একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে। এসময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানিতে তলিয়ে যায়।
শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় চালকসহ ট্রাকের চার আরোহী। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটি দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ভেঙে পড়ে। এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়।
খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। দুপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত শনিবার রাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়া পারাপারা হচ্ছে সাধারণ মানুষ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার থেকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু করা হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।
এদিকে স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙ্গে পড়ল। কাঠের সেতু থাকায় অবস্থায় দুবার। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার। ২০১৭ সালের ১৭ জুলাই সার বাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মানের দাবী জানান এলাকাবাসী।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ভুল চিকিৎসায় মনোরঞ্জন দাস ( ৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনিয়া নাসিং হোমে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন দাস ( ৪৫) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোরা দাসের ছেলে।
জানা গেছে, মনোরঞ্জন দাস গত ৪ দিন যাবত জ্বরে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে এক দালালের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সোনিয়া নাসিং হোমে রোগীকে ভর্তি করেন স্বজনরা। নিয়ম অনুযায়ী ইসিজি ও ডায়বেটিস টেষ্ট করানো হয়। রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. মনিরুল ইসলাম রোগীকে ইনজেকশক পুশ করেন। ইনজেকশক দেওয়ার পরপরই রোগীর শ্বাসকষ্ট আরো বেড়ে যায় ও অবস্থার অবনতি ঘটে। পরে ডাক্তার এক্সরে করার জন্য রোগীকে এক্সরে রুমে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রোগীর শ্যালক বৃন্দাবন ও ভাতিজা জয় দাস বলেন, নিহত মনোরঞ্জনকে প্রথমে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে ডাক্তার আসতে দেরি হওয়ায় এক দালালের মাধ্যমে সোনিয়া নাসিং হোমে নিয়ে যান। ক্লিনিকের কর্তব্যরত আবাসিক ডাক্তার মো. মনিরুল ইসলামের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ডাক্তার ইনজেকশন পুশ করার পরপরই রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকরষ্টের বিষয়টি ডাক্তারকে জানালে রোগীকে এক্সরে করার জন্য রুমে নেন, সেখানে মনোরঞ্জনের মৃত্যু হয়। মৃত্যুর পরে তার প্রেসকিপশনে ঢাকায় রেফার্ড লিখে দেন ডাক্তার।
তারা আরও বলেন, মেডিক্যাল অফিসার মনিরুল ইসলামের ভুল চিকিৎসায় তার বোন জামাইয়ের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদ করায় নাসিং হোমের কর্মচারিরা আমাদের উপর চড়াও হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা।
সোনিয়া নাসিং হোমের ম্যানেজার বাবুল সরকার বলেন, গত চারদিন যাবত জ্বর থাকায় রোগীর প্রেসার কমে যায়। একারনেই তার মৃত্যু হয়েছে। এখানে ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে, এটা সঠিক নয়। রোগীর স্বজনদের উপর চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে সোনিয়া নাসিং হোমের মেডিক্যাল অফিসার ডা. মনিরুল ইসলাম জানান, রোগীকে মুমুর্ষ অবস্থায় ক্লিনিকে আনা হয়। রোগীর প্রেসার কমে যাওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করি। রেফার্ড করার পর মৃত্যু হলে আমি কি করবো।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধিতে দিশেহরা চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। ফলে খেটে-খাওয়া অসংখ্য পরিবারের লোকজন খাদ্য সংকটে পড়ে থাকে। পানি বৃদ্ধির ফলে উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়। এসব পানিবন্দি দুঃস্থ ও নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। এরআগে তিনি বন্যা ও ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগমের নিজস্ব অর্থায়নে দিনব্যাপি উপজেলার গোবিন্দাসী, গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া, মেঘারপটল, রেহাইগাবসারা এবং অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল, রামাইল ও গোবিন্দপুর বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় দেড় শতাধিক দুঃস্থ ও ভাঙন কবিলতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী চাল পেয়ে বাসুদেবকোল গ্রামের রহিম মোল্লা ও হাজেরা বেগম বলেন, কয়েকদিন ধরে বন্যার পানি বাড়িতে উঠেছে। কোথাও যাওয়ার জায়গা নেই। পানিবন্দি অবস্থায় ঘরে খাদ্য সংকটও দেখা দিয়েছিল।
কামকর্ম নেই। মানবেতর জীবনযাপন করতে হয়েছে। হাতে তেমন টাকা-পয়সাও নেই। চাল উপহার পেয়ে সপ্তাহ চলে যাবে। বন্যার সময় চাল পেয়ে অনেক খুশি হয়েছে।
চাল খাদ্য সামগ্রী বিতরণকালে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ ও সদস্য আব্দুল লতিফ তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম বলেন, বন্যা মৌসুমে উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইল চরাঞ্চলের অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করে থাকে। অনেকে কর্মহীন হয়ে পড়ে। তাই তাদের খোঁজ নেয়ার জন্য চরাঞ্চলে এসে কিছু চাল সহায়তা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চরাঞ্চলবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর সামিয়া আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়ায় শিশুটির বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির চাচা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সামিয়াকে অপহরণের পর অডিও বার্তায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
শিশু সামিয়া উপজেলার দাড়িয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকার রঞ্জু মিয়া ও রুপা বেগম দম্পতির মেয়ে। সে স্থানীয় মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপহৃত সামিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৮টার দিকে সামিয়া বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সে। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে সামিয়া একাই বাড়ির উদ্দেশে রওনা হয়।
এদিকে সামিয়ার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা রুপা বেগম ওই শিক্ষককে ফোন দিয়ে জানতে পারেন পড়া শেষে অনেক আগেই সে বেরিয়ে গেছে। পরে রুপা বেগম মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর তাঁর মোবাইল ফোনের ইমোতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও বার্তা আসে। বিষয়টি পুলিশকে জানালে মেয়েকে মেরে ফেলা হবে বলে অডিও বার্তায় হুমকি দেওয়া হয়। সামিয়ার বাবা রঞ্জু মিয়া বিষয়টি থানায় জানালে পুলিশের একাধিক ইউনিট সামিয়াকে উদ্ধারকাজে নামে।

শুক্রবার দুপুর ১২টায় সামিয়ার বিষয়ে জানতে চাইলে তার বাবা রঞ্জু মিয়া মোবাইল ফোনে জানান, থানায় মামলা করেছি। পুলিশ নানাভাবে আমার মেয়েকে উদ্ধারের চেষ্টা করছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে অপহরণকারীরা তাঁর মেয়েকে মেরে ফেলবে সংশয় প্রকাশ করে তিনি এ বিষয়ে সংবাদ না করার অনুরোধ করেন।
কিন্তু বেলা ১টার দিকে সামিয়ার চাচা আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, সামিয়ার লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু শেষ রক্ষা হলো না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের (ভিএফসি)’ উদ্বোধন হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান কামনাশীষ শেখর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ।
পরে জেলা প্রশাসক বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি উন্মোচন করেন।
এর আগে বেলুন উড়িয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকালে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এই টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ উপলক্ষে দিনব্যাপী ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজন করেছে। এতে প্রাক্তন ছাত্রদের ১৪টি দল অংশ গ্রহণ করছে। আগামী শনিবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
একতার কণ্ঠঃ ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় কালিবাড়ী গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত নারী কাউন্সিলর উল্কা বেগম, বড় কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে মো. আতিকুর রহমান মঞ্জু (৪০) নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী মঞ্জু উপজেলার জামুরিয়া ইউনিয়নের দক্ষিণ কর্ণা গ্রামের মো. আরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যে কর্ণা গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান মঞ্জু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট দেয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় স্থানীয় নবরত্ন বাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
