইল জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করি। ২০২২ সালে নাগরপুর উপজেলা বিএনপি কমিটি গঠন হলে আমাকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়। ২০০৭ সাল থেকে নাগরপুরে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থনা করে মনোনয়ন বঞ্চিত হই। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রার্থী হয়ে আবারও মনোনয়ন বঞ্চিত হই। এডভোকেট গৌতম চক্রবর্তী মনোনয়ন লাভ করেন। দলীয় নির্দেশনায় ও গৌতম চক্রবর্তীর আহবানে আমি দলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে আমাকে আমার বাড়ী হতে ফ্যাসিস্ট সরকারের পুলিশ দ্বারা গ্রেপ্তার হই এবং আমাকে পুলিশ থানা হাজতে নিয়ে যায়। অধ্যবধি পর্যন্ত নাগরপুর ও দেলদুয়ারের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতৃত্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, মনোনয়ন ঘোষনার পর আমাকে শুভেচ্ছা জানানোর জন্য নাগরপুর-দেলদুয়ারের দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ জনতার ঢল নেমে আসে। পরবর্তীতে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ওলামা দল, তাতীদল, মৎসজীবীদল সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা ধারাবাহিকভাবে নির্বাচনে প্রচার প্রচারনা ত্বরান্বিত করার লক্ষে স্ব-স্ব ইউনিটের সাথে মত বিনিময় অব্যাহত আছে। আমার এহেন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত কতিপয় কিছু স্বার্থোন্বেষী মহল বিভিন্ন গণমাধ্যম ও সোসাল মিডিয়ার মাধ্যমে মিথ্য বানোয়াট ভুল তথ্য উপস্থাপন করে আমাকে ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আহমেদ আলী রানা, তোফায়েল আহমেদ বাসেদ, যুগ্ম-সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানাসহ নাগরপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. নভেম্বর ২০২৫ ০২:২৬:এএম ৬ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।