/ হোম / আমাদের
তিন মাসে মানুষ আশানুরূপ ফল পায়নি: কাদের সিদ্দিকী - Ekotar Kantho

তিন মাসে মানুষ আশানুরূপ ফল পায়নি: কাদের সিদ্দিকী

একতার কণ্ঠঃ অন্তর্বর্তী সরকারের তিন মাসে মানুষ আশানুরূপ ফল পায়নি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রবিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘মানুষ খুব আশা করেছিল। কিন্তু গত তিন মাসে মানুষের আশানুরূপ ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছেন না। স্ত্রী-সন্তান পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছেন না।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীতকে বর্জন ও অস্বীকার করে কেউ যদি এই পরিবর্তন করতে চায়, তাহলে আহাম্মকের স্বর্গেই বাস করছে। দুই দিন পর তাদেরকেও এ রকম হতে হবে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মানুষ উপমহাদেশে কম আছে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘যে মানুষটির (মওলানা ভাসানীর) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না, যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন।’

এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২৪ ০৭:২০:পিএম ২ বছর আগে
অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে:আহমেদ আযম খান - Ekotar Kantho

অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে:আহমেদ আযম খান

একতার কণ্ঠঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।

সরকারের এক একজন উপদেষ্টা একেক রকম কথা বলছেন। আমরা সরকারের ভেতরে সমন্বয়হীনতা দেখতে চাই না। আপনারা প্রতিটি পদে পদে বিএনপিসহ গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করুন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। সেই সময় আমরা দেব, জনগণও দেবে। কিন্তু নির্বাচিত সরকারের মতো যদি পাঁচ বছর থাকবার চেষ্টা করেন, সেটা ভুল হবে।

এর পূর্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৭. নভেম্বর ২০২৪ ০১:৫৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে আল-আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে শুক্রবার উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে আল আমিনসহ ৯ জন আহত হয়। পরে গুরুত্বর আহত অস্থায় আল-আমিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধে আল-আমিন নামে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২৪ ০১:১০:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল গণঅধিকার পরিষদ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল গণঅধিকার পরিষদ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ভুঞাপুর গণঅধিকার পরিষদ (জিওপি’র) উদ্যোগে উপজেলার অর্জুনা ইউনিয়নের অর্জুনা পূর্বপাড়া বউ বাজার এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসাথে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণসংযোগ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক রুবেল খান, অর্থ সম্পাদক ওমর ফারুক,

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদ, সিনিয়র সহ-সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আলী।

এছাড়াও স্থানীয় গণনেতা সোহেল রানা, যুব নেতা বছির, ছাত্র নেতা আলামিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবিক ও সামাজিক সেবা মূলক কাজের মাধ্যমে জনসাধারণের মনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রতি ভালোবাসা জন্ম দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের চাহিদা অনুযায়ী জনগণের জবাবদিহি মূলক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিকভাবে জনগণের কল্যাণমূখী শান্তিতে বসবাসযোগ্য তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. নভেম্বর ২০২৪ ১২:৫৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মিক্সার মেশিনে পড়ে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুু - Ekotar Kantho

টাঙ্গাইলে মিক্সার মেশিনে পড়ে ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইটের ভাটায় কাজ করতে গিয়ে মিক্সার মেশিনে পড়ে হাফেজ মন্ডল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের এশিয়া ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মন্ডল পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার চর বিহারী গ্রামের মৃত আবু সাঈদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাফেজ মন্ডল ইট তৈরীর কাজে মাটি মিক্সচার করার সময় অসাবধানতা বশত মেশিনে পড়ে হাত পা পেচিয়ে গেলে হাফেজ এর ডাক- চিৎকার শুনে অন্য শ্রমিকরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি টিম এসে হাফেজকে পা কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইটভাটায় কাজ করার সময় মিক্সার মেশিনে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২৪ ০৩:২৪:এএম ২ বছর আগে
যারাই ক্ষমতায় এসেছে তারা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি- ফয়জুল করীম - Ekotar Kantho

যারাই ক্ষমতায় এসেছে তারা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি- ফয়জুল করীম

একতার কণ্ঠঃ ছাত্র জনতার গণবিপ্লবে ঘটিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচন,  ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।

এ উপলক্ষে দুপুরের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হতে থাকে। পরে বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

গণসমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, ১৯৭১ সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। তারা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবর্জন দেখেছেন। অবশেষে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে এদেশের মানুষ আবার দেশ স্বাধীন করেছে।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন, কেবলমাত্র দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। যতদিন পর্যন্ত ন্যায়, নীতির পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশ,নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি আব্দুর রাজ্জাক এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া, সদস্য হাফেজ মাওলানা রেজাউল করীম ও আলহাজ্ব মাওলানা আলী আকবর নাগরপুরী প্রমুখ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ইসলামী আন্দোলন এ ধরনের গণ সমাবেশের আয়োজন করছে।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২৪ ০২:২৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ান(র‌্যাব)-১৪।

বুধবার(১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার(৪১),একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি(৩০) ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ সিপিসি-৩ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৪ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে দু:স্কৃতিকারীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহনকারী লতিফ মিয়া নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়। এঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা( নং ১৮) দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম ১৩ নভেম্বর রাতে উপজেলার ধুলুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৫. নভেম্বর ২০২৪ ০১:১৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-সখিপুর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হন দুই বন্ধু। সাগরদিঘী-সখিপুর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ এলাকায় তাদের মোটরসাইকেলটি বাঁশভর্তি একটি মহিষের গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি বাঁশভর্তি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে গিয়ে রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. নভেম্বর ২০২৪ ০৪:১৮:এএম ২ বছর আগে
মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় দুই উপদেষ্টা - Ekotar Kantho

মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় দুই উপদেষ্টা

একতার কন্ঠঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলা তন্তটা সব সময় জনগণ থেকে একটা দূরত্ব বজায়রেখে চলতো। আমরা মনে করি যে তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন তারা জনগনকে দেন এবং জনগনের পাশে দাড়িয়ে সেটা দেন। প্রভুমূলক বা প্রভুত্ত্যমূলক জায়গায় না থেকে দূরত্বটা যেন কমিয়ে আনা যায়। মাঠ প্রশাসন সরকার, সাথে জনগনের, তার জন্য আমরা আরও কাজ করবো। সামনে যেন এই দূরত্বটা কমে আসে এই অভিযোগগুলো যাতে না থাকে, তথ্যের ঘাটতি কিংবা তাকে পাওয়া যায় না এই অভিযোগ সামনের দিনে না থাকে সেজন্য আমরা কাজ করবো।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা আসার পর দেখলাম- যে কয়টা স্টেডিয়াম আছে এগুলোরই যথার্থ সংস্কার কিংবা যথার্থ ব্যবহার যোগ্যতা নাই। সে জায়গা থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারে যোগ্য করে গড়ে তোলা। ইতোমধ্যে বিসিবি আমাদের একটি তালিকা দিয়েছে। সারা দেশে ৯টা স্টেডিয়াম আন্তজার্তিক পর্যায়ের, যেগুলোতে কখনো কখনো আন্তজার্তিক খেলা হতো। কয়েকটা আছে যে ২৬ বছর আগে খেলা হয়েছে তারপর আর ব্যবহার করা হয়নি। সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহার যোগ্য করা। একই সাথে আমরা বাফুফেকে নির্দশনা দিয়েছি আপনারাও একটি তালিকা দেন ফুটবল স্টেডিয়ামকে কোনগুলো রিভাইভ করতে পারি। খেলার উপযুক্ত করতে পারি। আপনারা জানেন জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থাগুলো বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পূর্ণগঠন চলছে। আমরা বলেছি- জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে খেলাধুলাকে পৌছে দেয়া। আবার আগের টুর্নামেন্ট যেন আবার পরিচালিত হয় এবং তরুণরা-যুবকরা যাতে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। আপনারও জানেন যে আমাদের প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধায়নে একটা ইউস ফ্যাস্টিব্যাল করতে যাচ্ছি। বিপিএল খেলার যে সময়টা কেন্দ্র করে শুধু স্টেডিয়ামে না স্টেডিয়ামের বাইরেও সারাদেশে ইউস ফ্যস্টিব্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে এবং সকল যুবক-তরুনদেরকে একসাথে সংযুক্ত হওয়ার আহবান থাকবে।

মওলানা ভাসানী পাঠ চক্রের আয়োজনে জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরআগে দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে ভাসানীর গড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগ দেন।

মাজার জিয়ারত শেষে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, জনগনের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের নির্বাচিত সরকার। জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা। জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা স্বপক্ষে আছে তাদেরকে নিয়েই আমাদের এই সরকার গঠন করার পরিকল্পনা এবং সরকার ঐভাবেই চলমান আছে।

নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি যে- যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। আপনারা এই সরকারের উপর আস্থা রাখতে পারেন। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে সামিল হবেন। কোন রকম সংশয়, সন্দেহ থাকলে আমরা মনে করি এটা কাজের মাধ্যমে প্রমান করা হবে যে তারা জনগনের পক্ষে আছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি, ভাবুক ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার।

এসময় আরও উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো: আনোয়ারুল আলম আখন্দ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. নভেম্বর ২০২৪ ০২:১৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে সড়কে গতিরোধকের দাবীতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়কে গতিরোধকের দাবীতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় চলতি সপ্তাহে দুজনের মৃত্যুর পর ঐ সড়কে গতি রোধকের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কের বেড়াডোমা চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল একাডেমি, জনসেবা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম, সাবেক কাউন্সিলর নুরুল আলম,জহুরুল ইসলাম আজাদ, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ব্যবসায়ী রুহুল তালুকদার, শহীদ মডেল একাডেমির পরিচালক মাজহারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা দাবী করেন, টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক
সড়কে সিএনজি ও অটোরিকশা বেপরোয়া গদিতে চলাচল করে। ফলে এক সপ্তাহের মধ্যেই এই সড়কে দুই জনের প্রাণ গেছে।

বক্তারা বলেন, এই সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটি মোড়,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে হবে। সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে প্রয়োজনে ফুটওভার ব্রিজ চাই। যানবাহনের বেপরোয়া গতির নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৪. নভেম্বর ২০২৪ ১২:২৩:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু।

মঙ্গলবার(১২ নভেম্বর )রাত ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

সে একই উপজেলার সুরীরচালা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনায় আহত হয় তানভীরের বন্ধু ফেরদৌস। সে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল পার্শ্ববর্তী ঘাটাইল থানার আওতাধীন থাকায় আমাদের থানায় এ বিষয়ে কেউ কিছু জানাননি।

নিহত তানভীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর মঙ্গলবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে খবর আসে তানভীর ঘাটাইলের পেচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কালিহাতী উপজেলার এলেঙ্গা নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তানভীরের মরদেহ রয়েছে বলে জানান তার নানা আবুল কাশেম। তিনি বলেন, লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

তানভীরের বড় বোন বর্ষা আক্তার বলেন, অনেকবার বলার পর আমার ভাইকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, সেই মোটরসাইকেলই ভাইয়ের প্রাণ কেড়ে নিল। মানতে পারছি না ভাই আমার আর কোনো দিন আমার বাড়ি যাবে না।

সর্বশেষ আপডেটঃ ১৩. নভেম্বর ২০২৪ ১১:২১:পিএম ২ বছর আগে
টাঙ্গাইলে ১ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামের - Ekotar Kantho

টাঙ্গাইলে ১ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামের

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাহাত আহম্মেদ সিয়াম (১৩) নামে এক এতিমখানার ছাত্র ১ মাস ধরে নিখোঁজ রয়েছে। সিয়ামকে খুঁজে না পেয়ে চরম হতাশায় ভুগছেন এতিমখানার শিক্ষক ও তার পরিবারের লোকজন।

সিয়াম ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের শাহজাহান দারুস সুন্নাহ এতিমখানা ও ভূঞাপুর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মাদ্রাসা সূত্র জানা যায়, সিয়াম বাড়িতে যাওয়ার কথা বলে গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছুটি নেয়। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারে সে বাড়িতে যায়নি। পরে শিক্ষক ও পরিবারের লোকজন তার বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে তার কয়েক দিন পর মাদ্রাসার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এতিমখানার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, সিয়াম নিখোঁজের ১ মাস পার হয়েছে। আজও সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। সম্প্রতি আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা তার সন্ধান চাই। এ জন্য সবার সহযোগিতা চাচ্ছি। যদি কেউ সিয়ামের সন্ধান পান তাহলে ০১৭২৪-৫৭২৪২৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে। সে এর আগেও দুইবার নিখোঁজ হয়েছিল। পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ খুঁজে পায়। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয়। পরে ছুটি শেষে মাদ্রাসায় না ফিরে আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদ্রাসা সুপার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কাযক্রম চালাচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ১৩. নভেম্বর ২০২৪ ০৩:৩২:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।