/ হোম / সদর
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের প্রচারণায় জেলা মহিলা আ’লীগের একাংশ - Ekotar Kantho

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের প্রচারণায় জেলা মহিলা আ’লীগের একাংশ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনের প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামলেন জেলা, পৌর ও যুব মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের পার-দিঘুলিয়ায় অবস্থিত ছানোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয় ‘তৃণমূল ভবনে’ সভার আয়োজন করে জেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাজমুজ সালেহীন, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার, সাংগঠণিক সম্পাদক ডা. তাসলিমা খায়ের প্রমুখ।

জেলা মহিলালীগের সহ-সভাপতি মাহমুদা শেলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলালীগের উপ-দপ্তর সম্পাদক আসমা হোসাইন মলি, নাসরিনসহ শহর মহিলা আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক মহিলা নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি আমাদের রাজনৈতিক নেতা ও অভিভাবক। টানা দুইবার তিনি এ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্য। এ কারণে আমরা উনার নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। আমাদের বিশ্বাস এবারও তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জল করবেন।

সর্বশেষ আপডেটঃ ২৯. ডিসেম্বর ২০২৩ ০১:২৬:এএম ২ বছর আগে
টাঙ্গাইলের একমাত্র নারী অটোরিক্সা চালক রোজিনার জীবন যুদ্ধ - Ekotar Kantho

টাঙ্গাইলের একমাত্র নারী অটোরিক্সা চালক রোজিনার জীবন যুদ্ধ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। তার বাড়ি জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামে। টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস আরেক প্রান্ত বেবিস্ট্যান্ড। রাস্তায় প্রতিদিন এভাবেই ভাড়ায় চালিত অটোরিক্সায় যাত্রী নিয়ে অটো চালাতে দেখা যায় রোজিনাকে।

শহরে যানজটের পাশাপাশি নানা ধরনের ঝামেলা সামলে পুরুষ চালকদের যখন অটোরিক্সা চালাতে হিমশিম খেতে হচ্ছে, এমতো অস্থায় গত ৫ বছর ধরে একমাত্র নারী অটোরিক্সা চালক রোজিনা এই অটোরিক্সা চালিয়েই জীবিকা নির্বাহ করছে।

টাঙ্গাইল পৌরসভা সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিক্সা অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর নির্দেশ দিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিক্সার স্টিয়ারিংয়ে বসে যাত্রী ডাকছেন- কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল মার্কেট, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৩ জন যাত্রী নামবে। ট্রাফিক পুলিশ অন্য অটো চালকদের অটো দাঁড় করাতে না দিলেও রোজিনা অটো দাঁড়া করে তিনজন যাত্রীকে নামাতে দিচ্ছেন। ট্রাফিক পুলিশসহ অটোচালকরা তাকে সব সময় সহযোগিতা করেন।

অটোরিক্সার চালক রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম উঠে। তারা মনে করে আমার অটোতে উঠলে দূর্ঘটনা ঘটবে। কিন্তু আমার অটোতে ছেলে যাত্রীরাই বেশি উঠে। আমি খুব হিসেব করে অটো চালাই। খুব দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দূর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিক্সা চালকরা আমাকে অনেক সম্মান করে। আমি যখন রাস্তার ওপর অটো ঘুরাই তারা নিজেদের অটো দাঁড়া করে রেখে আমাকে অটো ঘুরাতে সুযোগ করে দেন। বড় গাড়ির চালকরাও যখন আমাকে দেখেন আমি নারী চালক তখন তারাও আমার প্রতি সম্মান দেখান।

অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যদি দেখি সে রাস্তায় অটো ঘুরাচ্ছে তখন আমাদের অটো দাঁড়া করিয়ে তাকে অটো ঘুরানোর জন্য সুযোগ করে দেই। আমরা চাই তাকে সরকারি ভাবে সহযোগিতা করা হোক।

অটোরিক্সার যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে উঠেছি। অটোর চালক নারী দেখেও আমি তার অটোতে উঠি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়ে তার অটো চালানো অনেক ভালো। তাকে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয়। সে একটু ভালো ভাবে চলতে পারবে।

আরেক যাত্রী বক্কর মিয়া বলেন, নারী অটো চালকের পাশের সিটে বসতে কিছুটা সংকোচবোধ হলেও তিনি কোন সংকোচবোধ মনে করেন না। তিনি খুব সাবধানে অটো চালায়।

