/ হোম / আমাদের
টাঙ্গাইলে বাবাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে বাবাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান মিয়াকে (৫০) আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-০৩ এর সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

২০১৩ সালে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে তার ছেলে আসাদুজ্জামান হত্যা করিয়েছিল। সাক্ষী-প্রমাণ শেষে ২০২০ সালে আসামিকে মৃত্যু দণ্ডাদেশ দেন বিচারক।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায় আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি নিজের বাবাকে হত্যার উদ্দেশে চারজন ভাড়াটিয়া খুনির সঙ্গে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাত ১টার দিকে আসামির বসতবাড়ির দক্ষিণ-পূর্ব পাশের বারান্দা চৌকির ওপর তার বাবা আউয়ালকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পরদিন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ১টি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, টাঙ্গাইল বিচার শেষে গত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মামলার বিচারকাল থেকে আসামি পলাতক ছিলেন।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ‘আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২৩ ০২:২৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন জন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এবিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২৩ ০৬:১৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মানবপাচার চক্রের সদস্য আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে মানবপাচার চক্রের সদস্য আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে কর্মরত র‌্যাব সদস্যরা মো. হাফিজুর রহমান (৪৫) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হাফিজুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি(নাগবাড়ি) গ্রামের আ. ছাত্তারের ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৮টি পাসপোর্ট, দুইটি চেক বই, একটি ডেবিট কার্ড ও নগদ ১০ হাজার ১৬০ টাকা সহ লিবিয়ায় মানবপাচার চক্রের সদস্য মো. হাফিজুর রহমানকে আটক করে।

র‌্যাব আরও জানায়, মো. হাফিজুর রহমান তার গ্রামের লিটন নামে এক যুবককে ভালো বেতন ও থাকা-খাওয়ার সুবিধার নিশ্চয়তায় লিবিয়ায় পাঠায়। লিবিয়ায় পৌঁছানোর পর অজ্ঞাত কয়েক ব্যক্তি লিটনকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার বাবার কাছে তিন লাখ ২৫ হাজার টাকা দাবি করে। লিটনের বাবা আ. ছাত্তার ছেলের কথা ভেবে মো. হাফিজুর রহমানকে তিন লাখ ২৫ হাজার টাকা প্রদান করে।

গত ৯ ফেব্রুয়ারি আ. ছাত্তারের ইমু নম্বরে লিটনকে মারপিটের ভিডিও পাঠায় এবং আরও ১৩ লাখ টাকা দিতে বলেন। অন্যথায় লিটনকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় লিটনের বাবা আ. ছাত্তার ঘাটাইল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

পরে টাঙ্গাইলে কর্মরত র‌্যাব সদস্যরা অত্যধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থা শনাক্ত করে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে মো. হাফিজুর রহমানকে আটক করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২৩ ০২:২৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়ি বাইদ ইউনিয়নের শালবন থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শালবনের বড় বাইদ এতিমখানার পাশের উত্তর জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের এলাকায় স্থানীয় লোকজন কাজে গেলে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়।

অরুণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্যস্থান থেকে এনে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। উদ্ধারকৃত নারীর মুখ বিকৃত হয়ে গেছে। মরদেহে পচন ধরেছে। টাঙ্গাইল থেকে সিআইডি টিম এসে তদন্ত করবে।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে যদি পরিচয় পাওয়া যায়, তাহলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২৩ ০২:১৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নাগরপুরে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের ঘিওরকোল গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রীর মৃত্য নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

নিহতের নাম হালিমা আক্তার (২৬)। তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের প্রবাসী মামুন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলা সদরের ঘিওরকোল গ্রামের নজরুল ইসলামের বাসায় স্ত্রী নিয়ে প্রবাসী মামুন ভাড়া থাকেন। সোমবার দুপুরে স্ত্রীকে বাসায় রেখে চলে যান ওই প্রবাসী। বিকাল সাড়ে ৫টার দিকে হালিমা রুমের দরজা আটকে দেন। পাশে রুমেই কাজ করছিলেন হালিমার মা ও মেয়ে। দরজা আটকানো দেখে হালিমার মা তার খালাতো ভাই শরিফুলকে মুঠোফোনে ফোন করে ডেকে আনেন। পরে শরিফুল আসলে রুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে সিএনজি যোগে গ্রামের বাড়ি কোনড়া নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ওই রাতেই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

নিহত হালিমার কয়েকজন প্রতিবেশী জানান, তারা দরজা ভাঙ্গার শব্দ শুনে হালিমার বাড়ির গেটের সামনে আসলে মেয়ের মা ও তার খালাতো ভাই শরিফুল বাসার ভিতর ঢুকতে দেয়নি তাদের। পাশের আরেক ভাড়াটিয়াও জানেন না কি হয়েছে সোমবার বিকেলে। শুধু তারা তাদের বললো সে হার্ট এ্যাটাক করছে।

প্রবাসী মামুন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।

নিহত হালিমার মা কমলা বেগম জানান, তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আর কিছু বলতে পারবেন না।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে সোমবার রাতেই লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২৩ ০১:৫৫:এএম ৪ বছর আগে
৭০ বছর বেদখল: সরকারি জমি উদ্ধার করে ইউএনওর সূর্যমুখী চাষ - Ekotar Kantho

৭০ বছর বেদখল: সরকারি জমি উদ্ধার করে ইউএনওর সূর্যমুখী চাষ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে ৭০ বছর ধরে বেদখল হওয়া ১০ একর সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা কাজে লাগিয়ে সেই ভূমিতে সূর্যমুখী চাষ করে অপার সম্ভাবনার স্বপ্ন দেখছেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

উৎপাদিত সূর্যমুখী বীজ সারা দেশে ছড়িয়ে দিয়ে সূর্যমুখী চাষের বিপ্লব শুরু করা সম্ভব বলে মনে করছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ৭০ বছরের বিস্তীর্ণ গো-চারণ ভূমিতে সবুজের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে সূর্যমুখী গাছের সবুজ পাতা, দেখে বোঝাই যায় না এ ভূমি এক বছর আগেও অনাবাদি পড়ে ছিল।

সম্প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আসে দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গোপালপুর উপজেলার গোপালপুর মৌজার ভুয়ার পাড়া এলাকায় ৭০ বছর ধরে বেদখল হয়ে থাকা ১০ একর সরকারি ভূমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

এরআগে জমিটি স্থানীয় লোকজন বেদখল করাসহ গো-চারণ ভূমি হিসেবে ব্যবহার করত। কৃষি অধিদফতরের পরামর্শক্রমে সেই জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এরইমধ্যে সূর্যমুখীর সবুজ পাতা বাতাসে দোল খাচ্ছে। বিস্তীর্ণ এলাকায় সবুজের সমারহ দেখে যেনো চোখ জুড়িয়ে যায়। সূর্যমুখী চাষে একদিকে যেমন দেশে তেলের চাহিদা পূরণ হবে, অপর দিকে এ সব জমিতে কাজ করে স্থানীয় অনেক কৃষকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার জানান, আশানুরূপ ফলন পেলে আগামীতে আরও ব্যাপকভাবে সূর্যমুখী ফুলের চাষ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক জানান, একইঞ্চি জমিও খালি রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর থেকেই ব্যক্তি মালিকানা অনাবাদি ভূমি মালিকদেরও বিশেষ কাউন্সিলিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। অন্যদিকে সরকারি জমিতে কৃষি বিভাগের মাধ্যমে বিভিন্ন ফল ও শাক সবজি আবাদ করা হচ্ছে। যাতে ভূমির শ্রেণী অনুযায়ী অনাবাদই জায়গাগুলো আর অনাবাদী না থাকে।

তিনি আরো জানান, চলতি বছরে ১০ একর জায়গা থেকে উৎপাদিত সূর্যমুখী বীজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ মেট্রিকটন। দেশে সরিষা আবাদে দ্বিতীয় বৃহত্তর জেলা টাঙ্গাইল, সূর্যমুখী ফলনে দেশসেরা জেলা হওয়ার লক্ষে কাজ করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২৩ ০২:০৮:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাদ উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ বাহিরে খেলা করছিল। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিল।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২৩ ০১:৩৮:এএম ৪ বছর আগে
আটিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা - Ekotar Kantho

আটিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃৃৃস্পতিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক।

বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক মল্লিকের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মমর্তা( ইউএনও) ফারহানা আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান,আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ, আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন খান, আরফান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ন চন্দ্র দে দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার পাল,সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাররীক শিক্ষক মো. রাসেল মিঞা। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পাুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২৩ ০১:০৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বাসাইল-পাথরঘাটা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, সিয়াম মোটরসাইকেল যোগে বাসাইল থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া জানান, গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করে জানান, একটি গরুর ধাক্কায় সড়কে মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে নিহত হন। ঘটনাটি দুঃখজনক।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২৩ ০৩:০১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় হোটেল শ্রমিক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় হোটেল শ্রমিক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাস চাপায় ছাদের আলী (৫৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদের আলীর বাড়ি উপজেলার দিগড় ইউনিয়নের মশাজান গ্রামে।

স্থানীয়রা জানান, ছাদের আলী কদমতলী এলাকায় একটি হোটেলে কাজ করতেন। রবিবার সকাল ৬টার দিকে হোটেলের পানি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুয়াশাচ্ছন্ন রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২৩ ০১:৪৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেল লাইনের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

তার বয়স আনুমানিক (৩৫) বছর। নিহত ওই যুবকের নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুল হক জানান, রবিবার দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকা- উত্তরবঙ্গ রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৩. ফেব্রুয়ারী ২০২৩ ০১:০৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বিএনপির পদযাত্রায় হামলা, আটক ২ - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রায় হামলা, আটক ২

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা হামলার সঙ্গে জড়িত। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি )দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ছোট বাসালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে সদর উপজেলার করটিয়া মসজিদ রোড এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল ইসলাম ও যুবদল কর্মী মাকসুদকে আটক করেছে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, শনিবার দুপুরে মগড়া ইউনিয়নের ছোট বাসালিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা পদযাত্রা কর্মসূচি শুরু করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলার করেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী জীবন ও ছাত্রদল কর্মী সিদ্দিক হোসেন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির দুই কর্মী আটক প্রসঙ্গে ফরহাদ ইকবাল আরো জানান, সদর উপজেলার করটিয়া মসজিদ রোড থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচি উপলক্ষে মিছিল বের করার চেষ্টা করেন। পাশেই শহীদ মিনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। বিএনপির মিছিলটি বের হওয়ার পরই পুলিশ তাদের বাধা দেয়। পরে ওই মিছিল থেকে সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল ইসলাম এবং যুবদল কর্মী মাকসুদকে পুলিশকে আটক করে। এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) রাতে সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মান্নানকে পুলিশ আটক করে।

বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে মগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়া জানান, করটিয়া থেকে শুক্রবার রাতে আটক একজন ও শনিবার দুপুরে আটক দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে পূর্বেই নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা ছিল।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৫:৪১:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।