/ হোম / এক্সক্লুসিভ
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অপর এক কলেজ ছাত্র।

বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম মিয়া (১৭) টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা এলাকার মো. করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নাঈমসহ তিন বন্ধু মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে রওনা হয়। তারা মহাসড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী মো. সাগরকে(১৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলের অপর আরোহী বিপ্লবকে (১৭) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, পরে আইনী প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্র নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০১:৪৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ হারাল আ’লীগ নেতা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
(more…)

সর্বশেষ আপডেটঃ ২৬. জুলাই ২০২৩ ০৮:৪৬:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার(২৪ জুলাই )দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও )মোহাম্মদ হাসান বিন আলী প্রমুখ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দরা আত্মসমর্পণকৃত চরমপন্থী ৫৪ জন সদস্যের স্ত্রীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২৩ ০৩:২৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার মোঃ মামুন হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে গোপালপুর নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২৩ ০৬:৩৩:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারন করছে। জেলায় গত ২৪ ঘন্টায় ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলায় ১ জন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৪২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২৩ ০২:৫৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সার্কিট হাউজে ছাদ বাগানের কার্যক্রম উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে সার্কিট হাউজে ছাদ বাগানের কার্যক্রম উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সার্কিট হাউজের ছাদ বাগানের কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার (১৬ জুলাই)সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এ ছাদ বাগান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ছয় তলা বিশিষ্ট নতুন এ সার্কিট হাউসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। যার ফলে আমরা সুযোগ পেয়েছি ছাদ বাগান করার। এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না, তা বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন এবং কৃষি চাষাবাদ করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী ছাদ বাগানেও আমরা অনেক আগ্রহ হয়েছি। এখানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এ ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল ও ফল রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ১০:২৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার;পরিবারের দাবি হত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার;পরিবারের দাবি হত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে রেল সেতু থেকে এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (১৬ জুলাই)দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিবারের সদস্যদের দাবি, এটি একটি হত্যাকান্ড।

ওই কাঠ ব্যবসায়ীর নাম মো. বাচ্চু মিয়া (৪২)। তিনি সদর উপজেলা মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের মৃত হুরমুজ আলী ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তিনি ঘাটাইল উপজেলা গাছের বাগান কিনতে যান। রাতে ঘাটাইল বাসস্ট্যান্ডে এসে তার পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তাকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ শালিনা এলাকায় লাশ আছে বলে জানায়। পরে সকালে পরিবারের সদস্যরা বাচ্চুর লাশ শনাক্ত করে।

বাচ্চু মিয়ার বড় ভাই আব্দুল হামিদ বলেন, আমার ভাই কখনও আত্মহত্যা করতে পারে না। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে আইনগত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক রহস্য জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. জুলাই ২০২৩ ১০:১৩:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় নারীসহ অটোরিক্সার তিন যাত্রী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন অপর একজন। একই ঘটনায় আহত শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।

শুক্রবার(১৪ জুলাই )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এ ঘটনা ঘটে।

তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন।

তবে তিনি নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।এতে অটোরিক্সার চালক কাওসার আহমেদ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকসা ৫/ ৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর পিছন দিক থেকে দ্রতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা(৪০) ও খাদিজা(৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত খাদিজার স্বামী মাসুদ রানা(৪৫)সহ ওই নিহত দুই নারীর সন্তান সন্ততি সিনহা(১০), মারিয়া(১০), রায়হান(৫) রাইম(৬) কে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. জুলাই ২০২৩ ০৫:৩১:এএম ৩ বছর আগে
২৬ বছরে বঙ্গবন্ধু সেতু নির্মাণ ব্যয়ের প্রায় দ্বিগুণ টোল আদায় - Ekotar Kantho

২৬ বছরে বঙ্গবন্ধু সেতু নির্মাণ ব্যয়ের প্রায় দ্বিগুণ টোল আদায়

একতার কণ্ঠঃ প্রমত্তা যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গত ২৬ বছরে ৭ হাজার ৮৭৯ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

১৯৯৮ সালের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত যানবাহন পারাপার থেকে এ টোল আদায় করা হয়- যা সেতু নির্মাণে বিনিয়োগের প্রায় দ্বিগুণ। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথমে এ সেতুর নাম ছিল ‘যমুনা বহুমুখী সেতু’। পরে এর নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু সেতু’। এ সেতু ১৯৯৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এর নির্মাণ ব্যয় হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