যদিও বিষয়টি নিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় জামুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জালাল উদ্দিন আলহাজ্ব ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার পূর্বেই সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বিএনপি কর্মী রঞ্জুকে গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ।

এ প্রসঙ্গে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, আসামি মো. আতিকুর রহমান রঞ্জুকে পূর্বের একটি চলমান নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে, তাই অভিযুক্ত রঞ্জুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা হচ্ছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জাল যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ১১টি চায়না জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস-জিসি-বহুরিয়া ইউপি সড়কের করটিয়াপাড়া বাজারের উত্তর পাশে কাকড়ার জোড়া নামক স্থানে নির্মাণাধীন পিএসসি গার্ডার বিজ্রের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও দুই বছরেও শেষ হয়নি।
স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কাকড়ার জোড়া নামক স্থানে একটি টেকসই ব্রিজের। সে দাবির প্রেক্ষিতে সরকারের শক্তিশালীকরণ প্রকল্প উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। দুই কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজের কাজটি ঢাকার মাইন উদ্দিনবাসী নামক ঠিকাদারি প্রতিষ্ঠান পায়।
২০২১ সালের ১৬ ফেব্রয়ারি কাজটি শুরু হয়ে ২০২২ সালের ১৭ ফেব্রয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান মাত্র ২-৩ মাস কাজটি শুরু করে অজ্ঞাত কারণে ফেলে রেখে উধাও হয়ে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাগজপত্রে ২৫ ভাগ কাজ সম্পন্ন দেখালেও উপজেলার করটিয়াপাড়া বাজারের উত্তর পাশে কাকড়ার জোড়া নামক স্থানে নির্মাণাধীন পিএসসি গার্ডার ব্রিজটির বাস্তবে মাত্র কয়েকটি পিলার, পাইলিং হয়েছে।
কাজ ফেলে ঠিকাদার এখন উধাও। বারবার তাগাদা দিলেও ঠিকাদার এলাকায় আসছেন না। এতে প্রায় দুই বছরের অধিক সময় ধরে ব্রিজের দুই পাশে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৫-১৬টি গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদের ,সবুর মিঞা, আব্দুল জলিল, আমিনুল ইসলামসহ অনেকেই জানান, কাকড়া জোড়ার ব্রিজটির নির্মাণ না হওয়ায় হতেয়া-রাজাবাড়ি, কালিদাস, ঠকাইনাপাড়া, ফুলঝুড়িপাড়া, ভাতকুড়াচালা, করটিয়াপাড়া, কালমেঘা, ছলংগা, বহুরিয়া চতলবাইদ, হারিঙ্গাচালাসহ অন্তত পক্ষে ১৫-১৬টি গ্রামের মানুষের ভোগান্তির যেন শেষ নেই। ব্রিজটি না হওয়ায় এই এলাকার মানুষ সখীপুর শহরে বা অন্য এলাকায় যেতে চাইলে ২০-২৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময় দুটোই বেশি ব্যয় হচ্ছে।
কালিদাস ও করটিয়াপাড়ার বাজার ব্যবসায়ী হাফিজুর রহমান ও সাইফুল ইসলাম বলেন, দুই পাশে পাকা সড়ক থাকলে ওই ব্রিজের কারণে যানবাহন চলতে না পারায় কোনো মালামাল পরিবহন করা যাচ্ছে না। হাটবাজারগুলোতে আসতে মানুষের ভোগান্তির শেষ নইে।
কয়েকজন শিক্ষক বলেন, ব্রিজটি সম্পন্ন না হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে আসতে পারে না।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ব্রিজের কাজ দুই বছর ধরে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন ওই ইউনিয়নের লোকজন। ওই সড়ক ব্যবহার করে ইউনিয়ন পরিষদে উপকারভোগী, বিভিন্ন সেবাপ্রার্থীদের আসা-যাওয়া করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিকল্প সড়ক ঘুরে অনেক সময় লেগে যায়। বৃদ্ধ মানুষের কষ্টের সীমা থাকে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানান তিনি।
এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ জানান, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কাজটি সময় মতো শেষ না করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা অফিস থেকে চিঠি দিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্ষা মৌসুম গেলে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে পুনরায় টেন্ডারের মাধ্যমে অসমাপ্ত কাজটি শেষ করা হবে। এদিকে, একই প্রকল্পের আওতায় ওই ব্রিজের দুই পাশে ১৮ ফুট প্রশস্ত করে সাড়ে ৩ কিলামিটার রাস্তা পাকাকরণের কাজ অন্য ঠিকাদার শেষ করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরফান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হতেয়া উলিয়ারচালা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে ওই এলাকার মৃত কুরবান আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরফান আলী রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখোজির পর সোমবার দুপুরে পরিত্যক্ত জমিতে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বীমা করার কথা বলে আলমগীর হোসেন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরসহ ১ জনকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত আলমগীর হোসেনকে উদ্ধার করা হয়েছে। সে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভূঞাপুর জোনাল অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- জেলার কালিহাতী উপজেলার সিলিমপুর গ্রামের মজনু মিয়ার ছেলে রাজু আহমেদ (২৫) এবং একই গ্রামের খলিলুর রহমানের ছেলে কিশোর রাকিব মিয়া (১৫)।
এ ঘটনায় রাজু আহমেদ ও রাকিবকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছে আলমগীর হোসেন তালুকদারের ছোট ভাই মাহমুদুল হাসান তালুকদার।
এরআগে অভিযোগের প্রেক্ষিতে রবিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে জেলার কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকা থেকে রাকিব ও ঢাকা থেকে রাজু আহমেদকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে অভিযুক্ত রাজু ও রাকিব মোবাইল ফোনে একটি বীমা করার কথা জানায়। আলমগীর তাদের সাথে কথা বলে ওই বীমা কোম্পানীর ম্যানেজার তারিকুল ইসলাম তুহিনের সঙ্গে শিয়ালকোল ফিলিং স্টেশন পর্যন্ত যান। পরে রাজু সেখানে আসে এবং আলমগীর হোসেনকে বলে আপনার বাড়িতে গিয়ে কথা বলি।
এরপর অভিযুক্তরা মোটরসাইকেলে উঠিয়ে তার বাড়ি ছয়আনি বকশিয়া না গিয়ে কালিহাতীর নিশ্চিন্তপুর এলাকার পরিত্যক্ত চাতালে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি ও অন্যথায় প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে বাধ্য হয়ে আলমগীর তালুকদার তার স্ত্রীকে ফোন করে নগদের পিন নম্বর নিয়ে মুক্তিপণের প্রায় ৪১ হাজার টাকা প্রদান করে।
অপহৃত আলমগীর হোসেনের স্ত্রী হাসিনা বেগম জানান, অফিসের কাজকর্ম শেষে প্রতিদিনের মতো যথাসময়ে বাড়ি না ফেরায় আামরা স্বজনদের বাড়িতে খোঁজাখুজি শেষে রাত প্রায় সাড়ে ৭ টার দিকে ফোনে আমার স্বামী আলমগীর জানায় তার ১০ হাজার টাকা প্রয়োজন বলে তার ব্যবহৃত ফোনের নগদের পিনকোড নেন।
তিনি আরও জানান, কয়েক দফায় টাকা চাওয়ায় আমার কাছে সন্দেহ হলে বুঝতে পারি তাকে কেউ অপহৃরণ করেছে। বিষয়টি দেবর মাহমুদুল হাসানকে জানানো হলে সে ভূঞাপুর থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ সদস্যরা রবিবার রাতে অভিযান চালিয়ে কালিহাতী ও ঢাকা থেকে অভিযুক্তদের আটক করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, অভিযোগের প্রেক্ষিতে রাজু আহমেদ ও তার সহযোগী রাকিব নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে ৩৩ হাজার ৫’শ টাকা, ২টি মোবাইল ও রাজুর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘন্টা পর শাকিল(১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার আওরা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাকিল মিয়া উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামের আব্দুর রউফের ছেলে।
স্থানীয়রা জানায়, শাকিলসহ প্রায় ২৫ জন বন্ধু মিলে রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপুর থেকে নৌকা যোগে পাশের সখিপুর উপজেলার বহেড়াতৈল বিলে নৌকা ভ্রমণে যায়। সেখান থেকে সন্ধ্যায় রওনা হয়ে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকায় পৌঁছলে রাত ৮ টার দিকে হঠাৎ নৌকা থেকে শাকিল পড়ে যায়। পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার সকালে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সকাল সাড়ে ৯ টার দিকে খিলগাতী এলাকার আওরা নদী থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন জানান, রবিবার বিষয়টি জানতে পারি। পরে সোমবার সকালে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, নৌ পুলিশসহ আমাদের থানা পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।