/ হোম / আমাদের
টাঙ্গাইলে মামার বাসরের ফুল আনতে গিয়ে ভাগনের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মামার বাসরের ফুল আনতে গিয়ে ভাগনের মৃত্যু

একতার কণ্ঠঃ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামার বিয়ে। রাতে বাসর ঘর সাজানোর দায়িত্ব ছিল তার।

তাই মামার বাসর ঘরের ফুল আনতে টাঙ্গাইল শহরে যান ভাগনে। ফুল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে গাড়িচাপায় লাশ হয়ে বাড়ি ফিরেন তিনি। ভাগনের আর হলো না মামার বাসর সাজানো।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানি (হাট বাইপাস) এলাকায় গাড়িচাপায় ওই যুবক নিহত হন।

নিহত ওই যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২০)। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

ফয়সালের চাচা রতন হোসেন জানান, তার চাচাতো মামার বন্ধুর সঙ্গে ফয়সাল বিয়ের ফুল আনতে সকালে টাঙ্গাইল শহরে যান। সেখান থেকে বাসর ঘরের ফুল নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাদারজানি এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়।

তিনি আরো জানান, এতে ঘটনাস্থলে ফয়সাল নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক তার মামার বন্ধু সজীব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফয়সালের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি পক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২২ ০২:১০:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দেশীয় চালের বস্তায় ভারতীয় মোড়ক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Ekotar Kantho

টাঙ্গাইলে দেশীয় চালের বস্তায় ভারতীয় মোড়ক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একতার কণ্ঠঃ ভারতীয় মোড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল মজুদ রেখে বিক্রি করে আসছেন টাঙ্গাইলের ভূঞাপুরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা।

এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

এ সময় বেলাল নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, এছাড়া জব্দকৃত চালগুলো মিলে দেয়ার জন্য বলা হয়েছে। বাজারে নিয়মিত মনিটরিং করা হবে।

প্রকাশ, গোবিন্দাসী বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চাল ব্যবসায়ীরা দেশীয় চাল ভারতীয় মোড়ক ব্যবহার করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করে কাটারিভোগ নামে বিক্রি করে আসছে। প্রতিটি বস্তায় চাল উৎপাদন ২০১৭ সাল লেখা রয়েছে।

স্থানীয়রা প্রতারণা করে দেশীয় চাল ভারতীয় মোড়কে বিক্রি করায় প্রশাসনকে অবহিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করে চাল ব্যবসায়ী বেলালকে জরিমানা করেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২২ ০২:০৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে র‍্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন।

র‍্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলনে জানান, বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ১জন মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহের ছেলে সাকিবুল হাসানকে (৩৪) আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে আত্মজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তার মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।

তিনি আরো জানান, এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. ডিসেম্বর ২০২২ ০২:৩৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ঘন কুয়াশায় ১৮ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘন কুয়াশায় ১৮ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘন কুয়াশায় পৃথক ১৮টি দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধল্লা থেকে চরপাড়া পর্যন্ত এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটে। এই এলাকায় সকাল ৯টার দিকে এক বাসচালকের সহকারীর মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার মাদারজানি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। এ কারণে ঢাকামুখী লেন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, সকাল ৯টার দিকে মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসচালকের সহকারী। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ভুঞাপুর থানার ওসি ফর‌দিুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়কের জগৎপুরা এলাকায় বালুবা‌হী ট্রাকের সঙ্গে সিএন‌জির সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম ইশরাক (২০); তিনি জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলেন।

অন্যদিকে টাঙ্গাইল শহর থেকে এক যুবক মোটরসাইকেল যোগে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাদারজানী এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১৫. ডিসেম্বর ২০২২ ০৮:৩৩:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীরদের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালনে কার্যক্রম শুরু করা হয়।
শুরুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শ্রদ্ধা জানান। এরপর জেলা সদরে অবস্থিত পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এরপর জেলা পুলিশের পক্ষে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন ,হাউজিং প্রোপার্টি গ্রুপের পক্ষে জাফর আহমেদ শ্রদ্ধাঞ্জলি জানান।

সকাল ৭টা ১১ মিনিটে শহরের ‘শহীদ স্মৃতি পৌর উদ্যান’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করাসহ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের কল্যাণে মোনাজাত করা হয়। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের নানা শ্রণি পেশার মানুষ।

পরে বেলা ১১টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. ডিসেম্বর ২০২২ ০৬:৫২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৫শ’ পিস ইয়াবাসহ আটক ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৫শ’ পিস ইয়াবাসহ আটক ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার শামসুল হক তোরণ (ডিস্ট্রিক্ট গেইট) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে মো. ছবুর (৬১) ও ঘাটাইল উপজেলার শিমলাকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজ রহমান ওরফে রনি (৩২)।

জেলা গোয়েন্দা শাখার ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি টিম পৌর এলাকার শামসুল হক তোরণ (ডিস্ট্রিক্ট গেইট) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫শ’ পিস ইয়াবসহ তাদের আটক করে।

তিনি আরো জানান ,আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সর্বশেষ আপডেটঃ ১৪. ডিসেম্বর ২০২২ ০২:৪৬:এএম ৩ বছর আগে
১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল শুরু - Ekotar Kantho

১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল শুরু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কালিহাতীতে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১০ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর ব‌গিটি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির বগি উদ্ধার কার্যক্রম শেষে সচল করা হলে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবা‌ড়ী এলাকায় রেল ক্রসিংয়ের ওপর মালবাহী ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের সড়ক যোগাযোগও বন্ধ হয়।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০৬:৩৪:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ।

নিহতরা হলেন, ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তর পাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া(১৮)।

মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম (১৮) নামে আরো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

এরা সবাই স্থানীয় ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকল নিয়ে বেড়াতে বের হয়। বেড়ানো শেষ করে ঘাটাইল ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।

অপর আরোহী সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০৪:০৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ সোমবার (১২ ডিসেম্বর)মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী । ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে তার জন্ম। তিনি জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।

এ উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো হয়।

এরপর মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, মওলানা ভাসানীর পরিবার, ভক্ত ও অনুসারীবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলা ভাষা শিশু সংগঠন, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।

পরে ভাসানী পরিষদের আয়োজনে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঐতিহাসিক দরবার হলে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিটি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও‌ সংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০২:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে জনতার হাতে আটক ৬ গরু চোরকে রবিবার (১১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে ঘাটাইল থানা পুলিশ। উপজেলার ঘাটাইল সদর ইউনিয়নে কাইতকাইদ গ্রাম থেকে গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় ৬ গরু চোর। আটককৃত চোরদেরকে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

আটটকৃত গরু চোররা হলো, জামালপুর সদর উপজেলার চরসি কর্নিপাড়ার জয়নুদ্দিনের ছেলে জয়নাল হোসেন (৩৮), নওগাঁ জেলার আইনিগর উপজেলার টুনশিয়ালা গ্রামের আলা উদ্দিনের ছেলে নয়ন (২৯), ফরিদ জেলার বোলমারি উপজেলার বারদি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সাগর (২২), রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাগলা মালিবাড়ি গ্রামের লাল চানের ছেলে রহিম ওরফে অনিক (১৭), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভেলারায় গ্রামের আব্দুর রহিমের ছেলে আমজাদ হোসেন (২৮) ও রংপুর জেলার পীরগাজা উপজেলার অনন্দনগর গ্রামের জাবেদ আলীর ছেলে আজিজুল ইসলাম (১৭)।

উদ্ধার হওয়া গরুর মালিক উপজেলার ঘাটাইল ইউনিয়নের কাইতকাই গ্রামের জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, শুক্রবার রাতে তারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এ সময় একটি পিকআপে গরু উঠিয়ে গরুচুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনাটি তার স্ত্রী আমিনা বেগম টের পেলে গ্রামের দুই যুবক মোটরসাইকেল নিয়ে গাড়ির পিছনে ধাওয়া করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে স্থানীয়রা চোরদের গাড়ি ধাওয়া করলে গাড়িটি উপজেলার রসুলপুর ইউনিয়নের সাপটারবাইদ এলাকায় গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে গরু ফেলে চোররা পালিয়ে যায়। স্থানীয় জনতা পিকআপের ভেতর থেকে গরু উদ্ধার করে গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জনতা একতাবদ্ধ হয়ে রাতেই উপজেলার পাহাড়িয়া এলাকার বিভিন্ন স্থান থেকে ছয়জন গরুচোরসহ একটি গাভী উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ওসি আজহারুল উসলাম সরকার বলেন, বিক্ষুব্ধ জনতা ৬ গরু চোরকে আটক করে এবং পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিক্ষুব্ধ জনতা তাদের চুরির কাজে ব্যবহ্নত পিকআপটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় গরুর মালিক কাইতকাই গ্রামের জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে থানায় মামলা করেছেন। এরা সবাই আন্তঃজেলা ডাকাত। আসামীদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ডিসেম্বর ২০২২ ০৪:৫৪:এএম ৩ বছর আগে
বিএনপি’র সাত এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে নাঃ কৃষিমন্ত্রী - Ekotar Kantho

বিএনপি’র সাত এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে নাঃ কৃষিমন্ত্রী

একতার কণ্ঠঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ইতিপূর্বে বিএনপি ছাড়াও সংসদ পরিচালিত হয়েছে। সংসদে বিএনপি বিরোধী দলীয় নেতা নয়, জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা। কাজেই তারা সংসদে আসলো কি গেলা তাতে কিছু যায় আসে না। সাত এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না। দেশ এইভাবে এগিয়ে যাবে। এমনি উপনির্বাচনেও তারা আসে না। তাহলে আমরা তাদের কিভাবে সহযোগিতা করবো। ২০১৮ সালের আগে তারা সংসদে ছিলো না। এটা খুবই দুঃখ জনক।

রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নে জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, একটি দেশের রাজনীতিতে বিরোধী দল খুবই গুরত্বপূর্ণ। যেমন কেচির দুটি বাহু থাকে। হাটতে দুটো পা লাগে। তেমনি সংসদেও দুটি দল লাগে। তাই বিরোধী দল থাকা দরকার। সেখানে কেউ যদি না থাকে তাহলে আমাদের কিছু করার নেই। তার পরেও সংসদে জাতীয় পার্টি রয়েছে। ওয়াকার্স পার্টি রয়েছে। বর্তমানে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বিরোধী দল নেতারা তো বিএনপির নেতারা নয়। তাদের ৫/৭ জনের একটা গ্রুপ ছিলো। সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। উপনেতা হচ্ছেন জিএম কাদের। তাতেই কোন সমস্যা হওয়ার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিলেও তা আর বাস্তবায়ন করতে পারেন না। এক সময় বলেন, ঈদের পর আন্দোলন করবেন, আবার বলেন, পূজার পর আন্দোলন করবেন? মুল কথা তারা কখন আন্দোলন করবেন তা তারা নিজেরাও জানেন না। বিএনপি কি চাইলো, কি চাইলো না, সেই অনুযায়ী দেশ চলবে না। দেশ চলবে পবিত্র সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার জননেত্রী শেখ হাসিনারও কোন সুযোগ বা ক্ষমতা নেই।

তিনি বলেন, তারা আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। রেল লাইন উপড়ে ফেলে। আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিবে। আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষই আওয়ামী লীগের মুল হাতিয়ার।

তিনি আও বলেন, ১১ ডিসেম্বর টাঙ্গাইলের মানুষের জন্য খুব আনন্দের ও গৌরবের। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৬ মার্চ আমরা ঝাঁপিয়ে পড়ি। দীর্ঘদিন যুদ্ধের পর ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদারমুক্ত হয়। ১৬ ডিসেম্বর দেশ শত্রু ও হানাদার মুক্ত হয়ে বিজয় আসে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

পরে সন্ধায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগ ও পৌরসভার উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত টাঙ্গাইল হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্যে রাখেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এর আগে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবসের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ০৩:০৫:এএম ৩ বছর আগে
“হাতেখড়ি” রৌপ্য পদক পেল ১৪ শিশু শিক্ষার্থী - Ekotar Kantho

“হাতেখড়ি” রৌপ্য পদক পেল ১৪ শিশু শিক্ষার্থী

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পড়ার পাশাপাশি সোনামণিদের হাতে সুন্দর অক্ষর গড়ে দেয়ার একমাত্র প্রতিষ্ঠান হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের মেধা রৌপ্য পদক পেল ১৪ জন ক্ষুদে শিক্ষার্থী।

রবিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে পদক প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাসনিম জাইফা, মির্জা আরাফ হোসেন বিজয়, ছায়মুনা ইসরাত মানা, আব্দুর রহমান সাদ, ওয়াহিদ খান আবিদ, জান্নাত আরা জুঁই, রাইসা রোজ, মাহমুদুল হক রিহান, আরবি খান, প্রকৃতি ইসলাম, মুয়াজ ইবনে টুটুল, মুসকুরা মাহবুব, সামিউল হক আবদুল্লাহ ও রাফিয়া। প্রতি বছরের মত এবারও এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী, প্রশাসনিক প্রধান ফরিদা আক্তার, সিনিয়র শিক্ষিকা তাসলিমা আক্তার ও মিম আক্তার,সঙ্গীত শিক্ষক বিপ্লব কুমার দে, সহকারী শিক্ষিকা রিফা ও রুমা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২২ ০৩:৫৭:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।