রোজিনার সাহসিকতা দেখে নারী সংগঠক সিরাজুমমনি বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিক্সা চালায় আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো দিক থেকে কম নন, রোজিনা তা প্রমাণ করেছেন। জনপ্রতিনিধি ও সরকারিভাবে তাকে কোন একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিলে তার আর রাস্তায় অটো চালাতে হবে না বলে আমি মনে করি।

অটোরিক্সায় বসে রোজিনার সাথে কথা হয়। তিনি বলেন, রোজিনার বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় মেয়ে রোজিনা। অভাব-অনটনের সংসারে বাবা-মা তাকে এক এতিম যুবকের সাথে বিয়ে দেন। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিক্সা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে আংশিক ক্ষতিগ্রস্ত চোখের দৃষ্টি শক্তি আরও কমতে থাকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিক্সা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় স্বামীর চিকিৎসার খরচ, ঘর ভাড়া, খাওয়ার পাশাপাশি মেয়েদের পড়ালেখার খরচ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, দিশেহারা হয়ে পরেন তিনি। পরে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার তাও চলছিল না। এরপর এনজিও থেকে ধার করে কোন রকম সংসার চালাতে পারলেও মেয়েদের লেখাপড়া ও অন্যান্য খরচ জোগাড় করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে রোজিনা নিজে অটোরিক্সা চালাতে আগ্রহ হয়। স্বামী রফিকুলের কাছে তা শিখতে চান। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছে অটোরিক্সা চালানো শিখেন রোজিনা। পরে গ্রামের পথে ৫-৬ দিন শিখে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে একদিন সরাসরি টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এভাবে ধীরে ধীরে অটোরিক্সা চালানো শুরু হয় তার।

তিনি বলেন, অটো চালানোর চিন্তাটা আমার জন্য খুব সহজ ছিল না। ৫ বছর ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিক্সা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কি করবো অভাবের সংসার। ভাড়া বাড়িতে থাকার খরচ কমাতে এনজিও থেকে ঋণ নিয়ে একটু জমি কিনি। পরে সেখানে সরকার আমাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর তুলে দেয়।

রোজিনা বলেন, যখন খুব অভাব-অনটনে দিন কাটাচ্ছিলাম তখন মানুষ আমাদের ঠাট্টা করেছে। যখন জীবনের তাগিদে অটোরিক্সা চালাতে শুরু করি তখনও নানা কথা বলেছে। তবে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও কিছু করতে পারে।

রোজিনা আরও বলেন, আমার দুই মেয়ে, বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে ছোট মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আমার তো থেমে গেলো চলবে না। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধারদেনা শোধ করতে হবে। আমি অটোরিক্সা চালিয়েই দুই সন্তান মানুষ করতে চাই। আমার পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে আমি অটোরিক্সা চালানো বাদ দিয়ে অন্য কোন কাজ করবো।

টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী অটোরিক্সা চালক রোজিনা। কেউ যেন তাকে বিরক্ত করতে না পারে সেদিকে ট্রাফিক পুলিশ সব সময় নজর রাখে। আমাদের ট্রাফিক পুলিশ তাকে সব সময় সহযোগিতা করে।

টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। ওই নারী এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। সে যদি আমাদের কাছে এসে আবেদন করে অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

সর্বশেষ আপডেটঃ ২৮. ডিসেম্বর ২০২৩ ০২:৫৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাফর সম্পাদক নাসির - Ekotar Kantho

টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাফর সম্পাদক নাসির

একতার কণ্ঠঃ টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে জাফর-নাসির পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

সহকারি নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন এড্ভোকেট এস. আকবর খান ও আনন্দ মোহন দে।

