একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলে জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ মার্চ) সকালে জেলার আঞ্চলিক শাখা কার্যলয় বেবীস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া ও হারুন অর রশিদ; কার্যকরী সভপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি এস ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হাসান দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী অটোরিক্সা,অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ৩ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা । কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৬ বছর অতিবাহিত হলেও নির্বাচন দেওয়া হচ্ছে না। আগামী ১৪ মার্চের মধ্যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবী জানানো হয় সভায় । বক্তারা বলেন, নির্বাচের মাধ্যমে নেতা-কর্মী বাছায়ের ফলে কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে।
জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন বলেন, আমরা শ্রমিকদের দাবি অনুযায়ী ১৪ মার্চের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করবো। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্বাচন নিয়ে কাজ করবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান বলেন, দ্রুতই আহবায়ক কমিটি গঠন করে বর্তমান কমিটি বিলুপ্ত করা হবে।
একতার কণ্ঠ ডেস্কঃ কারাবন্দী লেখক মুশতাক হত্যার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল ।
সোমবার (১ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাসট্যান্ডে ছাত্রদলের নেতা কর্মীরা সমবেত হয়। পরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্বাস বেতকা গো-ডাউন বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সংক্ষিত বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক হাফিজুর রহমান তুহিন, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক সাজ্জাত কবির সুমন প্রমুখ ।
প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন সেলে বন্ধি ছিলেন।
একাতার কন্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনীতিক মোহাম্মদ আলীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একমঞ্চে উপস্থিত হয়েছিলেন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টির নেতারা। সোমবার(২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ওই স্মরণসভায় প্রধান প্রধান রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষনেতাদের সৌহার্দপূর্ণ উপস্থিতি জনমনে নানা আলোচনার জন্ম দেয়।
টাঙ্গাইলের বিশিষ্ট রাজনীতিক বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক(একুশে পদক প্রাপ্ত)।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন
, জেলা বিএনপি নেতা ও ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খালেক মন্ডল, ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, করটিয়া সরকারি সাদৎ কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, জেলা কুলি-মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি উদয় লাল গৌড় প্রমুখ।
বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে দীক্ষিত শ্রমিক নেতা মোহাম্মদ আলী আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। জেলার বিড়ি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তিনি অনশন পালন করে দৃষ্টান্ত স্থাপন করেন। গড্ডালিকায় গা ভাসিয়ে না দিয়ে তিনি সারা জীবন সাধারণ জীবন-যাপন করেছেন।
স্মরণসভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, বিড়ি শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে শ্রমিক নেতা মোহাম্মদ আলী ৬২ বছর বয়সে টাঙ্গাইল শহরের আদালত পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্রগুলো থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়া, মিথ্যা অভিযোগে আটক নেতাকর্মীদের মুক্তিসহ পুনরায় নির্বাচনের দাবি করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু । তিনি এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করে পুন:র্নির্বাচনের দাবি জানিয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে
সদ্য অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে ভোট কারচুপি, মিথ্যা অভিযোগে আটক দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ নানা অভিযোগ তুলে ধরেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক সানু।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও অভিযোগ করে বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডে সরকার দলীয় নেতাকর্মীরা ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের নাকের ডগায় বোমাবাজি করে কেন্দ্র দখল করে নেয়। অপরদিকে, দেওলা কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে নৌকা সমর্থিত প্রার্থীর সমর্থকরা জাল ভোট প্রদান করে।
এছাড়াও নির্বচনী এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে আটক হওয়া দেলোয়ার হোসেন, হাসিবুল হাসান, রাকিব সরকার, এহসানুল হক নয়ন, সোহানুর রহমান সোহান, আশরাফুল ইসলামসহ প্রায় ১৯জন বিএনপি সমর্থিত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।
মেয়রপ্রার্থী মাহমুদুল হক সানু আরও বলেন, এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে এবং প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগে আটক সকল পর্যায়ের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
তিনি আরও বলেন, কারাগারে বন্দি বিরোধী দলের নেতাদের মা, বাবা, স্ত্রী, মেয়ে, ছেলেসহ স্বজনরা কাঁদছে। কিন্তু তা এই সরকারের হৃদয়ে নাড়া দেবে না। তারা নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের জেলে ঢুকাচ্ছে।
উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম সিরাজুল হক আলমগীর ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু, তিনি পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট।