মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় জওশন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ সময় অটোতে থাকা তাঁর ছেলে ইয়াসিন (৮) গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের এলাসিন ইউনিয়নের মুশুরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মো.জওশন মিয়া(৩০)। তিনি আটিয়া ইউনিয়নের আটিয়া চালা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ জানান, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ারের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মুশুরিয়া নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কে ঘুরে কাভার্ডভ্যানের মুখোমুখী হলে কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় অটোতে থাকা অটোচালকের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে গেলেও তা সনাক্তকরণে চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. অগাস্ট ২০২৩ ০১:২৫:এএম ৩ বছর আগে
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন - Ekotar Kantho

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

একতার কণ্ঠঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান সোমবার রাতে গণমাধ্যমতে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, এক ফেসবুক পোস্টে দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করায় সাঈদীকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়।

এদিন রাতে সাঈদীকে বিএসএমএমইউয়ের কার্ডিওলো‌জি বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমদের তত্ত্বাবধানে ভ‌র্তি করা হ‌য়। তি‌নি বিএসএমএমইউয়ৈর ডি ব্ল‌কের দ্বিতীয় তলার সি‌সিইউ-২ এর ৬ নম্বর বেডে ভ‌র্তি ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৩ ০৩:১২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘ভাড়াটে খুনি’ মান্নান গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘ভাড়াটে খুনি’ মান্নান গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ভাড়াটে খুনি মো. মান্নানকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর-২ লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সোমবার দুপুরে মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩০ জুন রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণপাড়া গ্রামে মো. আসাদুজ্জামান মিয়া তার বাবা আব্দুল আউয়ালকে ভাড়াটে লোক দিয়ে গলা কেটে হত্যা করে।

তিনি জানান, এ ঘটনায় মির্জাপুর থানার উপ-পরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ১ আগস্ট মামলা দায়ের করেন। মামলায় ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ ঘটনায় জড়িত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার আগে থেকেই মান্নান পলাতক ছিলেন।

তিনি আরও জানান,সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি বর্তমানে কারাবন্দি রয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৩ ০২:০৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর কিশোরীর লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমিনা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ছোটচওনা গ্রামের একটি পোল্ট্রি খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আলমিনা আক্তার ওই ইউনিয়নের ছোটওচনা গ্রামের হারুন মার্কেট এলাকার আলহাজ মিয়ার মেয়ে। ওই কিশোরী মানসিকভাবে অসুস্থ ছিল বলে তাঁর পিতা জানিয়েছেন।

কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে আলমিনা তার দাদার ঘরের একটি কক্ষে ঘুমাতে যায়। রবিবার (১৩ আগস্ট) সকালে তাকে আর সেখানে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আলমিনাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ৮টার দিকে খবর আসে স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের পাশে আলমিনার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কিশোরীর বাবা আলহাজ মিয়া জানান, তার মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। মেয়ের মৃত্যুতে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।

তবে কিশোরী আলমিনার দাদা আবদুল আজিজের দাবি তাকে কেউ হত্যা করেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আলমিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে চিকিৎসা করানো হয়েছে, এখন সে সম্পূর্ণ সুস্থ। আমার নাতনির খুনিকে ধইরা দিতে হবো, খুনির উপযুক্ত বিচার করতে হবো। খুন কইরা যারা এখানে ফালাইয়া রাখছে আমি তাগো উপযুক্ত বিচার চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৩ ০২:০৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) ‍দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন।

জয়নাল আবেদীন উপজেলার সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।

জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নানা সময় উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে।

প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেবেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সোমবার বিকেলে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষককে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২৩ ০১:১১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান, ৯ হাজার টাকা জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান, ৯ হাজার টাকা জরিমানা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌর শহরের দুইটি বাজারে ডিমের আড়তে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল।

রবিবার (১৩ আগস্ট) সকালে শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ডিম বেচাকেনার পাকা রশিদ দেখাতে না পারায় আমজাত ডিমের ঘরকে ২ হাজার টাকা ও আব্দুল ছোবহানের ডিমের আড়তকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বটতলা বাজারে ডিমের মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার পাকা রশিদ দেখাতে না পারায় বিসমিল্লাহ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২৩ ০৩:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আর এফ এল কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ তিনজন নিহত হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) দিনের বিভিন্ন সময় উপজেলার ধেরুয়া, কুরর্ণী ও শুভুল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুতে ঘটে । মহাসড়কের ওই স্থানে জুবায়ের হোসেন (২০) নামে বিকল একটি ট্রাকের হেলপার ট্রাকটির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ঠেঙ্গারচড়া গ্রামের আকের আলী মুন্সির ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোর ছয়টার দিকে মহাসড়কের কুরর্ণী নামক স্থানে। আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ট্রলি চালক মহাসড়কের ওই স্থানে ট্রলি চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি যান তাকে চাপা দিলে সেও ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুর রাজ্জাক শেরপুর সদর উপজেলার মধ্যআলী নগরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে। কামরুজ্জামান (৩০) নামের এক ব্যক্তি মহাসড়কের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল যোগে টাঙ্গাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামরুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুরচড়া গ্রামের কাদের খন্দকারের ছেলে। তিনি আরএফএল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২৩ ০২:৫২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সা‌বেক উপমন্ত্রী সালাম পিন্টুর মা‌য়ের জানাযায় মানু‌ষের ঢল - Ekotar Kantho

টাঙ্গাইলে সা‌বেক উপমন্ত্রী সালাম পিন্টুর মা‌য়ের জানাযায় মানু‌ষের ঢল

একতার কণ্ঠঃ মৃত মা‌কে শেষ দেখার জন‌্য প‌্যা‌রো‌লে মু‌ক্তি মিল‌লেও সরকার বড় ভাই আব্দুস সালাম পিন্টুকে আস‌তে দেয়‌নি এর বিচার আল্লাহ কর‌বেন এক‌দিন। এই নির্যাতন নি‌পীড়ন কখনই ভাল পথ দেখায় না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন যুবদ‌লের সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু।

র‌বিবার (১৩ আগষ্ট) বাদ আসর জেলার গোপালপুর উপ‌জেলার হেমনগর ইউনিয়নের গু‌লি‌পেচা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে মা‌য়ের জানাযা নামা‌জের আগে যুবদল সভাপ‌তি এই মন্তব‌্য ক‌রেন।

এর আগে শ‌নিবার (১২ আগস্ট) রা‌তে বিএন‌পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম‌্যান ও সা‌বেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোছা. সালমা বেগম চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকার এক‌টি হাসপাতা‌লে মৃত‌্যুবরণ ক‌রেন।

সালমা বেগ‌মের মৃত‌দেহ তা‌দের গ্রা‌মের বা‌ড়ি গোপালপু‌রের গু‌লি‌পেচা এলাকায় আনা হ‌লে দে‌শের বি‌ভিন্ন জায়গা থে‌কে হাজার হাজর নেতাকর্মী ও স্থানীয়রা একনজর দেখ‌তে ভীড় ক‌রেন।

জানাযার আগে যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু ব‌লেন, সালাম পিন্টুকে আস‌তে না দেয়ার বিষ‌য়ে সরকার‌কে দায়ী ক‌রে ব‌লেন, যারা কর‌ছেন যা কর‌ছেন তারা থে‌মে যান অ‌নেক ক‌রে‌ছেন। এলাকার একজন জনপ্রতি‌নি‌ধি ছি‌লেন আমার ভাই পিন্টু। সক‌লেই তা‌কে চি‌নেন ভাল মানুষ হি‌সে‌বে। আমার ভ‌াই তার মা‌য়ের মরা মুখটা দেখ‌তে পার‌বে না এটা কি হ‌তে পারে।

জানাযায় কেন্দ্রীয় বিএন‌পির নির্বাহী কমিটির সদস‍্য এস এম ওবায়দুল হক নাসির, কৃষক দলের সহসভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মিঞা মো: রাসেল, যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা উপ‌জেলাসহ স্থানীয় বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মী‌রা উপ‌স্থিত ছি‌লেন।

জানাযা শে‌ষে গু‌লি‌পেচা পারিবা‌রিক কবরস্থা‌নে সালমা বেগমের দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২৩ ০৩:২৯:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।

রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর এএসএম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মো. মাসুদার রহমান, নির্বাহী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক, সহ-সভাপতি অধ্যাপক ডক্টর মো. আহসান হাবিব, কোষাধ্যক্ষ ডক্টর মো. খাইরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ডক্টর অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ডক্টর মো. জয়নুল আবেদীন, নির্বাহী সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুননেছা বারি, অধ্যাপক ডক্টর মো. ফজলুল করিম, ডক্টর মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর এবং অবমাননাকর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বেচ্ছাচারীভাবে নিজের মন মতো যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। ডিন, চেয়ারম্যান কারো কোনো কথার তোয়াক্কা করছেন না। আমার ধারণা উপাচার্য তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকাস্থ অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ড ডেকেছেন। বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত সুযোগ সুবিধাকে অগ্রাহ্য করেছেন এবং গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা তার কোনো কর্মকান্ড দেখিনি। এছাড়া এর আগে দুই বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দিয়ে উপাচার্য তার নিজ এজেন্ডা বাস্তবায়ন করেছেন বলেও জানান তিনি।

মানববন্ধনে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাহী সদস্য এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, ২০ বছরের অধিক সময়ের এই বিশ্ববিদ্যালয়ে সব সময় নিয়োগবোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়েছে। রবিবার যে নিয়োগ বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিলো সেটি উপাচার্য নিজের স্বার্থকে চরিতার্থ করার উদ্দেশ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এর আগে তিনি শিক্ষকদের ব্লাডি বলেছেন এবং বলেছেন বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ আছে বাকি সব মহিলা। এমন আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার এই পদে থাকার নৈতিকতা কতটুকু।

শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগ পরীক্ষা ঢাকায় না নিয়ে নিজ প্রতিষ্ঠানে নেওয়ার দাবি জানান।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২৩ ০১:৩৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সড়ক ভেঙে যানচলাচল বন্ধ; ভোগান্তি চরমে - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক ভেঙে যানচলাচল বন্ধ; ভোগান্তি চরমে

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ চারাবাড়ি এসডিএস সেতু সংলগ্ন সড়ক ভেঙে পড়ায় যানচলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে সড়কের একটি অংশ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়। এতে বিপাকে পড়েছে টাঙ্গাইল সদরের পশ্চিম অঞ্চলের লাখো মানুষ।

অবশ্য টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সরেজমিনে শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, সেতু সংলগ্ন সড়কের অর্ধেকের বেশি অংশ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এপারের যানবাহন ওপারে যেতে পারছেনা। সাধারণ মানুষ পায়ে হেটে যেতে পারলেও যানবাহন সেতুর দুই পাশে দাড়িয়ে আছে।

এতে ভোগান্তিতে পড়েছে, হুগডা, কাকুয়া, মাহমুদনগর, পোড়াবাড়ি ও কাতুলী ইউনিয়নসহ পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার লাখ-লাখ মানুষ।

স্থানীয়রা জানায়, সেতু নির্মাণের পর থেকেই বালু ব্যবসায়ীরা নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করায় অতীতেও এ সেতুর অ্যাপ্রোজ ধসে পড়ে। পরে এলজিইডি পুনরায় অ্যাপ্রোজ নির্মাণ করে। এরপরও থেমে থাকেনি বালু ব্যবসায়ীদের থাবা। সুযোগ পেলেই রাতের আঁধারে বালু বিক্রি করায় সম্প্রতি নদীতে পানি কমার সাথে-সাথে শনিবার সকালে সড়কের একটি অংশ ভেঙ্গে নদীতে পড়ে।

তারা আরো জানায়, সকাল হলেই আমাদের এই ব্রীজ দিয়ে চলাচল করতে হয়। টাঙ্গাইল শহরের সাথে টাঙ্গাইল সদরের পশ্চিম চরাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। বিপুল পরিমান টাকা খরচ করে সরকার চরাঞ্চলের মানুষের চলাচলের সুযোগ করে দিয়েছে। আর এই ব্রীজটির পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ ও কোন স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে প্রতি বছরই এই ভোগান্তি হবে। পাশেই আমাদের তোরাপগঞ্জ সেখান থেকে পরিবহনের ষ্ট্যান্ড সেটি শনিবার থেকে বন্ধ হল। বন্ধ হলো ব্যবসা বানিজ্য। তাই দ্রুত মেরামতের কাজ করে যোগাযোগের সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

এ বিষয়ে কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল হোসেন জানান, প্রতি বছরই শুকনো মৌসুমে ব্রীজের পাশে মাটি কাট হয়। যার কারণে ব্রীজের পাশে প্রতি বছরই ভেঙে যায়। এই ব্রীজ দিয়ে যেসমস্ত যানবাহন চলাচল করতো সেটি শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাবো। পরিদর্শন শেষে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করে যোগাযোগের ব্যবস্থা পুনরায় চালু করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২৩ ০৩:২৭:এএম ৩ বছর আগে
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার - Ekotar Kantho

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

এ সময় তিনি বলেছেন, কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত সেবামূলক প্রতিষ্ঠানগুলি খুব ভাল কাজ করছে। এখানকার প্রতিষ্ঠানগুলো দেখে আমি খুবই মুগ্ধ।

শনিবার(১২ আগষ্ট )সকালে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার।

সাংবাদিকরা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার।

এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী হাসপাতালের ডেপুটি ম্যানেজার (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন উপস্থিত ছিলেন।

কুমুদিনী কমপ্লেক্স বাংলাদেশের জনকল্যাণমূলক সংগঠন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সদরদপ্তর।

উল্লেখ্য,শিল্পপতি সমাজসেবক শহীদ রণদা প্রসাদ সাহা ১৯৪৭ সালে মা কুমুদিনীর স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সে সময় থেকে এ সংস্থা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান জনকল্যাণকর কার্যক্রমগুলো হল-কুমুদিনী হাসপাতাল (মির্জাপুর), নার্সিং স্কুল, মহিলা মেডিকেল কলেজ, ভিলেজ আউটরিচ প্রোগ্রাম, ভারতেশ্বরী হোমস, ট্রেড ট্রেনিং স্কুল, কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টস প্রভৃতি।

মানব সেবায় অবদানের জন্য ১৯৮৪ সালে এটিকে ‘সমাজসেবায়’ স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২৩ ০১:৪৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে প্রাণ গেল  যুবকের - Ekotar Kantho

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে প্রাণ গেল যুবকের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেলসড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাইয়ুম সিদ্দিকীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ সিদ্দিকীসহ স্থানীয় কয়েকজন মাদকাসক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ও মির্জাপুর রেলস্টেশন এলাকায় যানবাহন এবং ট্রেন স্টেশন এলাকায় যাত্রীদের মোবাইল ফোনসহ মালামাল ছিনতাই করে আসছিলেন। শনিবার ভোরের দিকে সংঘবদ্ধ চক্রটি রংপুর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করতে গেলে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আরিফ সিদ্দিকীর মৃত্যু হয়।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, রেল পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে একটি ছুরি ও মোবাইলের তিনটি কভার উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. অগাস্ট ২০২৩ ০১:০৭:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।