এর আগে দুপুর ২টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়। নির্বাচনে সর্বমোট ৭৪ ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে তিন জন, সাংস্কৃতিক সম্পাদক পদে দুই জন ও ক্রীড়া সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে অ্যাডভোকেট জাফর আহমেদ ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিমান বিহারী দাস পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহব্বত হোসেন পেয়েছেন ৩২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি একরামুল হক খান তুহিন পেয়েছেন ২ ভোট। ৫১ ভোট পেয়ে কাজী তাজউদ্দিন রিপন প্রথম ও ৪৩ ভোট পেয়ে ইফতেখারুল অনুপম যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন সুমন পেয়েছেন ৩২ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী হেমায়েত হোসেন হিমু। তার প্রতিদ্বন্দ্বি শফিকুজ্জামান খান মোস্তফা পেয়েছেন ২৮ ভোট। ৪৭ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাসুদুল আলম। তার প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমেদ পেয়েছেন ২৪ ভোট।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জাফর-নাসির পরিষদের সহ-সভাপতি পদে কাজী জাকেরুল মওলা, শাহাবুদ্দিন মানিক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম, লাইব্রেরী ও দফতর সম্পাদক পদে অরণ্য ইমতিয়াজসহ কার্যকরী সদস্য পদে হাবিবুল্লাহ্ কামাল, মামুনুর রহমান মিয়া, মো. শামীম আল মামুন, জোবায়েদ মল্লিক বুলবুল ও কাদির তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সর্বশেষ আপডেটঃ ২৬. ডিসেম্বর ২০২৩ ০২:২৮:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে নৌকার প্রচার মিছিলে গুলি, আহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে নৌকার প্রচার মিছিলে গুলি, আহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী মিছিলে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। তাদের মধ্যে রোকনুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন জানান, রাত ১১টি ৩০ মিনিটে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নৌকার প্রার্থীর পক্ষে কেন মিছিল করা হয়েছে? নৌকার পক্ষের লোকজন ঈগলের অফিস ভাংচুর করে এই নাটক সাজিয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় যারা আহত হয়েছে, তারা কেউ যুগনি এলাকার লোক নয়। এরা সবাই বহিরাগত। ঈগলের অফিস রাতে ভাঙচুর করার সাথে সাথেই সদর থানায় অভিযোগ করা হয়েছে। আশা করি, সুষ্ঠ তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ আসনে এমপি নির্বাচিত হন ছানোয়ার হোসেন। তবে এবার তাকে সরিয়ে ওই আসনে মামুনুর রশিদকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ।

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২৩ ০৭:৫৬:পিএম ২ বছর আগে
তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা - Ekotar Kantho

তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে জেলা তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৪ ডিসেম্বর) জেলা সদর বস্তি সংলগ্ন ‘ফ্রেন্ডশিপ স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনি খন্দকার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাভকগণ।

অনুষ্ঠানের শুরুতেই টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের জন্য মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়। যে শিশুরা বেড়ে উঠেছে বস্তির ছোট্ট ঘরে, পড়ালেখাই যেখানে বিলাসিতা সেই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনে আনন্দময় একটি দিন উপভোগ করে শিশু শিক্ষার্থীরা। জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৫. ডিসেম্বর ২০২৩ ০২:১৯:এএম ২ বছর আগে
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে টাঙ্গাইল সদরের প্রার্থীরা - Ekotar Kantho

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে টাঙ্গাইল সদরের প্রার্থীরা

একতার কণ্ঠঃ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অংশগ্রহণকারী প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়া জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা এ সংশয় প্রকাশ করেছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত পরিচিতি ও এক মঞ্চে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীদের ভাবনা নিয়ে আলোচনা সভায় এ সংশয় প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সংগঠণের উপদেষ্টা এস.এম সিরাজুল হক আলমগীর। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সংগঠণের উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ।

কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর।

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে অংশ নেওয়া জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলাসহ অফিস ভেঙে ফেলার তীব্র সমালোচনা করেন। জেলা রির্টানিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর দফায় দফায় অভিযোগের পরও এক পেশে নির্বাচনী পদ্ধতির কোন উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁরা।

প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতির ভোটারদের সম্পৃক্ততা ও অবাধ সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

এ সময় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড্ভোকেট খন্দকার আহসান হাবীব, মাথাল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী, পাটের আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. শরিফুজ্জামান খান মহব্বত, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মো. হাসরত খান ভাসানী, আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনের পক্ষে বিদ্যুৎ ও বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) তৌহিদ চাকলাদারের পক্ষে ছোট ভাই মো. তৌসিফুর রহমান চাকলাদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) নবগঠিত টাঙ্গাইল জেলা ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণিল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। ফুল দিয়ে বরণ করাসহ শেষে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের স্ব স্ব প্রতীকের ক্রেস্ট উপহার দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. ডিসেম্বর ২০২৩ ০২:৫২:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

একতার কণ্ঠঃ ভারতীয় মালিকানাধীন কোম্পানি একটি ওয়ার হাউসে ডাকাতির মামলায় টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার পুরান বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জামালপুর জেলার পোড়াভিটা গ্রামের স্বজলের ছেলে ফরহাদ ওরফে ফারুক (৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৭)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ও বুধবার (২০ ডিসেম্বর) গাজীপুর জেলার বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে লুষ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি এ্যালুমিনিয়ামের বিদ্যুতিক তার উদ্ধারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরও জানান, গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানির একটি ওয়ার হাউসে ১ হাজার ২০০ মিটারের বিদ্যুতিক তার, মোবাইল ও সিসি ক্যামেরা ডাকাতি করে নিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনার পর টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর ২ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সর্বশেষ আপডেটঃ ২২. ডিসেম্বর ২০২৩ ০২:৫৪:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহিদ বেদিতে প্রথমে রাষ্ট্র ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি জানান।

