মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

টাঙ্গাইলে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)‌।

এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীবাড়ি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে, টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।

তিনি আরো জানান, এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. ডিসেম্বর ২০২২ ০৩:৫৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দুই মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা, ফলাফলে এগিয়ে বাবা - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা, ফলাফলে এগিয়ে বাবা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুই মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাবা জয়নাল আবেদীন (৪৪)। পরে ফলাফলে দুই মেয়ের একজন কৃতকার্য এবং অপরজন অকৃতকার্য হলেও বাবা জয়নাল ফলাফল নম্বরে এগিয়ে।

সোমবার (২৮ নভেম্বর) ঘোষিত কারিগরি বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ভোকেশনাল শাখা থেকে বাবা জয়নাল পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং বিষয়ে জিপিএ ৪ দশমিক ৮৬ পেয়েছেন। এতে বড় মেয়ে জেসমিন আক্তার ঢাকা বোর্ডের অধীন মানবিক শাখা থেকে জিপিএ ৩ দশমিক ৩৩ পেয়ে কৃতকার্য হয়েছে। এছাড়া তার আরেক মেয়ে আছিয়া খাতুন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

বাবা জয়নাল আবেদীন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালিরচালা গ্রামের বাসিন্দা এবং ফুলমালীর চালা ফজরগঞ্জ আলিম মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

তার দুই মেয়ে উপজেলার ফুলমালির চালা ছাকেদ আলী হাইস্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার শিক্ষার্থী ছিল। এছাড়াও জয়নাল আবেদীনের এক ছেলে রুহুল আমিন দ্বিতীয় শ্রেণি, মেয়ে বর্ষা ষষ্ঠ শ্রেণি ও সুমাইয়া অষ্টম শ্রেণিতে স্থানীয় রাশেদ মডেল স্কুলে পড়াশোনা করছে।

বড় মেয়ে জেসমিন আক্তার জানায়, বাবার সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছি এটা খুবই আনন্দের। তবে আমার চেয়ে বাবা ফলাফলে এগিয়ে। তবে ছোট বোন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আনন্দ কিছুটা কম। তারপরও ভালো লাগছে বাবা পরীক্ষায় পাস করেছে বেশি নম্বর পেয়ে। বাবার অদম্য ইচ্ছা-শক্তির কারণে এটা সম্ভব হয়েছে। আমরা বাবার সফলতায় আনন্দিত।

জয়নাল আবেদীন জানান, ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সংসারের দায়িত্ব নিতে গিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এরপর সৌদি আরবে ৫ বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে আসি। ২০০১ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করি। কিন্তু বুকের ভেতরে লেখাপড়া করতে না পারার চাপা কষ্ট মাঝেমধ্যেই আমাকে পীড়া দিতো।

তিনি আরো জানান, লোকলজ্জার কারণে পড়ালেখা হয়ে উঠছিলো না। পরে ২০২০ সালে ফুলমালীর চালা ফজরগঞ্জ আলিম মাদরাসায় ভোকেশনাল শাখার পোল্টি রিয়ারিং অ্যান্ড ফার্মিং ট্রেড শাখায় নবম শ্রেণিতে ভর্তি হই। এবছর এসএসসি পরীক্ষায় মেয়েদের সঙ্গে আমিও অংশ নিই। এতে মেয়েরা আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছে। পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি।

ফুলমালীর চালা ফজরগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর কাদের জানান, ৪৪ বছর বয়সে এসে এসএসসি পাস করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। লেখাপড়ায় বয়স কোনো বাধা নয়, এটা জয়নাল আবেদীন প্রমাণ করছেন। যা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সর্বশেষ আপডেটঃ ০২. ডিসেম্বর ২০২২ ০৩:৪৬:এএম ৪ বছর আগে
যুবরত্ন সম্মাননা পেল টাঙ্গাইলের সফল ফলচাষী শোভন - Ekotar Kantho

যুবরত্ন সম্মাননা পেল টাঙ্গাইলের সফল ফলচাষী শোভন

একতার কণ্ঠঃ যুবরত্ন সম্মাননা পেয়েছেন দ্বীপ এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা আল-আলিন শোভন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নানা ধরণের ফল ও সবজি চাষে বিশেষ অবদান রাখায় তিনি এই সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে টাঙ্গাইল জেলা যুব সমতি, ঢাকা আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সম্মাননা অর্জনের বিষয়টি আল-আমিন শোভন নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসেন সংসদ সদস্য ছোট মনির। তিনি আল-আমিন শোভনের হাতে সংসদ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় টাঙ্গাইল জেলা যুব সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আল-আমিন শোভনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন বলরামপুর। সে একজন কৃষি উদ্যোক্তা ও পেশায় সাংবাদিক। সে কৃষি উদ্যোক্তা ছাড়াও বেসরকারি টেলিভিশন আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর পাশাপাশি ড্রাগনসহ বিভিন্ন ফল এবং সবজি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে যুবকদের মাঝে। কৃষি কাজে আল-আমিনের অভাবনীয় সাফল্যে অসংখ্য তরুণ ও যুবক তার কাজে অনুপ্রাণিত হয়ে স্বাবলম্বী হয়েছে। এছাড়া ফল ও সবজি চাষে আগ্রহী তরুণ ও যুবকদের নানাভাবে সহযোগিতা করে আসছেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ০২. ডিসেম্বর ২০২২ ০৩:৪৩:এএম ৪ বছর আগে
গোপালপুরে নাশকতার অভিযোগে  বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেপ্তার - Ekotar Kantho

গোপালপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৬ টি ককটেল উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) রাতে গোপালপুর পৌরশহরের আভঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ রহমান, তোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, আব্দুল লতিফ ডান্ডু এবং মোহাম্মদ লতিফ। এরা সবাই ধোপাকান্দি ও ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি’র সদস্য ও ওয়ার্ড কমিটির নেতা।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, এরা সবাই নাশকতার উদ্দেশ্যে পৌরশহরের আভঙ্গি এলাকায় সমবেত হলে পুলিশ ৬টি ককটেলসহ এদের গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, বিএনপির ২০ নেতাকর্মীসহ শতাধিক অজ্ঞাতনামাকে আসামী করে থানায় নাশকতা ও দাঙ্গা-মারামারি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে উপজেলা বিএনপি এক বিবৃতিতে জানান, এটা গায়েবী মামলা। আভঙ্গী এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা বুধবার রাতে কোন ধরনের ঘটনা ঘটায়নি। ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশেকে কেন্দ্র করে বিএনপি’র কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ০২. ডিসেম্বর ২০২২ ০২:৩০:এএম ৪ বছর আগে
সখীপুরে নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার - Ekotar Kantho

সখীপুরে নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে নাশকতার অভিযোগে বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশের একটি টহল দল পৌর এলাকায় দায়িত্ব পালন করছিল। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কিছু লোক পৌরসভার ২নং ওয়ার্ডের কাহার্তা সাবেদের চালা এলাকায় জড়ো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে টহল দলটি ওই এলাকায় যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও তিনটি ককটেল উদ্ধার করে।

পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বাবু (৪১), উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপু (৪৭) ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই রাতেই সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় মামলা করেছেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু জানান, মূলত আগামী ১০ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রতিহত করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো গায়েবি মামলা দিচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৫৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতার কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতার কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা চেক ডিজঅনার মামলায় আ’লীগ নেতাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত মিজানুর রহমান লিটন টাঙ্গাইল আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল করুনী সাক্ষী-প্রমাণ ও শুনানি শেষে এ রায় দেন।

মিজানুরের বিরুদ্ধে সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন মাহমুদ বাদি হয়ে গত ২৪ মার্চ আদালতে মামলাটি দায়ের করেছিলেন।

আদালত পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নয় লাখ টাকা অর্থদন্ড করেছেন। রায় ঘোষনার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম তালুকদার জানান, মিজানুর রহমান ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১৪ লাখ টাকা ধার নেন। তিনি দুই দফায় নয় লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুটি চেক মিলন মাহমুদকে দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। মিলন মাহমুদ ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে টাকা জমা নেই। চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখান হয়। পরে মিলন মাহমুদ আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদি মিলন মাহমুদ বলেন, মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। উল্টো আমাকে বিভিন্ন হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করে নানান টালবাহানা করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আ’লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর জানান, মিজানুর রহমান লিটন শহর আ’লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকলে তার জন্য আমরা ভবিষ্যতে পদপদবির জন্য সুপারিশ করবো না।

সর্বশেষ আপডেটঃ ০১. ডিসেম্বর ২০২২ ০২:২৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ খন্দকার আমজাদ ওরফে হযরত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের জয়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হযরত মির্জাপুর পৌর এলাকার পাহাড়পুর গ্রামের খন্দকার আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের জয়েরপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় খন্দকার আমজাদ ওরফে হযরতকে গ্রেপ্তার করা হয় । পরে তার কাছে থাকা লাল-কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম খান জানান, খন্দকার আমজাদ ওরফে হযরতকে মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিষয়ে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জেনেছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির কথা জানতে পেরে অভিযান চালিয়ে হযরতকে গ্রেপ্তার এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক বিক্রি, মোবাইল ফোন ও মোটরসাইকেল চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে পাহাড়পুর গ্রামের লোকজন অভিযোগ করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৩০. নভেম্বর ২০২২ ০২:৪০:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফাঁসিতে আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফাঁসিতে আত্মহত্যা

একতার কণ্ঠঃ: এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে মারুফ (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বলমআটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ একই গ্রামের মো. ইবরাহীমের ছেলে। সে পাশের গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলে মারুফ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। এতে সে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে । পরে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার মা মারুফকে ভাত খাওয়ার জন্য ডাকলে সাড়াশব্দ না পেয়ে মারুফকে ঘরের ধরণায় ঝুলতে দেখে। পরে মারুফকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করা হয়। পরিবার ও প্রতিবেশিদের মাধ্যমে জানা গেছে সে এসএসসি পরীক্ষায় ইংরেজি এক বিষয়ের ওপর অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে মারুফের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২২ ১১:৩৭:পিএম ৪ বছর আগে
কালিহাতীতে নিউ ধলেশ্বরীর তীর কেটে বিক্রি, ভাঙনের শঙ্কা - Ekotar Kantho

কালিহাতীতে নিউ ধলেশ্বরীর তীর কেটে বিক্রি, ভাঙনের শঙ্কা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া এলাকায় নিউ ধলেশ্বরী নদীর ডান তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে বর্ষা মৌসুমে আশপাশের বসতবাড়ী ও ফসলী জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, কুড়িঘড়িয়া গ্রামের হাজী ছানোয়ার হোসেন ভূইয়া, তার ভাই শহীদুল ইসলাম ও ছেলে স্বাধীন ভূইয়াসহ একটি প্রভাবশালী মহল প্রায় ১৫ দিন ধরে নদীর তীর কেটে ভেকু বসিয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে অবাধে বিক্রয় করছে। দিনরাত মাটি ভর্তি ট্রাক চলাচলের ফলে রাস্তার দু’পাশে বসবাসরত জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। তাদের আশবাবপত্র বিছানাসহ খাবারেও মাটির প্রভাব পড়ে। এতে এসব এলাকায় সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়াও ক্রমাগত নদী তীর কেটে মাটি বিক্রি করলে বর্ষা মৌসুমে এলাকার বসতভিটা সহ ফসলী জমি ভাঙনের আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

সরেজমিনে দেখা যায়, নিউ ধলেশ্বরী নদীর ডান তীর কেটে ভেকু বসিয়ে প্রায় ৪০ ফুট করে গভীর গর্ত করে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী ওই মহল। তারা জানান, প্রশাসনসহ বিভিন্ন মহলের সাথে সমঝোতা করেই ব্যবসা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন জানান, নদীর তীর কেটে মাটি বিক্রয়ের বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২২ ০৩:৩৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যুবকের পুরুষাঙ্গ কর্তন - Ekotar Kantho

টাঙ্গাইলে যুবকের পুরুষাঙ্গ কর্তন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

রোববার রাত ৩ টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।

তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩ টার দিকে আজগর তার নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে চেঁচামেচি শুরু করে।
এ সময় তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে যায়।
তিনি আরো জানান,কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি )মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কাহারা এঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ আপডেটঃ ২৯. নভেম্বর ২০২২ ০২:২৩:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল বড় ভাই - Ekotar Kantho

টাঙ্গাইলে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল বড় ভাই

একতার কণ্ঠঃ জমি বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুরে চাচাতো ভাইদের এলোপাথারি হামলা থেকে আরেক চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই আব্দুল হামিদ (৪৫)।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদ একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।

এ ঘটনায় শনিবার (২৬ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী শাহিনা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর ওই রাতেই প্রধান আসামি সাঈদের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), আজিজুল (৩৫), সোনা মিয়া (৫০) এবং আলেয়া খাতুনকে (২৮) গ্রেফতার করে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ভূঞাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঈদ-আজিজুলদের সাথে জমি নিয়ে নিহত হামিদের চাচাতো ভাই আব্দুল রাজ্জাকের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। তারা সালিশ না মানলে একপর্যায়ে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১০৭ ধারা আইনে মামলা করেন নিহতের ভাই আব্দুর রাজ্জাক। আদালতের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে রাজ্জাকের উপর হামলা চালায়। এসময় রাজ্জাকের বড় ভাই হামিদ ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে তারাও আহত হয়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। তারমধ্যে রাজ্জাকের ভাই হামিদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখানকার চিকিৎসক হামিদকে বিকাল সাড়ে ৫ টার দিকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এজাহারের পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।

তিনি আরো জানান, তাদের মধ্যে তিনজনকে শনিবার সকালে ও অপর আরেকজনকে রবিবার (২৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আাসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. নভেম্বর ২০২২ ০১:২৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন

একতার কণ্ঠঃ ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক সমিতির সদস্যরা।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফিরোজ হায়দার খান, কার্যকরি সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি শাহজাহান আলী সরকার ও শাহজাহান আলী ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদের বাবুল ও সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী সিদ্দিকী প্রমুখ।

বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. নভেম্বর ২০২২ ০১:৪৮:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।