সেতু নির্মাণকালে ২৫ বছরে বিনিয়োগের টাকা তুলে আনার লক্ষ্যমাত্রা ছিল। তবে নির্ধারিত সময়ের ৭ বছর আগেই এর নির্মাণ ব্যয় উঠে আসে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের সড়কপথে যোগাযোগের জন্য ১৯৯৪ সালে যমুনা নদীর ওপর এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

সেতুটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইলের কালিহাতী(যদিও কাগজে-কলমে ভূঞাপুর) এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করে। ১৯৯৮ সালের ২৩ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এবারের ঈদুল আজহায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। ২৭ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পারাপারের বিপরীতে সর্বোচ্চ ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়। এর আগে ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বাসেক) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ১৯৯৮ সালের জুন মাসে ৯৮ লাখ টাকা টোল আদায় হয়। ১৯৯৮-৯৯ অর্থবছরে ৬১ কোটি ২৭ লাখ, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৬৬ কোটি ৯৪ লাখ, ২০০০-০১ অর্থবছরে ৮২ কোটি ৮৪ লাখ, ২০০১-০২ অর্থবছরে ৯৩ কোটি ৫৮ লাখ, ২০০২-০৩ অর্থবছরে ১০৮ কোটি ৭২ লাখ, ২০০৩-০৪ অর্থবছরে ১৩১ কোটি ৮ লাখ, ২০০৪-০৫ অর্থবছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ১৯৭ কোটি ৯৭ লাখ, ২০০৬-০৭ অর্থবছরে ১৭৩ কোটি ৭৬ লাখ, ২০০৭-০৮ অর্থবছরে ২০১ কোটি ৯৬ লাখ, ২০০৮-০৯ অর্থবছরে ২১৪ কোটি ৪২ লাখ, ২০০৯-১০ অর্থবছরে ২৪২ কোটি ৯৯ লাখ, ২০১০-১১ অর্থবছরে ২৬৭ কোটি ১০ লাখ, ২০১১-১২ অর্থবছরে ৩০৬ কোটি ২৩ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ৩২৭ কোটি ৯৮ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ৩২৫ কোটি ৩৮ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ৩৫১ কোটি ১৪ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ৪০৪ কোটি ৮৮ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪৮৬ কোটি ৫২ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৫৪৩ কোটি ৮০ লাখ, ২০১৮-১৯ অর্থবছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ, ২০১৯-২০ অর্থবছরে ৫৬০ কোটি ২৮ লাখ, ২০-২১ অর্থবছরে ৬৫৪ কোটি ৮২ লাখ, ২১-২২ অর্থবছরে ৭০৪ কোটি ৫৫ লাখ এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮০ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা টোল আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

 

সর্বশেষ আপডেটঃ ০৯. জুলাই ২০২৩ ০৯:৪৫:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশু সহ নিহত ৫  - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশু সহ নিহত ৫ 

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২জন।

শুক্রবার(৭ জুলাই )বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে তিনজন এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। এরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া জানায়, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সাথে একটি পিকআপে করে রওনা হোন। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের গাড়িটির উপরে পেছন থেকে তুলে দেয়। এতে পিক-আপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।

তিনি আরও জানান,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

অন্যদিকে, একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাস চাপায় এক নারী ও বাসাইলে মোটরসাইকলে চাপায় ফারজানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ আপডেটঃ ০৮. জুলাই ২০২৩ ০৫:১২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার দুই আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস চাপায় অটোরিক্সার দুই আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪জন।

বুধবার (৫ জুলাই)সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ আলী (৪০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে জামালপুর থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ধনাবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই আরোহী নিহত হয়। আহত হয় আরও ৪জন।

তিনি আরও জানান, বাস জব্দ করা হয়েছে কিন্তু বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ আপডেটঃ ০৫. জুলাই ২০২৩ ০৬:২২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে দুই বন্ধুসহ নিহত ৩, আহত ৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে দুই বন্ধুসহ নিহত ৩, আহত ৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ ব্যাটারি চালিত অটোরিকশার তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন।

শুক্রবার(৩০ জুন )বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নিহত অপর দুই বন্ধু হচ্ছে, একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ওরা বন্ধুরা ১১ জন মিলে ঘুরতে বের হয়েছিলো। ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলো। অপর দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটো রিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০১. জুলাই ২০২৩ ০৩:১১:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।