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার পক্ষে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ শ্রদ্ধা জানান।

এরপর জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমি ও শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানের শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।

শেষে শহিদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৫. ডিসেম্বর ২০২৩ ০২:১০:এএম ২ বছর আগে
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাদিউজ্জামান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর)বিকেলে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন জানান, বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। বুধবার বিকেলে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীকে পুলিশ গ্রেপ্তারের পর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হাদিউজ্জামান সোহেলকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ১৫. ডিসেম্বর ২০২৩ ০১:২৫:এএম ২ বছর আগে
টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Ekotar Kantho

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিজয় দিবস ও টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ’ শীর্ষক এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সী অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আল-আমিন এবং তৃতীয় স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী শিপন।

পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দপাঠ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল হক কায়সার।

এসময় আরও উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২৩ ০১:৪৭:এএম ২ বছর আগে
বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন - Ekotar Kantho

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন

একতার কণ্ঠঃ বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

১১ ডিসেম্বর সোমবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন ধরনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনের কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

কর্মসূচির মধ্যে ছিলো সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়ানো, কবুতর উন্মুক্ত করণসহ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদস্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুূনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যান গিয়ে শেষ হয়।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণ সাধারণ উপস্থিত ছিলো।

এছাড়াও দিনটি উপলক্ষে বিকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে।

উল্লেখ্য, ১৯৭১ সালের আজকের এই দিনে টাঙ্গাইলের সূর্য সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইল মুক্ত করেন। এইদিন রাতে সদর উপজেলার পশ্চিমে অবস্থিত পোড়াবাড়ি দিয়ে কাদেরিয়া বাহিনীর কমান্ডার আব্দুর রাজ্জাক ভোলা(বর্তমানে কৃষিমন্ত্রী) সহযোদ্ধাদের নিয়ে টাঙ্গাইল সদর থানায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।

খুব ভোরে পুর্ব দিক দিয়ে শহরে প্রবেশ করেন কমান্ডার বায়েজিত আলম ও খন্দকার আনোয়ার হোসেন, দক্ষিন দিক দিয়ে আসেন ব্রিগেডিয়ার ফজলুর রহমান। আর উত্তর দিক থেকে ময়মনসিংহ সড়ক দিয়ে বীরদর্পে সাজোয়া বহর নিয়ে শহরে প্রবেশ করেন কাদিরিয়া বাহিনীর কমান্ডার বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। এসময় সার্কিট হাউজে থাকা ৫’হাজার পাক বাহিনীর পরাজিত সদস্যরা কাদের সিদ্দিকীর কাছে আত্মসর্মপণ করেন। মুক্ত হয় টাঙ্গাইল। পরে সাধারণ জনগন রাস্তায় নেমে এসে বিজয় উল্লাসে টাঙ্গাইল শহরকে প্রকম্পিত করে তোলে।

সর্বশেষ আপডেটঃ ১২. ডিসেম্বর ২০২৩ ১২:২১:এএম ২ বছর আগে
টাঙ্গাইলে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন  - Ekotar Kantho

টাঙ্গাইলে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন 

একতার কণ্ঠঃ সারাদেশে গুম, হত্যা, জেল-জুলুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে আদালত প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম (জহির),জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মাইদুল ইসলাম শিশির, অ্যাডভোকেট শাহজাহান কবির প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, এম এ রৌফ, সাইদুর রহমান স্বপন, আতিকুর রহমান জামিল, তারিকুল ইসলাম ইউসুফ, এমদাদুল হক সাইদ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, অ্যাডভোকেট রক্সি মেহেদী, জেলা শ্রমিক দলের সাধারণ একেএম মনিরুল হক মনির, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ সরকারের আমলে গণতন্ত্র ভুলন্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বেআইনীভাবে কারারোধ করে রাখাসহ ভাইস চেয়ারম্যান আজ নির্বাসনে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে। লাখ লাখ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও ছিনিয়ে আনার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আর বলেন, বাংলাদেশে বিএনপি বিহীন কোন নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।

সর্বশেষ আপডেটঃ ১১. ডিসেম্বর ২০২৩ ০৩:৩৩:এএম ২ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।