/ হোম / জাতীয়
গণহত্যা করে হাসিনা টিকতে পারেনি, ইসরায়েলও টিকবে না: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho

গণহত্যা করে হাসিনা টিকতে পারেনি, ইসরায়েলও টিকবে না: সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা গণহত্যা করে টিকে থাকতে পারেনি। তেমনি গাজায় গণহত্যা চালিয়ে ইসরায়েলও টিকে থাকতে পারবে না।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যা সমর্থন করে নাই। আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না। আজকে সারা বিশ্বের মানুষ ইসরায়েলি পণ্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে। এখন তার দোসররা বিভিন্ন কায়দায় মিছিল থেকে দোকানপাটে হামলা ও লুটতরাজ করছে বলেও অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

টুকু আরও বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট করছেন তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চান।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৯. এপ্রিল ২০২৫ ০৩:৩০:এএম ১ বছর আগে
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল - Ekotar Kantho

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল

আরমান কবীরঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভে উত্তাল ছিল টাঙ্গাইল শহর।

সোমবার (৭ এপ্রিল) বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল।

দুই হাজারের বেশি ছাত্র-ছাত্রী সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে উপস্থিত পথচারীদের মাঝে ফিলিস্তিনের ওপর নৃশংসতার কথা ব্যক্ত করেন তারা।

পরে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের ময়মনসিংহ রোড হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়।

মিছিলের ধ্বনি ছিল ‘নারায়ে তাকবীর, আল্লাহ্ আকবার, মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ হউক, ইহুদিরা নিপাত যাক। বিশাল এই মিছিলটি টাঙ্গাইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজন করা হয়।

সোমবার বাদ জোহর একই দাবিতে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা ও জেলা ইমাম মোয়াজ্জেম সমিতি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এরপর বিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

একই দাবিতে টাঙ্গাইলে‌ বিক্ষোভ সমাবেশে করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা ও সৃষ্টি একাডেমিক স্কুল। এই মিছিলে সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ০৮. এপ্রিল ২০২৫ ০৪:১৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার

আরমান কবীরঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার নেতা সাদ্দাম হোসেন (৩০) ওরফে স্বাক্ষর রাজধানী ঢাকার উওরায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সোনারগাঁও রোডের জমজম টাওয়ারের সামনে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী হিসাবে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার এডভোকেট মকবুল হোসেন চৌধুরীর ছেলে।

স্বাক্ষর টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও তার বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্যও ছিলেন।

তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ধারা-৩৬ (৫) মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় উত্তরা পশ্চিম থানার ওসি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহমেদ জানান, গ্রেপ্তারের বিষয়টি আমি অবগত নই।

উল্লেখ্য, গত বছরের ৪ আগষ্ট বড় মনিরের সাথে টাঙ্গাইল শহরের বড় কালী রোডে ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালায় স্বাক্ষর। গত ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। স্বাক্ষর ছাত্র জনতার উপর হামলার মামলায় অভিযুক্ত আসামী।

সর্বশেষ আপডেটঃ ০৮. এপ্রিল ২০২৫ ০৪:৪১:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

আরমান কবীর টাঙ্গাইলে প্রেমিকাকে(২৫) ভিডিও কলে রেখে এক কিশোর প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরকিয়া প্রেমের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে ওই প্রেমিকাকে গাছে বেঁধে রাখে স্থানীয়রা । পরে পুলিশের হস্তক্ষেপে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানভীর আহমেদ।

নিহত ঐ কিশোরের নাম রাসেল মিয়া (১৬)। সে দরুন উত্তর পাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে। রাসেল পেশায় একজন অটোরিকশা মেকানিক ছিল।

স্থানীয়রা জানায়,প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও স্থানীয় মারিয়ার মধ্যে। মারিয়ার বিয়ে হয়ে গেছে এক প্রফেসরের সঙ্গে এবং একটি ছেলেও আছে তাদের। এদিন হঠাৎ সকাল ১১টার সময় খবর পাই রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে দেখতে পাই মারিয়ার সঙ্গে কথোপকথন।

রাসেল ও মারিয়ার মধ্যে ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে, প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেধে রাখে।

নিহতের পিতা চাঁন মিয়া জানান, তিনি ঈদ উপলক্ষে তার বড় ছেলের শশুর বাড়ী ঘাটাইল বেড়াতে গিয়েছিলেন। টাঙ্গাইলের অন্য একটি বাড়িতে তার স্ত্রী ও মেঝ ছেলে ছিল । ছোট ছেলে রাসেল একাই বাড়িতে ছিল। বুধবার সকালে তার মেঝ ছেলে বাড়ি গিয়ে রাসেলের ঘর ভিতর থেকে বন্ধ দেখে, বাহির থেকে ডাকাডাকি শুরু করে। রাসেলের কোন সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে রাসেলকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা ভেঙে রাসেলকে সিলিং ফ্যান থেকে নামিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাসেল অভিমান করে মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ১০টার মধ্যে যে কোন সময় আত্মহত্যা করেছে।আমি এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছি।

টাঙ্গাইল সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৩. এপ্রিল ২০২৫ ০২:৫৭:এএম ১ বছর আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট - Ekotar Kantho

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

আরমান কবীরঃ ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই কোনো যানজট। কোথাও কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কম থাকলেও সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে। মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে। মহাসড়কে কোন যানজট নেই। যাত্রীরা স্বাচ্ছন্দে যার যার কাঙ্খিত গন্তব্যে পৌছাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রায় মহাসড়কে দ্বিগুণ হয়েছে যানবাহনের সংখ্যা, যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। যানবাহনে করে গন্তব্যে যাচ্ছে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষরা। পাশাপাশি যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে।

এছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহলও পরিলক্ষিত হয়।

জানা যায়, মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের দুই লেনের কাজ চলমান রয়েছে। যার ফলে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতিতে আসতে পারলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তায় ভোগান্তির আশঙ্কা রয়েই গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, মহাসড়কে স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে। রাস্তায় যানবাহনের চাপ থাকলেও কোন যানজট নেই। যানজট যাতে না হয় সেজন্য হাইওয়ে পুলিশ ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. মার্চ ২০২৫ ০৩:৩৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আরমান কবীরঃ যথাযথ মর্যাদায় টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়।

এরপর ভোরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

পরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শরিফা হক। পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা শাখা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২৫ ০২:৫৫:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরমান কবীরঃ টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) ইফতার মাহফিলে ও কেন্দ্রীয নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে টাঙ্গাইলে শিশু একাডেমী অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মূখ্য সংগঠক আলী নাসের, মুখ্য যুগ্ম সংগঠক অলিক, সংগঠক আজাদ খান ভাসানী, কেন্দ্রীয় সদস্য মেজর সালাউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আগামী দিনে অবশ্যই নাগরিক পার্টির বিকল্প নেই। তাই আগামী দিনে সবাই পার্টির পাশে থাকবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলার সংগঠক মাসুদুর রহমান রাসেল।স

সর্বশেষ আপডেটঃ ২৩. মার্চ ২০২৫ ০৭:৪৩:পিএম ১ বছর আগে
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন - Ekotar Kantho

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

সাহান হাসানঃ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত দেশের বৃহত্তম রেলওয়ে সেতু ‘যমুনা রেলসেতু’। এটি উদ্বোধনের মধ্য দিয়ে যমুনার বুকে ১২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন।

রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো এটি উদ্বোধনের মধ্য দিয়ে। একই সঙ্গে দু’অঞ্চলের মানুষের ভাগ্য বদলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সোয়া ১২টায় সেতুতে ওঠে ট্রেন। সাড়ে তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায় ট্রেনটি।

এর আগে পৌনে ১২টার দিকে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন।

এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিশেষ করে উত্তর-দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হলো। এতে বাংলাদেশর সম্ভাবনাময় অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেলো।

তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলছে না যাত্রীদের।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি।

এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান।

সেতুটি ৫০টি পিলার এবং ৪৯টি স্প্যানের ওপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর ওপর দিয়ে দিনে ৮৮টি ট্রেন দ্রততগতিতে চলাচল করতে পারবে। ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে প্রায় ৩৮টি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে যাতায়াত করে।

উদ্বোধন শেষে ট্রেনের অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সেতু পার হয়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে যান। সেখানে সংবাদ সম্মেলন শেষে পুনরায় সেতুর পূর্ব প্রান্তে ফিরে আসবেন৷ এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায়। পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সময় একটি ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করেছিল। এতে সেতুটি পাড়ি দিতে সময় লেগেছিল প্রায় সাড়ে ৩ মিনিট৷

সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ৭২ দশমিক ৪ শতাংশ ঋণ হিসেবে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং বাকি অর্থ সরকার দিয়েছে। জাপানের ওটিজি এবং আইএইচআই যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে।

২০২০ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে। ২০২১ সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলসেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৫ ০৮:১৪:পিএম ১ বছর আগে
টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে - Ekotar Kantho

টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

আরমান কবীরঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে সোমবার (১৭ মার্চ) দুপুরে চার মামলায় মোট ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাঙ্গাইল সদর আমলী আদালত একটি হত্যাসহ তিনটি মামলায় ১৪ দিন এবং মির্জাপুর আমলী আদালত একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনকে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগরীর ভাটারা থানার পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

সোমবার দুপুরে তাকে প্রথমে টাঙ্গাইল সদর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় টাঙ্গাইল সদর থানায় স্কুল ছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ সময় মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খাঁন মারুফ হত্যা মামলায় ও দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলায় ৫ দিন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে তাকে মির্জাপুর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র মারুফ হত্যা মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক মোছা: রুমি খাতুন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর মো: লুৎফর রহমান ১৯ দিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মদ জানান, সোমবার থেকেই ছানোয়ার হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।

উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২৫ ০১:০৪:এএম ১ বছর আগে
এ দেশে নামাজ পড়ার অধিকারটুকুও ছিল না: আব্দুস সালাম পিন্টু - Ekotar Kantho

এ দেশে নামাজ পড়ার অধিকারটুকুও ছিল না: আব্দুস সালাম পিন্টু

আরমান কবীরঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, শেখ হাসিনার সময় এ দেশে কথা বলার অধিকার ছিল না, নামাজ পড়ারও অধিকার অনেকের ছিল না। মানুষের বিপদের কথাটাও মানুষের কাছে বলতে দিতো না। একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে দেশ চলছিল।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মাটিকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী বলেন, এই দেশকে হাসিনার হাত মুক্ত করেছে পরম করুণাময় আল্লাহ তাআলা। তবুও ষড়যন্ত্র থেমে থাকে না। দ্বিতীয় স্বাধীন হওয়ার পরদিন থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি একটা মৃত মানুষ, জীবিত অবস্থায় ফিরে এসেছি। আমার জীবন তো শেষ হয়ে যেতো। এখন শেখ হাসিনা থাকলে আমি আর কথা বলতে পারতাম না। কারাগারে রিমান্ডের নামে অত্যাচার, জুলম, নির্যাতন যেভাবে আমি ভোগ করেছি সেইভাবে আপনারাও বাইরে থেকে অনেকে ভোগ করেছেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দীর্ঘ ১৭ টি বছর এ দেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে যার কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সম্পদ দিয়ে পার্শ্ববর্তী দেশকে সাহায্য সহযোগিতা করা হয়েছে।

তিনি বলেন, আমরা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের জালে লিপ্ত হয়নি। বর্তমানে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে শুধু ছাত্ররা জীবন দেয়নি, রিকশাওয়ালা, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

নিকরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ১২. মার্চ ২০২৫ ০১:২৪:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

আরমান কবীরঃ টাঙ্গাইলে ধর্ষনের সর্বোচ্চ বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ এই কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোনালিসা মুন্নি, সমাজকর্মী নাহার চাকলাদার, সাংবাদিক রতন সিদ্দিকী ও আলমগীর হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম, সদস্য শিশির প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক তার উলটো পথে হাঁটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল খান দান আর ঘুমান আর মধ্য রাতে তামাশার প্রেস বিজ্ঞপ্তি করেন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আছিয়াসহ সকল ধর্ষণের বিচার চাই।

তারা আরও বলেন, ২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরেও বাংলাদেশে প্রতিনিয়ত নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষিতা হতে দেখলাম। আমরা মির্জাপুরের ১০ বছরের শিশুকে ধর্ষিতা হতে দেখলাম।

সর্বশেষ আপডেটঃ ১০. মার্চ ২০২৫ ০২:৩২:এএম ১ বছর আগে
টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন

সাহান হাসানঃ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ০৯. মার্চ ২০২৫ ০৩:৫১:এএম ১ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।